০৮:৩৬ এম
দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার শ্রমবাজারে পাঠানো আবার শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রথম দফায় বিনা অভিবাসন ব্যয়ে ১১২ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন। তাদের বিমানভাড়া এবং অভিবাসন সংক্রান্ত সকল ব্যয় বহন করবে মালয়েশীয় নিয়োগকারী প্রতিষ্ঠান। এ যাত্রার মাধ্যমে প্রথম পর্যায়ে বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর সরকারি উদ্যোগের সূচনা হচ্ছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের যাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: আজ একনেকে উপস্থাপিত হচ্ছে ১৪টি উন্নয়ন প্রকল্প
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে কর্মীরা মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবেন। সরকারি ব্যবস্থাপনায় তাদের নিয়োগ দিয়েছে ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া।
বোয়েসেল সূত্রে জানা যায়, বিনা খরচে কর্মী পাঠানোর এই উদ্যোগের জন্য গত ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। মোট চার হাজার ২৯টি আবেদন জমা পড়ে। স্বয়ংক্রিয় লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। সাক্ষাৎকারে অনুপস্থিত প্রার্থীদের বাদ দিয়ে পরবর্তীতে আরও ৫০ জনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। এরপর পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেয় মালয়েশীয় প্রতিষ্ঠানটি।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক উল্লেখ করেন, সরকারি ব্যবস্থাপনায় দক্ষ কর্মী নিয়োগের জন্য এবারই প্রথম লটারিভিত্তিক বাছাই পদ্ধতি চালু করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি কর্মীরা যেন কোনো অর্থ ব্যয় ছাড়াই বিদেশে চাকরি পেতে পারেন, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নিয়োগ সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং কর্মী শোষণের অভিযোগে অতীতে কয়েক দফায় মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। ২০২২ থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হয়। তবে ১০১টি রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায় ও দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০২৪ সালের জুনে কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ভোটাভুটির মাধ্যমে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, কার্যকর ১ ডিসেম্বর
এর আগে ২০০৮-২০১২, ২০১৬-২০১৮ এবং ২০১৯-২০২২ সালেও বিভিন্ন অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগে শ্রমবাজারটিতে নিয়োগ কার্যক্রম ব্যাহত হয়েছিল।
এবারের উদ্যোগের বাইরে ২৫টি রিক্রুটিং এজেন্সি ও ৩১২টি সহযোগী এজেন্সির মাধ্যমে নিয়মিত নিয়োগ প্রক্রিয়াও চালু রয়েছে। এই ব্যবস্থায় মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। নির্ধারিত অঙ্কের বেশি অর্থ আদায় করলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। তবে বোয়েসেলের মাধ্যমে যাওয়া ১১২ কর্মীর কোনো অভিবাসন ব্যয় হচ্ছে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন