বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫৩ পি.এম
পাবনার সাঁথিয়া উপজেলার সকল দপ্তরের প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন কর্মপরিকল্পনার বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) সাইয়েদ আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজীব আল মারুফ, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল বাতেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যান্য সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এদিন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) সাইয়েদ আব্দুল্লাহ এর উপস্থিতিতে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে র্যালি এবং উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা ও প্রশাসন ও কৃষি কার্যালয়ের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মাহবুব মোর্শেদ জ্যোতি, সাবেক যুগ্ম আহবায়ক মীর নাজমুল বারী নাহিদ, কৃষক ও খামারীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের আলালপুর হাজি শেখ আলম উচ্চবিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত মাটির ভবনটি উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এ নিলাম ডাক অনুষ্ঠিত হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে এক লাখ ৬২ হাজার টাকায় বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি ক্রয় করেন দেলুয়াবাড়ি বাজার এলাকার লাল মিয়া। উক্ত উন্মুক্ত নিলামে ৯ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন সরদার এবং প্রধান শিক্ষক আবু সাঈদ। এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ মাটির ভবনটি অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিকে বিধি মোতাবেক ঘরটি অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় উন্মুক্ত নিলামের মাধ্যমে ভবনটি বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা দর হাঁকিয়ে ভবনটি ক্রয় করেন লাল মিয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভের আয়োজন করা হয় বুধবার, ২৬ নভেম্বর বিকালে।
বিক্ষোভ মিছিলটি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদের নেতৃত্বে আড়ানী পৌর বাজারের তালতলা থেকে শুরু হয়ে একই স্থানে এসে পথসভায় পরিণত হয়। সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, বিএনপি নেতা শিক্ষক জাহিদ হোসেন, মহিদুল ইসলাম জুয়েল, রাসেদুল হক, আসাদুজ্জামান রাজা, জয়নাল আবেদিন, রকি হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
এছাড়া, আড়ানী পৌর ও ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরাও এই বিক্ষোভে সক্রিয়ভাবে অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬ : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনটি অর্জনের মাধ্যমে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
নতুন ন্যূনতম মজুরি ঘোষণা, মালয়েশিয়ার শ্রমবাজারের পুনরায় চালু হওয়া এবং জাতীয় পর্যায়ে সফল খামারির স্বীকৃতি পাওয়ার মাধ্যমে দিনটি আরিফুল হক চৌধুরীর কর্মজীবনে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বাসসকে জানান, "আজকের দিনটি আমার ব্যক্তিগত ও কর্মজীবনের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। তবে এই আনন্দ আমার একার নয়, এটি দেশের খেটে খাওয়া মেহনতি মানুষ এবং আমাদের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদেরও।"
তিনি আরও জানান, দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য তৈরি পোশাকশ্রমিক ও প্রবাসীরা অন্যতম প্রধান শক্তি। একই দিনে দেশে ও বিদেশে কর্মরত শ্রমজীবী মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারা তাঁর জন্য পরম প্রাপ্তি।
দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়নে নিম্নতম মজুরি বোর্ডের সুপারিশ অনুযায়ী নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছে। এতে প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা থেকে চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা পর্যন্ত নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে। এই মজুরি বৃদ্ধির হার বছরওয়ারি আনুপাতিক বৃদ্ধির হিসাবে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।
রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সভাকক্ষে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী নতুন মজুরি কাঠামোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
অন্যদিকে, প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর আজ পুনরায় উন্মুক্ত হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে প্রথম ধাপে ১১২ জন কর্মী বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের আনুষ্ঠানিক বিদায় জানান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, "আমাদের নির্বাচনী ও সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর মহাপরিকল্পনা হাতে নিয়েছিলাম। বোয়েসেলের মাধ্যমে আজ ১১২ জন কর্মীর যাত্রার মধ্য দিয়ে সেটির আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হলো। অভিবাসন ব্যয় শূন্যের কোঠায় নামিয়ে আনার এই যাত্রা আমাদের জন্য বড় একটি মাইলফলক।"
একই দিনে দুই মন্ত্রণালয়ের এই অর্জন আগামী দিনের কর্মকাণ্ডে কতটা উৎসাহ জোগাবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আজকের এই অর্জন আমাদের দায়িত্ববোধকে আরও বহুগুণ বাড়িয়ে দিল এবং সামনের দিনগুলোতে কাজ করার ক্ষেত্রে এক বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।"
আরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর সফল সূচনা ভবিষ্যতে অন্যান্য শ্রমবাজারেও স্বচ্ছতা ও কম খরচে কর্মী পাঠাতে সাহস জোগাবে।
পাশাপাশি পোশাকশ্রমিকদের সম্মানজনক মজুরি নিশ্চিতের মাধ্যমে মালিক ও শ্রমিকদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, তা উৎপাদনশীলতা বৃদ্ধি ও শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখবে।
এদিকে, দুই মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জনের দিনেই সফল খামারি হিসেবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন আরিফুল হক চৌধুরী। সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের লাখাউরায় তাঁর প্রতিষ্ঠিত ‘আফসা হক ডেইরি ফার্ম’-এর মাধ্যমে এ অর্জন এসেছে।
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সেরা খামারির সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও নগদ অর্থের চেক গ্রহণ করেন তিনি।
আগামী দিনের কর্মপরিকল্পনা প্রসঙ্গে আরিফুল হক বলেন, "এই সফলতা আমাদের প্রমাণ করে দিয়েছে যে, সদিচ্ছা এবং সঠিক পরিকল্পনা থাকলে যেকোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব। সামনের দিনগুলোতে এই গতি অব্যাহত রেখে শ্রমজীবী ও প্রবাসী কল্যাণে আরও যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটি আমাদের পাথেয় হয়ে থাকবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৬
নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক এর নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদ থেকে প্রাণী সম্পদ দপ্তর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
র্যালির পর উপজেলা পরিষদ সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও কাজি তাহমিনা সারমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি সফল খামারিদের তাদের কর্মের সফলতায় ধন্যবাদ জানান এবং অসফল খামারিদের সরকারি সুযোগ-সুবিধা সহ পরামর্শ ও প্রাপ্য সকল সুবিধা প্রদানের জন্য প্রাণী সম্পদ কর্মকর্তাকে নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শামীম আখতার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা খাদ্য কর্মকর্তা মামুমুর রশীদ, রাজশাহী কৃষি ব্যাংকের ম্যানেজার আবুল কালাম আজাদ সহ স্থানীয় গরু, ছাগল, হাঁস, মুলতুবি ইত্যাদি খামার মালিকগণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ