ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

‘সংসারটা পুরোপুরি সামলায় সে’, স্বামীকে নিয়ে শ্রেয়া ঘোষালের প্রশংসা


‘সংসারটা পুরোপুরি সামলায় সে’, স্বামীকে নিয়ে শ্রেয়া ঘোষালের প্রশংসা

ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের প্রশংসা করে বলেছেন, "পুরো সংসার সামলায় সে"।শ্রেয়া ঘোষাল এবং তার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের একটি ছবি প্রকাশিত হয়েছে। ছবি: সংগৃহীত

সংগীতজীবন এবং সংসার—এই দুটি দিক সামলানোর ক্ষেত্রে একজন জীবনসঙ্গীর গুরুত্ব নিয়ে তিনি অনেকবার আলোচনা করেছেন। এবার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে সংসারজীবন এবং দায়িত্ব ভাগাভাগি সম্পর্কে খোলামেলা মন্তব্য করেছেন শ্রেয়া। স্বামীকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।

সম্প্রতি ভারতের একটি অনুষ্ঠানে শ্রেয়া জানিয়েছেন, ঘরের বেশিরভাগ কাজ তার স্বামী শিলাদিত্য নিজের দায়িত্বে করেন। তিনি নিজেই বাসন ধোয়া এবং রান্নাঘর পরিষ্কার করার কাজ করেন। শ্রেয়া বলেন, "এসব কাজ করতে গেলে আমি বিরক্ত হয়ে যাই।"

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

শ্রেয়া আরও বলেন, দুজনেরই কর্মজীবন ব্যস্ত। তাই দিনের শেষে সংসারের কাজ তারা একসঙ্গে করেন। তাদের কাছে সবসময় বাড়িতে থাকার প্রত্যাশা নেই।

 

গায়িকা জানিয়েছেন, শিলাদিত্য কখনো তার কাছে প্রশ্ন করেননি কেন তিনি বাড়িতে নেই। কাজের কারণে মাসের পর মাস বাইরে থাকতে হলেও স্বামী বিষয়টি সহজভাবে গ্রহণ করেছেন। প্রেমের সময় থেকেই শিলাদিত্য তার প্রতি বিশ্বাস এবং নিরাপত্তার অনুভূতি প্রকাশ করেছেন বলে জানান শ্রেয়া।

দাম্পত্য সম্পর্ক নিয়ে শ্রেয়া আরও বলেন, তাদের মধ্যে অহংবোধ নেই। দুজনের চিন্তাভাবনাও অনেকটা একরকম। পরিবারের বড়রা তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তবে বর্তমানে তারা অনেকটা চুপচাপ জীবনযাপন করছেন। তাদের সন্তানেরাই এখন তাদের জীবনের কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন: ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

শ্রেয়া ও শিলাদিত্যের পরিচয় স্কুলজীবন থেকে। তখন থেকেই তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পরবর্তীতে শ্রেয়ার সংগীতজীবন দ্রুত এগিয়ে যাওয়ার সময় তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়। একই সময়ে শিলাদিত্য প্রযুক্তি খাতে নিজের পেশাজীবন গড়ে তুলছিলেন।

দীর্ঘ ১০ বছর তারা নিজেদের সম্পর্ক গণমাধ্যমের আড়ালে রেখেছিলেন। ২০১৫ সালে শ্রেয়া এবং শিলাদিত্য বিয়ে করেন। ২০২১ সালে তাদের ঘর আলো করে আসে ছেলে দেবযান।

বর্তমানে শ্রেয়া সন্তান এবং পেশাজীবন—দুই দিকই সামলাচ্ছেন। সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়া স্বামী শিলাদিত্যকে পাশে পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।

আরও পড়ুন: তালা ভেঙে বাসায় ঢুকে ৮ লাখ টাকা, ২ ভরি সোনা ও মূল্যবান সামগ্রী চুরি: ডেমরায় চাঞ্চল্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পে নতুন সিনেমায় মৌসুমী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পে নতুন সিনেমায় মৌসুমী

 

মৌসুমী, ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের একটি অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী। সময়ের পরিবর্তনের সঙ্গে রুপালি পর্দার জাঁকজমক থেকে কিছুটা দূরে থাকলেও, অভিনয়ের প্রতি তার ভালোবাসা ও আকর্ষণ একটুও কমেনি। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। প্রবাস জীবনের নানা ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। এবার প্রবাসের পটভূমিতে নির্মিত একটি নতুন প্রজেক্টের মাধ্যমে দর্শক-ভক্তদের কাছে ফিরছেন তিনি।

যুক্তরাষ্ট্রের মনোরম লোকেশনে নির্মিত হতে যাচ্ছে থ্রিলারধর্মী কাজ ‘আ বিউটিফুল লাই’। এটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র হবে কিনা, নাকি টেলিফিল্ম, তা এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। তবে যৌথ আলোচনার ভিত্তিতে এর সার্বিক প্রস্তুতি এগিয়ে চলেছে। গল্প ও পরিচালনার দায়িত্বে রয়েছেন ছোট ও বড় পর্দার খ্যাতনামা নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। দেশে নেয়ামুলের পরিচালনায় কাজের অভিজ্ঞতা থাকলেও, যুক্তরাষ্ট্রের মাটিতে এই প্রথম একই ফ্রেমে বন্দি হতে যাচ্ছেন পরিচালক ও নায়িকা।

মৌসুমী কাজটি নিয়ে রোমাঞ্চিত হয়ে বলেন, ‘আ বিউটিফুল লাই মূলত একটা রোড ট্রিপের গল্প। গল্পটি থ্রিলারধর্মী। যা কিছু ঘটছে, তা পুরোপুরি মিথ্যার ওপর ভিত্তি করে ঘটছে। কিন্তু তবুও সেই মুহূর্তটাকে ভালো লাগছে। যে কারণে গল্পটার নাম রাখা হয়েছে আ বিউটিফুল লাই। তবে এটা আসলে টেলিফিল্ম হবে নাকি সিনেমা হবে, সেটা এখনো চূড়ান্ত নয়। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়। তবে আমি আশা করছি, দর্শক একটি উপভোগ্য গল্প পাবে। নেয়ামুল বরাবরই ভালো কাজ করে এবং নির্মাণে যত্ন নেয়।’

 

নির্মাতা ও প্রজেক্টটির প্রতি নিজের আস্থার কথা জানিয়ে মৌসুমী বলেন, নেয়ামুলের নির্মাণ ভাবনা সবসময় সুবিন্যস্ত এবং যত্নশীল। দর্শক যেন শুরু থেকে শেষ পর্যন্ত নতুন একটি স্বাদের গল্প উপভোগ করতে পারেন, সেই প্রচেষ্টাই থাকবে।

পুরো প্রজেক্টের কেন্দ্রীয় চালিকাশক্তি ও গল্প মৌসুমীকে ঘিরে সাজানো হয়েছে। ফলে নতুন এই রোড ট্রিপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী দর্শক এবং দেশের অনুরাগীরা পর্দায় একেবারে অন্য এক মৌসুমীর দেখা পেতে যাচ্ছেন।

অভিনয়ের পাশাপাশি সম্প্রতি তিনি নিজের অভিনীত জনপ্রিয় সিনেমা 'মেহের নিগার'-এর কালজয়ী 'সবার জীবনে প্রেম আসে' গানটি গেয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তিন নম্বর জন ডান’, নবজাতককে কোলে নিয়ে পরীমণির পোস্ট ঘিরে রহস্য

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


‘তিন নম্বর জন ডান’, নবজাতককে কোলে নিয়ে পরীমণির পোস্ট ঘিরে রহস্য

 

ঢালিউডের এই অভিনেত্রী মাঝে মাঝে ভক্তদের জন্য চমক সৃষ্টি করেন। কখনও তার কাজের খবর, আবার কখনও ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনার জন্য তিনি আলোচনায় আসেন। সম্প্রতি, এক শিশুকে কোলে নিয়ে ছবি প্রকাশ করে নতুন কৌতূহল সৃষ্টি করেছেন পরীমণি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পরীমণি তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে, তিনি গাড়িতে সুন্দরভাবে সাজানো এবং রোদচশমা পরে আছেন। তার কোলে রয়েছে একটি ফুটফুটে শিশু।

ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।

 

 

ছবি ও ক্যাপশন প্রকাশের পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কি পরীমণি আবার মা হয়েছেন?

পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন এই অভিনেত্রী। এক ভক্ত জানতে চান, শিশুটি ছেলে না মেয়ে, পরীমণি সংক্ষেপে জানান, ‘ছেলে।’

অন্য এক নেটিজেন মজা করে প্রশ্ন করেন, তিনি আর কয়টি সন্তান নেবেন? পরীমণি জবাব দেন, ‘আর ৯৭টা।’

শিশুপ্রেমী হিসেবে পরিচিত পরীমণি। একাধিক সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আগেই জানিয়েছেন, তিনি অনেক সন্তানের মা হতে চান। এমনকি মজা করে বলেছেন, সন্তানের সংখ্যা ১০০-তে পৌঁছাতে পারে।

এ কারণে ভক্তদের অনেকেই ধারণা করছেন, হয়তো এবার তৃতীয় সন্তান দত্তক নিয়েছেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে পরীমণি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তার এই নীরবতা জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর পরীমণি তার প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্যকে একাই লালন-পালন করছিলেন। পরে তিনি একটি কন্যাসন্তান দত্তক নেন, যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে পরীমণি একাই তার সন্তানদের বড় করছেন। কাজের ব্যস্ততার পাশাপাশি তিনি দিনের বাকি সময়টা সন্তানদের সঙ্গেই কাটান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার উৎখাতের চেষ্টা ঠেকিয়ে দিলেন সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


সরকার উৎখাতের চেষ্টা ঠেকিয়ে দিলেন সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী

সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী ম্যাথিউ ওয়ালে, চীন ও যুক্তরাষ্ট্রের মিত্রদের গভীর নজরদারির মধ্যে অনাস্থা ভোটের মুখোমুখি হয়ে সরকার উৎখাতের চেষ্টা ঠেকাতে সক্ষম হয়েছেন।

তিনি সোমবার সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন।

রোববার মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ সলোমন দ্বীপপুঞ্জে পৌঁছান। সেখানে তিনি পিস কো’র কার্যক্রম পুনরায় চালু করার প্রতিশ্রুতি প্রদান করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় বাহিনী এই অঞ্চলে যুদ্ধ করেছে।

বার্তা সংস্থা এএফপি সিডনি থেকে এই খবরটি জানায়।

ওয়ালে বর্তমানে ২০২২ সালে চীনের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তিটি পর্যালোচনা করছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করছেন। এর ফলে গত সপ্তাহে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর নেতাদের সম্মেলন থেকে হঠাৎ ফিরে এসে তাকে অনাস্থা প্রস্তাবের মোকাবিলা করতে হয়।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের কূটনীতিকরা এএফপিকে জানান, চীনের ওপর নির্ভরতা কমানোর পথে যাত্রা শুরুর তিন মাস পর ওয়ালের সরকারের টিকে থাকার ফলে এই অঞ্চলের নিরাপত্তায় প্রভাব পড়বে।

তাইওয়ানের উপস্থিতিতে চীন অসন্তোষ প্রকাশ করার পর প্রশান্ত মহাসাগরীয় কয়েকজন নেতা সম্মেলনটি এড়িয়ে যান।

মে মাসে নির্বাচিত ওয়ালের সরকার অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন একটি চুক্তি নিয়ে আলোচনা করছে। এছাড়া মার্কিন কোস্টগার্ডের টহলের সুযোগ দিতে একটি চুক্তি সম্পন্ন করেছে। এর পাশাপাশি, চীনের আগ্রহের বিষয়বস্তু নিয়ে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আওতায় একটি বন্দর উন্নয়ন প্রকল্পেও আলোচনা চলছে।

রোববার ওয়ালের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করেন এর উদ্যোক্তা মানাসেহ মেলাঙ্গা। ওয়ালেসহ জোট সরকারের পক্ষে আরও কয়েকজন আইনপ্রণেতা অবস্থান নেওয়ায় মেলাঙ্গাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছিল।

আরেকটি অনাস্থা প্রস্তাবের সুযোগ বন্ধ করার জন্য সোমবার সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়।

সংসদে ওয়ালে বলেন, ‘বাজেট পাস করতে আমরা বড়দিনের আগে ফিরে আসতে চাই।’

তিনি আরও জানান, ‘পরিবর্তনের গতি দ্রুত।’

এই বিরতি খনন খাতের সংস্কার ও বিনামূল্যে শিক্ষা চালুর মতো গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন নিয়ে ভাবার সুযোগ দেবে।

সলোমন দ্বীপপুঞ্জে অস্ট্রেলিয়ার সাবেক হাইকমিশনার জেমস ব্যাটলি মন্তব্য করেন, ‘আমার ধারণা, অস্ট্রেলীয় সরকার এতে স্বস্তি পাবে।’

তিনি এএফপিকে বলেন, ‘ওয়ালে নির্বাচিত হওয়ার এত অল্প সময়ের মধ্যে অনাস্থা প্রস্তাব আনার বিষয়টি সাধারণ মানুষ খুবই বিরূপভাবে নেয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রহনপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


রহনপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি পাড়ায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ রেখা আক্তার (৬৪) নামে এক নারীকে আটক করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ চন্দের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ, র‍্যাব ও কাস্টমসের প্রতিনিধিরা অংশ নেন।

অভিযানকালে রহনপুর কেডিসি পাড়ার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রেখা আক্তার (৬৪)-এর বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ১০ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক রেখা আক্তারের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় যুবসমাজকে বিপথগামী করার অভিযোগও রয়েছে।

অভিযান শেষে স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদক নির্মূলে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা এবং মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয়রা।

অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান বলেন, কেডিসি পাড়ার মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মাদক ব্যবসা পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে না এলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেডিসি পাড়ায় কোনো মাদক ব্যবসায়ীর অস্তিত্ব থাকতে দেওয়া হবে না।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণের নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আইন নিজের হাতে তুলে না নেয়। মাদক ব্যবসা বা মাদকসংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

আটক নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু ও পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে। এ কার্যক্রম পরিচালনা করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%