ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিএনপির এলিজা জামান


সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিএনপির এলিজা জামান

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার, নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্মসচিব ও এ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাসসকে জানিয়েছেন, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পর যদি একটি মাত্র পদের বিপরীতে কেবল একজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ থাকে, তবে তার পরের দিন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার বিধান রয়েছে।

আরও পড়ুন: সালমানের বিরুদ্ধে কাগুজে প্রতিষ্ঠানের নামে ১১০০ কোটি টাকা লুটের অভিযোগ

মঈন উদ্দীন খান আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে একক প্রার্থী হওয়ায় এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন ইতোমধ্যে গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে। কিছুক্ষণের মধ্যে নতুন এই সংসদ সদস্যের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানাসহ গেজেট প্রকাশের পরপরই শপথ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তা জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

এর আগে, ২৬ অক্টোবর বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন। ২৭ অক্টোবর বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ১ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হলো।

উল্লেখ্য, গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়ে যায়। পরে ১২ অক্টোবর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও একক প্রার্থী থাকায় আর ভোটের প্রয়োজন হচ্ছে না।

আরও পড়ুন: রাঙ্গাবালীতে যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও উপদেষ্টাসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম আজ জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগের আওতায় আসা সাতজন হলেন- সাবেক শিল্পমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ড. আব্দুর রাজ্জাক, সাবেক পর্যটন মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সাবেক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

গাজী এম এইচ তামীম সাংবাদিকদের বলেন, "এই সাতজন আসামী (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের নেতৃস্থানে অবস্থান করে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছে। আমরা এভিডেন্স জমা দিয়েছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা দিলেন কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা দিলেন কমিশনার

বরিশাল, ২ নভেম্বর ২০২৬ : বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিতকরণ এবং তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও নির্ভুল তথ্য নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেছেন।

আজ সকালে বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। বরিশাল জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে।

খলিল আহমেদ উল্লেখ করেন, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা, পক্ষপাতিত্ব কিংবা অনিয়মের সুযোগ রাখা যাবে না। প্রতিটি পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করা আবশ্যক।

বিভাগীয় কমিশনার বলেন, ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ। এই কর্মসূচির সুফল যেন প্রকৃত সুবিধাবঞ্চিত ও উপযুক্ত পরিবারের কাছে পৌঁছায়, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে। তথ্য সংগ্রহকারীদের সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করেই উপকারভোগী নির্বাচনসহ পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তাই দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা ও নির্ধারিত নীতিমালা অনুসরণ করার পাশাপাশি তথ্যের গোপনীয়তা রক্ষা এবং প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রাথমিক ও গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ। একটি ভুল তথ্যের কারণে প্রকৃত উপকারভোগী তালিকা থেকে বাদ পড়তে পারেন, আবার অযোগ্য কেউ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন। তাই প্রতিটি পরিবারের তথ্য সরেজমিনে যাচাই করে সতর্কতার সঙ্গে সংগ্রহ করা আবশ্যক।

তিনি বলেন, তাড়াহুড়া, অনুমান নির্ভর তথ্য কিংবা ব্যক্তিগত পরিচিতির ভিত্তিতে কোনো তালিকা প্রস্তুত করা যাবে না। কোনো প্রকৃত উপকারভোগী যাতে বাদ না পড়েন এবং অনুপযুক্ত কেউ যাতে সুবিধা গ্রহণের সুযোগ না পান, সে বিষয়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এই কার্যক্রমকে শুধুমাত্র দাপ্তরিক দায়িত্ব হিসেবে না দেখে জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা উচিত।

অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল কবির, সহকারী পরিচালক জাবির আহমেদসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত ৩৬ জন তথ্য সংগ্রহকারীর মধ্যে ট্যাব বিতরণ করা হয়। এসব ট্যাবের মাধ্যমে উপকারভোগী পরিবারের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ, সংরক্ষণ ও যাচাই-বাছাই করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গার্মেন্টসশিল্পকে অস্থিতিশীল করার চক্রান্তে চিহ্নিত মহল: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


গার্মেন্টসশিল্পকে অস্থিতিশীল করার চক্রান্তে চিহ্নিত মহল: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন মন্তব্য করেছেন যে, শ্রমিকদের জন্য একটি ন্যায়সংগত, যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ ন্যূনতম মজুরি গঠনমূলক ও বহুমাত্রিক আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, যথাসময়ে মজুরি নির্ধারণের ইতিবাচক উদ্যোগের পরও একটি চিহ্নিত মহল গার্মেন্টসশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’

সোমবার (২ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এই কথা বলেন। ফেসবুক পোস্টে মাহদী আমিন উল্লেখ করেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে গার্মেন্টসশিল্পের যাত্রা শুরু হয়েছিল। এর মাধ্যমে দেশে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের এক ঐতিহাসিক দিগন্ত উন্মোচিত হয়। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ও এই শিল্প বিকাশের পাশাপাশি শ্রমিকদের অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়।’

তিনি আরও বলেন, সেই ধারাবাহিকতায় জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রমবান্ধব সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব গ্রহণের পর স্বল্পতম সময়ের মধ্যে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করা হয়েছে, যেন তারা উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।

মাহদী আমিন জানান, গার্মেন্টসশিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী, সাপ্লাই চেইন এবং দেশের সামগ্রিক অর্থনীতি জড়িত। তাই শ্রমিকদের ন্যায্য ও প্রাপ্য মজুরি নিশ্চিত করতে হবে। শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয়, অন্যান্য সেক্টরের বাস্তবতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে। সেই লক্ষ্যে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, পতিত স্বৈরাচারের দোসরদের উসকানি ও নাশকতার মাধ্যমে শ্রমিকদের বেতনের দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারখানায় আক্রমণ ও আগুন দেওয়া, পুলিশের গাড়ি ও বক্সে ভাঙচুর, কিংবা যানবাহন ও স্থাপনায় হামলার মতো স্পর্শকাতর কর্মকাণ্ড শ্রমিকদের স্বার্থের পরিপন্থী।

তিনি বলেন, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে ও তাদের মাঝে অনুপ্রবেশ করে, পলাতক অপশক্তির অস্থিরতা সৃষ্টির তথ্য-প্রমাণ ইতোমধ্যে উঠে এসেছে। সন্ত্রাসবাদকে সুযোগ দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, মনে রাখতে হবে, কারখানা ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরাই। বাড়বে বেকারত্ব, কমবে রপ্তানি আয় এবং ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। তাই একদিকে যেমন শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের অধিকার নিশ্চিত করতে হবে, তেমনি কোনোভাবেই সন্ত্রাস, ভাঙচুর ও শিল্প ধ্বংসের সুযোগ দেওয়া যাবে না।

নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনার কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ রাজনৈতিক দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না। সহিংসতা, ভাঙচুর ও নাশকতায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে দাবি জানানোর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।

শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো ধরনের বিভ্রান্তি, গুজব বা উসকানিতে পা দেবেন না। গার্মেন্টস খাত ও পারিপার্শ্বিক বাস্তবতা বিবেচনায় যেকোনো যৌক্তিক ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শ্রমবান্ধব সরকার সবসময় পাশে থাকবে। কারণ এই শিল্পের অগ্রযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গণমানুষের জীবন, জীবিকা, কর্মসংস্থান এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউনেসকো: সাংবাদিক হত্যার ৮৬% ঘটনার বিচার হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


ইউনেসকো: সাংবাদিক হত্যার ৮৬% ঘটনার বিচার হয়নি

বিশ্বব্যাপী সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং সাংবাদিকতামূলক কাজে যুক্ত ব্যক্তিদের হত্যার ৮৬ শতাংশ ঘটনার বিচার এখনো হয়নি। ২০২৪ ও ২০২৫ সালে এ ধরনের ১৮৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬৭ শতাংশ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সশস্ত্র সংঘাত চলমান দেশগুলোতে। সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে ইউনেসকো এই তথ্য প্রকাশ করেছে।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশে ইউনেসকোর প্রতিনিধি ও ঢাকা কার্যালয়ের প্রধান ড. সুসান ভাইজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে ইউনেসকো উল্লেখ করেছে, এ বছরের দিবসের প্রতিপাদ্য হচ্ছে— ‘হুমকির ধরন বদলাচ্ছে। বিচারহীনতা রয়ে যাচ্ছে।’ সাংবাদিকদের বিরুদ্ধে পরিবর্তনশীল হুমকি এবং অপরাধের ক্ষেত্রে জবাবদিহির ঘাটতির বিষয়টি এতে তুলে ধরা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের নিরাপত্তা অপরিহার্য বলে জানিয়েছে ইউনেসকো।

বিবৃতিতে আরও বলা হয়, বিচারহীনতা দূর করতে অপরাধীদের বিচারের আওতায় আনার পাশাপাশি কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, হুমকির ঘটনায় দ্রুত সাড়া দেওয়া এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করাও জরুরি।

বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা জোরদারে জাতিসংঘের নির্বাচনী সহায়তা প্রকল্প ‘ব্যালট’-এর আওতায় কাজ করছে ইউনেসকো। প্রকল্পের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রায় তিন হাজার সাংবাদিক প্রশিক্ষণ পেয়েছেন। তাদের প্রশিক্ষণে সাংবাদিকদের নিরাপত্তাবিষয়ক পূর্ণদিবসের মডিউল অন্তর্ভুক্ত ছিল। প্রশিক্ষণ পাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ২০০ নারী সাংবাদিক এবং ২৪ জন ফটোসাংবাদিক রয়েছেন।

জাতীয় নির্বাচনের আগে ৬০টি সুরক্ষা ভেস্ট, চার হাজার সাংবাদিক সহায়িকা কার্ড এবং সাত হাজার ৫০০টি নির্বাচনবিষয়ক প্রতিবেদন তৈরির নির্দেশিকাও বিতরণ করেছে সংস্থাটি। এ ছাড়া প্রশিক্ষণ ও সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন, পুলিশ এবং গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%