বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:২৯ পি.এম
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬: রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে নতুন আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক অগ্রগতির প্রেক্ষাপটে এসেছে।
আজ রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশনের প্রধান ড. লরা টম বন্ডে-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই আহ্বান জানান, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের কারণে সৃষ্ট মানবিক চাহিদা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আইওএমকে ধন্যবাদ জানান বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বের জন্য।
সাক্ষাৎকালে উভয় পক্ষ নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন এবং মেধাভিত্তিক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও ‘ইস্টার্ন করিডোর ইনিশিয়েটিভ’, প্রত্যাবর্তনকারী অভিবাসীদের বিভিন্ন চ্যালেঞ্জ এবং জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষদের সমস্যা মোকাবিলা ও জলবায়ু অভিযোজনে সহায়তার উপায় নিয়েও তারা আলোচনা করেন।
ড. বন্ডে চলতি বছরের মে মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ বাংলাদেশের অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিসিএম) বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের প্রথম ‘জাতীয় কর্মপরিকল্পনা’ অনুমোদনের বিষয়টিকে স্বাগত জানান।
তিনি জানান, আইওএম বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণ করতে প্রস্তুত। একইসাথে, আগামী ৬ ডিসেম্বর সংস্থাটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল যোগ্য, মেধাবী ও পেশাদার ব্যক্তিদের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, যারা সত্যিকার অর্থে যোগ্য এবং দক্ষ, তারা দুঃখজনকভাবে রাজনীতিতে আসতে আগ্রহী নন। দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে তাদের সংসদে আসা প্রয়োজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশানের ‘দি সিক্স সিজনস’ হোটেলে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ঢাকার রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের সহযোগিতায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ‘হাউ ক্যান দ্য ন্যাশনাল পার্লামেন্ট বি মেড মোর এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।
ডেপুটি স্পিকার বলেন, দেশের যোগ্য নাগরিক, তরুণ প্রজন্ম, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী ও সচেতন ব্যক্তিদের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে এসে নিজেদের যোগ্যতা, মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ গঠন এবং রাষ্ট্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস তুলে ধরে কায়সার কামাল বলেন, দেশে গণতন্ত্র বারবার হত্যা করা হয়েছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হয়েছে। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেছিলেন এবং একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি আরও বলেন, ২০০৮ সালের পর বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ক্রমাগত ক্ষুণ্ন হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। নির্বাচন কমিশনকে ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে ব্যবহার করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে প্রহসনমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়কে আরও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য বিদ্যমান সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, সংবিধানের ৭৬(৩), ৭৭ ও ৭৯ অনুচ্ছেদে জাতীয় সংসদ ও সংসদীয় কার্যক্রমের কার্যকর পরিচালনা, সংসদীয় কমিটির ক্ষমতা এবং সংসদ সচিবালয়ের স্বাতন্ত্র্য ও স্বাধীনতার বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। এসব বিধানের যথাযথ বাস্তবায়ন এবং সংসদ ও সংসদ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা ও কার্যকারিতা বাড়ানোর প্রয়োজন।
সংবিধানের ৭০ অনুচেদ সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ অনুচেদ নিয়ে নতুন করে ভাবা এবং সংশোধনের বিষয়ে আলোচনা করা প্রয়োজন। সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ, ভিন্নমত তুলে ধরা এবং জনগণের স্বার্থে কার্যকরভাবে সংসদীয় দায়িত্ব পালনের সুযোগ কীভাবে আরও সম্প্রসারণ করা যায়, তা নিয়ে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন।
বর্তমান সংসদের কার্যক্রমের কথা উল্লেখ করে কায়সার কামাল বলেন, বর্তমান সংসদ বিগত যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কার্যকর। অনেক ত্যাগ ও সংগ্রামের পর আজকের এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। এখানে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করার একটি চমৎকার পরিবেশ বিদ্যমান। এখনই সংসদকে সত্যিকার অর্থে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার উপযুক্ত সময়।
তিনি আরও বলেন, দিনশেষে দেশটি সবার। সবাইকে মিলেই দেশ গড়ে তুলতে হবে। এই সময় সুশীল সমাজের প্রতিনিধি ও উন্নয়ন অংশীদারসহ সংশ্লিষ্ট সবাইকে দেশ পুনর্গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সেমিনারে সংসদ সদস্য মো. সাইফুল আলম, ফাহিমা নাসরিন ও মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতিসহ বিশিষ্ট ফেলো, সংবিধান বিশেষজ্ঞ, নরওয়েজিয়ান দূতাবাসের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রবিজ্ঞানীরা অংশগ্রহণ করেন এবং মতামত তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের ডাকাতি ও ছিনতাইয়ের ফলে মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য আর্থিক সেবা ব্যাহত হচ্ছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই অভিযোগ উত্থাপন করেন।
রাশেদ খান উল্লেখ করেন, গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হাতে দুর্বৃত্তায়ন, অগ্নিসংযোগ ও ডাকাতির কারণে পুলিশি ও আইনি সহায়তা, মোবাইল ব্যাংকিং সেবা, সাধারণ ব্যাংকিং সেবা, চিকিৎসা সেবা এবং নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে দায়িত্বরত কর্মকর্তাগণ ও ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং এজেন্টরা দোকান খোলা রাখলে আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে এসে টাকা-পয়সা লুট করে নিয়ে যাচ্ছে। ব্যাংকের শাখাগুলোর অবস্থাও একই। এই পরিস্থিতির কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো সেবা প্রদান করতে পারছে না। দোকানপাট খোলা রাখলে মালামাল নিয়ে যাচ্ছে, কিন্তু টাকা দিচ্ছে না। থানা ও হাসপাতাল পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জের সাধারণ জনগণ যদি আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত না করে এবং তাদের রাষ্ট্রীয় শৃঙ্খলার মধ্যে আবদ্ধ না করে, তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়া কঠিন। সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত, কিন্তু সেখানকার জনগণকেও এগিয়ে আসতে হবে। অন্যথায় রাষ্ট্রের টাকা ব্যয় করে সবকিছু সংস্কার করতে গেলে দেখা যাবে, তারা আবারও পুড়িয়ে দিচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এআর হাফিজ উল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতের এজেন্ট বলে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিলের পূর্ববর্তী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
জামায়াত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে, যা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও কর্মকাণ্ডের প্রতিবাদে অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
এআর হাফিজ উল্লাহ বলেন, "যদি জুলাই সনদ বাস্তবায়ন করা হয়, তাহলে এ দেশে জাতীয় ঐক্য সম্ভব, অন্যথায় সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠা হবে না। আপনার দলে ভারতীয় এজেন্টরা লুকিয়ে আছে। তাদের চিহ্নিত করতে হবে। প্রশাসনের মাঝে ভারতীয় এজেন্টরা রয়েছে। তাদেরও চিহ্নিত করতে হবে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। এ স্বরাষ্ট্রমন্ত্রী থাকার অধিকার রাখেন না। তাকে পদত্যাগ করতে হবে। এ স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের এজেন্ট। শিলংয়ে বসে বসে সেখানে ৭ বছর ধরে র' এর ট্রেনিং নিয়েছে। এ দেশে স্বরাষ্ট্র মন্ত্রী তাকে দিয়ে হবে না। আমরা চাই সরকার এ বিষয়গুলো ভালোভাবে দেখুক।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগ এ দেশে গুম-খুন-সন্ত্রাসের নায়ক। এ দেশে আওয়ামী লীগের রাজনীতি চলতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে ফাঁসিতে ঝুলে আসতে হবে।"
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, জেলা আমির এআর হাফিজ উল্লাহ্, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নুরনবী, মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, জেলা সেক্রেটারী অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আবদুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ্ পাটওয়ারী, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, সদর উপজেলা জামায়াতের আমির ফয়েজ আহমেদ, চন্দ্রগঞ্জ উপজেলা আমির এডভোকেট রেজাউল ইসলাম সুমন খান, রামগঞ্জ উপজেলা আমির নাজমুল হাসান পাটোয়ারী প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২২তম জেলাপ্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে
মতলব উত্তর উপজেলাকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে চাঁদপুর সদর উপজেলা। এই বিজয়ের মাধ্যমে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ফরিদগঞ্জের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায় চাঁদপুর সদর। ফাইনাল ম্যাচটি আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার সেমিফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করতে থাকে চাঁদপুর সদর উপজেলা। প্রথমার্ধে ২০ নম্বর জার্সি পরিহিত ফরওয়ার্ড শাওন দলের জন্য দারুণভাবে এগিয়ে যান। পৃথক দুটি আক্রমণে পরপর দুটি গোল করে তিনি প্রথমার্ধেই দলকে ২-০ গোলের শক্তিশালী অবস্থানে নিয়ে যান।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মতলব উত্তর উপজেলা। একের পর এক আক্রমণ সাজিয়ে তারা চাপ সৃষ্টি করতে থাকে। খেলার শেষ দিকে একটি চমৎকার আক্রমণ থেকে দৃষ্টিনন্দন গোল করে ব্যবধান কমান আলামিন। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চাঁদপুর সদর।
রুদ্ধশ্বাস এই সেমিফাইনাল উপভোগ করতে চাঁদপুর স্টেডিয়ামে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। পুরো ম্যাচজুড়ে গ্যালারিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এদিন মাঠে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলাপ্রশাসক সার্বিক একরামুল ছিদ্দিক, চাঁদপুর সদর ইউএনও এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, বীর মুক্তিযোদ্ধা ড. কাজি হাশেম, সানাউল্লাহ খান সহ আরও অনেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ