ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত


মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

জামালপুরের মাদারগঞ্জে অভিযান পরিচালনা করে তিনটি ইটভাটাকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) নাভিল হোসেন তামিম।

অভিযান চলাকালে উপজেলার জোনাইল পক্ষিমারী এলাকার সোহান ব্রিকসের মালিক মোহাম্মদ রুনুর ইটভাটায় নিম্নমানের কয়লা ব্যবহারের কারণে, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকার জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, আবু বক্করের ইটভাটায় ৫০ হাজার টাকা এবং জোনাইল নয়াপাড়া এলাকার আরএসএস ইটভাটায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে সৌরবিদ্যৎ ও ডিজিটাল সেচ ব্যবস্থা এগিয়ে যাচ্ছে

অভিযানের সময় ইটভাটার পরিবেশগত ছাড়পত্র, লাইসেন্স এবং কয়লার মানসহ বিভিন্ন বিষয়গুলো যাচাই করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী মন্তব্য করেন, "উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকরিয়ায় আগুনে পুড়ল ১৪টি দোকান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


চকরিয়ায় আগুনে পুড়ল ১৪টি দোকান

কক্সবাজারের চকরিয়ায় একটি মার্কেটের ১৪টি দোকান ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এছাড়া, আরও কিছু দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনের ফলে দোকানগুলোতে থাকা নগদ টাকা, ওষুধ, ব্যবসায়িক মালামাল এবং অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, তাদের প্রায় এক কোটি টাকার সম্পদ এ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে কাকারা ইউনিয়নের মাঝারফাঁড়ি বাজারের রেজা মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রেজা মার্কেটের একটি ডেকোরেটার্সের দোকানে টমটম (ইজিবাইক) চার্জে দেওয়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১৪টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ফলে জিয়াবুল হকের ওষুধের ফার্মেসি, তারেক সওদাগরের মুদি দোকান, তামজিদুল ইসলামের হার্ডওয়্যার ও তেলের দোকান, তৌহিদুল ইসলামের মুরগির দোকান, মনজুর আলমের হার্ডওয়্যার দোকান, আনছারের কাপড়ের দোকান, চারটি সেলুন, দুটি ইলেকট্রনিকসের দোকান, ডেকোরেটার্স এবং একটি লন্ড্রি দোকান পুড়ে গেছে। এছাড়া, আশপাশের আরও কিছু দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ফার্মেসি ব্যবসায়ী জিয়াবুল হক বলেন, "আমার ফার্মেসিতে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার ওষুধ ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এ ব্যবসা-ই ছিল আমার জীবিকার প্রধান অবলম্বন। মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে, তা কখনো কল্পনাও করিনি।"

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানের মালামালের পাশাপাশি নগদ টাকাও আগুনে পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে। দীর্ঘদিনের ব্যবসাপ্রতিষ্ঠান ও জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়েন। অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়া এসব ব্যবসায়ী এখন ঘুরে দাঁড়ানোর চিন্তায় দিশেহারা।

চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ দিদারুল হক বলেন, "ভোরে কাকারা মাঝারফাঁড়ি বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার দর্শকদের সঙ্গে সরাসরি কথোপকথনে মগ্ন ওটিলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


ঢাকার দর্শকদের সঙ্গে সরাসরি কথোপকথনে মগ্ন ওটিলিয়া

চার বছর পর ঢাকার মঞ্চে আবারও উপস্থিত হন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। তিনি তার জনপ্রিয় গান ‘বিলিয়নেরা’ দিয়ে অনুষ্ঠান শুরু করেন, এরপর একের পর এক গান পরিবেশন করেন। ওয়েস্টার্ন ধাঁচের নাচ এবং প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে পুরো মঞ্চকে মাতিয়ে রাখেন এই গায়িকা। তার গানে ঢাকার দর্শক উৎসবের আমেজে মেতে ওঠেন।

শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের একটি ভেন্যুতে মঞ্চে ওঠেন ওটিলিয়া। প্রায় এক ঘণ্টার পরিবেশনায় তিনি পুরোনো জনপ্রিয় গানগুলোর পাশাপাশি নতুন গানও শোনান। ঢাকায় এসে নতুন গান প্রকাশের যে ইঙ্গিত তিনি দিয়েছিলেন, মঞ্চে সেই প্রতিশ্রুতিও তিনি রাখেন।

নতুন গান পরিবেশনের আগে দর্শকদের ‘আগুন’ বলে সম্বোধন করেন ওটিলিয়া। গানটি ছড়িয়ে দিতে উপস্থিত দর্শকদের প্রতি আহ্বান জানান তিনি।

গান ও নাচের পাশাপাশি দর্শকদের সঙ্গে সরাসরি কথোপকথনেও মাতিয়ে রাখেন এই পপতারকা। ভক্তদের আবদারে তিনি সেলফি তোলেন। আধো বাংলায় তিনি বাংলাদেশের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করেন।

ওটিলিয়ার পাশাপাশি মঞ্চে সংগীত পরিবেশন করে ঢাকার বিভিন্ন ব্যান্ড। বিদেশি পপসংগীতের আকর্ষণে দর্শকরা হাজির হলেও বাংলা গানের সুরেও গা ভাসান উপস্থিত শ্রোতারা। সব মিলিয়ে দেশি-বিদেশি গানের পরিবেশনায় জমে ওঠে রাতের আয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিতে নির্মাণাধীন হলে অনুমতিহীন ব্যানার টাঙানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


ইবিতে নির্মাণাধীন হলে অনুমতিহীন ব্যানার টাঙানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ছাত্র হলের নির্মাণ কাজ চলমান অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে উপাচার্যের কাছে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমানের স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য প্রকাশ করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ২৪ নভেম্বর তারিখে লালন শাহ হলের উত্তর পাশে নির্মাণাধীন ছাত্র হলের সামনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনা ঘটে। প্রক্টরিয়াল বডির সুপারিশের ভিত্তিতে বিষয়টির সুষ্ঠু তদন্তের জন্য উপাচার্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন।

কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ওহাব এবং সহকারী প্রক্টর মো. আতিকুর রহমান।

অফিস আদেশে বলা হয়েছে, কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্তকরণ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র আচরণবিধির ৯ নম্বর ধারা অনুযায়ী করণীয় বিষয়ে সুস্পষ্ট সুপারিশসহ আগামী ৩ ডিসেম্বরের মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

এ বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম বলেন, "আমি কর্তব্যরত ছুটিতে আছি। আজ ক্যাম্পাসে ফিরবো। এ বিষয়ে এখনো কিছু জানি না। ক্যাম্পাসে ফিরেই খোঁজ নিব।"

উল্লেখ্য, ২৪ নভেম্বর তারিখে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন আবাসিক হলটির নাম শহীদ সাজিদ আব্দুল্লাহর নামে করার দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেন। হলটির সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা ‘শহীদ সাজিদ আব্দুল্লাহ হল’ নামকরণের দাবি জানান। এ সময় ইসলামী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রশিবির ও শাখা ছাত্রশক্তির নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের টানে কুমিল্লায় চীনা যুবক, পরিবারের অসম্মতির কারণে বিয়ে হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


প্রেমের টানে কুমিল্লায় চীনা যুবক, পরিবারের অসম্মতির কারণে বিয়ে হয়নি

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামে প্রেমের টানে বাংলাদেশে এসেছেন চীনা যুবক জিয়াকিয়ান (৩৪), যিনি তামান্না আক্তার (১৯) নামের এক কিশোরীর প্রেমে পড়েছেন। জিয়াকিয়ান চীনের হুয়াইজিং শহরের ঝাওচিং এলাকার অধিবাসী।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তিনি তামান্নার বাড়িতে যান। স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে উই-চ্যাটের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। তারা অ্যাপসের মাধ্যমে একে অপরের ভয়েস অনুবাদ করে কথোপকথন করতেন। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। চলতি মাসের ১৯ নভেম্বর ভিজিট ভিসায় বাংলাদেশে আসেন জিয়াকিয়ান।

ঢাকা এয়ারপোর্ট থেকে রিজার্ভ গাড়ি নিয়ে দেবিদ্বারে পৌঁছে তামান্নার সঙ্গে দেখা করেন। শুক্রবার বিয়ের জন্য ফের তামান্নার বাড়িতে যান তিনি।

এদিকে, চীনা যুবক প্রেমের টানে দেবিদ্বারে আসার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকার মানুষ তরুণীর বাড়িতে ভিড় করতে শুরু করেন। শতশত মানুষ এক নজর দেখতে ছুটে আসেন।

খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চীনা যুবক জিয়াকিয়ানকে আইন মেনে বিয়ের বিষয়ে তার পরিবারকে নিয়ে আসার কথা বলেন। অন্যদিকে, তামান্না চীনা যুবককে বিয়ে করার জোর দাবি জানান। কিন্তু তার পরিবার বিয়েতে অসম্মতি জানায়। উভয়ের মধ্যে এ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। শেষ পর্যন্ত বিয়ে না করেই হোটেলে ফিরে যান চীনা যুবক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%