০১:১৮ এম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃদ্ধকে রক্ষা করতে গিয়ে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তোফায়েল আহমেদ (২০) নামে এক যুবক নিহত হন।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় কসবা রেলওয়ে স্টেশনে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
নিহত তোফায়েল আহমেদ হলেন কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
এলাকাবাসী এবং রেলওয়ে পুলিশ জানাচ্ছে, প্রতিদিনের মতো আজ বিকেলে দৃষ্টিনন্দন কসবা রেলওয়ে স্টেশনে বিভিন্ন এলাকা থেকে ভ্রমণপিপাসুরা ঘুরতে আসেন। এ সময় তোফায়েল নামের একটি যুবক বন্ধুদের সঙ্গে রেলওয়ে স্টেশনে ঘুরতে হাজির হন। সন্ধ্যা নাগাদ স্টেশনটির এক পাশের এলাকায় এসে যাত্রা বিরতি করে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস। এ সময় চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে নামেন একজন বৃদ্ধ। পরে ওই বৃদ্ধ পাশের রেললাইনের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েন। তখন ওই রেললাইন দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী বিরতিহীন দ্রুতগামী সুবর্ণ এক্সপ্রেস ছুটে আসতে থাকে। সুবর্ণ এক্সপ্রেসের চালকের বাজানো হর্ন ওই বৃদ্ধ শোনেননি। বিষয়টি দ্রুত স্টেশনে ঘুরতে থাকা যুবক তোফায়েলের নজরে পড়ে। সে বৃদ্ধকে বাঁচানোর জন্য লাইনের ওপর গিয়ে বৃদ্ধকে সরিয়ে দেয়। এই সময় দ্রুতগতিতে থাকা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি তোফায়েলকে সজোরে ধাক্কা দেয়। এতে তোফায়েল দূরে গিয়ে ছিটকে পড়ে। সে বৃদ্ধকে বাঁচাতে সক্ষম হলেও নিজের জীবন রক্ষা করতে পারেনি। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কসবা রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর গুরুতর আহত তোফায়েল প্রাণ হারান। পরে স্টেশনে থাকা সহপাঠী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনা সম্পর্কিত কসবা রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী দ্রুতগামী সুবর্ণ এক্সপ্রেস কসবা স্টেশনে অতিক্রম করার সময় একটি বৃদ্ধকে রক্ষা করতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তোফায়েল আহমেদ মৃত্যু বরণ করেন। ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক।
এই ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, কসবা রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় তোফায়েল আহমেদ নামে এক যুবক মারা যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। পরে পরিবারের আবেদন অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন