প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ইতোমধ্যে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে আদালতের এই নোটিশ তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
এই সমনটি ভারতের শিখস ফর জাস্টিসের (এসএফজে) নেতা গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা একটি দেওয়ানি মামলার অংশ হিসেবে জারি করা হয়েছে। মামলায় দোভাল ও গোয়েলকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, পান্নুনকে হত্যার পরিকল্পনা করতে অজিত দোভাল ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-কে কাজে লাগিয়েছিলেন। কথিত ওই হত্যাচেষ্টার জন্য তিনি ক্ষতিপূরণও দাবি করেছেন।
এটি উল্লেখযোগ্য যে, ভারত সরকার কয়েক বছর আগে পান্নুনকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছিল। একই সঙ্গে তার নেতৃত্বাধীন শিখস ফর জাস্টিসকে (এসএফজে) বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। এই সংগঠনটি খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত এবং যুক্তরাষ্ট্র ও কানাডায় তাদের কার্যক্রম রয়েছে। ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগও রয়েছে সংগঠনটির বিরুদ্ধে।
খালিস্তান আন্দোলনের মূল লক্ষ্য হলো ভারতের পাঞ্জাবকে আলাদা করে ‘খালিস্তান’ নামে একটি স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। নব্বইয়ের দশকে আন্দোলনটি অনেকটা স্তিমিত হওয়ার আগে পাঞ্জাবে কয়েক দশক ধরে রক্তক্ষয়ী সশস্ত্র সংঘাত চলেছিল। পরবর্তী সময়ে আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী ও নেতারা বিদেশে আশ্রয় নেন। বিশেষ করে কানাডায় অবস্থান করে তারা বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ভারতের।
পান্নুনের করা দেওয়ানি মামলাটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও তাকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে পৃথক একটি ফৌজদারি মামলা পরিচালনা করছে।
মূলত, ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার বিরুদ্ধে মার্কিন তদন্ত থেকেই নতুন এই দেওয়ানি মামলার সূত্রপাত ঘটে। ২০২৩ সালে চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তারের পর তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। মার্কিন বিচার বিভাগের অভিযোগ, পান্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের পরিকল্পনায় যুক্ত ছিলেন গুপ্তা।
যুক্তরাষ্ট্রের অভিযোগপত্রে বলা হয়েছে, এ পরিকল্পনার সঙ্গে বিকাশ যাদব নামে ভারতের এক ব্যক্তি জড়িত ছিলেন, যিনি ওই সময় দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অন্য কয়েকজনের সহযোগিতায় তারা পান্নুনকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে দাবি মার্কিন কর্তৃপক্ষের।
চলতি বছরের শুরুর দিকে নিখিল গুপ্তা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করেন। চলতি মাসের শেষদিকে তার সাজা ঘোষণার কথা রয়েছে।
সূত্র: দ্য ওয়্যার
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন