বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৩৪ এম
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টার মধ্যে পৌরসভা ও ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে একজন চোর/ছিনতাইকারী, তিনজন মাদক ব্যবসায়ী, তিনজন মাদক সেবনকারী, দুইজন ধর্তব্য অপরাধের আসামি এবং একজন হত্যা মামলার আসামি। পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে চোর/ছিনতাইকারী হিসেবে পেশকার পাড়া এলাকার সাদ্দাম হোসেন (২৩)কে গ্রেফতার করা হয়েছে।
মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেফতার হয়েছেন উত্তর নুনিয়ারছড়া শিল্প এলাকার মোঃ আলমগীর (৫২), রুমা আক্তার (১৯) এবং জমিলা খাতুন (২৬)। এছাড়া, মাদক সেবনের অভিযোগে দক্ষিণ তারাবনিয়ারছড়ার মোঃ বাহাদুর (৪৭), পেটি স্কুল চেয়ারম্যান ঘাটা এলাকার আবদুর রহিম (২৬) এবং ঘোনাপাড়ার মোঃ ইউসুফ (২৪)কে গ্রেফতার করা হয়েছে।
ধর্তব্য অপরাধের অভিযোগে মুন্সীগঞ্জের শিবলী হাওলাদার (৪১) ও ঈদগাঁওয়ের ছোটন ধর (২৬)কে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, হত্যা মামলার আসামি হিসেবে পূর্ব টেকপাড়া এলাকার সাদমান সিহাব (৩০)কে পুলিশ গ্রেফতার করেছে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ এবং চোর-ছিনতাইকারীদের গ্রেফতারের উদ্দেশ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ উপমহাদেশের বিশিষ্ট আলেম, রাজনীতিক, সাংবাদিক ও সমাজসেবক মাওলানা শামছুল হুদা পাঁচবাগীর ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। তিনি ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর ৯১ বছর বয়সে ময়মনসিংহ শহরের ব্রাহ্মপল্লীতে অবস্থিত নিজ বাসভবনে ইন্তেকাল করেন। এই উপলক্ষে গফরগাঁওয়ের পাঁচবাগ, ময়মনসিংহ এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মাওলানা শামছুল হুদা পাঁচবাগী শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় অত্যাচারী জমিদার ও সরকারের বিরুদ্ধে আপসহীনভাবে সংগ্রাম করেছেন। তিনি সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ১ হাজার ২১টি মামলা পরিচালনা করেন এবং এসব মামলায় তিনি সাফল্য অর্জন করেন। তাঁর পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন শেরে বাংলা এ কে ফজলুল হক, বিচারপতি আবদুস সাত্তার, অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তিনি আমৃত্যু ঐতিহাসিক শাহজাদি বেগম ওয়াকফ এস্টেটের মুতাওয়াল্লী ছিলেন। তাঁর সংগ্রামে অনুপ্রাণীত হয়ে টিপু সুলতানের বংশধর মোঘলকন্যা শাহজাদি বেগম মাওলানা শামছুল হুদা পাঁচবাগীর অজান্তেই তাঁকে বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহের তিনটি তৌজিভুক্ত বিশাল ওয়াকফ সম্পত্তির মুতাওয়াল্লী নিযুক্ত করেন। এই সম্পত্তি রক্ষার জন্য আইয়ুব সরকারের বিরুদ্ধে ৪৫০টি মোকদ্দমা লড়তে হয় এবং তিনি সবগুলোতেই জয়লাভ করেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মাওলানা পাঁচবাগী ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি তাঁর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আঙিনায় মুক্তিযোদ্ধা এবং হিন্দু সম্প্রদায়ের বহু মানুষকে আশ্রয়, খাদ্য ও সহায়তা প্রদান করেন।
তিনি বাংলা, ইংরেজি, আরবি, উর্দু ও ফারসি ভাষায় বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। সাংবাদিক হিসেবেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি বাংলা, আরবি ও উর্দু ভাষায় যথাক্রমে ‘দ্বীন-দুনিয়া’, ‘হুজ্জাতুল ইসলাম’ ও ‘তর্জুমানে দ্বীন’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন পৃথক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশে মেটার একটি অফিস খোলার জন্য প্রতিষ্ঠানটিকে আমন্ত্রণ জানিয়েছেন।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠককালে তিনি এই প্রস্তাবটি দেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরেন। তিনি আলোচনা করেন, কিভাবে মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ও প্রযুক্তি বাংলাদেশের ব্যবসা, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং দেশের ই-কমার্স খাতকে সহায়তা করতে পারে।
শামা ওবায়েদ অনলাইনে হয়রানি ও ডিজিটাল নির্যাতন প্রতিরোধে মেটার প্রতি আরও পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও জোয়েল কাপলানের সঙ্গে আলোচনা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা, ২৩ সেপ্টেম্বর ২০২৬ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, দেশের অবৈধ সব ইটভাটার সার্বিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট প্রস্তুত করার জন্য পরিবেশ অধিদফতরকে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দেশে প্রায় সাড়ে ৭ হাজার ইটভাটার মধ্যে আনুমানিক ১৭শ'টি বৈধ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আজ বুধবার নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত ষষ্ঠ বার্ষিক উপকূলীয় শিশু জলবায়ু সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব তথ্য তুলে ধরেন।
‘জলবায়ু সহনশীলতার জন্য শিশু নেতৃত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই দু’দিনব্যাপী অনুষ্ঠানে দেশের ইটভাটাগুলোর পরিবেশগত প্রভাব সম্পর্কেও আলোচনা করেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, কৃষিজমির উর্বর টপ-সয়েল (উপরিভাগের মাটি) রক্ষা এবং বায়ুদূষণ কমানোর লক্ষ্যে সরকার মাটি পোড়ানো ইটের ব্যবহার ধাপে ধাপে বন্ধ করে পরিবেশবান্ধব ‘ব্লক ইট’ তৈরির দিকে অগ্রসর হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকারের রাস্তাঘাট ও উন্নয়ন প্রকল্পে ইট ব্যবহারে কড়াকড়ি আরোপের পাশাপাশি অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, খাল খনন কর্মসূচির মাটি ইটভাটায় ব্যবহারের মাধ্যমে কৃষিজমি রক্ষার জন্য একটি স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
শেখ ফরিদুল ইসলাম বলেন, প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব থেকে প্রকৃতিকে রক্ষা করতে এবং উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনে সরকার কাজ করছে। তিনি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘প্লাস্টিক ও পলিথিন পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক ও পলিথিনমুক্ত করতে শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি বাজার ও দৈনন্দিন কাজে পাট ও সুতার ব্যাগের ব্যবহার নিশ্চিত করতে হবে।’
বেসরকারি প্রতিষ্ঠান জাগ্রত যুব সংঘ (জেজেএস) ও উপকূলীয় জলবায়ু শিশু ফোরাম (কেএনএইচ) এই সম্মেলনের আয়োজন করে।
প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বলেন, কেবল স্টেজে বা খাতায় উপস্থাপনা নয়, বরং নিজের পরিবার ও এলাকায় পরিবেশবান্ধব শিক্ষা বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।
উপকূলের সুরক্ষায় নদীরক্ষা, সুন্দরবন সংরক্ষণ এবং দূষণ কমানোর ক্ষেত্রে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলে তিনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৯৯ জন ইউপি সদস্য পদপ্রার্থীর নামও প্রকাশ করা হয়েছে। ঘোষিত তালিকায় কিছু পরিচিত মুখ থাকলেও বেশিরভাগ প্রার্থী স্থানীয় সাধারণ ভোটারদের কাছে তুলনামূলকভাবে অপরিচিত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মঠবাড়িয়া পৌর শহরের নিউমার্কেট এলাকায় উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত পরিচিতি সভায় এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আ. জলিল শরীফ প্রার্থীদের নাম ঘোষণা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) মাওলানা মো. আব্দুর রব।
ঘোষিত তালিকা অনুযায়ী, চেয়ারম্যান প্রার্থী হিসেবে তুষখালী ইউনিয়নে তাওহীদ হাসান রুমী, ধানীসাফায় মো. মেহেদী হাসান, মিরুখালীতে ডা. নূরুল আমিন, দাউদখালীতে মো. হাবিবুর রহমান, মঠবাড়িয়া সদরে মো. আবুল কালাম আজাদ, টিকিকাটায় মো. শহিদুল ইসলাম এবং বেতমোর রাজপাড়ায় এস. এম. মজিবুর রহমানকে মনোনীত করা হয়েছে।
এছাড়া, আমড়াগাছিয়ায় মো. ইয়াকুব আলী খাঁন, সাপলেজায় মো. আ. মালেক মীর, হলতা গুলিশাখালীতে মো. আরিফ বিল্লাহ এবং বড় মাছুয়া ইউনিয়নে মো. মেহেদী হাসানের নামও ঘোষণা করা হয়েছে।
সভায় উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আফজাল হোসেন, সেক্রেটারি আবুল কালাম আজাদসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের পক্ষে সাংগঠনিকভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ