প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নগরজীবনের ব্যস্ততার মাঝে হেমন্তের আবহে কিছুটা সময় গান উপভোগ করলেন গুলশানের বাসিন্দারা। রবীন্দ্রনাথের স্নিগ্ধ গানের পাশাপাশি আধুনিক গানের পরিচিত সুর- দুই ধারার সংগীত মিলিয়ে সন্ধ্যার আয়োজনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত। গানের সুরে শ্রোতাদের কণ্ঠ মেলানোয় খোলা আকাশের নিচে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
আজ শনিবার সন্ধ্যায় গুলশান লেকপার্কে গুলশান সোসাইটির উদ্যোগে ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অদিতি মহসীন এবং বাপ্পা মজুমদার।
সন্ধ্যার প্রথম পর্বটি রবীন্দ্রসংগীত দিয়ে সাজানো হয়। মঞ্চে অদিতি মহসীনের কণ্ঠে একে একে শোনা যায় ‘আনন্দধারা বহিছে ভুবনে’, ‘একটু কেবল বসতে দিও’, ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’, ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’, ‘তুমি কি কেবলই ছবি’, ‘ও যে মানে না মানা’ এবং ‘আমার এই পথ চলাতেই আনন্দ’সহ বেশ কিছু গান। রবীন্দ্রসংগীতের পরিচিত সুরে উপস্থিত শ্রোতারা মুগ্ধ হয়ে থাকেন।
প্রথম পর্বের পর, মঞ্চে আসেন বাপ্পা মজুমদার। তিনি ‘বৃষ্টি পড়ে অঝোর ধারায়’ দিয়ে শুরু করে পরিবেশন করেন ‘পরী’, ‘আগে যদি জানতাম’, ‘দিন বাড়ি যায়’, ‘বায়োস্কোপ’ এবং ‘গাড়ি চলে না’সহ আটটি গান। তার জনপ্রিয় গানের সঙ্গে শ্রোতাদের কণ্ঠ মেলানোয় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
সংগীত পরিবেশনার পাশাপাশি আয়োজনের উদ্দেশ্য ও ভাবনা তুলে ধরা হয়। গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, হেমন্ত বাংলার আনন্দ-উচ্ছ্বাসের ঋতু। মাঠের সোনালি ধান, কৃষকের মুখের হাসি এবং ফসল ঘরে তোলার আনন্দকে ঘিরে এই ঋতুতে নানা উৎসবের প্রচলন রয়েছে। তবে নাগরিক জীবনে এসব ঋতুভিত্তিক উদযাপনের চর্চা অনেকটাই কমে গেছে। হেমন্তকে ভুলে না গিয়ে এর ঐতিহ্য ও আনন্দকে সবার মধ্যে ছড়িয়ে দিতেই এই আয়োজন।
বাঙালির সাংস্কৃতিক পরিচয় ও সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ধর্মীয় পরিচয় আলাদা হলেও বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সবাইকে অভিন্ন বন্ধনে যুক্ত করে। এ পরিচয়গুলোকে আলাদা করে দেখার সুযোগ নেই।
ওমর সাদাত আরও বলেন, নগরজীবনে প্রতিবেশীদের মধ্যে পরিচয় ও পারস্পরিক সৌহার্দ্য তৈরিতে সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ঋতুভিত্তিক উৎসব নতুন প্রজন্মকে শেকড় ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন