ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

রাতে ঘুমানোর আগে মেয়েকে দুটি প্রশ্ন করেন রণবীর


রাতে ঘুমানোর আগে মেয়েকে দুটি প্রশ্ন করেন রণবীর

সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য বড় আয়োজন বা দামি উপহারের প্রয়োজন নেই। বরং, প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলোই বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের ভিত্তি শক্তিশালী করতে পারে। বলিউড অভিনেতা রণবীর কাপুর এমন একটি সুন্দর অভ্যাস গড়ে তুলেছেন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি চার বছর বয়সী মেয়ে রাহাকে দুটি প্রশ্ন করেন। এই অভ্যাসের কথা জানিয়েছেন রণবীরের মা, অভিনেত্রী নীতু কাপুর।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নাতনি রাহার সঙ্গে রণবীরের সম্পর্কের একটি মিষ্টি দিক তুলে ধরেছেন নীতু। তিনি জানান, প্রতিদিন রাতে ঘুমানোর আগে মেয়েকে দুটি প্রশ্ন করেন রণবীর। প্রথম প্রশ্নটি হলো, ‘আজ কিসে তুমি আনন্দ পেয়েছ?’ দ্বিতীয়টি, ‘আজ কোন জিনিসে তোমার মন খারাপ হয়েছে?’

বাবার এমন প্রশ্নের উত্তরে রাহা তার ভালো লাগা ও খারাপ লাগার অনুভূতিগুলো প্রকাশ করে। নীতুর মতে, মেয়ের সঙ্গে রণবীরের এই নিয়মিত কথোপকথনের অভ্যাসটি সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে ছোটবেলা থেকেই রাহা নিজের অনুভূতি প্রকাশের সুযোগ পাচ্ছে।

আরও পড়ুন: ঢাকার মঞ্চে আসছে নাটক ‘পিয়ারু গাজির গল্পের দেশ’

শিশু মনোবিশেষজ্ঞদের মতে, সন্তানের সঙ্গে নিয়মিত কথা বলা এবং তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুরা যখন বুঝতে পারে, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা হচ্ছে এবং অনুভূতি প্রকাশের জন্য তারা নিরাপদ পরিবেশ পাচ্ছে, তখন বাবা-মায়ের সঙ্গে তাদের বিশ্বাস ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়।

শিশুরা স্বাভাবিকভাবেই নতুন অভিজ্ঞতা অর্জন করতে, নিজেদের পছন্দ প্রকাশ করতে এবং নিজস্ব পরিচয় গড়ে তুলতে চায়। এ ক্ষেত্রে বাবা-মায়ের দায়িত্ব হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে সন্তান মনের কথা বলতে পারে কোনো বিচার বা সমালোচনার ভয় ছাড়াই।

ছোটবেলা থেকেই যদি সন্তান বুঝতে পারে যে তার মতামত ও পছন্দকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাহলে তার আত্মবিশ্বাসও বৃদ্ধি পেতে পারে। নিজের সিদ্ধান্ত নেওয়া, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং আবেগ সামলানোর ক্ষেত্রেও ইতিবাচক ভিত্তি তৈরি হয়।

ব্যস্ত জীবনে অনেক বাবা-মায়ের পক্ষেই সন্তানের সঙ্গে দীর্ঘ সময় কাটানো সম্ভব হয় না। তবে দিনের শেষে মাত্র কয়েক মিনিট মনোযোগ দিয়ে কথা বলাও সম্পর্ক গভীর করার কার্যকর উপায় হতে পারে। রণবীরের এই অভ্যাস তাই শুধু বাবা-মেয়ের মিষ্টি মুহূর্ত নয়, সন্তানকে বোঝার এবং তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার একটি সুন্দর উদাহরণ।

আরও পড়ুন: রাজা চার্লসের ৭৮তম জন্মদিনে এলটন জনের সঙ্গে রসিকতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের মোট বিলিয়নিয়ারের অর্ধেকের বেশি বসবাস মাত্র ৩ দেশে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


বিশ্বের মোট বিলিয়নিয়ারের অর্ধেকের বেশি বসবাস মাত্র ৩ দেশে

প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং ব্যবসার নতুন নতুন সুযোগের কারণে বিশ্বব্যাপী অতি ধনী বা বিলিয়নিয়ারের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশ্ববিখ্যাত সাময়িকী ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের প্রায় ৮০টি দেশে মোট ৩ হাজার ৪২৮ জন বিলিয়নিয়ার অবস্থান করছেন। তবে, চমকপ্রদ বিষয় হলো, এই বিশাল সংখ্যক ধনকুবেরের অর্ধেকেরও বেশি শুধুমাত্র তিনটি দেশে বসবাস করেন।

ধনকুবেরদের এই প্রতিযোগিতায় প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে বর্তমানে রেকর্ড ৯৮৯ জন বিলিয়নিয়ার বাস করছেন। সংখ্যার দিক থেকে শুধু নয়, বিশ্বের শীর্ষ ধনীদের একটি বড় অংশও যুক্তরাষ্ট্রের নাগরিক। টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, এবং মেটার প্রধান মার্ক জাকারবার্গের মতো প্রযুক্তি উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে নতুন দ্যুতি যোগ করেছেন।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চীন, যেখানে বর্তমানে ৫৩৯ জন বিলিয়নিয়ার রয়েছেন। চীনের প্রযুক্তি বিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), এবং বিশাল রপ্তানি বাজার দেশটির ব্যবসায়ীদের অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে। টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝাং ইমিংয়ের মতো দূরদর্শী উদ্যোক্তারা বৈশ্বিক ধনীদের তালিকায় চীনের অবস্থানকে শক্তিশালী করেছেন।

ভারত তালিকার তৃতীয় স্থানে রয়েছে, যেখানে বর্তমানে ২২৯ জন বিলিয়নিয়ার অবস্থান করছেন। বৈশ্বিক অর্থনীতির নানা উত্থান-পতনের মধ্যেও ভারতীয় ধনকুবেরদের সম্মিলিত সম্পদের পরিমাণ এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং আদানি গ্রুপের প্রধান গৌতম আদানির মতো শিল্পপতিরা ভারতের এই অর্থনৈতিক উত্থানে নেতৃত্ব দিচ্ছেন।

শীর্ষ তিনটি দেশের পাশাপাশি ইউরোপ ও এশিয়ার অন্যান্য কয়েকটি দেশের ধনকুবেররাও বৈশ্বিক অর্থনীতিতে তাদের শক্তিশালী উপস্থিতি জানান দিচ্ছেন। তালিকার পরবর্তী স্তরে জার্মানি, রাশিয়া, কানাডা, ইতালি ও যুক্তরাজ্যের মতো দেশের অবস্থান দৃঢ়।

বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি, এবং ই-কমার্স খাতের অভূতপূর্ব বিকাশ সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে নতুন বিলিয়নিয়ার তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ধনকুবেরদের উত্থান কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতির একটি জীবন্ত প্রতিচ্ছবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব ডায়াবেটিস দিবসে জেকে লাইফস্টাইলের সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


বিশ্ব ডায়াবেটিস দিবসে জেকে লাইফস্টাইলের সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে একটি বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে জেকে লাইফস্টাইল, যা ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল ডায়াবেটিস সম্পর্কিত প্রচলিত ধারণা, রোগের ঝুঁকি এবং জীবনযাপনে পরিবর্তনের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরা।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় রাজধানীর আফতাবনগরে একটি সচেতনতামূলক র‍্যালির মাধ্যমে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। এরপর আফতাবনগরের আড্ডার মোড়ে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তে গ্লুকোজ পরীক্ষার আয়োজন করা হয়।

এছাড়া, ইনসুলিন রেজিস্ট্যান্স শনাক্তকরণের জন্য ব্যবহৃত হোমা-আইআর টেস্টে বিশেষ ছাড়ের কুপন বিতরণ করা হয়। এই সময় ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির উপস্থিত থেকে সাধারণ মানুষকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করেন।

ক্যাম্পেইনের ধারাবাহিকতায় জেকে লাইফস্টাইলের প্রধান কার্যালয়ে ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ডা. জাহাঙ্গীর কবির ডায়াবেটিসের ঝুঁকি, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তিনি উল্লেখ করেন, "অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা, অপর্যাপ্ত ঘুম ও দীর্ঘস্থায়ী মানসিক চাপ টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।" তিনি আরও বলেন, তাই প্রতিদিনের জীবনযাপনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, রোজা বা অটোফেজি, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তি চর্চার অভ্যাস গড়ে তোলা জরুরি।

এছাড়া, ক্যাম্পেইনের অংশ হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন সচেতনতামূলক কনটেন্ট, ভিডিও ও তথ্য প্রচার করা হয়। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়।

জেকে লাইফস্টাইলের মতে, চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী জীবনযাপনে প্রয়োজনীয় পরিবর্তন এনে টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে বাংলাদেশের মিশনের ভারপ্রাপ্ত প্রধান হলেন সঞ্চিতা হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


জাতিসংঘে বাংলাদেশের মিশনের ভারপ্রাপ্ত প্রধান হলেন সঞ্চিতা হক

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত এই দায়িত্বে থাকবেন। এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান চীনের সাংহাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক পঞ্চম সেমিনারে অংশ নিতে মিশনের বাইরে থাকবেন।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জাতিসংঘের সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর স্থায়ী মিশনগুলোতে একটি কূটনৈতিক নোট পাঠানো হয়, যেখানে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করা হয়।

নোটে উল্লেখ করা হয়েছে, স্থায়ী প্রতিনিধির অনুপস্থিতিতে মিশনের রাষ্ট্রদূত ও উপস্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করবেন। কূটনৈতিক পরিভাষায় এ দায়িত্বকে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম’ বলা হয়। এর অর্থ হলো, স্থায়ী প্রতিনিধি অনুপস্থিত থাকাকালে মিশনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন তিনি।

এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সঞ্চিতা হক গত ৯ জুলাই নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে রাষ্ট্রদূত পদমর্যাদায় উপস্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পান। ২০০৩ সালে তিনি পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন। এই পেশাদার কূটনীতিক এর আগে নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে দায়িত্ব পালন করেছেন।

সঞ্চিতা হক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা মোল্লাবাড়ির প্রয়াত আনোয়ারুল হকের কন্যা। তার মায়ের নাম তাহমিনা খাতুন। সঞ্চিতার দাদা শামসুল হুদা, যিনি লাল মিয়া মুন্সি নামে পরিচিত, ব্রিটিশ ও পাকিস্তান আমলে দীর্ঘ ৩৫ বছর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক, আহত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক, আহত উদ্ধার

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও মহাসড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের ৪টি প্লাটুন নিয়মিতভাবে দায়িত্ব পালন করছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিরোধ, জনসাধারণের নিরাপদ চলাচল এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তারা নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সুদূরপ্রসারী পরিকল্পনা, বিচক্ষণ দিকনির্দেশনা ও সময়োপযোগী সিদ্ধান্তের আলোকে এই নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক সেবায়ও নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা। এরই ধারাবাহিকতায় আজ ১৪ নভেম্বর নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলের ৪ নম্বর গেট এলাকায় দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় আহত এক পথচারীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তারা। একটি প্রাইভেট কারের ধাক্কায় ওই পথচারী আহত হলে কাছেই অবস্থানরত ব্যাটালিয়ন সদস্যরা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন। তারা আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন এবং একটি গাড়ির মাধ্যমে তাকে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সদস্যদের এমন তাৎক্ষণিক উদ্যোগ ও মানবিক ভূমিকার প্রশংসা করেন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন।

বর্তমানে আনসার ব্যাটালিয়নের চারটি প্লাটুন নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের পূর্ব ঢাল, শিবু মার্কেট, ফতুল্লা, চাষাঢ়া মোড় ও বিসিক শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছে। এসব এলাকায় নিয়মিত টহল, যৌথ প্যাট্রোলিং, স্থির অবস্থানে নিরাপত্তা দায়িত্ব এবং শিল্পকারখানাকেন্দ্রিক বিশেষ নজরদারি পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ভাতাভোগী সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অঙ্গীভূত আনসার ও নিজস্ব গোয়েন্দা সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে সতর্ক থেকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

আনসার ব্যাটালিয়ন সদস্যদের নিয়মিত টহল, সতর্ক অবস্থান ও কার্যকর নজরদারির ফলে দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা, অনাকাঙ্ক্ষিত জনসমাগম ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার মাধ্যমে শিল্প উৎপাদনের ধারাবাহিকতা রক্ষায় তাঁরা দায়িত্ব পালন করছেন। তাদের উপস্থিতি স্থানীয় ব্যবসায়ী, শিল্পকারখানার কর্মী ও সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি করেছে।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের সহায়তায় তাৎক্ষণিকভাবে এগিয়ে আসার মধ্য দিয়ে আনসার ব্যাটালিয়ন সদস্যরা তাদের পেশাগত দায়িত্বশীলতা, কর্তব্যনিষ্ঠা ও মানবিক মূল্যবোধের পরিচয় দিচ্ছেন। নিরাপত্তা দায়িত্বের পাশাপাশি জনসেবায় তাদের এমন ভূমিকা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনকল্যাণমূলক অঙ্গীকারেরই প্রতিফলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%