ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে নবগ্রাম রোড-চৌমহনীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান


বরিশালে নবগ্রাম রোড-চৌমহনীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

বরিশাল মহানগরীর ফুটপাত এবং রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন অবশেষে সাঁড়াশি অভিযান শুরু করেছে।

রোববার (১১ অক্টোবর) নগরীর নবগ্রাম রোড-চৌমহনী এলাকায় মেজর জলিল সড়ক ও জাতীয় মহাসড়কের ওপর সিটি করপোরেশনের লোগো সংবলিত ইস্পাত অবকাঠামোর সবগুলো অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে নগর ভবনের পক্ষ থেকে।

এর আগে, গত বুধবার সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ্জামান ওইসব অবৈধ দখলদারদের সরে যাওয়ার নির্দেশনা প্রদান করেছিলেন। গত বৃহস্পতিবার নগর ভবনের উচ্ছেদ শাখা একই এলাকায় অভিযান চালিয়ে কিছু দোকানপাট উচ্ছেদ করতে সক্ষম হলেও জাতীয় মহাসড়ক দখল করে স্থাপন করা দোকানপাট সরানো সম্ভব হয়নি। রোববার সকালের মধ্যে তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও বেশির ভাগ অবৈধ দখলদার তা মানেনি।

আরও পড়ুন: মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাসিক প্রশাসক রিটন

রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিটি করপোরেশনের নিরাপত্তাকর্মীসহ পে-লোডার ও ট্রাক নিয়ে সবগুলো অবৈধ দোকান তুলে মহাসড়কটি জঞ্জালমুক্ত করা হয়।

সাধারণ মানুষ এবং এলাকাবাসী নগর ভবনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে নগর প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন। তবে এখনো চৌমহনী লেকের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম পাড়ে অনেক অবৈধ দোকান রয়ে গেছে। এসব দোকান অফিস ছুটির পরে বসিয়ে গভীর রাত পর্যন্ত ওই এলাকায় পসরা সাজিয়ে বসে থাকে। এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকার অনেক অবৈধ দোকানির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগও রয়েছে।

অতি সম্প্রতি প্রায় কোটি টাকা ব্যয় করে চৌমহনী লেকের অভ্যন্তরে আলো-শব্দের ফোয়ারা স্থাপন, ফুটপাতের সংস্কার ও দৃষ্টিনন্দন আলোকমালায় সজ্জিত করা হলেও অবৈধ দখলদারদের কালো থাবায় সব কিছু ম্লান হয়ে গেছে।

এই বিষয়টি নিয়ে নগর প্রশাসন বিব্রত। শাসক দলের নাম ভাঙিয়ে কতিপয় চিহ্নিত চাঁদাবাজ দৈনিক মাসোহারার ভিত্তিতে লেকটির দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম পাড়ে পথ খাবারের দোকান বসিয়ে নগরবাসীর চলাচলের পথ রুদ্ধ করছে।

আরও পড়ুন: রাঙামাটিতে সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণা

গত সপ্তাহে চৌমহনীর মেজর জলিল সড়ক ও সংযুক্ত জাতীয় মহাসড়কের ওপর বড় মাপের দোকান বসিয়ে দখলবাজির সঙ্গেও ওই চাঁদাবাজ চক্র পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ রয়েছে। লেকটির পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে একাধিকবার নগর প্রশাসন অভিযান চালালেও তা টেকসই হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিক্ষোভের সময় ফের আটক হলেন নেহা বোরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


বিক্ষোভের সময় ফের আটক হলেন নেহা বোরা

রোববার আবার পুলিশ কর্তৃক আটক করা হয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভাপতি নেহা বোরা কে।

এ বিষয়ে সাংবাদিক রাঘবেন্দ্র রাও নিশ্চিত করেছেন যে, নেহা বোরা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নেহা বোরার বিক্ষোভের সময় তিনি আশ্রম মর্গে পৌঁছান। তবে সেখানে তিনি দীর্ঘ সময় অবস্থান করে বিক্ষোভ করতে পারেননি। নেহা বোরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাকে অন্যদের সঙ্গে দৌড়ে পালাতে দেখা যায়। পরে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।

২ অক্টোবর থেকে দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান আন্দোলনে নেহা বোরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রায় প্রতিটি বিক্ষোভের পর পুলিশ তাকে আটক করে।

শনিবার, দিল্লিতে যন্তর মন্তরে যাওয়ার পথে কড়া নিরাপত্তার মধ্যে তিনি আকস্মিকভাবে বিক্ষোভ করেন। এরপর তাকে আটক করা হয়।

রোববার তিনি কৌশল পরিবর্তন করে সমর্থকদের উদ্দেশ্যে একটি ভিডিও প্রকাশ করেন, যাতে বিক্ষোভের স্থান ও সময় জানিয়ে তাদের সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানান। পরে তিনি সেখানে পৌঁছে বিক্ষোভ করেন। রোববারও পুলিশ তাকে আটক করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ও কিশোর গ্যাং দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


মাদক ও কিশোর গ্যাং দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

রাজবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি উল্লেখ করেছেন, "যেকোনো মূল্যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে।" মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে শুধুমাত্র আইন প্রয়োগ করলেই হবে না, বরং কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা কমিটির সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে কিশোরদের অপরাধপ্রবণতা থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়।

মাদককে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।" মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

সভায় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মীর মনির হোসেন, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, রাজবাড়ী পৌরসভার প্রশাসক কল্যাণ চৌধুরী, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মনজুরুল আলম দুলালসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সরকারের উদ্দেশ্যে পরওয়ার

পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই: মিয়া গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন, "লং মার্চে পতিত সরকার ফিরে আসবে"—এমন নতুন অজুহাত সরকার তৈরি করছে। তিনি বলেন, "আমাদেরকে এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। ভয় দেখিয়ে জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করার বাহানা করছে সরকার।"

রোববার (১১ অক্টোবর) দুপুরে যশোর প্রেস ক্লাবের হলরুমে আগামী ৩১ অক্টোবর যশোর-কুষ্টিয়া লং মার্চের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের এই শীর্ষ নেতা জানান, গণভোট বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের দাবিতে এ লং মার্চের আয়োজন করা হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, "বিগত দিনে ১১ দলীয় জোটের অধীনে দুটি লং মার্চ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের লং মার্চও একইভাবে শান্তিপূর্ণ থাকবে।" তিনি জানান, লং মার্চের কারণে সাময়িক যাতায়াত ও চলাচলে যে ভোগান্তি হতে পারে, সে জন্য ওই অঞ্চলের ব্যবসায়ী, পথচারীসহ সর্বস্তরের মানুষের কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করেন।

কর্মসূচির বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, নির্ধারিত দিনে সকাল ৮টায় ঢাকার বায়তুল মোকাররম এলাকা থেকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর পদ্মা সেতু হয়ে প্রায় ১ হাজার গাড়ির বিশাল বহর নিয়ে লং মার্চটি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হবে। প্রায় ১২ ঘণ্টার দীর্ঘ এই পথযাত্রায় গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসূল, সংসদ সদস্য মোক্তার আলী এবং ফরিদপুর, কুষ্টিয়া, শরীয়তপুর, গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী জেলার জামায়াতে ইসলামীর স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটোচালক জনি হত্যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


অটোচালক জনি হত্যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো

রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় অটোরিকশাচালক মো. জনি (৩৫) হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সংস্থাটি জানায়, ছিনতাইয়ের সময় এক পথচারীকে ছুরিকাঘাত করতে গিয়ে জনি নিহত হন তার সহযোগীর আঘাতে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এসএম মোস্তাইন হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন।

গ্রেফতারকৃতরা হলেন মো. মেহেদী হাসান বাপ্পি (২৮) ও মো. নুর আলম বারেক (২৪)। তাদের দুজনের বাড়ি রাজধানীর কদমতলী এলাকায় অবস্থিত।

পিবিআই কর্মকর্তা এসএম মোস্তাইন হোসেন জানান, গত ২৯ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে জনি তার দুই সহযোগীকে নিয়ে জুরাইনের মোক্তার হোসেন সড়কে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান নেন। এ সময় তারা দুই পথচারীর গতিরোধ করে মোবাইল ফোন, নগদ টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে নেন।

ছিনতাইয়ের পর পালানোর সময় এক পথচারী জনিকে ধরে ফেলেন। জনিকে উদ্ধার করতে সহযোগী মেহেদী হাসান বাপ্পি ওই পথচারীকে ছুরিকাঘাতের চেষ্টা করেন। কিন্তু ছুরিটি পথচারীর পরিবর্তে জনির বুকে বিদ্ধ হয়, যার ফলে গুরুতর আহত হন জনি। পরে তার দুই সহযোগী ছিনতাই করা মালামাল নিয়ে পালিয়ে যান।

পিবিআই জানায়, ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ জনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় নিহতের মা ডালিয়া বেগম বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর কদমতলী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে ৯ সেপ্টেম্বর মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ।

এসএম মোস্তাইন হোসেন আরও জানান, পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, বিপিএম-সেবার নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জয়ীতা দাসের সার্বিক সহযোগিতায় পরিদর্শক সরোয়ার আলমের নেতৃত্বে একটি দল তদন্ত শুরু করে।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৯ অক্টোবর দুপুর আড়াইটার দিকে জুরাইন বরইতলী রেললাইন এলাকা থেকে মেহেদী হাসান বাপ্পিকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ অক্টোবর রাত আড়াইটার দিকে জুরাইনের নোয়াখাইল্যাপট্টি এলাকা থেকে নুর আলম বারেককে গ্রেফতার করে পিবিআই।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করা একটি মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে বলে সংস্থাটি জানায়।

পিবিআইয়ের দাবি, গ্রেফতারকৃত দুজনই ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের মধ্যে মেহেদী হাসান বাপ্পি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য উঠে এসেছে।

পিবিআই আরও জানায়, গ্রেফতার মেহেদী হাসান বাপ্পির বিরুদ্ধে রাজধানীর শ্যামপুর, কদমতলী ও কুমিল্লার দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় চারটি মামলা রয়েছে। অপর আসামি নুর আলম বারেকের বিরুদ্ধেও কদমতলী থানায় একটি হত্যা মামলা রয়েছে।

পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের পুলিশ সুপার এসএম মোস্তাইন হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য ও নিবিড় তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%