বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৩৫ এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশে মেটার একটি অফিস খোলার জন্য প্রতিষ্ঠানটিকে আমন্ত্রণ জানিয়েছেন।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠককালে তিনি এই প্রস্তাবটি দেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরেন। তিনি আলোচনা করেন, কিভাবে মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ও প্রযুক্তি বাংলাদেশের ব্যবসা, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং দেশের ই-কমার্স খাতকে সহায়তা করতে পারে।
শামা ওবায়েদ অনলাইনে হয়রানি ও ডিজিটাল নির্যাতন প্রতিরোধে মেটার প্রতি আরও পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও জোয়েল কাপলানের সঙ্গে আলোচনা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা, ২৩ সেপ্টেম্বর ২০২৬ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, দেশের অবৈধ সব ইটভাটার সার্বিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট প্রস্তুত করার জন্য পরিবেশ অধিদফতরকে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দেশে প্রায় সাড়ে ৭ হাজার ইটভাটার মধ্যে আনুমানিক ১৭শ'টি বৈধ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আজ বুধবার নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত ষষ্ঠ বার্ষিক উপকূলীয় শিশু জলবায়ু সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব তথ্য তুলে ধরেন।
‘জলবায়ু সহনশীলতার জন্য শিশু নেতৃত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই দু’দিনব্যাপী অনুষ্ঠানে দেশের ইটভাটাগুলোর পরিবেশগত প্রভাব সম্পর্কেও আলোচনা করেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, কৃষিজমির উর্বর টপ-সয়েল (উপরিভাগের মাটি) রক্ষা এবং বায়ুদূষণ কমানোর লক্ষ্যে সরকার মাটি পোড়ানো ইটের ব্যবহার ধাপে ধাপে বন্ধ করে পরিবেশবান্ধব ‘ব্লক ইট’ তৈরির দিকে অগ্রসর হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকারের রাস্তাঘাট ও উন্নয়ন প্রকল্পে ইট ব্যবহারে কড়াকড়ি আরোপের পাশাপাশি অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, খাল খনন কর্মসূচির মাটি ইটভাটায় ব্যবহারের মাধ্যমে কৃষিজমি রক্ষার জন্য একটি স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
শেখ ফরিদুল ইসলাম বলেন, প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব থেকে প্রকৃতিকে রক্ষা করতে এবং উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনে সরকার কাজ করছে। তিনি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘প্লাস্টিক ও পলিথিন পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক ও পলিথিনমুক্ত করতে শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি বাজার ও দৈনন্দিন কাজে পাট ও সুতার ব্যাগের ব্যবহার নিশ্চিত করতে হবে।’
বেসরকারি প্রতিষ্ঠান জাগ্রত যুব সংঘ (জেজেএস) ও উপকূলীয় জলবায়ু শিশু ফোরাম (কেএনএইচ) এই সম্মেলনের আয়োজন করে।
প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বলেন, কেবল স্টেজে বা খাতায় উপস্থাপনা নয়, বরং নিজের পরিবার ও এলাকায় পরিবেশবান্ধব শিক্ষা বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।
উপকূলের সুরক্ষায় নদীরক্ষা, সুন্দরবন সংরক্ষণ এবং দূষণ কমানোর ক্ষেত্রে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলে তিনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৯৯ জন ইউপি সদস্য পদপ্রার্থীর নামও প্রকাশ করা হয়েছে। ঘোষিত তালিকায় কিছু পরিচিত মুখ থাকলেও বেশিরভাগ প্রার্থী স্থানীয় সাধারণ ভোটারদের কাছে তুলনামূলকভাবে অপরিচিত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মঠবাড়িয়া পৌর শহরের নিউমার্কেট এলাকায় উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত পরিচিতি সভায় এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আ. জলিল শরীফ প্রার্থীদের নাম ঘোষণা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) মাওলানা মো. আব্দুর রব।
ঘোষিত তালিকা অনুযায়ী, চেয়ারম্যান প্রার্থী হিসেবে তুষখালী ইউনিয়নে তাওহীদ হাসান রুমী, ধানীসাফায় মো. মেহেদী হাসান, মিরুখালীতে ডা. নূরুল আমিন, দাউদখালীতে মো. হাবিবুর রহমান, মঠবাড়িয়া সদরে মো. আবুল কালাম আজাদ, টিকিকাটায় মো. শহিদুল ইসলাম এবং বেতমোর রাজপাড়ায় এস. এম. মজিবুর রহমানকে মনোনীত করা হয়েছে।
এছাড়া, আমড়াগাছিয়ায় মো. ইয়াকুব আলী খাঁন, সাপলেজায় মো. আ. মালেক মীর, হলতা গুলিশাখালীতে মো. আরিফ বিল্লাহ এবং বড় মাছুয়া ইউনিয়নে মো. মেহেদী হাসানের নামও ঘোষণা করা হয়েছে।
সভায় উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আফজাল হোসেন, সেক্রেটারি আবুল কালাম আজাদসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের পক্ষে সাংগঠনিকভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকটি বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
দুই প্রধানমন্ত্রী অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, দক্ষ জনশক্তি, শিক্ষা, প্রযুক্তি এবং অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
জাতিসংঘসহ বহুপাক্ষিক ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদেশে টানা তিনটি নিলামের পর, আইপিএলের নিলাম আবারও ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে যে, ২০২৭ আসরের নিলাম আগামী ডিসেম্বরে গোয়ায় অনুষ্ঠিত হবে।
বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া বুধবার (২৩ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেন। ২০২৩ সালে কোচিতে অনুষ্ঠিত নিলামের পর, আইপিএলের পরবর্তী তিনটি নিলাম দুবাই, জেদ্দা এবং আবু ধাবিতে অনুষ্ঠিত হয়েছিল।
দেবজিত সাইকিয়া মন্তব্য করেন, "সৌদি আরব, দুবাই ও আবুধাবি- তিনটি বিদেশি ভেন্যুতে আইপিএলের নিলাম আয়োজনের পর, এবার ডিসেম্বর মাসে গোয়ায় নিলাম আয়োজন করতে যাচ্ছি।"
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো গত সপ্তাহে জানায়, ২০২৭ আইপিএল নিলাম ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৩-২৭ চক্রের এটি হবে শেষ ‘মিনি-নিলাম’ হিসেবে চিহ্নিত।
গত জুনে সাইকিয়া বলেছিলেন, "প্রতিকূল আবহাওয়ায় যেন টুর্নামেন্টে কোনো সমস্যা না হয়" এই চিন্তাভাবনায় বিসিসিআই আইপিএলের সূচি এগিয়ে আনার পরিকল্পনা করছে। তখন তিনি জানান, "১০ মার্চের মধ্যে শুরু করে ১৫ মের মধ্যে টুর্নামেন্ট শেষ করার" পরিকল্পনার কথা।
তবে, এখনও টুর্নামেন্টের সূচি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৮ আইপিএলের মেগা নিলাম আবারও বিদেশে অনুষ্ঠিত হতে পারে।
উইমেন’স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) পঞ্চম আসরের নিলাম আগামী ২৮ অক্টোবর কোচিতে অনুষ্ঠিত হবে। নিলামের আগে পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে খেলোয়াড় ধরে রাখার তালিকা জমা দেওয়ার শেষ সময় ২৮ সেপ্টেম্বর।
মেয়েদের আসর শুরু হবে আগামী ১৪ জানুয়ারি। ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ