ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

রাবিতে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ১২, ১৩ ও ২০ ফেব্রুয়ারি


রাবিতে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ১২, ১৩ ও ২০ ফেব্রুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে ১২, ১৩ ও ২০ ফেব্রুয়ারি নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ কারণে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি বা বিশেষ পরীক্ষায় এবং পুনঃনিরীক্ষণে বা (বোর্ড চ্যালেঞ্জ) পাস করে যোগ্যতা অর্জন করলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

বুধবার (১১ নভেম্বর) ভর্তি কমিটির এক বৈঠক শেষে এই তথ্য প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামের তিন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন

পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হওয়ার কথা ছিল। ৯ জানুয়ারি 'সি' ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি 'এ' ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম মন্তব্য করেন, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের প্রসঙ্গে তিনি জানান, ভর্তি পরীক্ষার আবেদন ১৫ নভেম্বর থেকে শুরু হবে এবং এটি ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

যারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য ভিসি বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আবেদন সাপেক্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য নতুন করে ৫-৭ দিন সময় প্রদান করা হবে।

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর তিন বহিরাগত আটক

আবেদনের যোগ্যতাও বিশ্ববিদ্যালয়টি শিথিল করেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। যা গত বছরে ছিল মোট জিপিএ ৭.০০।

অন্যদিকে, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। যা গত বছরে ছিল মোট জিপিএ ৮.০০।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতি বাংলাদেশের: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতি বাংলাদেশের: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

মন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে, যা ভৌগোলিক অবস্থান ও সামাজিক মর্যাদা নির্বিশেষে প্রযোজ্য।

আজ বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সদস্য দেশগুলোর স্বাস্থ্য খাতের মন্ত্রী, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার হ্রাস, পোলিওমুক্ত অবস্থা বজায় রাখা এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন স্বাস্থ্য সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকার কভারেজ ২ শতাংশ থেকে ৮৫ শতাংশের বেশি বৃদ্ধি করা হয়েছে। চলতি নভেম্বরের মধ্যে শতভাগ কভারেজ অর্জনের লক্ষ্যে কাজ চলছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট দ্বিগুণ করে জিডিপির ১ দশমিক ০১ শতাংশে উন্নীত করেছে। পর্যায়ক্রমে তা জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, দেশে ৪,৬০০-এর বেশি ইউনিয়নে বহুমুখী স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করা হচ্ছে। এছাড়া বড় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবস্থা, ১৫টি বড় হাসপাতালে উন্নত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা এবং ওয়ান হেলথ পদ্ধতি বাস্তবায়নে কাজ চলছে।

স্বাস্থ্যসেবার ডিজিটাল রূপান্তরের জন্য স্বাস্থ্যমন্ত্রী সমন্বিত ইলেকট্রনিক হেলথ রেকর্ড ব্যবস্থা ও ইউনিক ই-হেলথ আইডি চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন।

আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদারে স্বাস্থ্যমন্ত্রী বিমসটেকের আওতায় আঞ্চলিক জেনেটিক রোগ পর্যবেক্ষণ ও প্রাথমিক সতর্কতা ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন।

বক্তব্যে সাখাওয়াত হোসেন জানান, অসংক্রামক রোগ, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং মহামারি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ একযোগে কাজ করতে প্রস্তুত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের বিজয়তোরণ নির্মাণ বন্ধের আবেদন জানালেন কেনেডি পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


ট্রাম্পের বিজয়তোরণ নির্মাণ বন্ধের আবেদন জানালেন কেনেডি পরিবার

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির পরিবারের সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে নির্মাণাধীন বিশাল বিজয়তোরণ প্রকল্প বন্ধের জন্য আদালতে আবেদন করেছেন।

মঙ্গলবার তারা আদালতে একটি আবেদন দাখিল করেছেন, যেখানে তারা এ প্রকল্পের কাজ বন্ধ করার নির্দেশনার দাবি জানিয়েছেন।

প্রস্তাবিত বিজয়তোরণের উচ্চতা ২৫০ ফুট হবে। এটি নির্মিত হলে বিশ্বের সবচেয়ে বড় বিজয়তোরণ হিসেবে পরিচিতি পাবে। ট্রাম্পের হাতে থাকা নির্মাণ প্রকল্পগুলোর মধ্যে এটি একটি, যা ওয়াশিংটনে তার ব্যক্তিগত ছাপ রেখে যাওয়ার উদ্দেশ্যে পরিকল্পিত।

বার্তা সংস্থা এএফপি ওয়াশিংটন থেকে এ খবরটি জানায়।

কেনেডি পরিবারের সদস্যরা আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, প্রস্তাবিত বিজয়তোরণটি সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও তার পরিবারের সদস্যদের সমাধির দৃশ্য আড়াল করবে। এতে সমাধিস্থলগুলোর নকশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ক্ষতিগ্রস্ত হবে।

তারা আরও জানান, তোরণের অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে লিংকন মেমোরিয়াল ও আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের মধ্যে সরাসরি দৃষ্টিসংযোগ বাধাগ্রস্ত হয়। গৃহযুদ্ধের পর জাতির ঐক্যের প্রতীক হিসেবে পরিকল্পিতভাবে ওই দৃষ্টিসংযোগ রাখা হয়েছিল।

এদিকে, উল্লেখযোগ্য বিষয় হলো, ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী রবার্ট এফ কেনেডি জুনিয়রের নাম এ মামলার বাদীদের তালিকায় অন্তর্ভুক্ত নেই।

সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তার স্ত্রী জ্যাকুলিন কেনেডি ওনাসিস এবং তাদের দুই সন্তানকে ওয়াশিংটনের কাছে অবস্থিত বিশাল সামরিক সমাধিক্ষেত্র আর্লিংটনে সমাহিত করা হয়েছে। সেখানে সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডি ও এডওয়ার্ড এম কেনেডি এবং রবার্ট এফ কেনেডির স্ত্রী এথেল কেনেডিও সমাহিত রয়েছেন।

আর্লিংটন সমাধিক্ষেত্রের পাহাড়ের চূড়ায় অবস্থিত কেনেডি স্মৃতিসৌধটি প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে। সেখানে একটি শিখা অবিরাম জ্বলছে। সমাধিক্ষেত্রের সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম হয় এমন স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। অন্যটি হলো ‘টম্ব অব দ্য আননোন সোলজার’ বা অজ্ঞাতনামা সৈনিকের সমাধি।

চলতি নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের এক বিচারক বিজয়তোরণ নির্মাণ কাজ দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। প্রকল্পটির নির্মাণকাজ এখনও শুরু হয়নি। আইনি চ্যালেঞ্জগুলো পর্যালোচনার জন্য সময় দিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৫ সালের শেষ দিকে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান কেনেডি সেন্টারের নামের সঙ্গেও নিজের নাম যুক্ত করেন। ১৯৬৩ সালে আততায়ীর হাতে নিহত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মরণে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছিল।

ছয় মাসেরও বেশি সময় ধরে সাংস্কৃতিক প্রতিষ্ঠানটির ভবনের সম্মুখভাগে ‘ডোনাল্ড জে. ট্রাম্প’ নামটি লেখা ছিল। পরে নতুন নামকরণকে অবৈধ ঘোষণা করা হলে তা সরিয়ে ফেলা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষকদের বদলি নীতিমালা নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


শিক্ষকদের বদলি নীতিমালা নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর বক্তব্য

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নিয়ে সংসদে বক্তব্য রেখেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি উল্লেখ করেছেন, "প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নীতিমালা ইতোমধ্যে আমরা উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে ডিসেন্ট্রালাইজ করেছি। এখন শুধু এক ডিভিশন থেকে আরেক ডিভিশনে মন্ত্রণালয় থেকে করবে।"

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তিনি আরও বলেন, "শিক্ষকদের বদলির ক্ষমতা ইতোমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে।"

সরকার স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির জন্য বিএ পাসের বাধ্যবাধকতা শিথিল করার সুযোগ রাখছে। তিনি জানিয়েছেন, "কেউ সত্যিকার অর্থে শিক্ষানুরাগী হলে তিনি এ পদে দায়িত্ব পালনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। পরে মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।"

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করা হয়েছিল। এছাড়া, স্কুল-কলেজের ক্ষেত্রে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও ছিল। এ বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে যোগ্যতার শর্ত শিথিল করা যায় কিনা, তা বিবেচনা করা হয়েছে।

অর্থাৎ, প্রকৃত শিক্ষানুরাগীরা বিএ পাশ না থাকলেও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। আবেদন পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি প্রশাসন ১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


ঢাবি প্রশাসন ১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসন গতকাল নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা কথিত ধর্মঘটের দিন ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, যেসব শিক্ষক পূর্বানুমতি বা ছুটি ছাড়া ক্লাস নেননি, তাদের নাম পাঠানোর জন্য সব বিভাগ ও ইনস্টিটিউটের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা জমা দেওয়ার সময়সীমা বুধবার বিকেল ৪টা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদের দপ্তর থেকে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ক্লাসে উপস্থিত ছিলেন না বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে।

এছাড়া, চিঠিতে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া যেসব বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষক ক্লাসে অনুপস্থিত ছিলেন, তাদের তালিকা ১১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রারের কাছে পাঠাতে হবে।

এই উদ্যোগের মাধ্যমে ১০ নভেম্বর ক্লাসে অনুপস্থিত শিক্ষকদের বিষয়ে বিভাগ ও ইনস্টিটিউটভিত্তিক তথ্য সংগ্রহ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তালিকা পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%