০৮:৩৩ এম
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন পাঁচটি প্রকল্প এবং সংশোধিত নয়টি প্রকল্পসহ মোট ১৪টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য বরাদ্দের দিক থেকে দুটি প্রকল্প সবচেয়ে বড়। ঢাকা সংলগ্ন ১৩টি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সক্ষমতা বৃদ্ধির জন্য এই দুটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৫৮০ কোটি টাকা।
নতুন উপকেন্দ্র নির্মাণ, বিদ্যমান উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি, বিদ্যুৎ লাইন নির্মাণ ও সংস্কার এবং আধুনিক প্রযুক্তি স্থাপনের মাধ্যমে মোট দুই হাজার ৬৮১ এমভিএ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পগুলোর অর্থায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) কাছ থেকে প্রায় ৭৩১ মিলিয়ন ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পগুলোর মধ্যে ঢাকার ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার ক্ষমতাবর্ধনে ব্যয় ধরা হয়েছে চার হাজার ৬০১ কোটি টাকা। এর মধ্যে সরকার ৯৬২ কোটি ৯৩ লাখ টাকা দেবে, এডিবি ঋণ দেবে ২০০ মিলিয়ন ডলার বা প্রায় দুই হাজার ৪৫৫ কোটি টাকা এবং বাপবিবোর নিজস্ব অর্থায়ন থাকবে এক হাজার ১৮৩ কোটি টাকা।
আরও পড়ুন: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে
অন্যদিকে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধনে ব্যয় ধরা হয়েছে আট হাজার ৯৭৯ কোটি টাকা। এর মধ্যে সরকার এক হাজার ২৮২ কোটি টাকা দেবে, এআইআইবি থেকে ৫৩১ মিলিয়ন ডলার বা প্রায় ছয় হাজার ৪৮৯ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। বাপবিবোর নিজস্ব অর্থায়ন থাকবে এক হাজার ২০৭ কোটি টাকা।
পরিকল্পনা কমিশনের সূত্রে জানা গেছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প দুটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।
প্রকল্পের নথি অনুযায়ী, ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতিতে ২০৩৩ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা ৯ হাজার ৭৬০ এমভিএ দাঁড়াবে। বর্তমানে চলমান প্রকল্পসহ মোট সক্ষমতা রয়েছে ছয় হাজার ৯৩০ এমভিএ। ফলে চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে দুই হাজার ৮৩০ এমভিএ।
আরও পড়ুন: ১১২ বাংলাদেশি কর্মী বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন
প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে নতুন উপকেন্দ্র নির্মাণ ও বিদ্যমান উপকেন্দ্রের ক্ষমতা বাড়িয়ে এক হাজার ২৬৫ এমভিএ সক্ষমতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিনটি উপকেন্দ্রে অতিরিক্ত ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে আরো ৩০ এমভিএ সক্ষমতা বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে। সব মিলিয়ে সক্ষমতা বাড়বে এক হাজার ২৯৫ এমভিএ।
অন্যদিকে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতিতে ২০৩১ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা ৭ হাজার ৩৭০ এমভিএ দাঁড়াবে। বর্তমানে সক্ষমতা রয়েছে পাঁচ হাজার ২৯৪ এমভিএ। অর্থাৎ ঘাটতি দুই হাজার ৭৬ এমভিএ। এ ঘাটতি মোকাবেলায় ৯০টি নতুন উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে এক হাজার ৩৮৬ এমভিএ সক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
দুটি প্রকল্পেই শুধু উপকেন্দ্র নির্মাণ নয়, বিতরণব্যবস্থার আধুনিকায়নে বড় ধরনের অবকাঠামোগত কাজ করা হবে। ঢাকার আশপাশের এলাকায় ৫২টি নতুন উপকেন্দ্র নির্মাণ, ১২টি উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি, চার হাজার ২০০ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ ও উন্নয়নের পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ৯০টি নতুন উপকেন্দ্রের পাশাপাশি ২৩ হাজার ৪৩৮ কিলোমিটার লাইন নির্মাণ ও উন্নয়ন, ছয়টি সুইচিং স্টেশন এবং কুমিল্লা ও চট্টগ্রাম জোনে এসসিএডিএ ব্যবস্থা স্থাপন করা হবে। এ ছাড়া ফল্ট লোকেটর স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ বিভ্রাটের কারণ দ্রুত শনাক্ত করে সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।
প্রকল্প দুটির মাধ্যমে বিদ্যুৎ বিতরণে সিস্টেম লস কমানোর লক্ষ্যও রয়েছে। ঢাকার আশপাশের এলাকায় সিস্টেম লস ৫.১ শতাংশ থেকে ৪.৫৭ শতাংশে এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ১০.৩৫ শতাংশ থেকে ৮.৪০ শতাংশে নামানোর পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন: আজ ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকায় বিক্রি হচ্ছে
এদিকে, একনেকের আজকের সভায় মোট ১৪টি প্রকল্প উপস্থাপনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ, সংস্কৃতি, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও সড়ক পরিবহন বিভাগের প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি পরিকল্পনামন্ত্রী অনুমোদিত আরো সাতটি প্রকল্পের বিষয়ে একনেককে অবহিত করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন