১১:৫২ এম
মাইগ্রেশন ভোটিংয়ের সময় প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী চলতি নভেম্বর মাসের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ফরম পূরণ কার্যক্রম এখনো শুরু হয়নি। এ কারণে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফরম পূরণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি না আসায় শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, মাইগ্রেশন ভোটিং চলাকালে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ স্পষ্টভাবে আশ্বাস দিয়েছিল যে, ২০২১-২২ শিক্ষাবর্ষের স্থগিত পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাগুলো নিজ নিজ ক্যাম্পাসে নেওয়া হবে। তবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পার হয়ে গেলেও পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত কোনো নির্দেশনা বা বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। ফলে নির্ধারিত সময়ে পরীক্ষা আয়োজন নিয়ে তাদের মনে গভীর সংশয় দেখা দিয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, সময়মতো পরীক্ষা না হওয়ার কারণে একদিকে সেশনজট তীব্র আকার ধারণ করছে, অন্যদিকে ফলাফল প্রকাশের অনিশ্চয়তা তাদের ভবিষ্যৎ কর্মজীবন ও উচ্চশিক্ষার পরিকল্পনাকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে।
আরও পড়ুন: তিন বছর মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন কুবিরের ইরফান
পরীক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইডেন মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিকা আক্তার বলেন, "প্রশাসন প্রথমে বলেছিল অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে ২১-২২ সেশনের পরীক্ষা নেবে, কিন্তু তা বাস্তবায়ন করতে পারেনি। পরবর্তীতে বলা হলো নভেম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ চলে গেলেও এখন পর্যন্ত আমাদের ফর্ম ফিলাপের তারিখ পর্যন্ত প্রকাশ করেনি। শুধু জানানো হয়েছে ৩০ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে, কিন্তু পরীক্ষার রুটিন প্রকাশ করেনি। এ থেকে বোঝাই যাচ্ছে যে প্রশাসন তার প্রতিশ্রুতি রাখতে পারেনি। ২১-২২ সেশনের পরীক্ষা আদৌ ৩০ নভেম্বর থেকে শুরু হবে নাকি, তা নিয়েও আমরা নিশ্চিত হতে পারছি না। এর ফলে চিন্তার মধ্য দিয়ে আমাদের দিন কাটছে, যা কোনোভাবেই কাম্য নয়। তাই প্রশাসনের কাছে অনুরোধ করব খুব দ্রুত যেন ফর্ম ফিলাপের তারিখ এবং পরীক্ষার রুটিন প্রকাশ করে আমাদের দুশ্চিন্তামুক্ত করা হয়।"
একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের আরেক শিক্ষার্থী আসফিয়া ইসরাত বলেন, "বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের কোনো নোটিশে এবং পরীক্ষার প্রশ্নপত্রে 'সংযুক্ত' শব্দটি ব্যবহার করা যাবে না। সেই সাথে নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষার ব্যবস্থা করা, যত দ্রুত সম্ভব ফর্ম ফিলাপের ব্যবস্থা করা এবং পরীক্ষার রুটিন প্রস্তুতের সময় সব সরকারি ছুটি খেয়ালে রেখে রুটিন তৈরি করা দরকার- যাতে রুটিন প্রকাশের পর পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা স্থগিত না হয়। পাশাপাশি লিখিত পরীক্ষার এক সপ্তাহের মধ্যে ভাইভা পরীক্ষার ব্যবস্থা করা এবং ৯০ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করার দাবি জানাচ্ছি।"
এ অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষার রুটিন প্রকাশ এবং ঘোষিত সময়সীমার মধ্যে পরীক্ষা সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশু ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
আরও পড়ুন: বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাই, শিক্ষার্থীদের ধাওয়ায় আটক অটোচালক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন