০৮:৫০ এম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার শতাব্দীপ্রাচীন জলপাই বাগানগুলো ইসরাইলের সামরিক আগ্রাসনে প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কৃষিজমিতে ব্যাপক বুলডোজার অভিযান চালিয়ে ইসরাইলি সেনাবাহিনী হামাসের সুড়ঙ্গ ও রকেট উৎক্ষেপণস্থল খুঁজে বের করার দাবি করেছে। তাদের দাবি, এসব জমিতে হামাসের সামরিক স্থাপনা লুকিয়ে রাখা হয়েছে।
এই ধ্বংসযজ্ঞের ভয়াবহ প্রভাব পড়েছে দীর্ঘ সময় ধরে এসব জমিতে চাষাবাদ করে আসা ফিলিস্তিনি পরিবারগুলোর ওপর। বহু পরিবারের জীবিকা এবং শত বছরের পারিবারিক ঐতিহ্য একসঙ্গে মাটির সঙ্গে মিশে গেছে।
একটি পরিবারের সদস্য জাহের কাশকো। তাদের পাঁচ দুনাম আয়তনের জলপাই বাগান প্রায় ২০০ বছর ধরে বংশপরম্পরায় তাদের মালিকানায় ছিল। বাগানটিতে ৪০টি পরিণত জলপাই গাছ ছিল, যা ভালো মৌসুমে প্রায় ১২ টন জলপাই উৎপাদন করত।
আরও পড়ুন: মক্কা চুক্তির বৈঠকে ঐক্যবদ্ধ অবস্থানের গুরুত্ব তুলে ধরলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী
কিন্তু বর্তমানে সেই বাগানের অস্তিত্ব কার্যত হারিয়ে গেছে। এলাকাটি ইসরাইলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন ‘রেড জোনের’ অন্তর্ভুক্ত হওয়ায় পরিবারের সদস্যদের সেখানে প্রবেশের সুযোগ নেই।
ইসরাইলি অভিযানে জাহের কাশকোর পরিবারের ১৫০ সদস্য নিহত হয়েছেন। ফলে শুধু তাঁদের শতাব্দীপ্রাচীন জলপাই বাগানই নয়, পুরো পরিবারটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।
গাজার জলপাই বাগানগুলো ফিলিস্তিনিদের কাছে শুধুমাত্র কৃষিজমি বা আয়ের উৎস নয়, বরং এগুলো পারিবারিক ঐতিহ্য, শিকড় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। এই বাগানগুলোর ধ্বংসের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা ফিলিস্তিনিদের জীবনযাত্রা ও ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তথ্যসূত্র: ইয়েনি সাফাক
আরও পড়ুন: পুতিনের উদ্বোধনে রাশিয়ার নতুন পারমাণবিক সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন