বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০২:১১ পি.এম
এশিয়ান গেমস পুরুষ হকিতে বাংলাদেশ চীনের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। স্থান নির্ধারণী ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা চীনের কাছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে। জাপানের গিজু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে, শুরু থেকেই আধিপত্য বিস্তার করে একচেটিয়া জয় তুলে নেয় এশিয়ার পরাশক্তিরা।
ম্যাচের বাঁশি বাজার পর থেকেই বাংলাদেশকে চেপে ধরে আক্রমণাত্মক হকি খেলে চীন। একের পর এক ধারালো আক্রমণে তারা বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখে। চীনের পক্ষে গোল উৎসবে মেতে ওঠেন ঝাং জিয়ালিং, ঝাও ইউলাই, চেন বেনহাই, ওয়াং ইয়াকি ও গাও জিয়েশেং। চীনের আক্রমণের তোপে গোলের ব্যবধান যত বাড়তে থাকে, ম্যাচের নিয়ন্ত্রণও বাংলাদেশ হাতছাড়া করে।
বাংলাদেশের হয়ে ম্যাচের ৩০তম মিনিটে একমাত্র গোলটি করে কিছুটা স্বস্তি এনে দেন রাকিবুল হাসান। তার চমৎকার ফিল্ড গোলটি ব্যবধান কমালেও, ম্যাচের সামগ্রিক চিত্রে কোনো বড় প্রভাব ফেলতে পারেনি। শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় চয়নদের।
এই বিশাল হারের ফলে বাংলাদেশের পক্ষে টুর্নামেন্টে পঞ্চম কিংবা ষষ্ঠ স্থান অর্জনের সুযোগ হাতছাড়া হয়ে গেছে। এখন বাংলাদেশকে টুর্নামেন্টে সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী লড়াইয়ে থাইল্যান্ডের মুখোমুখি হতে হবে।
আগামী ৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। আসরের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে অন্তত জয় দিয়ে এশিয়ান গেমস মিশন শেষ করাই এখন লাল-সবুজ দলের মূল লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়ার মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিটমহল কালিনিনগ্রাদকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে রাশিয়া ও ন্যাটোর মধ্যে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পূর্ব ইউরোপে সামরিক তৎপরতা এবং নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মস্কো ও পশ্চিমা সামরিক জোটের মধ্যে এই পাল্টাপাল্টি অবস্থান প্রকাশ পেয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানাচ্ছে, সাম্প্রতিক সময়ে রুশ সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটোর বেশ কয়েকটি সদস্য দেশ। এর মধ্যে পোল্যান্ড নিজেদের আকাশসীমায় রুশ বাহিনীর কথিত অনুপ্রবেশের কয়েকটি ঘটনার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। বাল্টিক অঞ্চলে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। ডেনমার্কের কর্তৃপক্ষের দাবি, প্রায় দুই সপ্তাহ আগে বাল্টিক সাগরের আকাশে একটি ডেনিশ সামরিক হেলিকপ্টারের কাছাকাছি রুশ একটি যুদ্ধজাহাজ থেকে দুটি ফ্লেয়ার ছোড়া হয়। সামরিক বাহিনীর ব্যবহৃত এসব আলো সাধারণত সতর্কতা বা সংকেত দেওয়ার কাজে ব্যবহৃত হয়।
এর আগে বুধবার ন্যাটোর সদস্য দেশগুলোর কাছে পাঠানো একটি কূটনৈতিক বার্তায় রাশিয়া অভিযোগ করেছে, কালিনিনগ্রাদকে লক্ষ্য করে আকাশ ও নৌ অবরোধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। মস্কোর দাবি, এ বিষয়ে তাদের কাছে তথ্য রয়েছে। একই সাথে অঞ্চলটি বিচ্ছিন্ন করার যেকোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে রাশিয়া। রুশ সতর্কবার্তার পর ন্যাটোর মহাসচিব মার্ক রুটে মন্তব্য করেছেন, ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট। তিনি মস্কোকে পারমাণবিক হুমকি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। রুটের ভাষ্য অনুযায়ী, রাশিয়া ও ন্যাটোর সরাসরি সংঘাতের পরিণতি সম্পর্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবগত আছেন।
বাল্টিক অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধির পেছনে ইউক্রেন যুদ্ধকে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সদস্য দেশগুলো তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে চলেছে। এই পরিস্থিতিতে কালিনিনগ্রাদকে কেন্দ্র করে রাশিয়ার নতুন সতর্কবার্তা এবং বাল্টিক অঞ্চলে সাম্প্রতিক সামরিক ঘটনাগুলো ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরো বাড়িয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালককে ‘ঘাড় ধরে বের করে দেওয়ার’ হুমকি প্রদান করেছেন জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান। আজ বৃহস্পতিবার বিমানবন্দরের পরিচালক এস এম রাগীব সামাদকে আঙুল উঁচিয়ে শাসাতে দেখা যায়।
এ ঘটনার একটি ভিডিও কালের কণ্ঠের কাছে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দর পরিচালককে তিনি বলেন, "কাজ করেন না, কিছু করেন না। ঘাড় ধরে বের করে দেব।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে সরকার। একই সঙ্গে আগামী দিনের সব স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনে প্রতিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জনমুখী করতে নিয়মিত নির্বাচনের বিকল্প নেই। সে লক্ষ্যেই আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। জনগণ যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না।
মতবিনিময় সভায় দেশের চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বিদ্যুতের চাহিদা পূরণ এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বা রুফটপ সোলার ব্যবস্থার সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি জানান, ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট ভবন বা প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হবে। উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে একদিকে বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখা সম্ভব হবে, অন্যদিকে প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমবে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ছাদ সোলার ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিকল্পিতভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং জ্বালানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। সার নিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেসব এলাকায় বিরোধী দলের এমপি সেসব এলাকায় কৃত্রিমভাবে সার সংকট দেখানো হয়েছে। সরকারের সুনাম ক্ষুন্ন করার চক্রান্ত করা হয়েছে বলেও দাবি তার।
এর আগে গাইবান্ধায় পৌঁছালে সার্কিট হাউসে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলাসংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় যোগ দেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
"মাটি ও মানুষের জন্য পথচলা—সেবা, স্বচ্ছতা, উন্নয়ন"—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের বিস্তারিত পরিকল্পনা ও নির্বাচন ঘোষণা করেছেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল মোর্শেদ সাদ্দাম।
এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করে তিনি বলেন, তিনি কখনো শাসক হতে চান না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে তাদের পাশে থাকতে চান। একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন গড়ার লক্ষে তিনি আগামী পাঁচ বছরের জন্য একগুচ্ছ যুগান্তকারী উন্নয়ন পরিকল্পনা ও অঙ্গীকার জাতির সামনে তুলে ধরেন।
স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নাগরিক সেবা: ইউনিয়ন পরিষদের সকল সেবা ডিজিটাল ও জনবান্ধব করা হবে। শতভাগ অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক ও ওয়ারিশ সনদ নিশ্চিত করা হবে। প্রতি বছর জনগণের উপস্থিতিতে উন্মুক্ত বাজেট ঘোষণা এবং আয়-ব্যয়ের পূর্ণ হিসাব প্রকাশ করা হবে। এছাড়া ইউনিয়ন পরিষদে দৃশ্যমান 'সিটিজেন চার্টার' টাঙিয়ে সেবা পাওয়ার নির্দিষ্ট সময় ও সরকারি ফি নির্ধারণ করে দেওয়া হবে।
স্বচ্ছতার সাথে সামাজিক সুরক্ষা ভাতা বণ্টন: বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং টিসিবি কার্ডের তালিকা তৈরিতে যেকোনো ধরনের রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে। কোনো প্রকার ঘুষ বা অনৈতিক সুবিধা ছাড়াই প্রকৃত ও অসহায় মানুষ যাতে এসব সুবিধা পান তা নিশ্চিত করা হবে।
যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন: ইউনিয়নের অবহেলিত কাঁচা রাস্তাগুলো পর্যায়ক্রমে পাকাকরণ ও দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে। হাট-বাজার ও প্রধান গ্রামগুলোতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের অর্থায়নে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সোলার স্ট্রিট লাইট স্থাপন করে রাতের নিরাপত্তা জোরদার করা হবে।
মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন: যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও সচেতন যুবসমাজকে সাথে নিয়ে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা হবে। গুরুত্বপূর্ণ জনবহুল স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং গ্রাম পুলিশের টহল বাড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে।
যুবসমাজ, শিক্ষা ও কর্মসংস্থানমুখী পদক্ষেপ: যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বেকার তরুণ-তরুণীদের স্বাবলম্বী করতে ফ্রি কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা সহায়তা তহবিল গঠন করা হবে।
কৃষক ও ব্যবসায়ী কল্যাণ: কৃষিপ্রধান এই ইউনিয়নের কৃষকদের জন্য সঠিক সময়ে বীজ, সার ও সেচ সুবিধা নিশ্চিত করা হবে। স্থানীয় হাট-বাজারের নিরাপত্তা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রাপ্তি সহজ করে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে।
ইনসাফভিত্তিক গ্রাম আদালত: গ্রাম আদালতকে সম্পূর্ণ সক্রিয় ও দলনিরপেক্ষ রাখা হবে, যাতে সাধারণ মানুষ কোনো হয়রানি ছাড়াই ক্ষুদ্র পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ স্থানীয় পর্যায়েই মীমাংসা করতে পারেন।
একটি সুন্দর, সমৃদ্ধ এবং জনকল্যাণমুখী শৌলজালিয়া ইউনিয়ন গড়ে তুলতে আগামী দিনে ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সুপরামর্শ এবং মূল্যবান রায় প্রত্যাশা করেছেন মোঃ জিয়াউল মোর্শেদ সাদ্দাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ