শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:২৩ পি.এম
সিলেট, ২০ নভেম্বর, ২০২৬ : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মন্তব্য করেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব নেই। তারা এখন রাজনীতির পথ পরিত্যাগ করে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মসূচির কোনো চিহ্ন নেই। তাদের একমাত্র কার্যক্রম হচ্ছে সন্ত্রাস। দেশের জনগণ তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। এরপরও তারা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ বাদ জুমা সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, যা দেশব্যাপী আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত হয়।
মিছিলটি নগরের কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খন্দকার আব্দুল মুক্তাদির উল্লেখ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৭-১৮ বছর ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। তারা নিজেদের পছন্দের লোকজনকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সুযোগ সৃষ্টি করেছে। দেশের সম্পদ তারা শেষ করে দিয়েছে। দীর্ঘদিনের অপশাসন ও অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। এত বছর ধরে তারা বিপুল অর্থ ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। এখন তারা বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৭-১৮ বছর বিরোধী দলে থেকে পুলিশের অত্যাচার, গুম, খুন ও অসংখ্য মামলার মুখেও রাজপথ ছাড়েনি। হাজার হাজার নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। কিন্তু বিএনপি রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের পথ থেকে সরে যায়নি। অথচ আওয়ামী লীগের কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি নেই। তাদের কর্মকাণ্ডে রাজনীতির কোনো চিহ্ন নেই, আছে শুধু সন্ত্রাস।
সমাবেশে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীদের পাড়া-মহল্লা, গ্রাম, ইউনিয়ন ও প্রতিটি এলাকায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। সন্ত্রাসীরা রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তাদের এ ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
মিছিল ও সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরী জামায়াতের তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম মন্তব্য করেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হলে দেশে ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার সুযোগ থাকবে না। তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করা অপরিহার্য। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের অধিকার রক্ষায় সকল রাজনৈতিক দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী কর্তৃক আয়োজিত কর্মী শিক্ষাশিবিরে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য মু. আব্দুস সাত্তারের পরিচালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মু. লিয়াকত আলী ভূঁইয়া এবং কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন।
মাওলানা আবদুল হালিম আরও বলেন, গণভোটের রায় ও জুলাই সনদকে উপেক্ষা করে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির জন্য সরকার দায়ী। সরকারের এই আচরণ জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এর ফলে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
তিনি উল্লেখ করেন, সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি আগুন-সন্ত্রাস এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এই অবস্থান থেকে দেশ ও জাতিকে রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
মাওলানা আবদুল হালিম বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু এই ক্ষেত্রে সরকারের যথাযথ ও দৃশ্যমান পদক্ষেপ নেই। গণভোটের রায় বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে। এর সুযোগে ফ্যাসিবাদী শক্তি তাদের অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে।
তিনি আরও বলেন, কোন দল ক্ষমতায় থাকবে, সেটি মুখ্য বিষয় নয়; বরং জনগণের অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষা করাই প্রধান বিষয়। জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করা হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না। প্রয়োজনে জুলাই বিপ্লবের মতো আরেকটি বিপ্লবের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
মাওলানা আবদুল হালিম বলেন, আবু সাঈদের বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। প্রশাসনের সর্বস্তর থেকে ফ্যাসিবাদী প্রভাব দূর করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করতে হবে। জাতীয় ঐক্য সুদৃঢ় করে দেশ ও জনগণের স্বার্থবিরোধী সকল অপতৎপরতা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ