০৪:৩৫ এম
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প এবং তাঁর নাটক ও চলচ্চিত্রে ব্যবহৃত গানকে একত্রিত করে মঞ্চস্থ হলো শ্রুতি প্রযোজনা ‘চাঁদনি পসরে’। এ আয়োজন অনুষ্ঠিত হয় শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক আবৃত্তি সংগঠন স্বরকল্পন আবৃত্তিচক্র সিটি ব্যাংকের সহযোগিতায় হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে এ আয়োজন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে যৌথভাবে আয়োজিত এই প্রযোজনায় গল্প, আবৃত্তি ও সংগীতের সমন্বয়ে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্মকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশিদ। সভাপতিত্ব করেন স্বরকল্পন আবৃত্তিচক্রের অধিকর্তা শহীদুল হক মিল্কী। নির্দেশনা দেন নির্মাতা জাহিদুর রহমান।
আরও পড়ুন: ফিলিপাইন ইউরোভিশন এশিয়ার প্রথম শিরোপা জিতলো কারমেলের ‘সোবর-সোবর’ গান দিয়ে
প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান রুমন উল্লেখ করেন, "একটি জাতির প্রকৃত সমৃদ্ধি শুধু অর্থনৈতিক উন্নয়ন কিংবা অবকাঠামোগত অগ্রগতিতে সীমাবদ্ধ নয়। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের মধ্য দিয়েই একটি জাতির প্রকৃত পরিচয় ফুটে ওঠে।" তিনি আরও বলেন, "হুমায়ূন আহমেদ তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে স্থায়ী আসন তৈরি করেছেন। তাঁর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ‘চাঁদনি পসরে’র মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে একটি স্বতন্ত্র পাঠকসমাজ তৈরি করেছেন। তাঁর গল্পের চরিত্র, সংলাপ এবং জীবনঘনিষ্ঠ বর্ণনা কয়েক প্রজন্মের মানুষের আবেগ ও স্মৃতির অংশ হয়ে আছে। সহজ ভাষায় মানুষের মনোজগৎ, প্রেম, বিরহ, নিঃসঙ্গতা, প্রকৃতি ও মানবিক সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি তুলে ধরার ক্ষমতা তাঁকে পাঠকের কাছে জনপ্রিয় করে তুলেছে।
‘চাঁদনি পসরে’ প্রযোজনার বিশেষত্ব ছিল, হুমায়ূন আহমেদের ছোটগল্পকে প্রচলিত পাঠ কিংবা নাট্যরূপের বাইরে আবৃত্তি ও সংগীতের সম্মিলিত পরিবেশনায় উপস্থাপন করা। তাঁর গল্পের সাহিত্যিক আবেদন এবং নাটক ও চলচ্চিত্রে ব্যবহৃত গানের আবহ মিলিয়ে দর্শক-শ্রোতাদের জন্য তৈরি করা হয় ভিন্নধর্মী এক শ্রুতিনির্ভর পরিবেশনা।
আয়োজকদের দাবি, আবৃত্তি অঙ্গনে হুমায়ূন আহমেদের ছোটগল্প নিয়ে এ ধরনের শ্রুতি প্রযোজনা এবারই প্রথম উপস্থাপন করা হলো। তাঁদের প্রত্যাশা, এ উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্য পাঠ, আবৃত্তিচর্চা ও সৃজনশীল সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াবে।
আরও পড়ুন: রাতে ঘুমানোর আগে মেয়েকে দুটি প্রশ্ন করেন রণবীর
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল চ্যানেল ২৪ ও দৈনিক দেশ রূপান্তর। সংবাদ বিজ্ঞপ্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন