বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪১ পি.এম
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : পল্লবী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
পুলিশ আজ তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সূত্র থেকে জানা যায়, গত ১ নভেম্বর বেলা সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ মেট্রোস্টেশনের নিচে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উসকানি ও নির্দেশনায় আড়াই থেকে তিন হাজার দুষ্কৃতকারী লাঠিসোঁটা, কাঠের রোল, লোহার রড, পাইপ, ককটেল ও পেট্রোলের বোতলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
ত্রাস ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে এবং জনমনে ভীতি সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় পুলিশের সরকারি পিকআপে আগুন ধরিয়ে ক্ষতিসাধন করে এবং ইটপাটকেল মেরে এসি (পল্লবী জোন) ও তার সঙ্গীয় ফোর্সদের জখম করে।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায় এবং আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধির পৃথক ধারায় পল্লবী থানায় মামলাটি দায়ের করে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশের হাতে তুলে দিতে সহযোগিতার অভিযোগে সমালোচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সম্প্রতি পদোন্নতি লাভ করেছেন।
শিক্ষার্থীদের গ্রেপ্তারে সহযোগিতা ও আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগের কারণে সে সময় ক্যাম্পাসে ব্যাপক ক্ষোভ ও বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে এসব অভিযোগের তদন্ত কিংবা জবাবদিহি নিশ্চিত না করেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে উচ্চতর স্কেলের গ্রেড-২ পদে পদোন্নতি দিয়েছে।
পদোন্নতির পর উপাচার্যের কাছ থেকে ফুলেল শুভেচ্ছাও তিনি গ্রহণ করেছেন। এ ঘটনায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।
গত বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ১১৩তম সিন্ডিকেট সভায় উচ্চতর স্কেলের গ্রেড-১ ও গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপকদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।
এ সভায় দুইজন অধ্যাপক গ্রেড-১ এবং ১৪ জন অধ্যাপক গ্রেড-২ পদে পদোন্নতি লাভ করেন। তাদের মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনও রয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করছিলেন। ওই সময় আন্দোলনে অংশ নেওয়া ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবীকে ১৯ জুলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) মাধ্যমে গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ তার বিরুদ্ধে ওঠে।
এছাড়া ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল নিয়ে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে।
জুলাই আন্দোলনে তার ভূমিকা নিয়ে ক্যাম্পাসে অসন্তোষ তৈরি হয়েছিল। বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা একজন প্রক্টরের বিরুদ্ধে শিক্ষার্থী গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ ওঠায় বিষয়টি ব্যাপক বিতর্কের জন্ম দেয়। অভিযোগগুলোর তদন্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত না করে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি প্রশ্ন তুলছে শিক্ষার্থীরা।
জুলাই আন্দোলনের সময় সাবেক প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ তোলা সমন্বয়ক ও জকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নূর নবী বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্ব পালনের সুবাদে তৎকালীন প্রক্টর জাহাঙ্গীরের প্রত্যক্ষ মদদ ও নেতৃত্বে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত হামলা এবং তাদের পুলিশের গুলির মুখে ঠেলে দেওয়ার ঘটনা কাছ থেকে দেখেছি।"
তিনি আরও বলেন, "২০২৪ সালের ১৯ জুলাই লক্ষ্মীবাজার ও আশপাশের এলাকায় নির্বিচার গুলিতে ১৭ জন শহীদ হন। আন্দোলনের নেতৃস্থানীয় হিসেবে আমাকেও গুম করানো হয়েছিল। অথচ এসব অভিযোগের পরও বর্তমান উপাচার্য সাবেক ওই প্রক্টরকে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করেছেন।"
উপাচার্যের সমালোচনা করে নূর নবী বলেন, "এ ঘটনাকে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছি। প্রকাশ্যে সন্ত্রাসবিরোধী অবস্থান দেখালেও পর্দার আড়ালে নিপীড়কদের পুনর্বাসনের মাধ্যমে বর্তমান উপাচার্যের দ্বিচারিতা ও ভণ্ডামি প্রকাশ পেয়েছে। এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, "জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর গুলি ও গ্রেপ্তারের ঘটনায় প্রক্টর জাহাঙ্গীরের ভূমিকা আমরা ভুলিনি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পদোন্নতি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান স্পষ্ট করেছে। প্রশাসন তার সঙ্গে সমঝোতা করলেও আমরা তাকে ছাড় দেব না। আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।"
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল আরটিভিকে বলেন, "আমরা আজ অনানুষ্ঠানিকভাবে উপাচার্য স্যারকে জানিয়েছি, জুলাইয়ে যাঁদের হাতে রক্ত লেগে আছে, তাদের এ ধরনের পদোন্নতি আমরা মেনে নেব না। উপাচার্য স্যার আমাদের জানিয়েছেন, এটি একটি একাডেমিক নিয়ম। কিন্তু আমরা বলেছি, একাডেমিক নিয়মের বেড়াজালে আওয়ামী লীগের দোসরদের স্থান দেওয়া চলবে না। আমরা উপাচার্যের কাছে বিষয়টি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছি।"
"এ ছাড়া যেহেতু এটি একাডেমিক ও ইউজিসির প্রচলিত নিয়মের বিষয়, তাই ছাত্রদলের পক্ষ থেকে ইউজিসির কাছেও চিঠি দেওয়া হবে। স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে যেন একাডেমিকভাবেই ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবি জানাব।"
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম আরটিভিকে বলেন, "সাবেক প্রক্টর জাহাঙ্গীর সরাসরি জুলাই বিপ্লবের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের স্বার্থে পুলিশের হাতে সোপর্দ করেছেন। তার মতো একজন চিহ্নিত স্বৈরাচারকে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন যেভাবে সংবর্ধনা দিয়েছেন, তাতে আমরা মনে করি, তিনি জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের সঙ্গে তামাশা করেছেন।"
"উপরে উপরে স্বৈরাচারবিরোধী র্যালি ও সমাবেশ করছেন, অন্যদিকে এমন ব্যক্তিদের ডেকে এনে পদোন্নতি দিচ্ছেন। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম দ্বিচারিতা এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল। সমাজে ভালো সাজতে তিনি অভিনব কৌশল অবলম্বন করছেন।"
তিনি আরও বলেন, "আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন দৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডেরও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এই পদোন্নতি বাতিল করতে হবে এবং কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহি করতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে এই প্রতারণার জবাব উপাচার্যকে দিতে হবে।"
শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই আন্দোলনের সময় যাদের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে, তাদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। অভিযোগগুলোর নিষ্পত্তি না করে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তাদের দাবি, পদোন্নতির বিষয়টি পুনর্বিবেচনার পাশাপাশি ওই সময়ের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের যথাযথ তদন্ত করতে হবে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীনের সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২৬ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭, চট্টগ্রাম কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে, যা দালালচক্র ও অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে ছিল।
এই অভিযানে ২০ জন দালালকে আটক করা হয়। পরে, ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃতদের ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। অনাদায়ে তাদের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
বৃহস্পতিবার, এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।
এসআরবি সূত্র জানায়, দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালচক্র ও অসাধু সিন্ডিকেটের কার্যক্রম বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়েছে।
অভিযানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মূলত গ্রামাঞ্চল থেকে আসা দরিদ্র, অসহায় এবং সরকারি চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অজ্ঞ রোগী ও তাদের স্বজনদের টার্গেট করত।
সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার সীমাবদ্ধতা তুলে ধরে তাদের মধ্যে ভীতি সৃষ্টি করা হতো। পরে, বিভিন্ন ধরনের সেবা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কৌশলে অর্থ হাতিয়ে নেওয়া হত।
এসআরবি জানায়, অসুস্থ মানুষ সাধারণত সুস্থ হওয়ার আশায় সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে কিংবা বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসেন। সরকারও সাধারণ মানুষের জন্য সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসাসেবার ব্যবস্থা রেখেছে।
কিন্তু হাসপাতালকেন্দ্রিক দালালচক্র ও অসাধু সিন্ডিকেটের কারণে অনেক রোগী সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি, প্রতারণার শিকার হয়ে তারা আর্থিক ক্ষতির মুখেও পড়ছেন।
এ পরিস্থিতিতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে দালালমুক্ত করতে সাধারণ মানুষের সচেতনতা ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসআরবি আরও জানিয়েছে, সরকারি হাসপাতালগুলোতে দালালচক্র ও অসাধু সিন্ডিকেটের অপতৎপরতা বন্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ কোরিয়ার এক টেলিভিশন উপস্থাপিকা সরাসরি সম্প্রচারের সময় শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের খবর পড়ার সময় আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন। তিনি অনুষ্ঠান চালিয়ে যেতে গিয়ে বেশ কয়েকবার থামতে বাধ্য হন। বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, “আশা হারাবেন না।”
বুধবারের (২৫ নভেম্বর) সম্প্রচারে শেয়ারবাজারের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করার সময় তার আবেগ প্রকাশ পায়।
সিউল ইকোনমিক টিভির ‘কিম আহ-হিউনস গোল্ডেন স্টক’ অনুষ্ঠানের উপস্থাপিকা কিম আহ-হিউন শেয়ারবাজারে বড় ধরনের লোকসান এবং যুক্তরাষ্ট্রের নাসডাক সূচকে আরও দরপতনের আশঙ্কা নিয়ে কথা বলার সময় তার কণ্ঠ ভারি হয়ে আসে।
একপর্যায়ে কথা বলতে গিয়ে তিনি থেমে যান। চোখ বন্ধ করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন এবং পরে আবার অনুষ্ঠান চালিয়ে যান। সম্প্রচারের ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের দর্শকদের মধ্যে তা নিয়ে আলোচনা শুরু হয়।
অনুষ্ঠানে কিম দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারবাজার সূচক কোস্পির (কেওএসপিআই) বড় দরপতন এবং স্যামসাং ইলেকট্রনিকসসহ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের লোকসানের বিষয়টি তুলে ধরেন। তিনি বিনিয়োগকারীদের কঠিন সময়ের মুখোমুখি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।
বাজার পরিস্থিতি হতাশাজনক হলেও তিনি বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ধৈর্য ধরার এবং অস্থিরতার মধ্যে আশা না হারানোর আহ্বান জানান।
তার আবেগপ্রবণ হয়ে পড়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ব্যক্তিগত বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ নিয়ে আলোচনা শুরু করেন। তবে কিম নিজে আলোচিত শেয়ার বা আর্থিক পণ্যে বিনিয়োগ করেছিলেন কিনা বা ঠিক কী কারণে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬ : ডান হাঁটুতে অস্ত্রোপচারের কারণে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় বিশ্ব র্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারবেন না।
ইতালির এই টেনিস তারকা ২০২৪ এবং ২০২৫ সালে মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। চলতি সপ্তাহে তিনি জানিয়েছেন, ফিনল্যান্ডের একটি ক্লিনিকে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
জুলাইয়ে দ্বিতীয়বারের মতো উইম্বলডন জয়ের পর থেকে সিনার আর কোনো ম্যাচ খেলেননি। ফলে মেলবোর্ন পার্কে তাঁর অংশগ্রহণ নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা ছিল।
টেনিস অস্ট্রেলিয়ার প্রধান অ্যান্ড্রু অ্যাবডো এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানান, “আমরা নিয়মিত ইয়ানিকের দলের সঙ্গে যোগাযোগ রেখেছি। তারা নিশ্চিত করেছে, সাম্প্রতিক অস্ত্রোপচারের পর আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে সে অংশ নিতে পারবে না।”
তিনি আরও বলেন, “ইয়ানিক মেলবোর্নে খেলতে ভালোবাসে এবং ২০২৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে ফিরতে মুখিয়ে আছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি। শিগগিরই তাকে আবার কোর্টে দেখতে চাই।”
বিশেষজ্ঞদের ধারণা, সিনারকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।
এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারি-মার্চে ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি মাস্টার্স দিয়ে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের হার্ডকোর্ট মৌসুমে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে।
২৫ বছর বয়সী সিনার হাঁটুর সমস্যায় ছিটকে যাবার আগে দুর্দান্ত একটি মৌসুম কাটাচ্ছিলেন। উইম্বলডন জয়ের পাশাপাশি তিনি মাস্টার্স ১০০০ পর্যায়ের পাঁচটি শিরোপাও জিতেছিলেন।
২০২৬ সালে সিনারের জয়ের হার ছিল ৯৪ শতাংশ, যা তাঁর ক্যারিয়ারের সেরা।
তাঁর অনুপস্থিতিতে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে পৌঁছেছেন আলেক্সান্ডার জভেরেভ।
মঙ্গলবার অস্ত্রোপচারের কথা জানিয়ে পাঁচ গ্র্যান্ড স্ল্যামজয়ী সিনার বলেন, “গত কয়েক মাস ধরে আমার দলের সঙ্গে মিলে অস্ত্রোপচার ছাড়াই চোটের চিকিৎসার সব ধরনের চেষ্টা করেছি।”
“শুরুর দিকে বেশ আশাব্যঞ্জক উন্নতি হলেও দুর্ভাগ্যজনকভাবে আমার হাঁটু আমাদের প্রত্যাশা অনুযায়ী সাড়া দেয়নি। এ কারণেই আজ ইলিওটিবিয়াল ব্যান্ডের অবস্থা উন্নত করতে ছোট একটি অস্ত্রোপচার করিয়েছি।”
স্পেনের তারকা কার্লোস আলকারাজ সিনারকে শুভকামনা জানিয়েছেন।
নিজেও চোটের সমস্যায় ভোগা বিশ্ব র্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “টেনিস তাকে মিস করছে। আমিও তাকে মিস করছি।”
২০২৪ সালে মেলবোর্ন পার্কে পাঁচ সেটের লড়াইয়ে ডানিল মেদভেদেভকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন সিনার। পরের বছর ফাইনালে জভেরেভকে হারিয়ে শিরোপা ধরে রাখেন তিনি।
চলতি বছর সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরে যান সিনার। পরে ফাইনালে জকোভিচকে হারিয়ে শিরোপা জেতেন আলকারাজ।
আগামী ১৭ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ