মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:৫৬ পি.এম
রাঙ্গামাটির সাজেকে নিজের বাবা শান্তি লাল চাকমাকে হত্যার অপরাধে ছেলে সোহেল চাকমা এবং নিহতের ভাইয়ের ছেলে আলোময় চাকমাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এই রায় ঘোষণা করেন।
মামলার এজাহার এবং আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট রাতে সাজেক থানার উত্তর ভাইবোনছড়া এলাকার নিজ বাড়ি থেকে শান্তি লাল চাকমাকে ডেকে বাইরে নিয়ে যায় আসামিরা। এরপর গামছা দিয়ে শ্বাসরোধ করে এবং ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ গঙ্গারাম নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনার ৯ দিন পর কাচালং নদী থেকে শান্তি লাল চাকমার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং উপস্থাপিত নথিপত্র পর্যালোচনা শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করে।
রায়ে উল্লেখ করা হয়েছে, আসামি আলোময় চাকমা বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার অথবা আদালতে আত্মসমর্পণের পর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার প্রক্রিয়া গ্রহণ করা হবে।
অন্যদিকে, কারাগারে আটক আসামি সোহেল চাকমাকে সাজা পরোয়ানাসহ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা ঝাড়ু মিছিল করেছে, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরে এই মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি শুরু হয় শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ের শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহিলা দলের নেত্রীরা মুফতি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।
মহিলা দলের নেতা-কর্মীরা জানান, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঝাড়ু মিছিলে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবের জেদ্দা, মক্কা এবং তায়েফে সম্ভাব্য বিপদের কারণে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই সতর্কতা প্রকাশ করে সৌদি সিভিল ডিফেন্স সকলকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। তবে, কোন ধরনের বিপদের কারণে এই সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
কর্তৃপক্ষ সাধারণ জনগণকে শান্ত থাকার পরামর্শ দিয়ে অবিলম্বে বাড়ির ভেতরে অথবা জানালার কাছ থেকে দূরে নিরাপদ কোনো ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছে। খোলা জায়গা, জানালা, ব্যালকনি ও ছাদ থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে। বাইরে অবস্থানরত লোকজনকে দ্রুত কোনো দালানে ঢুকে পড়তে অথবা শক্ত কোনো আড়ার আড়ালে আশ্রয় নিতে বলা হয়েছে।
যারা গাড়ি চালাচ্ছিলেন, তাদের সেতু এবং উঁচু ভবন থেকে দূরে গাড়ি থামানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, সকলকে ভিড় এড়িয়ে চলতে এবং কেবল সরকারি নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটায় এই সতর্কতা জারি করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ