০৪:১৯ পি.এম
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে সরকারের আর্থিক চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত, মাত্র ছয় মাসের মধ্যে এ খাতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে বাধ্য হয়েছে সরকার। এ অবস্থায়, নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ না করে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের মতে, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বৃদ্ধি করা দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার জন্য কার্যকর উপায় হতে পারে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই’ এই প্রতিপাদ্যে ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উল্লেখ করেন, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোই জ্বালানিসংকটের সমাধান নয়। উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ—জ্বালানি ব্যবস্থার প্রতিটি পর্যায়ে দক্ষতা বৃদ্ধি করতে হবে। এলএনজি আমদানিতে ভর্তুকি দিতে গিয়ে রাষ্ট্রের ওপর বিপুল আর্থিক চাপ তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানো অপরিহার্য।
আরও পড়ুন: ভৈরবে বাস খাদে, ১৯ শিবির কর্মী আহত
তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এ জন্য এক হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থের মাধ্যমে গ্রামের মানুষ ৬ শতাংশ সুদে ১২ বছরে পরিশোধযোগ্য ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন। সরকারি ও বাণিজ্যিক ভবনের ছাদ থেকে শুরু করে উপযুক্ত কৃষিজমিতেও সৌরবিদ্যুৎ সম্প্রসারণের সুযোগ রয়েছে। নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় জ্বালানিব্যবস্থার মূল ধারায় নিয়ে আসা প্রয়োজন।
স্বাগত বক্তব্যে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী বলেন, দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা বর্তমান নীতিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি। এই সম্ভাবনা কাজে লাগাতে হবে, বড় বড় বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভর না করে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদনে যুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, সুন্দরবনের হিরণ পয়েন্ট ও মোংলার মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় নতুন করে পাঁচটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ ধরনের পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। এক কার্গো এলএনজি আমদানিতে যে বিপুল অর্থ ব্যয় হয়, তা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা গেলে দেশে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া সম্ভব। বিদ্যুতের চাহিদা মেটাতে নতুন করে জীবাশ্ম জ্বালানির আমদানি বাড়ানোর পরিবর্তে দেশীয় নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানো জরুরি।
হাসান মেহেদী আরো বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনায় যুক্ত করতে হবে। বিকেন্দ্রীভূত ও জনগণের মালিকানাভিত্তিক বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা গেলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ খাতে মানুষের অংশগ্রহণও বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: ফটিকছড়িতে ধর্মীয় শিক্ষায় এগিয়ে যাচ্ছে শাহনগর তালুকদার বাড়ি নূরানী মাদরাসা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এই আধিপত্য ভাঙতে হলে নবায়নযোগ্য জ্বালানিকে কেবল বিকল্প হিসেবে নয়, বরং জাতীয় জ্বালানিব্যবস্থার অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আরো বক্তব্য দেন লইয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (লিড) প্রধান নির্বাহী আবদুল্লাহ আল নোমান, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ বাংলাদেশের নির্বাহী পরিচালক আবিল বিন আমিন, সেন্টার ফর রিনিউএবল এনার্জি সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ চৌধুরী, সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মীনা, সিটি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ আশানুর রহমান এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ। অধিবেশনে সভাপতিত্ব করেন বিডব্লিউজিইডির আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলাম।
এই তিন দিনের সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাড়ে তিন শতাধিক অংশীজন অংশগ্রহণ করছেন। এতে নীতিনির্ধারক, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ ও তরুণ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে ১৩টি বিষয়ভিত্তিক অধিবেশনে জ্বালানি নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, এলএনজি ও কয়লাভিত্তিক জ্বালানি সম্প্রসারণের ঝুঁকি, জ্বালানি রূপান্তরে অর্থায়ন, আঞ্চলিক সহযোগিতা, শিল্প খাতের কার্বন নিঃসরণ হ্রাস এবং বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা হবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি প্রসারে স্থানীয় সরকারের ভূমিকা, জ্বালানি ন্যায়বিচারে গণমাধ্যমের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শ্রমিক, আদিবাসী ও নারীদের অংশগ্রহণের বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাবে।
আরও পড়ুন: রাজশাহীর স্কুলমাঠ এখন আখ সংগ্রহ কেন্দ্র, ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা
২০২৩ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশ জ্বালানি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এর ধারাবাহিকতায় ২০২৪ ও ২০২৫ সালে দ্বিতীয় ও তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। বিডব্লিউজিইডির উদ্যোগে দেশের ১৪টি সংগঠনের সহযোগিতায় এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে। সম্মেলনের আলোচনা ও সুপারিশের ভিত্তিতে শেষ দিনে একটি ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন