ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নীলফামারীর সৈয়দপুরে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গণপ্রকৌশল দিবস এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এই উপলক্ষে রোববার (৮ নভেম্বর) আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে শহরের সাহেবপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে ‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে একটি আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডিপ্লোমা প্রকৌশলী মো. সাদেক হাসান চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য প্রদান ও পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডিপ্লোমা প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম।

আরও পড়ুন: দীপাবলি উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল দিয়ে বাংলাদেশ-ভারতের আমদানি-রফতানি বন্ধ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উপদেষ্টা ডিপ্লোমা প্রকৌশলী মো. আজিজুল ইসলাম এবং উপদেষ্টা ডিপ্লোমা প্রকৌশলী মো. মোনায়মুল হক। সভায় অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য দেন আইডিইবি নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ডিপ্লোমা প্রকৌশলী মো. আখতারুজ্জামান বাদল এবং সৈয়দপুর রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত সহকারী উৎপাদন প্রকৌশলী হাজী মো. আব্দুল হান্নান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সকল শহীদ এবং প্রয়াত ডিপ্লোমা প্রকৌশলীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভা শেষে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে আইডিইবির সদস্যবৃন্দ, ডিপ্লোমা প্রকৌশলী এবং বিভিন্ন কারিগরি ও ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আরও পড়ুন: প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে ৫৬ লাখ টাকার গরমিল, তদন্ত প্রধান শিক্ষকের উপর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্জিত জ্ঞান যেন অহংকার না হয়ে বিনয় ও দায়িত্ববোধের মাধ্যম হয়: আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫০ এম


অর্জিত জ্ঞান যেন অহংকার না হয়ে বিনয় ও দায়িত্ববোধের মাধ্যম হয়: আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী

যুক্তরাজ্যের একটি ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান ‘দারুল হাদিস লতিফিয়া লন্ডন’-এর উদ্যোগে ‘আলিমিয়্যাহ ও হিফজ গ্র্যাজুয়েশন সেরিমনি ২০২৬’ অত্যন্ত আনন্দময় ও গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর শনিবার রাত ৮টায় লন্ডনের বেথনাল গ্রিন লাইব্রেরি হলে আয়োজিত এই বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে মোট ১৫ জন শিক্ষার্থী আলিমিয়্যাহ ও হিফজ সম্পন্ন করার স্বীকৃতি হিসেবে পাগড়ি, সার্টিফিকেট ও সম্মাননা সনদ গ্রহণ করেন।

এ বছর গ্র্যাজুয়েটদের মধ্যে ৮ জন পূর্ণকালীন কামিল কোর্স, ৪ জন খণ্ডকালীন কামিল কোর্স এবং ৩ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্তাদুল উলামা, শায়খুল হাদিস আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় সাহেব কিবলাহ ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী, দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী এবং দারুল হাদিস লতিফিয়া ট্রাস্টের চেয়ারম্যান হাফিজ আল্লামা আবদুল জলিল।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আবদুল ওয়াসি আরিফ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা ইলিয়াস হুসাইন, মুহাদ্দিস মাওলানা শেহাব উদ্দিন, মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ফখরুল হাসান রুতবাহ, প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, মুফতি মাওলানা আশরাফুর রহমান, ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল কাহহার, মাওলানা আবদুল আউয়াল হেলাল, প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আনহার আহমদ, মুফতি মাওলানা মারুফ আহমদ, মাওলানা খায়রুল হুদা খান, মাওলানা ফয়সাল আহমদ, হাফিজ মাওলানা কয়েস উজ জামান, হাফিজ আলী হুসাইন, মাওলানা রাফি আহমদ, মাওলানা মুসলেহ উদ্দিন, নজরুল ইসলাম গজনবী এবং মাওলানা জয়নাল আবেদীনসহ বিশিষ্ট উলামায়ে কেরাম।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় সাহেব কিবলাহ ফুলতলী গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, "দ্বীনি শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল সনদ, পাগড়ি কিংবা আলেম হিসেবে পরিচিতি অর্জন নয়, বরং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাহ অনুসরণ এবং মানুষের কল্যাণে নিজেকে অকাতরে নিয়োজিত করা।" তিনি আরও বলেন, "অর্জিত জ্ঞান যেন কখনো অহংকারের কারণ না হয়, বরং তা যেন বিনয়, দায়িত্ববোধ, আত্মশুদ্ধি ও মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হয়।"

তিনি পরামর্শ দেন যে, ইলমের সঙ্গে আমল, তাকওয়া ও উত্তম আখলাকের সমন্বয় ঘটিয়ে নতুন প্রজন্মের কাছে ইসলামের সঠিক শিক্ষা পৌঁছে দিতে গ্র্যাজুয়েটদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের পক্ষ থেকে এক শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। তারা শিক্ষকমণ্ডলীর নিরলস পরিশ্রম ও দিকনির্দেশনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শত শত আলেম-উলামা ও ধর্মপ্রাণ প্রবাসীর উপস্থিতিতে আয়োজনটি এক রূপময় রূপ পরিগ্রহ করে। সবশেষে গ্র্যাজুয়েটদের সাফল্য ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে ৫৬ লাখ টাকার গরমিল, তদন্ত প্রধান শিক্ষকের উপর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫১ এম


প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে ৫৬ লাখ টাকার গরমিল, তদন্ত প্রধান শিক্ষকের উপর

নোয়াখালী জেলা প্রশাসন পরিচালিত ঐতিহ্যবাহী ‘প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে’ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা লক্ষাধিক টাকার হিসাব নিয়ে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অনুসন্ধানে দেখা গেছে, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে আদায় করা প্রায় ৫৬ লাখ ৬২ হাজার টাকার হিসাব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা হয়নি। এ ছাড়া ২০২৬ সালের জুন মাসের প্রায় সাড়ে সাত লাখ টাকার হিসাব নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

চাঞ্চল্যকর এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তবে কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লায়লা তারেককে। অর্থ আত্মসাতের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ও আবর্তের মুখে থাকা প্রধান শিক্ষকের হাতে তদন্তের দায়িত্ব দেওয়ায় শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলে এর নিরপেক্ষতা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

১৯৭৪ সালে নোয়াখালী জেলা শহরের মাইজদীতে প্রতিষ্ঠিত হয় প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠান। এর গঠনতন্ত্র অনুযায়ী, পদাধিকারবলে প্রতিষ্ঠানটির সভাপতি হচ্ছেন নোয়াখালীর জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

অনুসন্ধান ও নথিপত্র সূত্রে জানা যায়, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি ফি ও মাসিক বেতনসহ বিভিন্ন বাবদ আদায় করা ৫৬ লাখ ৬২ হাজার ২০৭ টাকা ব্যাংক হিসাবে জমা পড়েনি। এর মধ্যে ২০২২ সালে ৯ লাখ ৯ হাজার ১১ টাকা, ২০২৩ সালে ১২ লাখ ৬৫ হাজার ৩৪২ টাকা, ২০২৪ সালে ১৮ লাখ ৬৮ হাজার ৭২০ টাকা এবং ২০২৫ সালে ১১ লাখ ১৯৮২৪ টাকা জমা না হওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি ২০২৫ সালে ৩৫ জন শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা আরও ৪ লাখ ২৯ হাজার ৩১০ টাকার হিসাবেও গরমিল পাওয়া গেছে। সম্প্রতি ২০২৬ সালের জুন মাসে ৭ লাখ ৩৭ হাজার ৬৭৭ টাকার হিসাব নিয়ে প্রশ্ন উঠলে গত চার বছরের লেনদেন খতিয়ে দেখতে গিয়ে এই চিত্র বেরিয়ে আসে।

প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে ওয়ান ব্যাংক লিমিটেডের ‘ওকে ওয়ালেট’ পদ্ধতি ব্যবহার করা হতো। প্রতি মাসে নির্ধারিত দুই দিন প্রতিষ্ঠানে এসে টাকা সংগ্রহ করতেন ডিস্ট্রিবিউটর মো. সফিকুল আলম। তিনি দাবি করেন, সংগৃহীত অর্থ ব্যাংকের মাদার অ্যাকাউন্টে জমা দিয়েছেন এবং তার প্রতিটি রসিদে সিল-স্বাক্ষর রয়েছে। তবে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম আর্থিক লেনদেনের সঙ্গে নিজের সম্পৃক্ততা সম্পূর্ণ অস্বীকার করেছেন। একই সঙ্গে অভিযুক্ত সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান মামুন দাবি করেছেন, তিনি প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে টাকা সংগ্রহ করে ডিস্ট্রিবিউটরের কাছে জমা দিলেও এর বাইরে কোনো অনিয়মের সঙ্গে জড়িত নন।

অন্যদিকে, প্রধান শিক্ষক লায়লা তারেক শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে উল্টো ওকে ওয়ালেট ডিস্ট্রিবিউটরের ওপর দোষ চাপিয়েছেন। নিয়ম অনুযায়ী প্রতিবছর আর্থিক হিসাব নিরীক্ষা হওয়ার কথা থাকলেও গত চার বছরে তা যথাযথভাবে যাচাই না করায় দীর্ঘকাল ধরে এ গরমিল কীভাবে নজরদারির বাইরে ছিল, তা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা জানান, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের স্বচ্ছ হিসাব প্রকাশ করতে হবে এবং প্রভাবমুক্ত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে ৩৬৯ রানের কঠিন লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫১ এম


বাংলাদেশকে ৩৬৯ রানের কঠিন লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

পঞ্চম ও শেষ দিনের সকালে ১০ ওভার ব্যাটিং করার পর ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে। বাংলাদেশের সামনে এখন কঠিন এক লক্ষ্য দাঁড়িয়ে আছে।

সিরিজ বাঁচাতে বাংলাদেশের জন্য ৭৮ ওভারে ৩৬৯ রান করতে হবে। তবে প্রতিদিনই আলোকস্বল্পতার কারণে খেলা ৮০ ওভারে শেষ হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশকে এই রান ৬৮ ওভারে করতে হবে।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে বাংলাদেশকে অলআউট করতে হবে।

দিনের শুরুতে ৩ উইকেটে ৩৪৫ রানে ব্যাটিং শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে।

এই দিনে ১০ ওভারে সফরকারীরা ৫৩ রান যোগ করে। ৭৪ বলে ৩৯ রান করেন আমির জাঙ্গু। জশুয়া বিশপ ১১ বলে দুই ছয় ও এক চারে ২০ রানের ঝড়ো ইনিংস খেলেন।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৫৬

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮৬

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (আগের দিন ৩৪৫/৩) ৯৩ ওভারে ৩৯৮/৬ ডিক্লে. (হজ ১৪২, জাঙ্গু ৩৯*, গ্রেভস ৯, জোসেফ ১, বিশপ ২০*; তাসকিন ১১-০-৫১-০, হাসান ১১-১-৬১-০, তাইজুল ২৯-১-১১৮-২, মিরাজ ২৭-৪-৮৫-২, নাঈম ১৫-০-৭২-২)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২১-২২ সেশনের শিক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি নেই, ক্ষুব্ধ তারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ এম


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২১-২২ সেশনের শিক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি নেই, ক্ষুব্ধ তারা

মাইগ্রেশন ভোটিংয়ের সময় প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী চলতি নভেম্বর মাসের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ফরম পূরণ কার্যক্রম এখনো শুরু হয়নি। এ কারণে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফরম পূরণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি না আসায় শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, মাইগ্রেশন ভোটিং চলাকালে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ স্পষ্টভাবে আশ্বাস দিয়েছিল যে, ২০২১-২২ শিক্ষাবর্ষের স্থগিত পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাগুলো নিজ নিজ ক্যাম্পাসে নেওয়া হবে। তবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পার হয়ে গেলেও পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত কোনো নির্দেশনা বা বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। ফলে নির্ধারিত সময়ে পরীক্ষা আয়োজন নিয়ে তাদের মনে গভীর সংশয় দেখা দিয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, সময়মতো পরীক্ষা না হওয়ার কারণে একদিকে সেশনজট তীব্র আকার ধারণ করছে, অন্যদিকে ফলাফল প্রকাশের অনিশ্চয়তা তাদের ভবিষ্যৎ কর্মজীবন ও উচ্চশিক্ষার পরিকল্পনাকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে।

পরীক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইডেন মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিকা আক্তার বলেন, "প্রশাসন প্রথমে বলেছিল অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে ২১-২২ সেশনের পরীক্ষা নেবে, কিন্তু তা বাস্তবায়ন করতে পারেনি। পরবর্তীতে বলা হলো নভেম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ চলে গেলেও এখন পর্যন্ত আমাদের ফর্ম ফিলাপের তারিখ পর্যন্ত প্রকাশ করেনি। শুধু জানানো হয়েছে ৩০ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে, কিন্তু পরীক্ষার রুটিন প্রকাশ করেনি। এ থেকে বোঝাই যাচ্ছে যে প্রশাসন তার প্রতিশ্রুতি রাখতে পারেনি। ২১-২২ সেশনের পরীক্ষা আদৌ ৩০ নভেম্বর থেকে শুরু হবে নাকি, তা নিয়েও আমরা নিশ্চিত হতে পারছি না। এর ফলে চিন্তার মধ্য দিয়ে আমাদের দিন কাটছে, যা কোনোভাবেই কাম্য নয়। তাই প্রশাসনের কাছে অনুরোধ করব খুব দ্রুত যেন ফর্ম ফিলাপের তারিখ এবং পরীক্ষার রুটিন প্রকাশ করে আমাদের দুশ্চিন্তামুক্ত করা হয়।"

একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের আরেক শিক্ষার্থী আসফিয়া ইসরাত বলেন, "বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের কোনো নোটিশে এবং পরীক্ষার প্রশ্নপত্রে 'সংযুক্ত' শব্দটি ব্যবহার করা যাবে না। সেই সাথে নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষার ব্যবস্থা করা, যত দ্রুত সম্ভব ফর্ম ফিলাপের ব্যবস্থা করা এবং পরীক্ষার রুটিন প্রস্তুতের সময় সব সরকারি ছুটি খেয়ালে রেখে রুটিন তৈরি করা দরকার- যাতে রুটিন প্রকাশের পর পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা স্থগিত না হয়। পাশাপাশি লিখিত পরীক্ষার এক সপ্তাহের মধ্যে ভাইভা পরীক্ষার ব্যবস্থা করা এবং ৯০ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করার দাবি জানাচ্ছি।"

এ অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষার রুটিন প্রকাশ এবং ঘোষিত সময়সীমার মধ্যে পরীক্ষা সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশু ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%