মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:২৪ পি.এম
গঙ্গা ও তিস্তাসহ অন্যান্য আন্ত সীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার লক্ষ্যে চুক্তির জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি উল্লেখ করেন, বর্তমানে তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে কোনো চুক্তি নেই। আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য তুলে ধরেন পানিসম্পদমন্ত্রী।
সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল জানতে চান, তিস্তা পানিচুক্তির আওতায় বর্তমানে বাংলাদেশ কি পরিমাণ পানি পাচ্ছে এবং হিস্যা অনুযায়ী পানি পাওয়ার বিষয়ে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে।
এই প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, "বর্তমানে তিস্তা নদীর পানিবণ্টন বিষয়ক কোনো চুক্তি নেই। সরকার গঙ্গা ও তিস্তাসহ অন্যান্য আন্ত সীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার জন্য চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়ায় রয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন এবং তার প্রত্যর্পণ সংক্রান্ত প্রশ্নের জবাবে ভারত বিষয়টিকে কারিগরি ও আইনি হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে।
বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর উঠে এসেছে। সাংবাদিক আরও জানতে চান, দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবা সংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনার সুযোগ রয়েছে কি না। জবাবে জয়সওয়াল বলেন, “এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।”
একজন বাংলাদেশি নাগরিক যদি নিজ দেশে ফিরতে চান, তাহলে এ ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের সঙ্গে আলোচনা বা সমঝোতায় কোনো ভূমিকা রাখতে পারে কি না—এ বিষয়ে মুখপাত্র বলেন, “স্বাভাবিকভাবেই, মানুষের ভ্রমণের জন্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন। আমি যতটুকু বুঝি, বিষয়টি সে রকমই। তবে এটি একটি কারিগরি বিষয়।”
ভারতের ভূমিকা ও বাংলাদেশের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনার প্রশ্নটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এ রাজনৈতিক বিষয়ে তাদের অবস্থান কী, তা আপনাদের জানানোর জন্য তারাই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ।”
এছাড়াও শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ আলোচনার বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, “এ প্রসঙ্গে আমি আগেও বলেছি। আবারও বলছি, এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ইতোমধ্যে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে আদালতের এই নোটিশ তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
এই সমনটি ভারতের শিখস ফর জাস্টিসের (এসএফজে) নেতা গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা একটি দেওয়ানি মামলার অংশ হিসেবে জারি করা হয়েছে। মামলায় দোভাল ও গোয়েলকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, পান্নুনকে হত্যার পরিকল্পনা করতে অজিত দোভাল ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-কে কাজে লাগিয়েছিলেন। কথিত ওই হত্যাচেষ্টার জন্য তিনি ক্ষতিপূরণও দাবি করেছেন।
এটি উল্লেখযোগ্য যে, ভারত সরকার কয়েক বছর আগে পান্নুনকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছিল। একই সঙ্গে তার নেতৃত্বাধীন শিখস ফর জাস্টিসকে (এসএফজে) বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। এই সংগঠনটি খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত এবং যুক্তরাষ্ট্র ও কানাডায় তাদের কার্যক্রম রয়েছে। ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগও রয়েছে সংগঠনটির বিরুদ্ধে।
খালিস্তান আন্দোলনের মূল লক্ষ্য হলো ভারতের পাঞ্জাবকে আলাদা করে ‘খালিস্তান’ নামে একটি স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। নব্বইয়ের দশকে আন্দোলনটি অনেকটা স্তিমিত হওয়ার আগে পাঞ্জাবে কয়েক দশক ধরে রক্তক্ষয়ী সশস্ত্র সংঘাত চলেছিল। পরবর্তী সময়ে আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী ও নেতারা বিদেশে আশ্রয় নেন। বিশেষ করে কানাডায় অবস্থান করে তারা বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ভারতের।
পান্নুনের করা দেওয়ানি মামলাটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও তাকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে পৃথক একটি ফৌজদারি মামলা পরিচালনা করছে।
মূলত, ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার বিরুদ্ধে মার্কিন তদন্ত থেকেই নতুন এই দেওয়ানি মামলার সূত্রপাত ঘটে। ২০২৩ সালে চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তারের পর তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। মার্কিন বিচার বিভাগের অভিযোগ, পান্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের পরিকল্পনায় যুক্ত ছিলেন গুপ্তা।
যুক্তরাষ্ট্রের অভিযোগপত্রে বলা হয়েছে, এ পরিকল্পনার সঙ্গে বিকাশ যাদব নামে ভারতের এক ব্যক্তি জড়িত ছিলেন, যিনি ওই সময় দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অন্য কয়েকজনের সহযোগিতায় তারা পান্নুনকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে দাবি মার্কিন কর্তৃপক্ষের।
চলতি বছরের শুরুর দিকে নিখিল গুপ্তা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করেন। চলতি মাসের শেষদিকে তার সাজা ঘোষণার কথা রয়েছে।
সূত্র: দ্য ওয়্যার
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের তারকারা সৌন্দর্য ধরে রাখতে বোটক্স, ফিলার এবং কসমেটিক সার্জারির ব্যবহার নতুন কিছু নয়। তবে অভিনেত্রী কারিনা কাপুর খান বয়সের ছাপ লুকাতে এসব পদ্ধতির প্রতি আগ্রহী নন। বরং তিনি শরীর ও মনের সুস্থতার উপর বেশি গুরুত্ব দেন।
সম্প্রতি সাংবাদিক বরখা দত্তের সঙ্গে এক সাক্ষাৎকারে কারিনা বোটক্স এবং কসমেটিক সার্জারি সম্পর্কে তার অবস্থান তুলে ধরেন। অভিনেত্রী জানান, তিনি বোটক্সের তীব্র বিরোধী। তার কাছে নিজেকে ভালো রাখার মানে হলো সুস্থ থাকা, ভালো অনুভব করা এবং প্রাকৃতিকভাবে নিজের যত্ন নেওয়া।
কারিনার মতে, আত্মযত্ন শুধুমাত্র ত্বক বা শরীরের সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ছুটি উপভোগ করা এবং নিজের জন্য সময় বের করাও আত্মযত্নের অংশ। তিনি ইনজেকশন বা অস্ত্রোপচারের চেয়ে শরীর ও মনের যত্ন নেওয়াকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।
সাক্ষাৎকারে বয়স নিয়ে তরুণীদের মধ্যে চাপ সৃষ্টি হওয়ার বিষয়টিও উল্লেখ করেন কারিনা। তার মতে, বয়স বাড়াকে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নেই। চল্লিশের দশকে তিনি নিজেকে সন্তুষ্ট মনে করেন এবং জীবনের এই পর্যায়ে নিজেকে সবচেয়ে ভালো অনুভব করছেন। অভিনয়ের ক্ষেত্রেও তিনি নিজেকে আগের তুলনায় পরিণত মনে করেন।
উল্লেখ্য, দুই সন্তানের মা কারিনা কাপুর খান নিয়মিত অভিনয় করে চলেছেন। সর্বশেষ তিনি মেঘনা গুলজারের ‘দায়রা’ সিনেমায় পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয় করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী বছরের মার্চ মাসে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তবে সমাবর্তনের প্রস্তুতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) নিয়ে। দীর্ঘ সময় ধরে টিএসসির কক্ষ বরাদ্দ না পাওয়ার কারণে সংগঠনগুলোর সদস্যরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য টিএসসির কক্ষ বরাদ্দ দেওয়ার আশ্বাস প্রদান করেছেন সমাবর্তনের পূর্বে।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ক্যাম্পাসে প্রায় ৩০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠেছে। তবে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধার অভাবে অধিকাংশ সংগঠনের কার্যক্রম বর্তমানে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপকালে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংগঠনগুলোর জন্য নির্দিষ্ট কোনো আর্থিক বরাদ্দ নেই। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য পৃথক কার্যালয় বা কক্ষের অভাব রয়েছে। এর ফলে নিয়মিত সভা, পরিকল্পনা প্রণয়ন এবং অন্যান্য কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে সংগঠনগুলোর সদস্যদের।
সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকে গতিশীল করতে সংগঠনগুলোর জন্য স্থায়ী কার্যালয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। টিএসসির অব্যবহৃত কক্ষগুলো সংগঠনগুলোর মধ্যে বরাদ্দ দেওয়া হলে তাদের কার্যক্রমে নতুন গতি আসবে। তাই সংগঠনগুলোর নেতারা দ্রুত সময়ের মধ্যে টিএসসির কক্ষ বরাদ্দের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম মন্তব্য করেছেন, "বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কক্ষ প্রয়োজন, বিষয়টি আমিও স্বীকার করি।" তবে তিনি জানিয়েছেন, কিছু জটিলতার কারণে কক্ষগুলো বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। তিনি উল্লেখ করেছেন, "আমরা চেষ্টা করছি, যাতে দ্রুত সময়ের মধ্যে কক্ষগুলো বরাদ্দ দেওয়া যায়।"
উপাচার্য আরও জানিয়েছেন, সব সংগঠনকেই কক্ষ বরাদ্দ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ে নামে-বেনামে অনেক সংগঠন রয়েছে। তবে, হাতেগোনা কয়েকটি সংগঠনের কার্যক্রমই চোখে পড়ার মতো। আমার মতে, তারাই কক্ষ বরাদ্দ পাওয়ার দাবিদার।" তিনি জানান, শুরুতেই সব সংগঠনকে কক্ষ বরাদ্দ দেওয়া হবে না। সংগঠনগুলোর কার্যক্রম পর্যালোচনা করে যোগ্যতার ভিত্তিতে টিএসসিতে কক্ষ বরাদ্দ দেওয়া হবে। উপাচার্য আরও বলেন, "আমরা চেষ্টা করছি আগামী বছরের মার্চ মাসে সমাবর্তনের আগেই যেন সংগঠনগুলোকে কক্ষ বরাদ্দ দিতে পারি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ