ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক, আহত উদ্ধার


নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক, আহত উদ্ধার

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও মহাসড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের ৪টি প্লাটুন নিয়মিতভাবে দায়িত্ব পালন করছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিরোধ, জনসাধারণের নিরাপদ চলাচল এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তারা নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সুদূরপ্রসারী পরিকল্পনা, বিচক্ষণ দিকনির্দেশনা ও সময়োপযোগী সিদ্ধান্তের আলোকে এই নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক সেবায়ও নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা। এরই ধারাবাহিকতায় আজ ১৪ নভেম্বর নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলের ৪ নম্বর গেট এলাকায় দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় আহত এক পথচারীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তারা। একটি প্রাইভেট কারের ধাক্কায় ওই পথচারী আহত হলে কাছেই অবস্থানরত ব্যাটালিয়ন সদস্যরা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন। তারা আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন এবং একটি গাড়ির মাধ্যমে তাকে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সদস্যদের এমন তাৎক্ষণিক উদ্যোগ ও মানবিক ভূমিকার প্রশংসা করেন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন।

আরও পড়ুন: কই এলাকার মানুষ, আগে থেকেই পরিচয় অথচ একসঙ্গে পথচলার সুযোগ হয়নি কখনো!

বর্তমানে আনসার ব্যাটালিয়নের চারটি প্লাটুন নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের পূর্ব ঢাল, শিবু মার্কেট, ফতুল্লা, চাষাঢ়া মোড় ও বিসিক শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছে। এসব এলাকায় নিয়মিত টহল, যৌথ প্যাট্রোলিং, স্থির অবস্থানে নিরাপত্তা দায়িত্ব এবং শিল্পকারখানাকেন্দ্রিক বিশেষ নজরদারি পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ভাতাভোগী সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অঙ্গীভূত আনসার ও নিজস্ব গোয়েন্দা সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে সতর্ক থেকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

আনসার ব্যাটালিয়ন সদস্যদের নিয়মিত টহল, সতর্ক অবস্থান ও কার্যকর নজরদারির ফলে দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা, অনাকাঙ্ক্ষিত জনসমাগম ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার মাধ্যমে শিল্প উৎপাদনের ধারাবাহিকতা রক্ষায় তাঁরা দায়িত্ব পালন করছেন। তাদের উপস্থিতি স্থানীয় ব্যবসায়ী, শিল্পকারখানার কর্মী ও সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি করেছে।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের সহায়তায় তাৎক্ষণিকভাবে এগিয়ে আসার মধ্য দিয়ে আনসার ব্যাটালিয়ন সদস্যরা তাদের পেশাগত দায়িত্বশীলতা, কর্তব্যনিষ্ঠা ও মানবিক মূল্যবোধের পরিচয় দিচ্ছেন। নিরাপত্তা দায়িত্বের পাশাপাশি জনসেবায় তাদের এমন ভূমিকা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনকল্যাণমূলক অঙ্গীকারেরই প্রতিফলন।

আরও পড়ুন: বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব: দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মাইকিং

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানি বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


জার্মানি বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল

বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহ জার্মানিতে বৃদ্ধি পাচ্ছে। এই ইতিবাচক প্রবণতাকে স্বাগত জানাচ্ছে জার্মানি। এর ফলে, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে ডিজিটাল ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে জার্মান দূতাবাস।

এটি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগকে আরও প্রসারিত করবে, যা উভয় দেশের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে।

বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির প্রতিটি ধাপ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার দীর্ঘ অপেক্ষার কথা মাথায় রেখে, আবেদন প্রক্রিয়াকে আরও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে জার্মান দূতাবাস শিগগিরই ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে।

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে শিক্ষার্থী ভিসার জন্য ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal) ব্যবস্থাটি কার্যকর হবে।

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের আবেদনকারী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করার পাশাপাশি, অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমিয়ে আনার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় আবেদনকারীদের জন্য সুবিধাসমূহ

জার্মানিতে উচ্চশিক্ষার পথে শিক্ষার্থীদের প্রস্তুতি নতুন ব্যবস্থার মাধ্যমে আরও সুসংগঠিত হবে। যদিও প্রতিটি আবেদনের প্রেক্ষাপট অনুযায়ী প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে, তবে নতুন ব্যবস্থায় আবেদনপত্র যাচাইয়ের সময় পূর্বের তুলনায় কমে আসবে। এর ফলে, সামগ্রিক আবেদন প্রক্রিয়াকে আরও কার্যকর করা সম্ভব হবে।

অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের জন্য কি হবে?

অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার আধুনিকায়ন এবং সামগ্রিক আবেদন প্রক্রিয়ার উন্নয়নে নতুন এ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই পরিবর্তনের অংশ হিসেবে, আগের অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের নতুন ডিজিটাল পোর্টালের মাধ্যমে পুনরায় আবেদন করতে হবে। অর্থাৎ, যেসব সম্ভাব্য শিক্ষার্থী ইতোমধ্যে আগের অপেক্ষমাণ তালিকায় নিবন্ধন করেছেন, তাঁদেরসহ সব আবেদনকারীকে নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দিতে হবে।

যদিও আগের ব্যবস্থার অধীনে দীর্ঘদিন অপেক্ষমাণ আবেদনকারীদের জন্য এ পরিবর্তন সাময়িকভাবে অসুবিধাজনক হতে পারে, তবে নতুন ব্যবস্থায় আবেদন প্রক্রিয়াটি আরও গতিশীল হবে এবং দূতাবাসের আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে, আগের তুলনায় অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমে আসবে।

যেভাবে আবেদন করবেন

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনায় আগ্রহী সকল শিক্ষার্থী নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা করতে পারবেন: https://digital.diplo.de/

আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র এবং বিস্তারিত নির্দেশনা ডিজিটাল পোর্টাল লিঙ্কে এবং দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


মিরপুরে নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

রাজধানীর মিরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে, মিরপুর থানার স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক আহ্বায়ক এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি মিরপুর মডেল থানার সামনে থেকে শুরু হয়ে মিরপুর স্টেডিয়ামের সামনে দিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর প্রদক্ষিণ করে। পরে, একই স্থানে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তব্য প্রদান করেন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. ফিরোজ আহমেদ। তিনি এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান।

মিছিলে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাজিব আহমেদ রাজ, ১৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. খোরশেদ আলম মাসুদ, ৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. হারুনুর রশিদ, ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রুবেল হোসেন, ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলনেতা মো. শফিকুল ইসলাম শফিক, মিরপুর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাজু ইসলাম এবং ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফয়েজ উদ্দিন।

এছাড়া, মিছিলে মিরপুর থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন মো. হোসেন, মো. রবিউল, মো. শফিকুর রহমান শফিক, মো. সবুজ, মো. মসজিদ, মো. জসিম ও মো. রেজাউলসহ স্থানীয় নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে: শায়খ আব্দুল কাইয়ুম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে: শায়খ আব্দুল কাইয়ুম

সন্তানদের প্রতি কঠোর বা রূঢ় আচরণের পরিবর্তে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করে ভালোবাসা, আদর ও প্রজ্ঞার মাধ্যমে দ্বীনের পথে উদ্বুদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম ও খতিব শায়খ আব্দুল কাইয়ুম। রাজধানীর আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক ‘বিশেষ নসিহাহ প্রোগ্রামে’ প্রধান বক্তা হিসেবে তিনি এ আহ্বান জানান।

রাজধানীর বিভিন্ন স্থান থেকে আগত আলেম-ওলামা এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনে শায়খ আব্দুল কাইয়ুম সন্তানের দ্বীনি পরিবেশে লালন-পালন এবং একজন প্রকৃত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, পার্থিব শিক্ষার পাশাপাশি সন্তানকে ছোটবেলা থেকেই তাওহিদ, আকিদা ও দ্বীনের মৌলিক জ্ঞান প্রদান করা অপরিহার্য।

তিনি পরিবারকে ‘সুকুন’ বা প্রশান্তির নীড় হিসেবে গড়ে তোলার তাগিদ দেন এবং স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক ও মজবুত বন্ধনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। শায়খ আব্দুল কাইয়ুম বলেন, দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়ে তর্ক-বিতর্ক ও কলহ এড়িয়ে ধৈর্য ও শ্রদ্ধার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। তিনি মন্তব্য করেন, মা-বাবার সুন্দর আচরণ ও আমল দেখেই সন্তানেরা সবচেয়ে বেশি শেখে।

এছাড়া, বর্তমান সময়ে মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে পরিবার ও দ্বীনি চর্চায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন ইস্ট লন্ডন মসজিদের এই খতিব।

অনুষ্ঠানের এক পর্যায়ে শায়খ আব্দুল কাইয়ুম আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানবিক ও দাওয়াহ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সাধারণ মানুষকে ফাউন্ডেশনের তহবিলে দান করার আহ্বান জানান।

এছাড়া, অনুষ্ঠানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ফাউন্ডেশনের ‘অটোপে’ (Auto-Pay) সেবার কথা তুলে ধরেন। তিনি জানান, এই সেবার মাধ্যমে দাতারা ঘরে বসেই প্রতিদিনের সাদাকা ফাউন্ডেশনের তহবিলে পৌঁছে দিতে পারবেন, যা ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও সেবামূলক কাজে ব্যয় করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং ট্রলারসহ ৩৮ জেলে আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং ট্রলারসহ ৩৮ জেলে আটক

কক্সবাজারের সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং ট্রলারসহ ৩৮ জন জেলে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ৯টি ট্রলিং জাল এবং ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ভোরে অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা দক্ষিণ সমুদ্র এলাকায় (১২ মিটার গভীরতায়) একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত ট্রলারে তল্লাশি চালিয়ে ৩৮ জন জেলেকে আটক করা হয়, পাশাপাশি ৯টি ট্রলিং জাল এবং ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়।

সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ট্রলিং ট্রলার, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ এবং আটক জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%