ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

মিরপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম মিঠু নারায়ণগঞ্জে গ্রেফতার


মিরপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম মিঠু নারায়ণগঞ্জে গ্রেফতার

পুলিশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. সাইফুল ইসলাম মিঠুকে।

শুক্রবার (৩০ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানাধীন আইলপাড়া এলাকার নিজ ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সাইফুল ইসলাম মিঠু ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মিরপুর থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক।

আরও পড়ুন: কাঁঠালিয়ার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উপহার দিলেন এমপি জামাল

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইফুল ইসলাম মিঠু প্রায় এক মাস আগে সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় আত্মগোপন করেন এবং সেখানে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের একটি দল সেই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সিদ্ধিরগঞ্জ থানার সেকেন্ড অফিসার মো. নাজমুল ইসলাম সময় সংবাদকে জানিয়েছেন, গ্রেফতার সাইফুল ইসলাম মিঠুর বিরুদ্ধে রাজধানীর মিরপুর ও শেরেবাংলা নগর থানায় চব্বিশের জুলাই আন্দোলনে হামলার মামলার প্রমাণ পাওয়া গেছে। এর পাশাপাশি তার বিরুদ্ধে আরও কিছু মামলার তথ্য তাদের কাছে এসেছে। মিঠুর বিরুদ্ধে ঠিক কতগুলো মামলা রয়েছে, কোনো মামলায় ওয়ারেন্ট বা সাজাপ্রাপ্ত কি না, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। বর্তমানে তাকে থানা-পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানিয়েছেন, গ্রেফতার সাইফুল ইসলাম মিঠুর বিরুদ্ধে মিরপুর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লা শিক্ষাবোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির রেসকোর্স মসজিদে নামাজ বন্ধ করল সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৩০ এম


দিল্লির রেসকোর্স মসজিদে নামাজ বন্ধ করল সরকার

ভারতের রাজধানী দিল্লিতে একটি ঐতিহাসিক মসজিদে নামাজ পড়া বন্ধ করে দেওয়া হয়েছে। ১৫০ বছরের পুরোনো দিল্লির রেসকোর্স মসজিদে সাময়িকভাবে বুলডোজার চালানোর কার্যক্রম স্থগিত থাকলেও, মুসলিমদের নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে দিল্লির হাইকোর্ট।

এই ঘটনার মাধ্যমে ভারতে মুসলমানদের বর্তমান পরিস্থিতি এবং তাদের ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপের বিষয়টি আবারও স্পষ্ট হয়ে উঠেছে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টকে জানানো হয়েছে যে, রেসকোর্সের মসজিদটি নিয়ে তারা এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না। দিল্লি ওয়াকফ বোর্ড ল্যান্ড ও ডেভেলপমেন্ট অফিসে নিজেদের বক্তব্য পেশ করার জন্য চার সপ্তাহ সময় নিয়েছে, ফলে আপাতত মসজিদটির আয়ু চার মাস বাড়ানো হয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে এবং হাইকোর্ট সরকারকে ছবিসহ বর্তমান অবস্থার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে, মসজিদটি আপাতত নিরাপদ থাকলেও মুসল্লিদের নামাজ আদায়ের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

সম্প্রতি উচ্ছেদ অভিযানের অজুহাত দেখিয়ে নিরাপত্তার স্বার্থে হাইকোর্ট মসজিদে নামাজ আদায়ের অনুমতি দিতে অস্বীকার করেছে। কর্তৃপক্ষের বক্তব্য, উচ্ছেদ অভিযান চলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকার একটি মন্দিরের বাইরের লোকজনের পাশাপাশি মসজিদেও বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা প্রয়োজন।

মসজিদ কমিটির পক্ষ থেকে আদালতে ছবি প্রকাশ করে জানানো হয়েছে যে, এলাকায় উচ্ছেদ অভিযান ইতোমধ্যে শেষ হয়ে গেছে এবং বর্তমানে সেখানে কোনো উত্তেজনা বা সমস্যা নেই।

তবুও, ‘অপ্রীতিকর ঘটনা ঘটলে দায় কে নেবে’Ñএমন প্রশ্ন তুলে হাইকোর্ট ঐতিহাসিক এই মসজিদে প্রথমবারের মতো নামাজ পড়া সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

রেকর্ড অনুযায়ী, প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অবস্থিত রেসকোর্স ক্লাব ও জয়পুর পোলো গ্রাউন্ডসংলগ্ন এই শাহী মসজিদটি প্রায় দেড় শতাব্দী পুরোনো। ১৯৭৭ সালে এটি দিল্লি ওয়াকফ বোর্ডের অন্তর্ভুক্ত হয় এবং ২০০৯ সালে হেরিটেজ বা ঐতিহাসিক স্মারক হিসেবে স্বীকৃতি লাভ করে।

প্রশাসন বর্তমানে এই এলাকা নিজেদের বলে দাবি করছে। সম্প্রতি বুলডোজার চালানোর উদ্দেশ্যে সরকার মসজিদের পানি সরবরাহ ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং বিশাল পুলিশ বাহিনী পাঠিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

মসজিদ কমিটির পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করে বলা হয়েছিল যে, মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া ভারতীয় সংবিধানের ধর্ম পালনের অধিকারের সরাসরি হস্তক্ষেপ। কিন্তু সরকার সেই সাংবিধানিক যুক্তিকে উপেক্ষা করেছে। তীব্র উত্তেজনার মধ্যেও স্থানীয় মুসলিমরা চরম সংযমের পরিচয় দিয়ে আদালতের দ্বারস্থ হন।

এদিকে, বর্তমান পরিস্থিতিতে দিল্লি ওয়াকফ বোর্ডের ওপর আস্থা রাখতে পারছেন না স্থানীয়রা। তাদের অভিযোগ, ওই বোর্ডে এখন ক্ষমতাসীন বিজেপি সমর্থকদের আধিপত্য।

সব মিলিয়ে, একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী মসজিদে শুধুমাত্র নিরাপত্তার যুক্তিতে ইবাদত বন্ধ করে দেওয়ার এই ঘটনা ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলা ধারাবাহিক প্রশাসনিক বঞ্চনা ও মানসিক নির্যাতনের একটি নগ্ন প্রতিচ্ছবি।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৩১ এম


ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেন।

তিনি শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে হাসপাতালটি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে স্বাস্থ্য ডিজি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা এবং রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, "দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।" তিনি উল্লেখ করেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং তা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, "ডেঙ্গু একটি জনস্বাস্থ্যগত চ্যালেঞ্জ।" এ রোগের বিস্তার রোধে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগ সফল করতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদফতরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ ওয়াজেদ আলী, নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক এবং সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বাবাকে হত্যা করতে চাইছে’ : ইমরান খানের ছেলের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৩১ এম


‘বাবাকে হত্যা করতে চাইছে’ : ইমরান খানের ছেলের সতর্কবার্তা

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন বর্তমানে ঝুঁকির সম্মুখীন বলে সতর্ক করেছেন তাঁর ছেলে সুলাইমান খান। তিনি অভিযোগ করেছেন যে, বাবাকে কারাগারে নির্যাতন করা হচ্ছে এবং তাঁকে হত্যা করার চেষ্টা চলছে। এ বিষয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দায়ী করেছেন সুলাইমান।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সুলাইমানের দাবি, গত আগস্টের পর থেকে পরিবারের সদস্য ও ইমরান খানের আইনজীবীরা বাবার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এর আগে, ইমরান অভিযোগ করেছিলেন যে, কারাগারে তাঁকে নির্যাতন করা হচ্ছে এবং তাঁর জীবন বিপন্ন।

একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় সুলাইমান লেখেন, ‘আগস্টে আমার বাবা স্পষ্টভাবে বলেছিলেন, তাঁকে নির্যাতন করা হচ্ছে এবং মিসরের সরকার যেমন মোহাম্মদ মুরসিকে হত্যা করেছিল, পাকিস্তানের শাসকগোষ্ঠীও তাঁকে একই পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। এরপর থেকে কেউ আমার বাবাকে দেখেনি বা তাঁর কথা শোনেনি।’

মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ২০১৯ সালে আদালতে শুনানি চলাকালে মারা যান। ইমরান খান আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, তাঁর পরিণতিও মুরসির মতো হতে পারে।

সুলাইমান আরও বলেন, ‘এটা স্পষ্ট যে তারা তাঁকে হত্যা করতে চাইছে। কারণ, তিনি এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা এবং তাঁকে ভয় পায় তারা। সবচেয়ে খারাপ কিছু ঘটলে এর জন্য কে দায়ী, তা নিয়ে যেন কারও কোনো ভুল না থাকে।’

চিকিৎসা ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইমরান খানের পরিবার। সুলাইমান অভিযোগ করেছেন যে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সুপ্রিম কোর্টের দেওয়া একটি নির্দেশ উপেক্ষা করছেন।

অভিযোগ অনুযায়ী, গত আগস্টে সুপ্রিম কোর্ট ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য তাঁকে বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের নিয়মিত সাক্ষাৎ এবং আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছিল।

তবে পাকিস্তান সরকার কারাগারে ইমরান খানের সঙ্গে দুর্ব্যবহার ও তাঁকে একাকী বন্দী করে রাখার অভিযোগ অস্বীকার করেছে।

আগস্টে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া লিখিত জবাবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছিল, ইমরান খান সরকারের কোনো নির্বাহী আদেশে আটক নন; বরং আদালতের বিচারিক প্রক্রিয়ায় দেওয়া সাজা ভোগ করছেন একজন ‘দণ্ডিত বন্দী’ হিসেবে।

৭৪ বছর বয়সী ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। দুর্নীতি ও ঘুষসংক্রান্ত মামলায় দণ্ডিত হওয়ার পর তিনি কারাগারে রয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। তিনি অভিযোগগুলো অস্বীকার করে আসছেন এবং সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

ইমরানের বোনদেরও আটক করা হয়েছিল

ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন করতে গিয়ে তাঁর পরিবারের সদস্যরাও চাপের মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

সুলাইমান ও তাঁর ভাই কাসিম খানকে বাবার মুক্তির দাবিতে প্রচার চালানোর জন্য পাকিস্তান সফর না করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গত সেপ্টেম্বরে ইমরান খানের তিন বোন আলিমা খান, উজমা খান ও নরিন নিয়াজিকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে কোনো অপরাধে দণ্ডিত হওয়ার তথ্য প্রতিবেদনে নেই। পাঞ্জাব প্রদেশের জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের আওতায় পরিকল্পিত বিক্ষোভের আগে তাঁদের আটক করা হয়েছিল। সোমবার প্রাদেশিক সরকারের কর্মকর্তারা তাঁদের আটকাদেশ আরও ৩০ দিন বাড়ানোর কথা জানান।

এদিকে, ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। চলতি মাসের শুরুতে আয়োজিত একটি সমাবেশে হাজারো সমর্থক অংশ নেন। বিক্ষোভকারীরা ইসলামাবাদের দিকে দীর্ঘ পদযাত্রা করেন। তাঁদের দাবির মধ্যে ছিল ইমরানের মুক্তি, কারাগারে তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ বাড়ানো এবং পছন্দের চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিশ্চিত করা।

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা

গত ১১ অক্টোবর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন প্রাদেশিক সরকার স্থগিত করেন।

আফগানিস্তান সীমান্তবর্তী এই প্রদেশে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতাকে জরুরি অবস্থা ঘোষণার কারণ হিসেবে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার।

তবে পিটিআই এই পদক্ষেপের সমালোচনা করে একে ‘জরুরি অবস্থার আড়ালে অভ্যুত্থানের মতো ঘটনা’ বলে অভিহিত করেছে। দলটির অভিযোগ, ইমরান খানের মুক্তির দাবিতে চলা আন্দোলন দুর্বল করতেই কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিয়েছে।

ইমরান খানের শারীরিক অবস্থা, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং কারাগারে চিকিৎসার সুযোগ নিয়ে বিরোধ এখন পাকিস্তানের রাজনৈতিক সংকটকে আরো জটিল করে তুলেছে। তবে তাঁর জীবননাশের আশঙ্কা এবং সেনাপ্রধানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সুলাইমান খানের বক্তব্য; পাকিস্তান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রুহুল কবির রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৩২ এম


সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া অনিয়মের অভিযোগ তুলে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার, রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির মরহুম নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

ঢাকা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, "সুনির্দিষ্ট অভিযোগ বা কারও নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয়প্রতিপন্ন করাই তাদের লক্ষ্য। তবে জনগণ সচেতন, অপপ্রচার চালিয়ে জামায়াত সফল হতে পারবে না।"

এদিকে, ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং এই নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট।

সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে রিজভী বলেন, "ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন আপসহীন ও আদর্শবান সিপাহসালার। শত শত ভুয়া মামলা, রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতন এবং কারাবাসে তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল। চিকিৎসাবঞ্চিত করে তাঁকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।"

রিজভী আরও বলেন, "শুধু সালাহউদ্দিন আহমেদ নন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে বহু নেতা-কর্মীকে এভাবে পরিকল্পিতভাবে নিপীড়ন করা হয়েছে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী নবীউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

এ সময় বিএনপির স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%