০৭:৪৪ পি.এম
বাগেরহাটের মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে জেলা ছাত্রদল। আজ শুক্রবার দুপুরে বাগেরহাট শহরের রেলরোডে পৌর ছাত্রদলের দলীয় কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন।
দরিদ্র এই মেধাবী শিক্ষার্থীদের আগামীতে পড়ালেখার খরচ চালিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। ছাত্রদল নেতা শেখ আল মামুনের সংবর্ধনা পেয়ে খুশি হয়েছেন শিক্ষার্থীরা। সবার সহযোগিতা নিয়ে পড়ালেখা করে তাদের লালিত স্বপ্ন পূর্ণ করতে চায় এই শিক্ষার্থীরা। ছাত্রদলের নেতারা এই ২ শিক্ষার্থীর হাতে তুলে দেন ক্রেস্ট, সম্মাননা ও নগদ অর্থ।
বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় থেকে দূর্জয় ঘরামী এবং বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে অরিত্র সরকার এবারের মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।
আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি
এ সময় জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হাওলাদার বাবু, ছাত্রদল নেতা ওয়ালিদ হোসাইন, শামিম মুন্সি, সামির আহমেদ, রোহিত হালদার, আল আমিন শেখ, আদনান ফাহিম, রিজভী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অরিত্র সরকার ও দূর্জয় ঘরামী বলেছেন, "ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মামুন ভাইয়ের সংবর্ধনা পেয়ে আমরা আনন্দিত। আমরা ভবিষ্যতে প্রকৌশলী হতে চাই। ছাত্রদল পড়ালেখা চালিয়ে নিতে সব ধরনের সহযোগিতা এবং আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। আমাদের জার্নিটা সহজ ছিল না। দারিদ্রতার সাথে লড়াই করে আজ এই সাফল্য পেয়েছি। তারা পাশে থাকলে আমাদের স্বপ্ন পূর্ণ হবে।"
বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন বলেছেন, "দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রদলকে বলেছেন সব সময় ছাত্রদের পাশে থাকতে। তারই ধারাবাহিকতায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। এবারের অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় গরীব ঘরের ছেলে অরিত্র ও দূর্জয় অংশ নিয়েছে। তারা খুব কষ্ট করে পরীক্ষার ফলাফলে সাফল্য দেখিয়েছে। তাদের এই সাফল্য দেখে তাদের জন্য কিছু করার ইচ্ছা মাথায় এসেছে।
তারা ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। তাদের পড়ালেখা এগিয়ে নিতে ছাত্রদল তাদের পাশে থাকতে চায়। আমি নিজেও কষ্ট করে পড়ালেখা করেছি, তাই বড় ভাই হিসেবে তাদের পাশে থাকতে চাই। আজ যেমন পাশে রয়েছি, ভবিষ্যতেও থাকতে চাই। ছাত্রদলের নেতা-কর্মীসহ বিএনপি নেতাদের সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আছি। শিক্ষার্থীদের পাশে সব সময় থাকব। দরিদ্র মেধাবীদের খুঁজে বের করে গণমাধ্যমে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদেরও ধন্যবাদ জানান এই ছাত্রদল নেতা।
আরও পড়ুন: বাকেরগঞ্জে সাজসজ্জায় দেবালয়ের পরেই কৈলাশ পূজামণ্ডপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন