ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের বাজারে সোনার ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা


দেশের বাজারে সোনার ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা

দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। ভরিতে তিন হাজার ২৬৬ টাকা হ্রাস করে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা। এই নতুন দাম গত মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজ শুক্রবারও একই দামে বিক্রি হচ্ছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম তিন হাজার ১৪৯ টাকা কমিয়ে দুই লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৬৮২ টাকা কমিয়ে এক লাখ ৮৭ হাজার ৩২ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এক লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৯ অক্টোবর দেশের বাজারে সোনার দাম বৃদ্ধি করা হয়েছিল। সেই সময়ে ভরিতে দুই হাজার ২১৬ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৯৯ টাকা বাড়িয়ে দুই লাখ ২০ হাজার ৯১৬ টাকা করা হয়েছিল।

আরও পড়ুন: আরএসজিটি বাংলাদেশের নতুন রেকর্ড: পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৭২ মুভ ও ১২২ টিইইউ'স

এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৮০৮ টাকা বাড়িয়ে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদো পর্তুগালে শেষ ম্যাচ খেললেন, ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৪ এম


রোনালদো পর্তুগালে শেষ ম্যাচ খেললেন, ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন

ক্রিশ্চিয়ানো রোনালদোর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। এবার এলমা আভেইরো, তার বড় বোন, এ বিষয়ে কথা বলেছেন। এলমার মন্তব্যে মনে হচ্ছে, রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হতে পারে।

গত আন্তর্জাতিক বিরতিতে রোনালদো হঠাৎ করে পর্তুগাল দলের ক্যাম্প ত্যাগ করেন। নরওয়ের বিরুদ্ধে পর্তুগাল ২-১ গোলে জিতেছিল। ওই ম্যাচে রোনালদো ছিলেন বদলি খেলোয়াড়দের বেঞ্চে। এরপর কোচ জর্জ জেসুসের সঙ্গে তার মতভেদ বাড়তে থাকে।

পরবর্তীতে, পর্তুগাল অধিনায়ক প্রায় দুই হাজার শব্দের একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি তার অবস্থান পরিষ্কার করেন এবং জানান যে তিনি জাতীয় দলে ফিরতে চান। কিন্তু বোনের নতুন মন্তব্যে সেই ফিরতে চাওয়ার ব্যাপারে আবারও ধোঁয়াশা তৈরি হয়েছে।

বুধবার একটি বই প্রকাশের অনুষ্ঠানে এলমা বক্তব্য রাখেন। ৫৩ বছর বয়সী এলমা জানান, ৪১ বছর বয়সী ছোট ভাই এখন খুব কষ্টে আছেন। মজার বিষয় হলো, ওই অনুষ্ঠানে কোচ জেসুসও উপস্থিত ছিলেন। পুরো ঘটনার প্রেক্ষাপটে এটি বেশ নজরকাড়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর উদ্ধৃতিতে এলমা বলেন, ‘তার না ফেরার সম্ভাবনা ফেরার সম্ভাবনার চেয়ে বেশি। আমার মনে হয় রোনালদো ও জেসুস, দুজনেই কষ্টে আছেন। এই পরিস্থিতির ভেতর দিয়ে তারা গেছে, আমি নই, আর আমি আমার ভাইয়ের পক্ষ হয়ে কথা বলছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয় বিষয়টি একটি বন্ধ গলিতে পৌঁছে গেছে, এখন দেখা যাক কী হয়। আমি জানি না, ব্যাপারটি অত্যন্ত জটিল। যখন আমরা বিশ্বাসঘাতকতার শিকার হই, তখন আগের অবস্থায় ফিরে যাওয়া খুব কঠিন হয়ে যায়।’

এলমার মতে, পর্তুগালের ফুটবল কর্তাদের আরও কৃতজ্ঞ হওয়া উচিত। জাতীয় দলের অধিনায়ক এত বছর দেশের জন্য অনেক কিছু দিয়েছেন। ভক্তরা তার অতীতের অর্জন ভুলে যাচ্ছেন বলেও তিনি দুঃখ প্রকাশ করেছেন।

এলমা বলেন, ‘আমার খারাপ লাগছে, কারণ দুঃখজনকভাবে পর্তুগালের মানুষ আগে যা অর্জিত হয়েছে তা ভুলে যায়, আর ভাবে যে এখন বিষয়গুলো অন্যভাবে চলা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমি কথা খুঁজে পাচ্ছি না, কারণ আমার ভাইকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখা খুবই কষ্টের। যাদের সঙ্গে এমন ঘটনা ঘটা উচিত নয়, সে তাদের একজন।’

এলমার এই মন্তব্য রোনালদোর পরিবারের অবস্থানকেই আরও স্পষ্ট করেছে। এর আগে রোনালদোর মা জানিয়েছিলেন, ছেলের হঠাৎ ক্যাম্প ছাড়ার পর তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন।

এদিকে, পর্তুগাল ফুটবল ফেডারেশনও একটি বিবৃতি দিয়েছে। রোনালদো ক্যাম্প ত্যাগ করার পর ফেডারেশন জানায়, তার ওপর স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

তবে আল নাসরের এই স্ট্রাইকার আগামী নভেম্বরের ম্যাচগুলোর জন্য পর্তুগাল দলে নির্বাচিত হওয়ার মতো অবস্থায় থাকবেন বলে আশা করা হচ্ছে।

উয়েফা নেশনস লিগে পর্তুগাল ডেনমার্ক ও নরওয়েকে হারিয়ে দুটি জয় পেয়েছে। দুটি ম্যাচই রোনালদো বাড়ি থেকে দেখেছেন। এতে কোচিং স্টাফের সঙ্গে তার সম্পর্ক এবং জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

রোনালদো আবার জাতীয় দলে ফিরবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। সামনের দিনগুলোতেই সেটা পরিষ্কার হবে। তবে বোনের মন্তব্য অনুযায়ী, এই সংকট কাটিয়ে আগের সম্পর্কে ফেরা মোটেও সহজ হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের খেলা: বাংলাদেশ ফুটবল লিগে দুটি ম্যাচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৭ এম


আজকের খেলা: বাংলাদেশ ফুটবল লিগে দুটি ম্যাচ

বাংলাদেশ ফুটবল লিগে আজ অনুষ্ঠিত হবে দুটি খেলা।

ফুটবল

বাংলাদেশ ফুটবল লিগ

সিটি ক্লাব–বসুন্ধরা

বেলা ২–৪৫ মি., ইউটিউব/বিএফএফ টিভি

পিডব্লুডি–মোহামেডান

বেলা ২–৪৫ মি., ইউটিউব/বিএফএফ টিভি

লিগ ওয়ান

লা মাঁ–তুলুজ

রাত ১২–৪৫ মি., ট্যাপম্যাড

লা লিগা

দেপোর্তিভো–লেভান্তে

রাত ১টা, টি স্পোর্টস

ক্রিকেট

১ম নারী টি–টোয়েন্টি

ভারত–জিম্বাবুয়ে

সন্ধ্যা ৭–৩০ মি., স্টার স্পোর্টস ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখে কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৭ এম


কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখে কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

কৃষিখাতের উন্নয়ন, বাজারের শৃঙ্খলা কিংবা আধুনিক প্রযুক্তি—যেকোনো আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে কৃষককে রাখা, তার উৎপাদিত পণ্যের বাজার নিরাপত্তা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘কৃষি ইকোসিস্টেম বা পরিবেশের সর্বোচ্চ প্রসার/উন্নয়ন: ব্লকচেইনের মাধ্যমে সংযোজন, অর্থায়ন এবং সহজীকরণ/গতিশীলকরণ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন উল্লেখ করেন, আধুনিক কৃষি ব্যবসার চেইন বা স্তরে জড়িত বিভিন্ন মধ্যস্বত্বভোগী ও স্টেকহোল্ডারদের সমস্যা নিয়ে আলোচনা হয়, কিন্তু মূল উৎপাদক কৃষকের সমস্যা নিয়ে তেমন আলোচনা হয় না।

তিনি আরও বলেন, প্রযুক্তির যতই অগ্রগতি হোক না কেন, মানুষের খাদ্যগ্রহণের জৈবিক অনিবার্যতার কারণে কৃষির ওপর আমাদের নির্ভর করতে হবে। দেশের প্রায় ৪২ থেকে ৪৫ শতাংশ মানুষ এখনো কৃষির ওপর নির্ভরশীল। তবে সমাজে কৃষি পেশাকে অনেক ক্ষেত্রে অবহেলার চোখে দেখা হয়। কৃষি ও কৃষকের এই স্ট্র্যাটেজিক বা কৌশলগত মূল্য না দিলে কোনো আলোচনা পূর্ণাঙ্গ হবে না।

কৃষিবান্ধব সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই কৃষি ও কৃষককে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ‘কৃষক কার্ড’ প্রবর্তনসহ কৃষকদের সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ করেছেন। কারণ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) টিকিয়ে রাখার জন্য কৃষিই সবচেয়ে কৌশলগত খাত।

তিনি কৃষি খাতের দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তির সুবিধা যেন কৃষক পর্যন্ত পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। কৃষকের উৎপাদন, বাজারের নিরাপত্তা, ন্যায্য মুনাফা এবং পচনশীল পণ্য সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। কৃষক যেন কোনো মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেটের মাধ্যমে প্রতারিত না হন, সে ব্যবস্থা কাঠামোগতভাবে নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বিশ্বব্যাপী কৃষি খাতে ভর্তুকিনির্ভরতার প্রসঙ্গ তুলে ধরে তিনি এ খাতের স্থায়ী ও লাভজনক সমাধানের ওপর জোর দেন।

সেমিনারে বক্তারা কৃষি খাতে স্বচ্ছতা, অর্থায়ন এবং আধুনিক ব্লকচেইন প্রযুক্তির সংযোগ ঘটিয়ে বাজার ব্যবস্থাপনাকে গতিশীল করার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচো, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিয়াওকুন শি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার এবং ইনোভেটেক প্যানেল-১ (বাজার সংযোগ) প্রকল্প পরিচালক মিস ক্রিস্টিনা ওলসেন।

এছাড়াও সেমিনারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম. শাইফুর রহমান মজুমদার, জেনারেল ম্যানেজার শাহজাহান শেখ, ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) কান্ট্রি হাব ম্যানেজার আলী এম. খান, ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ-৩১ সামনে রেখে জলবায়ু বিতর্কে এআইয়ের গুরুত্ব ও উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৮ এম


কপ-৩১ সামনে রেখে জলবায়ু বিতর্কে এআইয়ের গুরুত্ব ও উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি পরিচালনায় ব্যবহৃত ডেটা সেন্টারগুলোর ক্রমবর্ধমান কার্বন নিঃসরণ নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে জলবায়ুবিষয়ক বিতর্কে এআই এখন আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে। আগামী মাসে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া কপ-৩১ জলবায়ু সম্মেলনে বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে যাচ্ছে। সম্মেলনের আয়োজকদের বরাতে প্যারিস থেকে এএফপি জানিয়েছে, আয়োজকরা ‘জলবায়ু-সচেতন এআই’ ব্যবহারের বিষয়টি এগিয়ে নিতে চান। তবে প্রযুক্তিটির পরিবেশগত প্রভাব নিয়ে বিতর্ক এবং এটি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে এমন আশঙ্কার কারণে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এআইয়ের সম্ভাব্য ভূমিকা অনেকটাই আড়ালে পড়ে গেছে।

আবহাওয়ার পূর্বাভাস উন্নত করা, শিল্পকারখানার নিঃসরণ পর্যবেক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও ব্যবস্থাপনা আরও কার্যকর করার মতো বিভিন্ন ক্ষেত্রে এআই ব্যবহৃত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এসব ক্ষেত্রে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি কিংবা অ্যানথ্রপিকের ক্লডের মতো সাধারণ কাজে ব্যবহারের উপযোগী ভাষাভিত্তিক মডেলের তুলনায় কম শক্তি প্রয়োজন হয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) এআই বিশেষজ্ঞ সিদ্ধার্থ সিং এএফপিকে বলেন, ‘ডেটা সেন্টার এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এআইয়ের এসব কার্যক্রম জ্বালানি ব্যবস্থা, জ্বালানি খাত ও জলবায়ুর ওপর কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে প্রকৃত উদ্বেগ রয়েছে।’ তিনি বলেন, ‘একই সঙ্গে এআই যেহেতু একটি হাতিয়ার, তাই এটি একটি সুযোগও তৈরি করছে। বিষয়টি শেষ পর্যন্ত নির্ভর করছে প্রযুক্তিটি কীভাবে ব্যবহার করা হচ্ছে, তার ওপর।’

নবায়নযোগ্য জ্বালানির দক্ষতা বাড়াতে এআই ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জটিল জ্বালানি ব্যবস্থায় বিদ্যুৎ গ্রিডের কার্যকারিতা বাড়াতে এআই ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে গ্রিড পরিচালকেরা সৌর ও বায়ুশক্তি থেকে উৎপাদিত বিদ্যুতের ওঠানামা আরও ভালোভাবে সামাল দিতে পারছেন। এআইয়ের সাহায্যে নির্দিষ্ট এলাকার মেঘের আচ্ছাদন, সূর্যালোক ও বাতাসের পূর্বাভাস তৈরি করা সম্ভব হচ্ছে। ফলে নবায়নযোগ্য উৎস থেকে কতটা বিদ্যুৎ উৎপাদিত হবে, তা আরও নির্ভুলভাবে অনুমান করতে পারছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। সিদ্ধার্থ সিং বলেন, গ্রিডের ধারণক্ষমতার সীমাবদ্ধতার কারণে উৎপাদন করা সম্ভব হলেও যে বিদ্যুৎ ব্যবহার করা যায় না, তা কমাতেও এআই সহায়তা করতে পারে। আইইএর হিসাব অনুযায়ী, পরিবহন, শিল্পকারখানা ও ভবনসহ অর্থনীতির বিভিন্ন খাতে এআই ব্যাপকভাবে ব্যবহার করা গেলে ২০৩৫ সালের মধ্যে ১৩ দশমিক ৫ এক্সাজুল জ্বালানি সাশ্রয় করা সম্ভব হতে পারে, যা ইন্দোনেশিয়ার এক বছরের মোট চাহিদার সমান।

আবহাওয়ার পূর্বাভাসে এআই এক বিপ্লব ঘটিয়েছে। ইউরোপীয় মাঝারি-মেয়াদি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের (ইসিএমডব্লিউএফ) মহাপরিচালক ফ্লোরিয়ান পাপেনবার্গার বলেন, দ্রুত ও উচ্চমানের পূর্বাভাস তৈরির মাধ্যমে এআই আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে। তিনি জানান, এআইভিত্তিক পূর্বাভাস এখনো পদার্থবিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি মডেলের ওপর নির্ভরশীল। তবে এ প্রযুক্তি ব্যবহারের ফলে ইসিএমডব্লিউএফ এমন কাজ মাত্র দুই বছরে করতে পারছে, যা প্রচলিত পদ্ধতিতে করতে ১০ বছর সময় লাগত। প্রচলিত পদ্ধতির তুলনায় এআইভিত্তিক পূর্বাভাস তৈরির খরচও অনেক কম। প্রযুক্তিটি আগাম সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়নেও সহায়তা করতে পারে। গুগলের তথ্য অনুযায়ী, তাদের একটি ব্যবস্থা ১৫০টিরও বেশি দেশে নদীর বন্যার পূর্বাভাস সাত দিন আগে পর্যন্ত দিতে পারে। পাপেনবার্গার বলেন, এআই মানুষের বিকল্প হয়ে ওঠার পরিবর্তে মানুষের সক্ষমতা বাড়াতে পারে।

নিঃসরণ শনাক্ত করতেও স্যাটেলাইট ও এআই ব্যবহার করা হচ্ছে। তেল-গ্যাস স্থাপনা, খনি ও বর্জ্য ফেলার স্থানসহ নির্দিষ্ট স্থাপনা থেকে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ শনাক্ত করা হচ্ছে। ম্যাককরমিকের সহপ্রতিষ্ঠিত উদ্যোগ ‘ক্লাইমেট ট্রেস’ এ প্রযুক্তি কাজে লাগিয়ে বিশ্বজুড়ে নিঃসরণ পর্যবেক্ষণ এবং দূষণকারী পদার্থের একটি তথ্যভান্ডার তৈরি করছে। তিনি বলেন, ‘এআইয়ের কারণে ক্লাইমেট ট্রেস ২০ বছর এগিয়ে গেছে।’

তবে এআই নবায়নযোগ্য জ্বালানির দক্ষতা ও ব্যবহার বাড়াতে সহায়তা করলেও তেল ও গ্যাস কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে ভূতাত্ত্বিক তথ্য বিশ্লেষণ, ভূগর্ভস্থ তেলের ও গ্যাসের মজুত শনাক্ত এবং জীবাশ্ম জ্বালানির উৎপাদন আরও কার্যকর করতে এ প্রযুক্তি ব্যবহার করে আসছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এআই ব্যবহারে উৎসাহিত করা অলাভজনক প্রতিষ্ঠান ‘ক্লাইমেট চেঞ্জ এআই’-এর নির্বাহী পরিচালক মারিয়া জোয়াও সুজা বলেন, ‘এই দিক থেকেও এআই জলবায়ু পরিবর্তনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’ তিনি বলেন, ‘এআই কখনোই সব সমস্যার একক সমাধান হতে পারে না। প্রযুক্তি একা কখনোই সমাধান নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%