শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:১৮ পি.এম
একসময় তিস্তার ভাঙনে ১০ বিঘারও বেশি আবাদি জমি বিলীন হয়ে গেছে। নদী তাদের বসতভিটা কেড়ে নিয়েছে। বর্তমানে সমতলে তাদের কোনো জমি নেই। তবুও ৬০ বছরের বৃদ্ধ কৃষক সেকেন্দার আলী মাটির মায়া ছাড়তে পারেননি।
জীবিকার তাগিদে সেকেন্দার আলী তিস্তার বুকে জেগে ওঠা চরে অন্যের জমি বর্গা নিয়ে আবারও চাষাবাদ শুরু করেছেন। এবার তিনি পাঁচ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছেন। তার খেতজুড়ে এখন দুলছে সোনালি ধানের শীষ। ভালো ফলন দেখে তিনি পুরোনো ক্ষতির বেদনা ভুলতে বসেছেন।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দে সেকেন্দার আলীর খেতের প্রায় সব ধান পেকে গেছে। তিনি আগামী দুই-তিন দিনের মধ্যে ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন। তার প্রত্যাশা, প্রতি বিঘায় ২৩ থেকে ২৪ মণ ধান পাবেন।
সেকেন্দার আলীর কাছে এই ধান শুধুমাত্র একটি ফসল নয়, বরং নদীর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকার স্বপ্নও। তিনি বলেন, “প্রতিবছর ধান পাকার সময় বন্যা, অতিবৃষ্টি কিংবা ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকে। এতে চরের ফসল ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় প্রত্যাশা অনুযায়ী ধান ঘরে তোলা যায় না। তবে এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। খেতের দিকে তাকালে মন ভরে যায়। কোনো দুর্যোগ না হলে এবার ভালোভাবেই ধান ঘরে তুলতে পারব।”
সেকেন্দার আলীর মতো তিস্তার বুকে জেগে ওঠা চরজুড়ে কৃষকদের ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। কোথাও ধান কাটা চলছে, কোথাও মাড়াইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবার কোথাও কৃষকরা সোনালি ধান ঘরে তোলার অপেক্ষায় রয়েছেন। নদীর বুকজুড়ে বিস্তীর্ণ খেতের দিকে তাকালে মনে হয়, স্রোত আর ভাঙনের মাঝেও নতুন করে জীবন সাজিয়েছে তিস্তার চর।
একই চরের কৃষক জয়নাল আবেদীন (৫৮) চার বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। এর মধ্যে দুই বিঘার ধান কেটে বাড়িতে তুলেছেন। বাকি দুই বিঘার ধান আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে কাটবেন। তার চোখেমুখেও ভালো ফলনের তৃপ্তি দেখা যাচ্ছে।
জয়নাল বলেন, “গত বছরের তুলনায় এবার চরে আমনের আবাদ বেড়েছে। চার-পাঁচ দিন ধরে বিভিন্ন চরে ধান কাটা শুরু হয়েছে। চলতি নভেম্বরের মধ্যেই অধিকাংশ জমির ধান কাটা শেষ হবে। এরপর এসব জমিতে আলু, পেঁয়াজ, কুমড়া, আদা ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের আবাদ করা হবে।”
লালমনিরহাট সদর উপজেলার রাজপুর চরের কৃষক অনিল চন্দ্র বর্মণ (৬৫) এবার আট বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। রোববার থেকে তার খেতের ধান কাটা শুরু হয়েছে। গত বছর প্রতি বিঘায় ১৯ মণ ধান পেয়েছিলেন। এবার ফলন বেড়ে ২৪ মণ হতে পারে বলে তিনি আশা করছেন।
অনিল চন্দ্র জানান, সমতলের তুলনায় চরের জমিতে ধান চাষে প্রতি বিঘায় প্রায় তিন হাজার টাকা কম খরচ হয়। তবে বীজ, সার, কীটনাশক ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচ গত বছরের চেয়ে বেশি হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বুড়িরহাটের কৃষক যতীন চন্দ্র সরকার (৭০) ২৫ বিঘা আবাদি জমির মালিক। নদীর ভাঙাগড়ার খেলায় তার সব জমিই এখন তিস্তার বুকে জেগে ওঠা চরে। গত বছর পাঁচ বিঘায় আমন ধান চাষ করলেও এবার করেছেন আট বিঘায়। তার খেতের প্রায় সব ধানই পেকে গেছে। যতীন চন্দ্রের চোখে এবার ভালো ফলনের আনন্দ থাকলেও কিছুটা শঙ্কা রয়েছে।
তিনি বলেন, “এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন খুব ভালো হয়েছে। চারদিকে পাকা ধান দেখে মন ভরে যাচ্ছে। তবে ধানের ন্যায্যমূল্য না পেলে উৎপাদন খরচ তুলে লাভবান হওয়া কঠিন হবে।”
একই এলাকার কৃষক আক্তার হোসেন (৬০) এবার সাত বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। গত বছর করেছিলেন মাত্র তিন বিঘায়। তিনি জানান, গত বছরের তুলনায় এবার তিস্তার চরে প্রায় দ্বিগুণ জমিতে আমন ধানের চাষ হয়েছে। কেউ ধান কেটে বাড়িতে তুলছেন, কেউ কাটছেন। আবার অনেক কৃষক ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন। এবার বৈরী আবহাওয়া না থাকায় ফলন ভালো হয়েছে। খেতভরা সোনালি ধান দেখে তাদের মনও আনন্দে ভরে গেছে।
কৃষকদের এই আনন্দের প্রতিফলন ঘটেছে আবাদ বৃদ্ধির পরিসংখ্যানেও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের পাঁচ জেলা—লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধার তিস্তা নদীর চরাঞ্চলে এবার প্রায় ২৪ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। গত বছর এ পরিমাণ ছিল প্রায় ১৯ হাজার হেক্টর। এক বছরের ব্যবধানে পাঁচ জেলার চরাঞ্চলে আমনের আবাদ বেড়েছে পাঁচ হাজার হেক্টর।
চরাঞ্চলে প্রতি বিঘায় গড়ে ২২ মণ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অনুকূল আবহাওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হতে পারে বলে আশা করছে কৃষি বিভাগ।
রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু বকর সাইফুল ইসলাম বলেন, “এবার তেমন বন্যা না হওয়ায় তিস্তার বুকে জেগে ওঠা অধিকাংশ চরে আমন ধানের আবাদ করা সম্ভব হয়েছে। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার। চরাঞ্চলের কৃষকরা এবার ভালো ফলন পেয়েছেন। তিস্তার বিস্তীর্ণ চরজুড়ে সোনালি ধান দেখে কৃষকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যাচ্ছে।”
নদীভাঙনে জমি হারানো সেকেন্দার আলী থেকে শুরু করে আট বিঘার চাষি অনিল চন্দ্র কিংবা ২৫ বিঘা জমির মালিক যতীন চন্দ্র—সবার গল্পই এক সুতোয় গাঁথা বেঁচে থাকার লড়াই। তিস্তা একদিকে তাদের জমি কেড়ে নিয়েছে, অন্যদিকে আবার জেগে ওঠা চরে নতুন করে চাষাবাদের সুযোগ তৈরি করেছে। তাই চরবাসীর কাছে সোনালি ধান শুধু বাম্পার ফলনের বার্তা নয়, নদীর সঙ্গে লড়াই করে নতুন করে বাঁচার আশাও।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মঞ্চে শিল্পী একা নন, দর্শকও তাদের সঙ্গে থাকে। পরিবেশনার সময় দর্শকের প্রতিক্রিয়া শিল্পীকে প্রভাবিত করে, আবার শিল্পীর প্রকাশ দর্শকের মনে বিভিন্ন অনুভূতি সৃষ্টি করে। ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক পেইন মনে করেন, এই পারস্পরিক যোগাযোগ ছাড়া পরিবেশনা পূর্ণতা পায় না। তার কাছে অপেরা কেবল কণ্ঠ ও সংগীতের কারুকাজ নয়; এটি মানুষের অনুভূতি প্রকাশের একটি মাধ্যমও। পিয়ানিস্ট ও সংগীত রচয়িতা ফ্যাব্রিস মেইত্রের দৃষ্টিতে সংগীত নিজের ভেতরের কথা বলার ভাষা হিসেবে কাজ করে।
দুজনের কাজের ধরন একেবারেই আলাদা। একজন মঞ্চে চরিত্রের আবেগকে কণ্ঠে ধারণ করেন, অপরজন সংগীতের মাধ্যমে অনুভূতির প্রকাশ ঘটান। তারা প্রায় পাঁচ বছর ধরে একসঙ্গে কাজ করছেন। এই সময়ে তাদের ভিন্ন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি সৃজনশীল কাজে প্রভাব ফেলেছে এবং নতুন ভাবনার পথ খুলেছে।
বাংলাদেশে ফরাসি ও বাংলা অপেরার সম্মিলিত পরিবেশনায় অংশ নিতে ঢাকায় এসেছেন এই দুই শিল্পী। তাদের সঙ্গে অপেরার প্রচলিত ধারণা, সংগীতচর্চা, শিল্পীর প্রস্তুতি, দর্শকের ভূমিকা এবং বাংলা গানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়েছে।
প্রশ্ন: মঞ্চে পরিবেশনার সময় দর্শকের প্রতিক্রিয়া কী আপনার কাজের ধরন বদলে দেয়?
ভেরোনিক: দর্শক পরিবেশনার অপরিহার্য অংশ। তাদের সঙ্গে শিল্পীর এক ধরনের সরাসরি যোগাযোগ তৈরি হয়। আমরা মঞ্চে যা প্রকাশ করি, দর্শক তা অনুভব করেন। তাদের প্রতিক্রিয়াও আমাদের কাছে ফিরে আসে। এই আদান-প্রদান পরিবেশনাকে জীবন্ত করে তোলে। আমি অডিশন বা প্রতিযোগিতার চেয়ে মানুষের সঙ্গে এই সরাসরি সংযোগকে বেশি গুরুত্ব দিই।
প্রশ্ন: অপেরার গল্প ও সংগীতের জটিলতা নতুন দর্শকের জন্য বাধা হয়ে দাঁড়ায় কী?
ভেরোনিক: অপেরা নিয়ে অনেকের ধারণা, এটি বুঝতে হলে বিশেষ জ্ঞান বা অভিজাত পরিবেশের প্রয়োজন। অথচ এর গল্পগুলো মানুষের খুব পরিচিত জীবন থেকেই আসে। ভালোবাসা, ঈর্ষা, সম্পর্কের সংকট—এসবই অপেরার গল্পে থাকে। পার্থক্য হলো, সাধারণ এসব অনুভূতিকে সংগীতের অসাধারণ প্রকাশভঙ্গিতে তুলে ধরা হয়। অবশ্য আধুনিক দর্শকের কাছে বড় অর্কেস্ট্রা কিংবা অনেক শিল্পীর অংশগ্রহণের পরিবেশনা কিছুটা জটিল মনে হতে পারে। কিন্তু অপেরা উপভোগ করতে হলে আগে থেকে সবকিছু জানা জরুরি নয়। আমি চাই, আরও বেশি মানুষ এর সঙ্গে পরিচিত হোক।
প্রশ্ন: অপেরায় সুরকারের নির্দেশনা মেনে চলতে হয়। সেখানে পরিবেশকের নিজস্ব সৃজনশীলতার জায়গা কোথায়?
ফ্যাব্রিস: অপেরা একটি নির্দিষ্ট সংগীতরচনা। সুরকার যে ছন্দ, সূক্ষ্মতা ও ব্যাখ্যা রেখে গেছেন, সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। তবে শিল্পী নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি দিয়ে সেই রচনাকে প্রকাশ করেন। ফলে একই সংগীত ভিন্ন শিল্পীর কাছে ভিন্নভাবে ধরা দিতে পারে। গল্পের কাঠামো নির্ধারিত থাকলেও পরিবেশনার অভিজ্ঞতা একেকবার একেক রকম হয়।
প্রশ্ন: চরিত্রের সঙ্গে নিজেকে একাত্ম করার প্রক্রিয়াটি কেমন?
ভেরোনিক: কোনো চরিত্রের কাজ হাতে পেলে প্রথমে সংগীত ও গানের কথাগুলো শেখার চেষ্টা করি। এরপর চরিত্রটির অনুভূতি বোঝার জন্য সময় নিই। তার জায়গায় নিজেকে কল্পনা করি, সুরকার কীভাবে চরিত্রটিকে নির্মাণ করেছেন, সেটিও বুঝতে চাই। বড় কোনো চরিত্রের গান মনে রাখার জন্য অনেক সময় হাঁটতে হাঁটতে অনুশীলন করি। শুধু কণ্ঠের দক্ষতা দিয়ে চরিত্র ফুটিয়ে তোলা যায় না; তার অনুভূতিও ধারণ করতে হয়।
প্রশ্ন: সংগীতের সঙ্গে আপনার পথচলা শুরু হলো কীভাবে?
ভেরোনিক: মানুষের জন্য কিছু করার ইচ্ছা এবং অপেরার কণ্ঠপ্রযুক্তির প্রতি আগ্রহ আমাকে গানের দিকে নিয়ে এসেছে। সংগীতচর্চা করতে গিয়ে নিজের সম্পর্কে অনেক কিছু বুঝতে পেরেছি। ফ্রান্সে গান শেখার পদ্ধতি বেশ আনুষ্ঠানিক ও নিয়মের মধ্যে বাঁধা। লন্ডনে পড়াশোনা করতে গিয়ে তুলনামূলক খোলামেলা পরিবেশ পেয়েছি। সেই অভিজ্ঞতা আমার দৃষ্টিভঙ্গি প্রসারিত করেছে।
ফ্যাব্রিস: আমার কাছে সংগীত সব সময়ই একটি ভাষার মতো। শুরু থেকেই মনে হয়েছে, নিজের গভীর অনুভূতি প্রকাশের জন্য এটি আমার স্বাভাবিক মাধ্যম। জীবনের নানা অভিজ্ঞতা ও আবেগ আমার সংগীত রচনায় প্রভাব ফেলে।
প্রশ্ন: একজন পরিবেশক ও একজন সংগীত রচয়িতা হিসেবে আপনাদের কাজের মধ্যে পার্থক্য কী?
ভেরোনিক: আমি মূলত পরিবেশনার দিকে মনোযোগ দিই। গান রচনা করি না। কণ্ঠের কৌশল ব্যবহার করে চরিত্রের আবেগ প্রকাশ করাই আমার কাজ।
ফ্যাব্রিস: আমি সংগীত রচনা করি। নিজের জীবনের অভিজ্ঞতা ও অনুভূতি থেকে সৃষ্টির উপাদান পাই।
প্রশ্ন: একসঙ্গে কাজের ক্ষেত্রে ভিন্ন রুচি ও অভিজ্ঞতা কি কখনও সমস্যা তৈরি করে?
ভেরোনিক: আমাদের একসঙ্গে কাজের সময় প্রায় পাঁচ বছর। আমাদের অভিজ্ঞতা আলাদা, হাস্যরসের ধরনও এক নয়। তাই সব সময় সবকিছু সহজ হয় না। তবে এই পার্থক্য থেকেই নতুন কিছু তৈরি হওয়ার সুযোগ থাকে। একে অন্যের সঙ্গে কথা বলা, বোঝার চেষ্টা করা এবং পারস্পরিক স্নেহ আমাদের কাজ এগিয়ে নিতে সাহায্য করে।
প্রশ্ন: শিল্পের সঙ্গে ব্যক্তিগত জীবনের সম্পর্ক কতটা গভীর?
ভেরোনিক: আমার পরিবার ও মেয়েরা আমাকে স্থিরতা দেয়। খামারবাড়ি, পশুপাখির সঙ্গে সময় কাটানো এবং ছবি আঁকাও আমার ভালো লাগে। শিল্পচর্চায় গভীর মনোযোগের পাশাপাশি ধীরস্থির সময়ের প্রয়োজন হয়। ব্যক্তিগত জীবনের এসব অভিজ্ঞতা আমাকে সেই অবকাশ দেয়।
প্রশ্ন: জীবনের কঠিন অনুভূতিগুলো কি শিল্পের মধ্য দিয়ে প্রকাশ করা সম্ভব?
ভেরোনিক: আমি অন্যদের মতোই নানা কঠিন অনুভূতির মধ্য দিয়ে যাই। অন্ত্যেষ্টিক্রিয়ায় গান গাওয়ার অভিজ্ঞতা আছে। দেখেছি, শোকের মুহূর্তে সংগীত মানুষকে সান্ত্বনা দিতে পারে। আমার মা মারা যাওয়ার পরদিনই আমাকে দেড় ঘণ্টার একটি একক কমেডি পরিবেশনায় অংশ নিতে হয়েছিল। সেই অভিজ্ঞতা সহজ ছিল না। কিন্তু মঞ্চে পরিবেশনার মধ্য দিয়ে শোকের সঙ্গে অন্যভাবে যুক্ত হতে পেরেছিলাম। মনে হয়েছিল, সেটি মাকে স্মরণ করার পাশাপাশি তাঁর জীবন উদ্যাপনেরও একটি উপায়।
প্রশ্ন: বাংলাদেশে এসে বাংলা সংগীতের সঙ্গে পরিচয়ের অভিজ্ঞতা কেমন?
ভেরোনিক: এখানে এসেছি মাত্র তিন দিন হলো। এর মধ্যে কয়েকটি গান শোনার সুযোগ হয়েছে। তাই এখনই বিস্তারিত মূল্যায়ন করা কঠিন। তবে বাংলা গানের কণ্ঠের অলংকার, একটি স্বরের মধ্যে বিভিন্ন সুরের ব্যবহার এবং দীর্ঘ সময় ধরে স্বর ধরে রাখার বিষয়টি আমার ভালো লেগেছে। এই বৈশিষ্ট্যগুলো আমার শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রেও কাজে লাগতে পারে। বাংলা গানে আবেগের প্রকাশ ও লোকসংগীতের শিকড় আমাকে আকৃষ্ট করেছে। অপেরারও লোকগানের সঙ্গে সম্পর্ক রয়েছে। এ ছাড়া উঁচু স্বরের প্রতি আকর্ষণের বিষয়টিও দুই সংগীতধারায় লক্ষ করেছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সতর্ক করেছেন যে, আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বৃদ্ধি পায় এবং সরকার যদি সেটি আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আজ এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এবি পার্টি সুনামগঞ্জ জেলা আহ্বায়ক সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে এবং আরিফ বিল্লাহ আনসারের পরিচালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে তরুণ ও যুবকরা ছিল মূল শক্তি। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণআন্দোলনে যুব নেতৃত্বের ভূমিকা বিজয়ের চাবিকাঠি ছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে, তরুণ-যুবকরা রাজপথে যতটা সফল, ক্ষমতার চেয়ারে তাদের সাফল্য ততটা নেই। যুব নেতৃত্ব যদি রাজপথ ও ক্ষমতার চেয়ারে সমানভাবে সাফল্য অর্জন করতে পারে, তবে রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব হবে।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তরুণদের মধ্যে অনৈক্য এবং সরকারি দলের প্রহসনমূলক কর্মকাণ্ডের কারণে পরাজিত ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিচ্ছে।
মঞ্জু বলেন, "গাড়ি-বাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে যারা বলছে আমরা আবার রাজনীতিতে ফিরব, তাদের বুঝতে হবে, জনগণকে নির্যাতন-নিপীড়নের কারণে তাদের পতন ঘটেছিল।" সরকারের নির্লিপ্ততার সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটি আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "যদি দেশে গৃহযুদ্ধ বাঁধে, তাহলে তার দায় সরকার ও আওয়ামী লীগকে যৌথভাবে বহন করতে হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তরুণেরা বারবার পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে এবং গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জীবন দিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলো তরুণদের মেধা, সাহস, উদ্যম ও আবেগকে ইতিবাচক রাষ্ট্র গঠনে কাজে লাগানোর পরিবর্তে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। দখলদারত্ব, চাঁদাবাজি, সংঘর্ষ, সন্ত্রাস ও সহিংসতার রাজনীতিতে তরুণদের জড়িয়ে তাদের সম্ভাবনাকে ধ্বংস করা হয়েছে। অথচ তরুণদের কাজ হওয়ার কথা ছিল নতুন চিন্তা, উদ্ভাবন, নেতৃত্ব, কর্মসংস্থান সৃষ্টি এবং রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখা।
প্রধান বক্তার বক্তব্যে এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন বলেন, তরুণ সমাজকে যোগ্য ও দায়িত্বশীল করে গড়তে পারলে সমাজ এগিয়ে যাবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ-টেন্ডারবাজমুক্ত সমাজ গড়তে এবি যুব পার্টিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবকদের দেশের সম্পদে পরিণত করতে হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় এবি পার্টির সাংগঠনিক সম্পাদক গাজী নাসির বলেন, সতের বছর ফ্যাসিবাদ গোষ্ঠী গুম খুন অগ্নি সন্ত্রাস করেছে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারেনি। বর্তমান সরকারও পারছে না। এবি পার্টি মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন এবি পার্টি সুনামগঞ্জ জেলা সদস্যসচিব আলী আসগর ইমন এবং যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ সবুজ। এ সময় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে সুজন আহমদকে আহ্বায়ক এবং আক্তার হুসেনকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ মিয়া, যুগ্ম আহ্বায়ক লিকসন আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ড়জাকির আহমদ এবং যুগ্ম সদস্যসচিব লুৎফুর রহমান। নতুন কমিটির মাধ্যমে সুনামগঞ্জের তরুণ ও যুবসমাজকে সংগঠিত করে ইতিবাচক রাজনীতি, সামাজিক সমস্যা সমাধান এবং দেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর ৬২টি আলাদা ধরনের গাছের চারা রোপন করেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে পরিবেশবান্ধব এই কর্মসূচি পালন করেন ছাত্রদলের এই নেতা। এ সময় ৬২ রকমের ফল, ফুল ও বনজ গাছের চারা রোপন করেন নেতাকর্মীরা। উল্লেখযোগ্য গাছগুলোর মধ্যে রয়েছে: আমগাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, কাঠগোলাপ গাছ, নিমগাছ, বাগানবিলাস গাছ, বাদাম গাছ, রেইনট্রি গাছ, কৃষ্ণচূড়া গাছ, মেহগনি গাছ, রঙ্গন গাছ, নারিকেল গাছসহ অন্যান্য বিভিন্ন জাতের পরিবেশবান্ধব গাছের চারা।
ছাত্রদল সহ সভাপতি এইচ এম আবু জাফর বলেন, "প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংঠনিক অভিভাবক তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে আমরা ৬২ রকমের ৬২ টি ফল গাছ, ফুল গাছ, বনজ বৃক্ষ, ঔষুধি গাছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের চারপাশে রোপণ করেছি। আমাদের আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষময় সবুজ রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সেজন্য ৬২ টি ভিন্ন রকমের গাছ লাগানোর মাধ্যমে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।"
তিনি আরও বলেন, "তারেক রহমান গত ১৬ বছর লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছেন। জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ৫৬ হাজার বর্গমাইলের পথে প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন। করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানের মাধ্যমে একটি মর্যাদাপূর্ন সার্বভৌম বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন। তার এই স্লোগানের বাস্তবায়ন আজকের এই জন্মদিন গাছ লাগানোর মাধ্যমে পালন করা। তার জন্ম বাংলাদেশকে আলোকিত ও গৌগৌরবান্বিত করেছে।"
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, ফারহান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সারজু, জিয়াউল হক জিয়া, রাকিবুল ইসলাম। কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল খান রাহাত, তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য নাজমুল হাসান পাপন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাশেদ, রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির হোসেন রোমানসহ অন্যান্য নেতাকর্মীরা।
যেসব ৬২ রকমের গাছ লাগানো হয় - বাদাম, চাম্বল, মেহগনি, আকাশমনি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, রেইনট্রি, বট, অর্জুন, বয়েরা, হরতকি, সিজিয়াম, ক্রিসমাস, ঝাউ, আম, জাম, কাঠাল, লিচু, পেয়ারা, আমড়া, সফেদা, কামরাঙ্গা, আনার, জলপাই, আমলকি, কদবেল, করমজা, লেবু, বড়ই, কাঠগোলাপ, বাঁশ, নিম, নারিকেল, সুপারি, খেজুর, এরিকে পদ্ম, পিচুরি পাম, রাবিশ পাম, আম্ব্রেলা, তেজপাতা, দারুচিনি, দেবদারু, নাগাচুরা, রঙ্গন, জবা, হাসনাহেনা, নাকফুল, বাগানবিলাস, পেয়ারা, বকুল ফুল, চাঁদনী ফুল, আপেল পাতা, বোতল ব্রাকা ফুল, চায়না ডল, পোলাপাতা, চেরি ফুল, ক্যামেলিয়া ফুল, সোনালু কাঠ, মেহেদী গাছ, ডেরেসিনা শোভা, জাপানিক এশিয়া ফুল, নাগাসিয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাজিলের একদল স্কুলশিক্ষার্থী ও তাদের শিক্ষক আমাজন অঞ্চলের প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ পানির সংকট মোকাবেলায় একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। বিশাল আকৃতির পিরারুকু মাছের হাড় পুড়িয়ে তৈরি হচ্ছে বিশেষ ধরনের কয়লা, যা পানির ক্ষতিকর ভারী ধাতু ও অন্যান্য দূষিত পদার্থ শোষণ করতে সক্ষম।
এই পদ্ধতিতে সাধারণত দুই মিটার পর্যন্ত লম্বা পিরারুকু মাছের মোটা মেরুদণ্ডের হাড় সংগ্রহ করা হয়। এরপর সেগুলোকে সর্বোচ্চ ৯০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়িয়ে কয়লায় পরিণত করা হয়। পোড়া হাড় গুঁড়া করে তৈরি করা হয় এক ধরনের কার্বনসমৃদ্ধ উপাদান, যা পানির ভারী ধাতু ও অন্যান্য দূষক শোষণ করতে পারে।
ব্রাজিলের মানাকাপুরু শহরের হোসে মোতা স্কুলের জীববিজ্ঞানের শিক্ষক গ্যালিলিউ দা সিলভা পিরেস এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। সলিমোয়েস নদীর তীরে অবস্থিত শহরটি মানাউস থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে। তিনি উল্লেখ করেন, এটি কার্বনের একটি টেকসই ও পরিবেশবান্ধব উৎস, যার জন্য গাছ কাটার প্রয়োজন হয় না। এই নতুন উপাদান ব্যবহার করে বিশুদ্ধ পানীয় জল উৎপাদন করা সম্ভব।
আমাজন অঞ্চলের নদীতীরবর্তী জনগোষ্ঠী প্রায়ই নিরাপদ পানির সংকটে পড়ে। বিশেষ করে খরার সময় বৃষ্টির পানি পাওয়া যায় না এবং নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় দূষিত পদার্থের ঘনত্ব বেড়ে যায়। ফলে পানিতে ক্ষতিকর উপাদানের মাত্রা বৃদ্ধি পায়।
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, সম্প্রতি খরার পর আমাজন নদীর উজানের অংশ হিসেবে পরিচিত সলিমোয়েস নদীর পানির স্তরও নিচে নেমে গেছে। শিক্ষক গ্যালিলিউ দা সিলভা পিরেসের মতে, তার শিক্ষার্থীদের এই গবেষণা আমাজনের বাইরের অন্যান্য এলাকার জনগোষ্ঠীর জন্যও কাজে আসতে পারে।
তিনি বলেন, ‘এটি শিশুদের সম্ভাবনার প্রমাণ। কয়েক দশক ধরে চলা একটি সমস্যাকে সামনে রেখে প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে সমাধান খুঁজে পাওয়া সম্ভব।’
প্রকল্পের সঙ্গে যুক্ত ১৮ বছর বয়সী শিক্ষার্থী আনা ফ্লাভিয়া কোস্তা লোপেস বলেন, ‘উন্নত মানের পানি ও পরিশোধিত পানি পাওয়ার পাশাপাশি আমরা যে একটি মূল্যবান জিনিস তৈরি করতে পারছি, তাতে আমাদের খুব ভালো লাগছে।’
গাছ না কেটে মাছের পোড়া হাড় দিয়ে পানি পরিশোধনের ধারণাটি আগে থেকেই পরিচিত। তবে পিরারুকু মাছের হাড় ব্যবহারের ফলে আমাজন অঞ্চলের আরেকটি পরিবেশগত সমস্যাও কমানো সম্ভব হতে পারে। মাছের মাংস খাওয়ার পর বিপুল পরিমাণ হাড় ও অন্যান্য বর্জ্য জমে থাকে। সেগুলোকে কাজে লাগিয়ে একদিকে বর্জ্য কমানো, অন্যদিকে বিশুদ্ধ পানি উৎপাদনের সুযোগ তৈরি হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ