প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল যোগ্য, মেধাবী ও পেশাদার ব্যক্তিদের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, যারা সত্যিকার অর্থে যোগ্য এবং দক্ষ, তারা দুঃখজনকভাবে রাজনীতিতে আসতে আগ্রহী নন। দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে তাদের সংসদে আসা প্রয়োজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশানের ‘দি সিক্স সিজনস’ হোটেলে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ঢাকার রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের সহযোগিতায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ‘হাউ ক্যান দ্য ন্যাশনাল পার্লামেন্ট বি মেড মোর এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।
ডেপুটি স্পিকার বলেন, দেশের যোগ্য নাগরিক, তরুণ প্রজন্ম, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী ও সচেতন ব্যক্তিদের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে এসে নিজেদের যোগ্যতা, মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ গঠন এবং রাষ্ট্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস তুলে ধরে কায়সার কামাল বলেন, দেশে গণতন্ত্র বারবার হত্যা করা হয়েছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হয়েছে। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেছিলেন এবং একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি আরও বলেন, ২০০৮ সালের পর বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ক্রমাগত ক্ষুণ্ন হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। নির্বাচন কমিশনকে ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে ব্যবহার করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে প্রহসনমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়কে আরও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য বিদ্যমান সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, সংবিধানের ৭৬(৩), ৭৭ ও ৭৯ অনুচ্ছেদে জাতীয় সংসদ ও সংসদীয় কার্যক্রমের কার্যকর পরিচালনা, সংসদীয় কমিটির ক্ষমতা এবং সংসদ সচিবালয়ের স্বাতন্ত্র্য ও স্বাধীনতার বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। এসব বিধানের যথাযথ বাস্তবায়ন এবং সংসদ ও সংসদ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা ও কার্যকারিতা বাড়ানোর প্রয়োজন।
সংবিধানের ৭০ অনুচেদ সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ অনুচেদ নিয়ে নতুন করে ভাবা এবং সংশোধনের বিষয়ে আলোচনা করা প্রয়োজন। সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ, ভিন্নমত তুলে ধরা এবং জনগণের স্বার্থে কার্যকরভাবে সংসদীয় দায়িত্ব পালনের সুযোগ কীভাবে আরও সম্প্রসারণ করা যায়, তা নিয়ে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন।
বর্তমান সংসদের কার্যক্রমের কথা উল্লেখ করে কায়সার কামাল বলেন, বর্তমান সংসদ বিগত যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কার্যকর। অনেক ত্যাগ ও সংগ্রামের পর আজকের এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। এখানে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করার একটি চমৎকার পরিবেশ বিদ্যমান। এখনই সংসদকে সত্যিকার অর্থে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার উপযুক্ত সময়।
তিনি আরও বলেন, দিনশেষে দেশটি সবার। সবাইকে মিলেই দেশ গড়ে তুলতে হবে। এই সময় সুশীল সমাজের প্রতিনিধি ও উন্নয়ন অংশীদারসহ সংশ্লিষ্ট সবাইকে দেশ পুনর্গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সেমিনারে সংসদ সদস্য মো. সাইফুল আলম, ফাহিমা নাসরিন ও মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতিসহ বিশিষ্ট ফেলো, সংবিধান বিশেষজ্ঞ, নরওয়েজিয়ান দূতাবাসের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রবিজ্ঞানীরা অংশগ্রহণ করেন এবং মতামত তুলে ধরেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন