প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরী জামায়াতের তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম মন্তব্য করেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হলে দেশে ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার সুযোগ থাকবে না। তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করা অপরিহার্য। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের অধিকার রক্ষায় সকল রাজনৈতিক দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী কর্তৃক আয়োজিত কর্মী শিক্ষাশিবিরে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য মু. আব্দুস সাত্তারের পরিচালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মু. লিয়াকত আলী ভূঁইয়া এবং কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন।
মাওলানা আবদুল হালিম আরও বলেন, গণভোটের রায় ও জুলাই সনদকে উপেক্ষা করে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির জন্য সরকার দায়ী। সরকারের এই আচরণ জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এর ফলে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
তিনি উল্লেখ করেন, সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি আগুন-সন্ত্রাস এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এই অবস্থান থেকে দেশ ও জাতিকে রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
মাওলানা আবদুল হালিম বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু এই ক্ষেত্রে সরকারের যথাযথ ও দৃশ্যমান পদক্ষেপ নেই। গণভোটের রায় বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে। এর সুযোগে ফ্যাসিবাদী শক্তি তাদের অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে।
তিনি আরও বলেন, কোন দল ক্ষমতায় থাকবে, সেটি মুখ্য বিষয় নয়; বরং জনগণের অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষা করাই প্রধান বিষয়। জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করা হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না। প্রয়োজনে জুলাই বিপ্লবের মতো আরেকটি বিপ্লবের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
মাওলানা আবদুল হালিম বলেন, আবু সাঈদের বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। প্রশাসনের সর্বস্তর থেকে ফ্যাসিবাদী প্রভাব দূর করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করতে হবে। জাতীয় ঐক্য সুদৃঢ় করে দেশ ও জনগণের স্বার্থবিরোধী সকল অপতৎপরতা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন