প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চীনা ভাষাভাষী জনগণের কাছে পবিত্র কুরআনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘ সময় জীবন উৎসর্গ করেছেন চীনের বিশিষ্ট মুসলিম পণ্ডিত ও অনুবাদক মুহাম্মদ মা জিয়ান। তিনি আরবি ভাষার মূল বক্তব্য ও ভাবকে অক্ষুণ্ন রেখে সহজবোধ্য চীনা ভাষায় কুরআনের অনুবাদ করে চীনা মুসলিম সমাজে বিশেষ মর্যাদা অর্জন করেন। তাঁর অনূদিত কুরআন পরবর্তীকালে চীনা ভাষায় ইসলামি জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে স্বীকৃতি লাভ করে।
মুহাম্মদ মা জিয়ান ১৯০৬ সালে চীনের ইউনান প্রদেশের শাদিয়ান এলাকায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ধর্মীয় শিক্ষায় মনোনিবেশ করেন। পরে, উচ্চতর ইসলামি জ্ঞান অর্জনের লক্ষ্যে ১৯৩১ সালে মিসরে চলে যান। সেখানে বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় ও দারুল উলুমে প্রায় আট বছর অধ্যয়ন করেন। এই সময় তিনি আরবি ভাষা, ইসলামি জ্ঞান ও কুরআনবিষয়ক বিভিন্ন বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন।
১৯৩৯ সালে দেশে ফিরে আসার পর মুহাম্মদ মা জিয়ান চীনা ভাষায় পবিত্র কুরআনের অনুবাদের কাজে আত্মনিয়োগ করেন। তাঁর লক্ষ্য ছিল আরবি মূলের অর্থ ও বক্তব্য যথাসম্ভব অক্ষুণ্ন রেখে চীনা ভাষাভাষী সাধারণ মানুষের কাছে কুরআনের শিক্ষা সহজভাবে উপস্থাপন করা। এই উদ্দেশ্যে তিনি দীর্ঘদিন ধরে অধ্যয়ন, গবেষণা ও অনুবাদের কাজ চালিয়ে যান।
১৯৪৬ সালে পেকিং বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও ইসলামি শিক্ষার অধ্যাপক হিসেবে যোগ দেন মুহাম্মদ মা জিয়ান। সেখানে শিক্ষকতার পাশাপাশি তিনি আরবি ভাষা ও ইসলামি জ্ঞানচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে কুরআনের অনুবাদ, সংশোধন ও পরিমার্জনের কাজ অব্যাহত রাখেন।
মুহাম্মদ মা জিয়ানের মৃত্যু ১৯৭৮ সালে হলেও কুরআনের অনুবাদের কাজ থেমে থাকেনি। তাঁর মৃত্যুর তিন বছর পর, ১৯৮১ সালে, অনুবাদটি পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়। সহজবোধ্য ভাষা, অর্থের স্বচ্ছতা এবং গবেষণানির্ভর উপস্থাপনার কারণে এটি চীনা মুসলমানদের মধ্যে ব্যাপক গুরুত্ব অর্জন করে।
পরবর্তী সময়ে ১৯৮৭ সালে সৌদি আরবের বাদশাহ ফাহদ পবিত্র কুরআন মুদ্রণ কমপ্লেক্স থেকে প্রকাশিত আরবি-চীনা সমন্বিত সংস্করণেও মুহাম্মদ মা জিয়ানের অনুবাদ অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে চীনা ভাষাভাষী মানুষের কাছে কুরআনের বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর অনুবাদ আন্তর্জাতিক পরিসরে আরও পরিচিতি লাভ করে।
মুহাম্মদ মা জিয়ানের জীবন ছিল জ্ঞানচর্চা, গবেষণা ও অনুবাদসাধনার এক অনন্য উদাহরণ। ভাষাগত সীমাবদ্ধতা অতিক্রম করে মানুষের কাছে ইসলামের মূল বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাঁর দীর্ঘ প্রচেষ্টা চীনা মুসলিম সমাজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সূত্র: গালফ উর্দু মিডিয়া
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন