ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখে কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণের আহ্বান জহির উদ্দিন স্বপনের


কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখে কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

কৃষিখাতের উন্নয়ন, বাজারের শৃঙ্খলা কিংবা আধুনিক প্রযুক্তি—যেকোনো আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে কৃষককে রাখা, তার উৎপাদিত পণ্যের বাজার নিরাপত্তা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘কৃষি ইকোসিস্টেম বা পরিবেশের সর্বোচ্চ প্রসার/উন্নয়ন: ব্লকচেইনের মাধ্যমে সংযোজন, অর্থায়ন এবং সহজীকরণ/গতিশীলকরণ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন উল্লেখ করেন, আধুনিক কৃষি ব্যবসার চেইন বা স্তরে জড়িত বিভিন্ন মধ্যস্বত্বভোগী ও স্টেকহোল্ডারদের সমস্যা নিয়ে আলোচনা হয়, কিন্তু মূল উৎপাদক কৃষকের সমস্যা নিয়ে তেমন আলোচনা হয় না।

আরও পড়ুন: ৪০ লাখ কৃষককে কৃষক কার্ড, ১০ ধরনের সুবিধা পাবেন: প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, প্রযুক্তির যতই অগ্রগতি হোক না কেন, মানুষের খাদ্যগ্রহণের জৈবিক অনিবার্যতার কারণে কৃষির ওপর আমাদের নির্ভর করতে হবে। দেশের প্রায় ৪২ থেকে ৪৫ শতাংশ মানুষ এখনো কৃষির ওপর নির্ভরশীল। তবে সমাজে কৃষি পেশাকে অনেক ক্ষেত্রে অবহেলার চোখে দেখা হয়। কৃষি ও কৃষকের এই স্ট্র্যাটেজিক বা কৌশলগত মূল্য না দিলে কোনো আলোচনা পূর্ণাঙ্গ হবে না।

কৃষিবান্ধব সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই কৃষি ও কৃষককে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ‘কৃষক কার্ড’ প্রবর্তনসহ কৃষকদের সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ করেছেন। কারণ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) টিকিয়ে রাখার জন্য কৃষিই সবচেয়ে কৌশলগত খাত।

তিনি কৃষি খাতের দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তির সুবিধা যেন কৃষক পর্যন্ত পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। কৃষকের উৎপাদন, বাজারের নিরাপত্তা, ন্যায্য মুনাফা এবং পচনশীল পণ্য সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। কৃষক যেন কোনো মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেটের মাধ্যমে প্রতারিত না হন, সে ব্যবস্থা কাঠামোগতভাবে নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বিশ্বব্যাপী কৃষি খাতে ভর্তুকিনির্ভরতার প্রসঙ্গ তুলে ধরে তিনি এ খাতের স্থায়ী ও লাভজনক সমাধানের ওপর জোর দেন।

সেমিনারে বক্তারা কৃষি খাতে স্বচ্ছতা, অর্থায়ন এবং আধুনিক ব্লকচেইন প্রযুক্তির সংযোগ ঘটিয়ে বাজার ব্যবস্থাপনাকে গতিশীল করার গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন: দেশে ব্ল্যাক রাইস চাষ শুরু, দাম ও গুণাগুণ নিয়ে আলোচনা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচো, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিয়াওকুন শি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার এবং ইনোভেটেক প্যানেল-১ (বাজার সংযোগ) প্রকল্প পরিচালক মিস ক্রিস্টিনা ওলসেন।

এছাড়াও সেমিনারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম. শাইফুর রহমান মজুমদার, জেনারেল ম্যানেজার শাহজাহান শেখ, ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) কান্ট্রি হাব ম্যানেজার আলী এম. খান, ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ-৩১ সামনে রেখে জলবায়ু বিতর্কে এআইয়ের গুরুত্ব ও উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৮ এম


কপ-৩১ সামনে রেখে জলবায়ু বিতর্কে এআইয়ের গুরুত্ব ও উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি পরিচালনায় ব্যবহৃত ডেটা সেন্টারগুলোর ক্রমবর্ধমান কার্বন নিঃসরণ নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে জলবায়ুবিষয়ক বিতর্কে এআই এখন আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে। আগামী মাসে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া কপ-৩১ জলবায়ু সম্মেলনে বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে যাচ্ছে। সম্মেলনের আয়োজকদের বরাতে প্যারিস থেকে এএফপি জানিয়েছে, আয়োজকরা ‘জলবায়ু-সচেতন এআই’ ব্যবহারের বিষয়টি এগিয়ে নিতে চান। তবে প্রযুক্তিটির পরিবেশগত প্রভাব নিয়ে বিতর্ক এবং এটি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে এমন আশঙ্কার কারণে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এআইয়ের সম্ভাব্য ভূমিকা অনেকটাই আড়ালে পড়ে গেছে।

আবহাওয়ার পূর্বাভাস উন্নত করা, শিল্পকারখানার নিঃসরণ পর্যবেক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও ব্যবস্থাপনা আরও কার্যকর করার মতো বিভিন্ন ক্ষেত্রে এআই ব্যবহৃত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এসব ক্ষেত্রে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি কিংবা অ্যানথ্রপিকের ক্লডের মতো সাধারণ কাজে ব্যবহারের উপযোগী ভাষাভিত্তিক মডেলের তুলনায় কম শক্তি প্রয়োজন হয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) এআই বিশেষজ্ঞ সিদ্ধার্থ সিং এএফপিকে বলেন, ‘ডেটা সেন্টার এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এআইয়ের এসব কার্যক্রম জ্বালানি ব্যবস্থা, জ্বালানি খাত ও জলবায়ুর ওপর কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে প্রকৃত উদ্বেগ রয়েছে।’ তিনি বলেন, ‘একই সঙ্গে এআই যেহেতু একটি হাতিয়ার, তাই এটি একটি সুযোগও তৈরি করছে। বিষয়টি শেষ পর্যন্ত নির্ভর করছে প্রযুক্তিটি কীভাবে ব্যবহার করা হচ্ছে, তার ওপর।’

নবায়নযোগ্য জ্বালানির দক্ষতা বাড়াতে এআই ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জটিল জ্বালানি ব্যবস্থায় বিদ্যুৎ গ্রিডের কার্যকারিতা বাড়াতে এআই ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে গ্রিড পরিচালকেরা সৌর ও বায়ুশক্তি থেকে উৎপাদিত বিদ্যুতের ওঠানামা আরও ভালোভাবে সামাল দিতে পারছেন। এআইয়ের সাহায্যে নির্দিষ্ট এলাকার মেঘের আচ্ছাদন, সূর্যালোক ও বাতাসের পূর্বাভাস তৈরি করা সম্ভব হচ্ছে। ফলে নবায়নযোগ্য উৎস থেকে কতটা বিদ্যুৎ উৎপাদিত হবে, তা আরও নির্ভুলভাবে অনুমান করতে পারছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। সিদ্ধার্থ সিং বলেন, গ্রিডের ধারণক্ষমতার সীমাবদ্ধতার কারণে উৎপাদন করা সম্ভব হলেও যে বিদ্যুৎ ব্যবহার করা যায় না, তা কমাতেও এআই সহায়তা করতে পারে। আইইএর হিসাব অনুযায়ী, পরিবহন, শিল্পকারখানা ও ভবনসহ অর্থনীতির বিভিন্ন খাতে এআই ব্যাপকভাবে ব্যবহার করা গেলে ২০৩৫ সালের মধ্যে ১৩ দশমিক ৫ এক্সাজুল জ্বালানি সাশ্রয় করা সম্ভব হতে পারে, যা ইন্দোনেশিয়ার এক বছরের মোট চাহিদার সমান।

আবহাওয়ার পূর্বাভাসে এআই এক বিপ্লব ঘটিয়েছে। ইউরোপীয় মাঝারি-মেয়াদি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের (ইসিএমডব্লিউএফ) মহাপরিচালক ফ্লোরিয়ান পাপেনবার্গার বলেন, দ্রুত ও উচ্চমানের পূর্বাভাস তৈরির মাধ্যমে এআই আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে। তিনি জানান, এআইভিত্তিক পূর্বাভাস এখনো পদার্থবিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি মডেলের ওপর নির্ভরশীল। তবে এ প্রযুক্তি ব্যবহারের ফলে ইসিএমডব্লিউএফ এমন কাজ মাত্র দুই বছরে করতে পারছে, যা প্রচলিত পদ্ধতিতে করতে ১০ বছর সময় লাগত। প্রচলিত পদ্ধতির তুলনায় এআইভিত্তিক পূর্বাভাস তৈরির খরচও অনেক কম। প্রযুক্তিটি আগাম সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়নেও সহায়তা করতে পারে। গুগলের তথ্য অনুযায়ী, তাদের একটি ব্যবস্থা ১৫০টিরও বেশি দেশে নদীর বন্যার পূর্বাভাস সাত দিন আগে পর্যন্ত দিতে পারে। পাপেনবার্গার বলেন, এআই মানুষের বিকল্প হয়ে ওঠার পরিবর্তে মানুষের সক্ষমতা বাড়াতে পারে।

নিঃসরণ শনাক্ত করতেও স্যাটেলাইট ও এআই ব্যবহার করা হচ্ছে। তেল-গ্যাস স্থাপনা, খনি ও বর্জ্য ফেলার স্থানসহ নির্দিষ্ট স্থাপনা থেকে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ শনাক্ত করা হচ্ছে। ম্যাককরমিকের সহপ্রতিষ্ঠিত উদ্যোগ ‘ক্লাইমেট ট্রেস’ এ প্রযুক্তি কাজে লাগিয়ে বিশ্বজুড়ে নিঃসরণ পর্যবেক্ষণ এবং দূষণকারী পদার্থের একটি তথ্যভান্ডার তৈরি করছে। তিনি বলেন, ‘এআইয়ের কারণে ক্লাইমেট ট্রেস ২০ বছর এগিয়ে গেছে।’

তবে এআই নবায়নযোগ্য জ্বালানির দক্ষতা ও ব্যবহার বাড়াতে সহায়তা করলেও তেল ও গ্যাস কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে ভূতাত্ত্বিক তথ্য বিশ্লেষণ, ভূগর্ভস্থ তেলের ও গ্যাসের মজুত শনাক্ত এবং জীবাশ্ম জ্বালানির উৎপাদন আরও কার্যকর করতে এ প্রযুক্তি ব্যবহার করে আসছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এআই ব্যবহারে উৎসাহিত করা অলাভজনক প্রতিষ্ঠান ‘ক্লাইমেট চেঞ্জ এআই’-এর নির্বাহী পরিচালক মারিয়া জোয়াও সুজা বলেন, ‘এই দিক থেকেও এআই জলবায়ু পরিবর্তনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’ তিনি বলেন, ‘এআই কখনোই সব সমস্যার একক সমাধান হতে পারে না। প্রযুক্তি একা কখনোই সমাধান নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৯ এম


হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ থেকে শুরু হচ্ছে। আজকের দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে এবং আগামী বুধবার বিজয়া দশমীর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে।

বাংলা পঞ্জিকার নির্দিষ্ট সময় অনুযায়ী শনিবার ও রোববার, এই দুই দিন জুড়ে ‘মহা সপ্তমী’ তিথি থাকায় পরদিন থেকেই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। মহাসপ্তমীতে ‘নবপত্রিকা’র আনুষ্ঠানিকতা পালন করা হবে, যেখানে দেবীর বিভিন্ন রূপের প্রতীক হিসেবে নয়টি উদ্ভিদকে স্নান করিয়ে পূজা করা হয়। সোমবার উদযাপিত হবে ‘মহাঅষ্টমী’, যার বিশেষ আকর্ষণ হলো ‘সন্ধিপূজা’, যা অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয়। পরদিন ‘মহানবমী’তে পূজার শেষ ধাপের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং দেবীকে ‘ভোগ’ নিবেদন করা হবে। উৎসবের শেষ দিনে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানাবেন এবং প্রতিমা বিসর্জনের জন্য শোভাযাত্রা সহকারে নির্ধারিত নদী, পুকুর বা জলাশয়ে নিয়ে যাবেন। পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যে আগমন করবেন। অন্যদিকে, দেবী নৌকায় চড়ে স্বর্গলোকে গমন করবেন।

দেশজুড়ে পূজা কমিটি, মন্দির ও মন্ডপগুলো পাঁচ দিনব্যাপী এই উৎসবের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছে। এর মধ্যে রয়েছে প্যান্ডেল নির্মাণ ও সাজসজ্জা, প্রতিমা স্থাপন, আলোকসজ্জার ব্যবস্থা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি।

দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবে।

রাজধানীতে কেন্দ্রীয় পূজা উৎসব হিসেবে পরিচিত ঢাকেশ্বরী জাতীয় মন্দির মন্ডপে পূজার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, বস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা ও বিজয়া শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যমন্ত্রী: আগামী ৬ মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৯ এম


স্বাস্থ্যমন্ত্রী: আগামী ৬ মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠন’ সম্পর্কিত গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন। এই অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট।

স্বাস্থ্য খাতের উন্নয়নে হেলথ ইনস্যুরেন্স ব্যবস্থা কার্যকর করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়নে একটি হেলথ সেন্টার ও তিনটি করে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপন করা হবে। তিনি জানান, প্রান্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য ওয়েলবিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে, যা আগামী ১ সপ্তাহের মধ্যে টেন্ডার করে ১ বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে। এসব সেন্টারে রক্তের বিভিন্ন পরীক্ষা ও বিভিন্ন স্ক্রিনিং করার সুযোগ থাকবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শতভাগ উপযোগী হলেও একসাথে সব কিছু বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তাই সুনির্দিষ্ট কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পাইলট স্কিম হিসেবে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুক হকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউট ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের অটোমেশন পদ্ধতিতে বদলি ও পদায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসকদের বদলি ও পদায়নে কোনো রাজনৈতিক দলের পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। অটোমেশন পদ্ধতিতে চিকিৎসকদের মেধা, যোগ্যতা ও পছন্দকে গুরুত্ব দিয়ে বদলি ও পদায়ন করা হবে। এতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না। স্বাস্থ্যমন্ত্রী জানান, অটোমেশন পদ্ধতিতে ৮৭ জন চিকিৎসককে তাদের পছন্দ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হচ্ছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় এ পদ্ধতি চালু করা হয়েছে। এখানে ব্যক্তিগত পরিচয়, রাজনৈতিক বিবেচনা বা অন্য কোনো প্রভাবের সুযোগ নেই।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশিদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. নাজমুল হোসেনসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছুটির দিনে ঢাকার বাতাসের দূষণ কতটা মারাত্মক?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪০ এম


ছুটির দিনে ঢাকার বাতাসের দূষণ কতটা মারাত্মক?

জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বিশ্বজুড়ে দূষণের মাত্রা বাড়ছে। এই প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়। বিশেষ করে রাজধানী ঢাকা, যেখানে বাতাসের দূষণের মাত্রা যেন কমছে না। টানা কয়েকদিন ধরে ঢাকার বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ছুটির দিনে নগরীর বাতাসের দূষণের মাত্রা নিয়ে প্রশ্ন উঠছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সূচকের তথ্য অনুযায়ী, ঢাকার অবস্থান বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ। শহরটির বায়ুমানের স্কোর ছিল ১৮১, যা অস্বাস্থ্যকর হিসেবে গণ্য। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমান ওঠানামা করতে পারে।

একই সময়ে তালিকার শীর্ষে থাকা সিঙ্গাপুরের সিঙ্গাপুর শহরেও বায়ুদূষণের ভয়াবহ চিত্র লক্ষ্য করা গেছে। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৩৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

এদিকে, ঢাকার বায়ুমান অস্বাস্থ্যকর হওয়া ছাড়াও তালিকায় আরও ১০টি শহর রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- ইন্দোনেশিয়ার জাকার্তা, পাকিস্তানের লাহোর, মালয়েশিয়ার কুয়ালালামপুর, আরব আমিরাতের দুবাই, ইতালির মিলান, ভারতের কলকাতা, মুম্বাই ও দিল্লি, বাহরাইনের মানামা এবং ভিয়েতনামের হেনোয় শহর।

এছাড়া, বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর শহরের তালিকায় ১৩টি শহর রয়েছে। এর মধ্যে রয়েছে- ভিয়েতনামের হো চি মিন, ইরাকের বাগদাদ, ইসরাইলের তেল আবিব-ইয়াফো ও জেরুজালেম, ইন্দোনেশিয়ার মেদান, কুয়েতের কুয়েত সিটি, কাতারের দোহা, আজারবাইজানের বাকু, কঙ্গোর কিনশাসা, পাকিস্তানের করাচি, নেপালের কাঠমান্ডু, চীনের হাংজু এবং উজবেকিস্তানের তাসকেন্ত।

একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বায়ুর মানকে অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। এই ধরনের বায়ু সবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য ঝুঁকি বেশি।

ঢাকার বায়ুদূষণের পেছনে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও ধুলাবালিসহ বিভিন্ন কারণকে দায়ী করা হচ্ছে। এসব দূষণকারী উপাদান বায়ুর মানের অবনতি ঘটিয়ে নগরবাসীর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শ্বাসকষ্ট, অ্যালার্জি ও ফুসফুসের বিভিন্ন সমস্যা এই বায়ুদূষণের কারণে বৃদ্ধি পেতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ, যানবাহনের নির্গমন কমানো এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। পাশাপাশি, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পরিবেশবিষয়ক নীতিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ঢাকার বায়ুর মান উন্নয়নে উদ্যোগ গ্রহণের প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%