ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সালথায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেফতার


সালথায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেফতার

ফরিদপুরের সালথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তালহা রাব্বীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

‎

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার সময় উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তালহা রাব্বী ওই গ্রামের ফিরোজ তালুকদারের পুত্র।

আরও পড়ুন: বিজিবি কর্মকর্তার মন্তব্য: "প্রয়োজনে কফিন খুলে দেখবো হাসিনার মাথা আছে কি না"

‎

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তালহা রাব্বীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

‎

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: ১২ ডিসেম্বর কুবিতে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাতসহ এনসিপির চার নেতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ ডিসেম্বর কুবিতে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাতসহ এনসিপির চার নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ এম


১২ ডিসেম্বর কুবিতে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাতসহ এনসিপির চার নেতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা আগামী ১২ ডিসেম্বর নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সদস্য নাইম ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে থাকবেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি মো. আবু বাকের মজুমদার।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসেন সিএফ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা মহানগর এনসিপির মেয়র প্রার্থী তারিকুল ইসলাম, কুমিল্লা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক নাভিদ নওরোজ শাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।

নাইম ভূঁইয়া এ বিষয়ে মন্তব্য করে বলেন, ‘জাতীয় ছাত্রশক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২০তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের আগামী ১২ ডিসেম্বর বরণ করে নেওয়া হবে। আশা করি, এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পাব।’

তিনি আরও জানান, অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবিতে তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও অর্থায়ন কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫২ এম


কুবিতে তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও অর্থায়ন কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন বিষয়ে ‘উদ্যোগ’ শীর্ষক প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলায় কার্যরত তফসিলি ব্যাংকগুলোর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এবি ব্যাংক পিএলসি আদর্শ সদর উপজেলার লিড ব্যাংক হিসেবে এবং পূবালী ব্যাংক পিএলসি সদর দক্ষিণ উপজেলার লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, এবি ব্যাংকের এসিভিপি আশীষ কুমার দেবনাথ, পূবালী ব্যাংকের ডিজিএম মইনুল ইসলামসহ বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা, আঞ্চলিক প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, "দেশে বিপুলসংখ্যক শিক্ষিত বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের কেবল চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা ও চাকরিদাতা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।"

বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, "২০০ একরের নতুন গ্রিন ক্যাম্পাসে স্থানান্তরের পর ছাত্র উদ্যোক্তাদের জন্য বিনামূল্যে জমি বরাদ্দ দেওয়া হবে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে বিভিন্ন উৎপাদনমুখী উদ্যোগও চালু করা হবে।"

এ সময় শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পথ সহজ করতে চক্রবৃদ্ধি সুদের ভয় দূর করে সহজ শর্তে ও সহনীয় কিস্তিতে ঋণ দেওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, "তরুণরাই দেশের প্রাণ। তাদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলেই অর্থনীতি বদলে যাবে। পড়াশোনা শেষে কেবল চাকরির পেছনে ছুটে মূল্যবান সময় নষ্ট না করে সৃজনশীল উদ্যোগ নিতে হবে। একজন উদ্যোক্তা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরও অনেক পরিবারের কর্মসংস্থান সৃষ্টি করেন।"

তিনি আরও বলেন, "যেকোনো কাজকে সম্মান করার সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। ঋণপ্রাপ্তির ক্ষেত্রে কাগজপত্র ও প্রক্রিয়াগত জটিলতা কমিয়ে তা আরও সহজ করতে হবে। একই সঙ্গে সব কাজের নেপথ্যে দেশপ্রেমকে সবচেয়ে বড় শক্তি হিসেবে ধারণ করতে হবে।"

সভাপতির বক্তব্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, "তরুণ-তরুণীদের স্বাবলম্বী করতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনায় ও তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে গৃহীত এ কর্মসূচি প্রশংসনীয়। শিক্ষার্থীদের কর্মশালার দ্বিতীয় পর্বে ব্যাংক কর্মকর্তাদের স্লাইড প্রেজেন্টেশন মনোযোগ দিয়ে শুনে ঋণ ও প্রণোদনা পাওয়ার প্রক্রিয়া এবং শর্তাবলি সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে হবে।"

তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন সহজ শর্তে প্রণোদনা ও ঋণ সহায়তা পেতে পারেন, সে বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।"

কর্মশালার দ্বিতীয় পর্বে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণ ও অর্থায়ন সুবিধা, ঋণ পাওয়ার প্রক্রিয়া এবং প্রয়োজনীয় শর্তাবলি তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় বিদেশিদের প্রবেশ বাধাতে শীর্ষ তালিকায় ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৩ এম


মালয়েশিয়ায় বিদেশিদের প্রবেশ বাধাতে শীর্ষ তালিকায় ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও ভারত

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুসারে, গত তিন বছরের মধ্যে দেশটিতে প্রবেশের অনুমতি না পাওয়া বিদেশি নাগরিকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও ভারতের নাগরিকদের সংখ্যা সর্বাধিক। ২০২৪ সালের জানুয়ারি থেকে গত মাস পর্যন্ত ইন্দোনেশিয়ার নাগরিকদের বিরুদ্ধে ৩৪ হাজার ৬শ’ ৫০টি, বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে ২৭ হাজার ৫শ’ ৪টি এবং ভারতের নাগরিকদের বিরুদ্ধে ২২ হাজার ৩শ’ ৫০টি ‘প্রবেশে নিষেধাজ্ঞা’ জারি করা হয়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে ৪১ হাজার ৬শ’ ৫৬ জন বিদেশি নাগরিককে প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশ প্রদান করা হয়েছে, যা দৈনিক গড় প্রায় ১শ’ ৪০ জন। গত বছর পুরো সময়ের মধ্যে এই সংখ্যা ছিল ৪৯ হাজার ৫শ’ ২২ এবং ২০২৪ সালে ছিল ৩৪ হাজার ৫শ’ ২৮।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নির্ধারিত সব সীমান্ত প্রবেশপথে কঠোরভাবে যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হলে ভ্রমণকারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয় না। তিনি বলেন, “অভিবাসন আইনের ৮(৩) ধারায় প্রবেশে নিষেধাজ্ঞার প্রধান ভিত্তি ও সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে অবস্থানকালীন ব্যয় নির্বাহের পর্যাপ্ত আর্থিক সামর্থ্য প্রমাণে ব্যর্থতা, সফরের উদ্দেশ্য সন্দেহজনক হওয়া বা তা যাচাই করতে না পারা কিংবা নিরাপত্তা ও কালোতালিকাভুক্ত ব্যক্তিদের তথ্যভান্ডারে নাম থাকা।”

এছাড়া, বৈধ পাসপোর্ট বা উপযুক্ত ভিসা না থাকা প্রবেশে বাধা দেওয়ার অন্যতম কারণ। দেশটির অভিবাসন বিভাগ অভিবাসন আইন লঙ্ঘন, নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ, আইন প্রয়োগকারী সংস্থার অভিযান কিংবা অন্যান্য কর্তৃপক্ষের নির্দেশে প্রবেশে নিষিদ্ধ বিদেশিদের তথ্যও সংরক্ষণ করে। দেশটির প্রবেশ ও বহির্গমন প্রক্রিয়াতে শনাক্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার আইন অনুযায়ী গ্রেপ্তার বা বহিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও বলেন, যাদের বিরুদ্ধে সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে অথবা যারা আন্তর্জাতিকভাবে বা অন্য কোনোভাবে খোঁজ করা ব্যক্তিদের তালিকায় রয়েছেন, তাদের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়। জাকারিয়া বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান, অবৈধ কর্মসংস্থান, অপরাধমূলক কর্মকা- কিংবা অন্যান্য আইন লঙ্ঘনের কারণে প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে।

এসব নিষেধাজ্ঞা সাময়িক অথবা অনির্দিষ্টকালের জন্য হতে পারে। প্রতিটি ঘটনার ধরন অনুযায়ী নিষেধাজ্ঞার মেয়াদ নির্ধারণ করা হয়। মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশ এড়াতে ভ্রমণকারীদের কমপক্ষে ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্ট, নিশ্চিত ফিরতি বা পরবর্তী গন্তব্যের টিকিট, পর্যাপ্ত অর্থ এবং অবস্থানের জন্য আবাসনের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। তিনি আরও বলেন, অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিদের বাইরে সব বিদেশিকে মালয়েশিয়ায় পৌঁছানোর আগের তিন দিনের মধ্যে অনলাইনে মালয়েশিয়া ডিজিটাল আগমনপত্র পূরণ করতে হবে। আন্তর্জাতিকভাবে খোঁজ করা অপরাধীদের বিষয়ে জানতে চাইলে জাকারিয়া বলেন, ইন্টারপোলের ‘রেড নোটিশ’-এর মাধ্যমে এ ধরনের ব্যক্তিদের তথ্য বিনিময় করে মালয়েশিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবি কর্মকর্তার মন্তব্য: "প্রয়োজনে কফিন খুলে দেখবো হাসিনার মাথা আছে কি না"

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ এম


বিজিবি কর্মকর্তার মন্তব্য: "প্রয়োজনে কফিন খুলে দেখবো হাসিনার মাথা আছে কি না"

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আক্কাস আলী সাংবাদিকদের উদ্দেশে বলেন, "প্রয়োজনে কফিনের বক্স খুলে দেখা হবে, হাসিনার মাথা আছে কি না।" তিনি সোমবার রাতে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে বেনাপোল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় এই মন্তব্য করেন। এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

গত রবিবার ভারতের পেট্রাপোল সীমান্ত এলাকায় আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, আলাউদ্দিন নাফিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ কয়েকজন পলাতক নেতা বৈঠক করেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এই গুজবের কারণে সীমান্ত এলাকায় বসবাসকারী গ্রামবাসীদের মধ্যে টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছে।

গুজব ছড়িয়ে পড়ার পর গতকাল সোমবার রাত থেকে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সূক্ষ্ম নজরদারি শুরু হয়। বেনাপোলের বিভিন্ন সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। বিজিবি সদস্যরা ক্যাম্প থেকে সারাক্ষণ নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবির সাথে রাত জেগে বিএনপির নেতাকর্মী ও গ্রামবাসীদের সীমান্ত পাহারায় দেখা গেছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে এবং বিজিবির টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

সীমান্ত ঘেঁষা সাদিপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানান, "সীমান্ত এলাকায় যেকোন ধরণের নাশকতা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমরা রাত জেগে বিজিবির সাথে সীমান্ত পাহারা দিচ্ছি। দেশের স্বার্থে আমরা সীমান্ত এলাকায় বিজিবিকে সহযোগিতা করে যাবো।"

বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জাসান সনি বলেন, "ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোন ধরণের নাশকতা ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় বিজিবির সাথে সারাক্ষণ পাহারা দিচ্ছে বিএনপির নেতা কর্মীরা।" তিনি আরও জানান, "নাশকতা থেকে বন্দরকে রক্ষা করতে আমাদের শ্রমিকদলের তিন হাজার শ্রমিক বন্দর এলাকায় পাহারা দিচ্ছে। স্বৈরাচার শেখ হাসিনা বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসার ঘোষণা দিয়েছেন। তিনি এই বন্দর দিয়ে আসার চেষ্টা করলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, "সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।" তিনি জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং রাতে সার্চলাইট জ্বালিয়েও সীমান্ত পাহারা দেওয়া হচ্ছে। এমনকি ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%