ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

৭৫০ বলে ম্যাকাই টেস্ট নিষ্পত্তি, রেকর্ড বইয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া


৭৫০ বলে ম্যাকাই টেস্ট নিষ্পত্তি, রেকর্ড বইয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : ম্যাকাইয়ে মাত্র দু’দিনে ৭৫০ বলে নিষ্পত্তি হল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যেকার সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্ট। দ্রুততম সময়ে এবং কম বলের মধ্যে শেষ হওয়ায় রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে এই টেস্টটি।

ম্যাকাই টেস্টে মোট ৭৫০ বল খেলা হয়েছে। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার এই ম্যাচটি পুরুষদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বল বিবেচনায় চতুর্থ এবং অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় সংক্ষিপ্ত টেস্ট ম্যাচ হিসেবে চিহ্নিত হয়েছে।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ সাত টেস্টের মধ্যে তিনটি মাত্র দুই দিনে শেষ হয়েছে।

আরও পড়ুন: ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা তানভীর গ্রেফতার

৩৬৯- ম্যাকাই টেস্টে তিন ইনিংসে সর্বমোট ৩৬৯ রান হয়েছে। এটি পুরুষদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোন ম্যাচে ষষ্ঠ সর্বনিম্ন রান হিসেবে গণ্য হয়। পাশাপাশি, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টেস্টের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বনিম্ন রান। এর চেয়ে কম ২৩৪ রান হয়েছে ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্ন টেস্টে।

৬৪ ও ৯৫- ম্যাকাই টেস্টের দুই ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল যথাক্রমে- ৬৪ ও ৯৫ রান। এই ম্যাচে বাংলাদেশ প্রথমবারের মতো টেস্টের দুই ইনিংসে ১শ রানের নিচে অলআউট হলো।

২০০৫ সালে হারারেতে নিউজিল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের পরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশই প্রথম দল যারা ম্যাচের দুই ইনিংসে ১শ রানের নিচে গুটিয়ে গেল।

ম্যাকাইয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২১০ রান। টেস্ট ক্রিকেটে ইনিংস ব্যবধানে জয়ের ক্ষেত্রে এটি চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ। তালিকার শীর্ষ তিনের মধ্যে সর্বনিম্ন সংগ্রহের দু’টিতেই অস্ট্রেলিয়া জয় লাভ করেছে। রেকর্ডটি অস্ট্রেলিয়ার দখলে। ১৯৩২ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৩ রান করেও এর স্বাক্ষর রেখেছিল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে সাত, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ জন

ম্যাকাই টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তিনি এজন্য মোট ১০৯টি বল ডেলিভারি করেছেন। পুরুষদের টেস্ট ক্রিকেটে কম বল ডেলিভারি করে ১০ উইকেট গ্রহণের ক্ষেত্রে এটি পঞ্চম স্থানে অবস্থান করে। এক্ষেত্রে রেকর্ডের মালিক ইংল্যান্ডের পেসার জিওর্জি লোহম্যান। ১৮৯৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯১ বল ডেলিভারি করে ১০ উইকেট শিকার করেছিলেন তিনি।

সর্বশেষ এই তালিকায় নাম তুলেছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ফ্রাঙ্ক উলি। ১৯১২ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ বল ডেলিভারি দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে স্টার্কের কীর্তি দ্রুততম। আগের রেকর্ডটিও ছিল স্টার্কের। গত বছর অ্যাশেজ সিরিজে পার্থ টেস্টে ১২৩ বল ডেলিভারিতে ১০ উইকেট নিয়েছিলেন তিনি।

ম্যাকাই টেস্টে বাংলাদেশের ৬ জন ব্যাটারকে শূন্য রানে আউট করেছেন স্টার্ক। টেস্ট ইতিহাসে এর চেয়ে বেশিবার প্রতিপক্ষের ব্যাটারকে শূন্য রানে আউট করেছেন ইংল্যান্ডের অফ-স্পিনার জিম লেকার। ১৯৫৬ সালে ম্যানচেষ্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১৯ উইকেট নেওয়ার পথে ৮ ব্যাটারকে শূন্য রানে সাজঘরে পাঠান লেকার। টেস্টে প্রতিপক্ষের ৬ জন ব্যাটারকে শূন্য রানে আউট করার কৃতিত্ব আরও আটজন বোলারের রয়েছে।

আরও পড়ুন: গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া আঁখির পাশে প্রধানমন্ত্রী

সিরিজের দ্বিতীয় টেস্টে স্টার্কের দেওয়া ১০ উইকেটের মধ্যে ৮ জনই বাঁ-হাতি ব্যাটার। পুরুষদের টেস্টে সবচেয়ে বেশি ১০ জন বাঁ-হাতি ব্যাটারের উইকেট নেওয়ার কৃতিত্ব দেখাতে সক্ষম হয়েছেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে তিনি এই কৃতিত্ব দেখিয়েছিলেন। এছাড়া নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট (২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে), ভারতের রবীচন্দ্রন অশ্বিন (২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) এবং বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ (২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে) এক টেস্টে ৮ জন করে বাঁ-হাতি ব্যাটারকে আউট করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু মঙ্গলবার

ঢাকা, ২৩ আগস্ট ২০২৬ : মঙ্গলবার থেকে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু হচ্ছে। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) হলো ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের একটি সুপ্রাচীন সংগঠন, যার সদস্য সংখ্যা প্রায় তিনশ। বিএসপিএ এবারও প্রতি বছরের মতো দুই সপ্তাহব্যাপী স্পোর্টস কার্নিভাল-২০২৬ আয়োজন করতে যাচ্ছে। এ বারও বিএসপিএ স্পোর্টস কার্নিভালে পৃষ্ঠপোষক হিসেবে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’ যুক্ত রয়েছে।

এ উপলক্ষে আজ বিকেলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক অডিটরিয়ামে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসপিএ’র সহ-সভাপতি তালহা বিন নজরুল, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী মঙ্গলবার বেলা ১২টায় হোম অব বিএসপিএতে আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া উৎসব শুরু হবে। ক্রীড়া উৎসবের উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান, ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়া ও বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী।

এবারের কার্নিভালে ৮ ডিসিপ্লিনের ১২ ইভেন্টে অংশ নিচ্ছেন বিএসপিএ’র শতাধিক সদস্য। মোট ডিসিপ্লিনগুলো হলো- আরচ্যারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (১০০ মিটার ও শটপুট), কার্ড গেম (কলব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং। ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে সবগুলো খেলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় শালিসে বাইরের লোক আনার অভিযোগে পরিবারকে সমাজচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


আলফাডাঙ্গায় শালিসে বাইরের লোক আনার অভিযোগে পরিবারকে সমাজচ্যুত

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর নোয়াপাড়া গ্রামে জমি-সংক্রান্ত একটি বিরোধের শালিস বৈঠকে গ্রামের বাইরে থেকে লোক আনার অভিযোগ নিয়ে একটি পরিবারকে সমাজচ্যুত (একঘরে) করার অভিযোগ উঠেছে স্থানীয় সমাজপতিদের বিরুদ্ধে। একইসঙ্গে, ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে, তাদের পরিবারের সদস্যদের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং স্থানীয় মসজিদে নামাজ আদায়েও বাধা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী পরিবারটি হলো মৃত আব্দুর রফিক শেখের তিন ছেলে, তারা হলেন তারেক শেখ, ওবায়দুর শেখ ও খালিদ শেখের পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিক শেখের পরিবারের সঙ্গে প্রতিবেশী ওসমান গনির একটি দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধ মীমাংসার জন্য ২৪ জুলাই শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর, বিরোধের নিষ্পত্তির লক্ষ্যে ৩০ জুলাই পুনরায় জমি মাপার উদ্যোগ নেওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই সময় রফিক শেখের পরিবারের পক্ষ থেকে গ্রামের বাইরে থেকে কয়েকজন লোক উপস্থিত হওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৩১ জুলাই স্থানীয়ভাবে একটি বৈঠক আয়োজন করা হয়। পরে ২১ আগস্ট সন্ধ্যায় চর নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবারও সভা অনুষ্ঠিত হয় বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ওই সভায় পরিবারটিকে সামাজিকভাবে বর্জনের সিদ্ধান্ত জানানো হয়েছে। তাদের সামাজিক সম্পর্ক রক্ষা করতে না দেওয়া, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেওয়া এবং স্থানীয় মসজিদে নামাজ পড়তেও নিষেধ করার বিষয়টি জানানো হয়েছে।

ভুক্তভোগী খালিদ শেখ বলেন, "জমির শালিসে আমাদের পক্ষের কথা বলার জন্য গ্রামের বাইরে থেকে আত্মীয়-স্বজন এসেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে আমাদের পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। আমাদের সামাজিক সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে এবং মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে।"

অভিযোগের বিষয়ে স্থানীয় সমাজপতি আবুল সরকার বলেন, "গ্রামের বিষয় নিয়ে শালিস হলেও তারা বাইরে থেকে অনেক লোক নিয়ে এসেছিল। এ কারণে গ্রামের লোকজন মিলে তাদের সঙ্গে সামাজিক সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নিয়েছে। পরে তারা আমার কাছে এসেছিল। আমি গ্রামের মানুষের কাছে ভুল স্বীকার করার কথা বলেছি।"

স্থানীয় সাবেক কাউন্সিলর আজিজুল তালুকদার বলেন, "দুই দফা জমি মাপার সময় আমি শালিসে উপস্থিত ছিলাম। তবে পরবর্তীতে পরিবারটিকে সমাজচ্যুত করার বিষয়ে আমাকে জানানো হয়নি।"

এ বিষয়ে আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব বলেন, "কাউকে সামাজিকভাবে বর্জন করা মানবিক ও আইনসম্মত নয়। বিষয়টি শুনেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।"

আলফাডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমিন বলেন, "ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত জানা নেই। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রচলিত আইনের বাইরে গিয়ে কারও বিচার করার সুযোগ নেই।"

এদিকে, ২৩ আগস্ট গভীর রাতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা শুরু হয়েছে। জমি-বিরোধের কারণে কোনো পরিবারকে সামাজিকভাবে বর্জন এবং মসজিদে নামাজ আদায়ে বাধা দেওয়ার অভিযোগের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও তাদের স্বাভাবিক সামাজিক জীবন নিশ্চিত করার দাবি জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচনে দলের কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবে না: রাশেদ খান 

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


স্থানীয় সরকার নির্বাচনে দলের কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবে না: রাশেদ খান 

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জানিয়েছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী সিলেকশন করবে। তিনি উল্লেখ করেছেন, দলের মধ্য থেকে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবে না।

রাশেদ খান বলেন, বিএনপি করার জন্য দলের কেন্দ্রীয় কমান্ডের সিদ্ধান্ত মানতে হবে। এই বক্তব্য তিনি রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে উল্লেখ করেন।

তিনি বলেন, সরকারি অফিসের কর্মকর্তারা যদি সেবা প্রদানের সময় সাধারণ মানুষের সাথে অসদাচরণ বা ঘুষ দাবির অভিযোগে জড়িত হন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, কালীগঞ্জ উপজেলার সকল সরকারি দপ্তরের গেটে অভিযোগ বাক্স স্থাপন করার জন্য ইউএনওকে নির্দেশ দেন রাশেদ খান। তবে তিনি সতর্ক করে বলেন, যদি কেউ হিংসার কারণে মিথ্যা অভিযোগ দায়ের করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

রাশেদ খান জানান, এলাকার উন্নয়নে বিরোধীদল স্থানীয় জামায়াতের সঙ্গে তাদের মধ্যে কোনো বিরোধ থাকবে না। আইনশৃঙ্খলা উন্নয়ন ও মাদক নির্মূলে সকল দল একজোট হয়ে কাজ করা উচিত। তিনি আরও জানান, এই আসনে তাকে ধানের শীষের প্রার্থী করা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী ও গ্রুপিং বিভেদে তিনি পরাজিত হন।

এ কারণে স্থানীয় বিএনপি সাংগঠনিক অবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, যারা ভুল করেছেন তারা ফিরে এসে দলের জন্য কাজ করবেন এবং দল গোছাতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নির্দেশনা দিয়েছেন।

মতবিনিময়ের সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে ৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


যশোরে ৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

যশোর, ২৩ আগস্ট, ২০২৬ : যশোর জেলার আটজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ নিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার প্রায় ১৩ বছর পর ভুক্তভোগী যশোর জেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি নূরনবী আজ রোববার নিজ থেকে বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান তহিদুর রহমান ফন্টু চাকলাদার, সাবেক পৌর মেয়র রেন্টু চাকলাদার, শফি যিনি পাইপ শফি নামে পরিচিত, কালাম, রুবেল এবং রিন্টু।

যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এই বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালের ১৩ জুলাই যশোর শহরের ঘোপ জেলরোড এলাকার বাসিন্দা নূরনবীকে অস্ত্রের মুখে ডেকে নিয়ে মারধরের পর মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়।

পরে তাকে একটি নির্জনস্থানে নিয়ে ছুরি দিয়ে পায়ের রগ কেটে দুই হাত ও পায়ের হাড় ভেঙে ফেলা হয় এবং সেই সময় টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। আসামিদের ভয়ে এতদিন মামলা করতে পারেননি বলেও জানান নূরনবী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%