০১:১৪ এম
প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের সফর জাপান, জাপানি গণমাধ্যমের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। এনএইচকে, টিভি আসাহি, সানকেই, কিয়োদো এবং জিজি প্রেসসহ শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি সংবাদমাধ্যম সফরের কর্মসূচি, দুই সরকারপ্রধানের বৈঠক এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। জাইকা এবং বিভিন্ন ব্যবসায়িক সংবাদমাধ্যমও সফর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর, টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমানের শীর্ষ বৈঠকটি জাপানি গণমাধ্যমে বিশেষ গুরুত্ব পায়। আনুষ্ঠানিক অভ্যর্থনা, গার্ড অব অনার, করমর্দন, দ্বিপক্ষীয় বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলনের ছবি ও ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
এনএইচকে ‘উচ্চপর্যায়ের বৈঠকে অর্থনীতি ও নিরাপত্তা সহযোগিতা নিশ্চিত’ শিরোনামে সংবাদ প্রকাশ করে, যেখানে অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও নিরাপত্তা খাতে দুই দেশের অংশীদারত্ব তুলে ধরা হয়। সানকেই অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে। কিয়োদোর প্রতিবেদন ইয়াহু নিউজ জাপানেও প্রকাশিত হয়, যেখানে জ্বালানি ও বিনিয়োগ সহযোগিতা এবং আগামী বছরে বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়।
আরও পড়ুন: বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেওয়া মাসুমা পেলেন এ গ্রেড
জিজি প্রেসের প্রতিবেদন নিপ্পন ডটকমে প্রকাশিত হয়, যেখানে আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন পর্যন্ত জাপানি বিনিয়োগের পরিকল্পনা এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে জাপানের টহল জাহাজ দেওয়ার সিদ্ধান্ত বিশেষভাবে উল্লেখ করা হয়। টিভি আসাহির প্রতিবেদনে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পায়।
জাইকা ২৮ অক্টোবর তাদের ওয়েবসাইটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংস্থাটির প্রেসিডেন্ট আকিহিকো তানাকার বৈঠকের খবর প্রকাশ করে, যেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ঢাকা গণপরিবহন ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়গুলো তুলে ধরা হয়। একই দিনে জাপানি প্রতিষ্ঠান উইক ও গ্রামীণ গ্রুপের যৌথ উদ্যোগে ‘গ্রামীণ উইক’ প্রতিষ্ঠার খবর পিআর টাইমসে প্রকাশিত হয়।
সামগ্রিকভাবে জাপানি গণমাধ্যমের প্রতিবেদনে অর্থনৈতিক অংশীদারত্ব, জাপানি বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। বিশেষ করে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের পরিকল্পনা এবং বঙ্গোপসাগর শিল্প প্রবৃদ্ধি অঞ্চল উন্নয়নে দুই দেশের সহযোগিতার বিষয়টি বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সব মিলিয়ে জাপানি গণমাধ্যম তারেক রহমানের সফরকে বাংলাদেশ-জাপান সম্পর্কের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বের নিরিখে ব্যাপক আগ্রহের সঙ্গে তুলে ধরেছে।
আরও পড়ুন: দীপকে সন্দেহ, সঙ্গের তরুণীকে খুঁজছে পুলিশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন