ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ন্যান্সি: আমাদের ডিভোর্স হয়নি


ন্যান্সি: আমাদের ডিভোর্স হয়নি

আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানান যে, গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে তিনি আলাদা হচ্ছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘মেহেদী এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তা আজ শেষ হলো।’

এই পোস্টটি প্রকাশিত হওয়ার পর শোবিজ অঙ্গনে গুঞ্জন শুরু হয় যে, ন্যান্সি বিচ্ছেদের পথে হাঁটছেন। এর কিছুক্ষণ পর দেখা যায়, ফেসবুক থেকে পোস্টটি মুছে ফেলা হয়েছে এবং পরে ন্যান্সির ব্যক্তিগত অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। যখন এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল, তখন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এক বেসরকারি গণমাধ্যমের কাছে ন্যান্সি বিষয়টি খোলাসা করেন। তিনি জানান, তাদের ডিভোর্স বা বিচ্ছেদ ঘটেনি।

আরও পড়ুন: শ্রীদেবীর মেকআপ রুমে মিঠুনের অপেক্ষা, পরিচালক লরেন্সের স্মৃতিচারণ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী পোস্টটি সরিয়ে নেওয়া ও অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার বিষয়ে বলেন, ‘ফেসবুকের পোস্ট সরিয়ে নিয়েছি, এটা সত্য এবং অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেছি। কিন্তু কেন করেছি, তার অবশ্যই কারণ রয়েছে।’

তিনি আরও বলেন, আমি ফেসবুক পোস্টে ‘আমাদের আলাদা’ হওয়ার কথা বলেছি। সেটা যে কারণে হোক, আমি লিখেছি। কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে, তা বুঝতে পারিনি। আমারও ভুল হতে পারে, হয়তো বিষয়টি সেভাবে বোঝাতে পারিনি। এ কারণে পোস্টটি সরিয়ে নিয়েছি, যাতে এ নিয়ে আর বিভ্রান্তি না ছড়ায়।

অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার বিষয়ে ন্যান্সি জানান, বিভ্রান্তি কমাতে পোস্ট মুছে ফেলার পরও তিনি দেখেন, কিছু মানুষ বিষয়টি নিয়ে নানা ধরনের নেতিবাচক কথা বলছেন। তাই বাধ্য হয়ে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন এই গায়িকা।

বিচ্ছেদের গুঞ্জন নাকচ করে ন্যান্সি বলেন, ‘আমি আলাদা হওয়ার কথা উল্লেখ করেছি। আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়। বিষয়টি কিছু সংবাদমাধ্যম এমনভাবে উপস্থাপন করেছে, যেন বেশ আগে ডিভোর্স হয়ে গেছে আমাদের। আমি আপাতত তার (মহসিন মেহেদী) থেকে আলাদা থাকছি। মানুষ তো মান-অভিমান করেও আলাদা থাকে। আমাদের মধ্যকার বিষয়টি ঠিক এতটুকুই।’

আরও পড়ুন: ব্র্যাড-অ্যাঞ্জেলিনা দীর্ঘ আইনি লড়াইয়ের ইতি টানলেন

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টের শেষ দিকে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দর্শনায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদনের জন্য ৩ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


দর্শনায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদনের জন্য ৩ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা, ২৬ নভেম্বর, ২০২৬ : দর্শনা শহরে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন করার জন্য ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর এলাকার বিভিন্ন দোকানে অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় নিত্য প্রয়োজনীয় পণ্য, গ্যাস, খাবার হোটেল, ওষুধ ও খাদ্য পণ্যের বাজার তদারকি করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দর্শনা পৌর এলাকার বিভিন্ন বাজারে বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অভিযান চলছিল।

অভিযানের সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মো. শাহিন রেজা-এর প্রতিষ্ঠান মেসার্স রিয়াদ হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মো. সুমন ছাদেক-এর প্রতিষ্ঠান মেসার্স হ্যাপি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে মো. আজহারুল করিম-এর ফার্মেসি মেসার্স মীম মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় মূল্য তালিকা হালনাগাদ করার নির্দেশনা প্রদান করা হয় এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রির নির্দেশ দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

এতে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও আনসার ব্যাটিলিয়ন সদস্যদের একটি টিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ৭ হাজার কিশোরীকে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়ার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


সিলেটে ৭ হাজার কিশোরীকে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়ার উদ্যোগ

জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধের লক্ষ্যে সিলেট সিটি করপোরেশন এলাকার ১০ বছর বয়সী ৭ হাজার কিশোরীকে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই টিকা দেওয়া হবে, যা সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এক ডোজে প্রদান করা হবে।

বৃহস্পতিবার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় এ তথ্য প্রকাশ করা হয়। স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সিলেট সিটি করপোরেশন এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় জানানো হয় যে, দেশে প্রতিবছর প্রায় ৯ হাজার নারী জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হন এবং এর মধ্যে প্রায় ৫ হাজার নারী মৃত্যুবরণ করেন। এই রোগের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সরকার কিশোরীদের মধ্যে এইচপিভি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে।

সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ (কিনোট পেপার) উপস্থাপন করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী উল্লেখ করেন, স্বাস্থ্যের বিভিন্ন সূচকে সিলেট অঞ্চল পিছিয়ে রয়েছে। মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, পুষ্টিহীনতা এবং দারিদ্র্যসহ অন্যান্য ক্ষেত্রে এ অঞ্চলের অবস্থান উদ্বেগজনক। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিলেটের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে। এ জন্য প্রয়োজনে শিশু ও স্ত্রীরোগ (গাইনি) বিশেষজ্ঞদের কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। উপাচার্য সিলেট নগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এইচপিভি টিকা গ্রহণে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. আখলাক আহমদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী এবং সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর। অনুষ্ঠানে সিলেট স্বাস্থ্য বিভাগ ও ইউনিসেফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, পাশাপাশি শিশু ও স্ত্রীরোগ বিশেষজ্ঞরাও সেখানে ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিস্ফোরক মামলায় মোহনা টিভির সাবেক সিইও তছলিম চৌধুরী কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


বিস্ফোরক মামলায় মোহনা টিভির সাবেক সিইও তছলিম চৌধুরী কারাগারে

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : পল্লবী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশ আজ তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার সূত্র থেকে জানা যায়, গত ১ নভেম্বর বেলা সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ মেট্রোস্টেশনের নিচে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উসকানি ও নির্দেশনায় আড়াই থেকে তিন হাজার দুষ্কৃতকারী লাঠিসোঁটা, কাঠের রোল, লোহার রড, পাইপ, ককটেল ও পেট্রোলের বোতলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

ত্রাস ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে এবং জনমনে ভীতি সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় পুলিশের সরকারি পিকআপে আগুন ধরিয়ে ক্ষতিসাধন করে এবং ইটপাটকেল মেরে এসি (পল্লবী জোন) ও তার সঙ্গীয় ফোর্সদের জখম করে।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায় এবং আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধির পৃথক ধারায় পল্লবী থানায় মামলাটি দায়ের করে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ে শিক্ষার্থীদের পুলিশে ধরিয়ে দেওয়া জবির সাবেক প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন পেলেন পদোন্নতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


জুলাইয়ে শিক্ষার্থীদের পুলিশে ধরিয়ে দেওয়া জবির সাবেক প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন পেলেন পদোন্নতি

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশের হাতে তুলে দিতে সহযোগিতার অভিযোগে সমালোচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সম্প্রতি পদোন্নতি লাভ করেছেন।

শিক্ষার্থীদের গ্রেপ্তারে সহযোগিতা ও আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগের কারণে সে সময় ক্যাম্পাসে ব্যাপক ক্ষোভ ও বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে এসব অভিযোগের তদন্ত কিংবা জবাবদিহি নিশ্চিত না করেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে উচ্চতর স্কেলের গ্রেড-২ পদে পদোন্নতি দিয়েছে।

পদোন্নতির পর উপাচার্যের কাছ থেকে ফুলেল শুভেচ্ছাও তিনি গ্রহণ করেছেন। এ ঘটনায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

গত বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ১১৩তম সিন্ডিকেট সভায় উচ্চতর স্কেলের গ্রেড-১ ও গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপকদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।

এ সভায় দুইজন অধ্যাপক গ্রেড-১ এবং ১৪ জন অধ্যাপক গ্রেড-২ পদে পদোন্নতি লাভ করেন। তাদের মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনও রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করছিলেন। ওই সময় আন্দোলনে অংশ নেওয়া ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবীকে ১৯ জুলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) মাধ্যমে গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ তার বিরুদ্ধে ওঠে।

এছাড়া ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল নিয়ে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে।

জুলাই আন্দোলনে তার ভূমিকা নিয়ে ক্যাম্পাসে অসন্তোষ তৈরি হয়েছিল। বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা একজন প্রক্টরের বিরুদ্ধে শিক্ষার্থী গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ ওঠায় বিষয়টি ব্যাপক বিতর্কের জন্ম দেয়। অভিযোগগুলোর তদন্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত না করে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি প্রশ্ন তুলছে শিক্ষার্থীরা।

জুলাই আন্দোলনের সময় সাবেক প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ তোলা সমন্বয়ক ও জকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নূর নবী বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্ব পালনের সুবাদে তৎকালীন প্রক্টর জাহাঙ্গীরের প্রত্যক্ষ মদদ ও নেতৃত্বে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত হামলা এবং তাদের পুলিশের গুলির মুখে ঠেলে দেওয়ার ঘটনা কাছ থেকে দেখেছি।"

তিনি আরও বলেন, "২০২৪ সালের ১৯ জুলাই লক্ষ্মীবাজার ও আশপাশের এলাকায় নির্বিচার গুলিতে ১৭ জন শহীদ হন। আন্দোলনের নেতৃস্থানীয় হিসেবে আমাকেও গুম করানো হয়েছিল। অথচ এসব অভিযোগের পরও বর্তমান উপাচার্য সাবেক ওই প্রক্টরকে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করেছেন।"

উপাচার্যের সমালোচনা করে নূর নবী বলেন, "এ ঘটনাকে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছি। প্রকাশ্যে সন্ত্রাসবিরোধী অবস্থান দেখালেও পর্দার আড়ালে নিপীড়কদের পুনর্বাসনের মাধ্যমে বর্তমান উপাচার্যের দ্বিচারিতা ও ভণ্ডামি প্রকাশ পেয়েছে। এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, "জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর গুলি ও গ্রেপ্তারের ঘটনায় প্রক্টর জাহাঙ্গীরের ভূমিকা আমরা ভুলিনি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পদোন্নতি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান স্পষ্ট করেছে। প্রশাসন তার সঙ্গে সমঝোতা করলেও আমরা তাকে ছাড় দেব না। আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।"

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল আরটিভিকে বলেন, "আমরা আজ অনানুষ্ঠানিকভাবে উপাচার্য স্যারকে জানিয়েছি, জুলাইয়ে যাঁদের হাতে রক্ত লেগে আছে, তাদের এ ধরনের পদোন্নতি আমরা মেনে নেব না। উপাচার্য স্যার আমাদের জানিয়েছেন, এটি একটি একাডেমিক নিয়ম। কিন্তু আমরা বলেছি, একাডেমিক নিয়মের বেড়াজালে আওয়ামী লীগের দোসরদের স্থান দেওয়া চলবে না। আমরা উপাচার্যের কাছে বিষয়টি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছি।"

"এ ছাড়া যেহেতু এটি একাডেমিক ও ইউজিসির প্রচলিত নিয়মের বিষয়, তাই ছাত্রদলের পক্ষ থেকে ইউজিসির কাছেও চিঠি দেওয়া হবে। স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে যেন একাডেমিকভাবেই ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবি জানাব।"

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম আরটিভিকে বলেন, "সাবেক প্রক্টর জাহাঙ্গীর সরাসরি জুলাই বিপ্লবের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের স্বার্থে পুলিশের হাতে সোপর্দ করেছেন। তার মতো একজন চিহ্নিত স্বৈরাচারকে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন যেভাবে সংবর্ধনা দিয়েছেন, তাতে আমরা মনে করি, তিনি জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের সঙ্গে তামাশা করেছেন।"

"উপরে উপরে স্বৈরাচারবিরোধী র‍্যালি ও সমাবেশ করছেন, অন্যদিকে এমন ব্যক্তিদের ডেকে এনে পদোন্নতি দিচ্ছেন। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম দ্বিচারিতা এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল। সমাজে ভালো সাজতে তিনি অভিনব কৌশল অবলম্বন করছেন।"

তিনি আরও বলেন, "আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন দৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডেরও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এই পদোন্নতি বাতিল করতে হবে এবং কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহি করতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে এই প্রতারণার জবাব উপাচার্যকে দিতে হবে।"

শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই আন্দোলনের সময় যাদের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে, তাদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। অভিযোগগুলোর নিষ্পত্তি না করে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তাদের দাবি, পদোন্নতির বিষয়টি পুনর্বিবেচনার পাশাপাশি ওই সময়ের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের যথাযথ তদন্ত করতে হবে।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীনের সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%