মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি
০৮:০১ পি.এম
শেরপুরে অপহরণের শিকার সাংবাদিক, শেকলে বেঁধে মুক্তিপণ আদায়ছবি: সংগৃহীত
শেরপুর প্রতিনিধি: চিকিৎসা নিতে বাড়ি থেকে বের হয়েছিলেন সাংবাদিক আল আমিন। উদ্দেশ্য ছিল ময়মনসিংহে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া। কিন্তু সেই যাত্রা যে তাকে নিয়ে যাবে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি, তা কল্পনাও করেননি তিনি।
অভিযোগ, পথেই কৌশলে অচেতন করে তাকে তুলে নেওয়া হয়। এরপর নির্জন একটি বাগানে নিয়ে লোহার শেকলে বেঁধে রাখা হয়। দাবি করা হয় ৫ লাখ টাকা মুক্তিপণ। টাকা দিতে না পারায় চলে শারীরিক নির্যাতন। জিম্মি অবস্থায় তার বিকাশ হিসাব থেকে দুই দফায় তুলে নেওয়া হয় ২০ হাজার ৫৫০ টাকা। কেড়ে নেওয়া হয় দুটি মুঠোফোন ও চারটি সিমকার্ড।
এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দৈনিক খবরপত্র পত্রিকার সাংবাদিক আল আমিন।
গত বৃহস্পতিবার ময়মনসিংহে চিকিৎসা নিতে যাওয়ার পথে তিনি অপহরণের শিকার হন বলে অভিযোগ করেছেন।
আল আমিনের দাবি, এই ঘটনার সঙ্গে কারা জড়িত, কীভাবে তাকে অপহরণ করা হয়েছিল এবং কারা অর্থ উত্তোলন করেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হোক।
আল আমিন জানান, বৃহস্পতিবার চিকিৎসার উদ্দেশ্যে ময়মনসিংহের পথে রওনা হন তিনি। যানজটের কারণে ব্রিজের ওপর দিয়ে হেঁটে পার হওয়ার সময় এক হকারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে ব্রিজের শেষ মাথা থেকে একটি অটোতে ওঠেন।
তার অভিযোগ, অটোতে ওঠার প্রায় এক মিনিটের মধ্যে মোটরসাইকেলে আসা তিন যুবক সেখানে ওঠে। একপর্যায়ে তাদের একজন পকেট থেকে টিস্যুজাতীয় একটি বস্তু বের করে তার নাকের সামনে ঝাঁকিয়ে দেয়। এরপর কী ঘটেছিল, কোথায় নেওয়া হয়েছিল তাকে কিছুই বুঝতে পারেননি তিনি। কিছুটা স্বাভাবিক হওয়ার পর নিজেকে অপহরণকারীদের কবলে আবিষ্কার করেন আল আমিন। তার ভাষ্য, প্রথমে অটোতে করে ব্রিজ মোড় থেকে সানকিপাড়া মোড় পর্যন্ত নেওয়া হয় তাকে। পরে মোটরসাইকেলে করে গোয়ালিকান্দা এলাকার একটি নির্জন বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি টং বা মাচার নিচে লোহার শেকলে দিয়ে বেঁধে রাখা হয়।
আল আমিনের অভিযোগ, নির্জন বাগানে প্রথমে চারজন ব্যক্তি অবস্থান করছিল। কিছুক্ষণ পর আরও তিন-চারজন সেখানে যোগ দেয়। এরপর তার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এত টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় শারীরিক নির্যাতন। আকাশমণি গাছের মোটা ডাল, কাটার, কাঁচি ও দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে তার হাত-পা ও নখে আঘাত করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে তাকে নির্যাতন করা হয় বলে দাবি তার।
একপর্যায়ে রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার দিকে পাঁচ হাজার টাকা দিতে রাজি হন তিনি। কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি অপহরণকারীরা। পরে আরেকটি দল এসে তার কাছে ২০ হাজার টাকা দাবি করে।
জিম্মি অবস্থায় অর্থ আদায়ের অভিযোগের পক্ষে বিকাশ অ্যাপের লেনদেনের স্ক্রিনশট গণমাধ্যমকর্মীদের দেখিয়েছেন আল আমিন। সেখানে ওইদিনের দুটি ক্যাশ আউট লেনদেনের তথ্য পাওয়া গেছে।
আল আমিনের দাবি, অপহরণকারীদের নির্দেশ ও নিয়ন্ত্রণেই এসব লেনদেন হয়েছে। তার বিকাশ হিসাব ব্যবহার করে অন্যরা দোকানে গিয়ে টাকা তুলে নেয়। লেনদেনের তথ্য ও সংশ্লিষ্ট নম্বরগুলো যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তিনি।
অর্থ আদায়ের পাশাপাশি আল আমিনের ব্যবহৃত দুটি মুঠোফোন ও চারটি সিমকার্ড নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফোন দুটি হলো Motorola Edge 50 ও একটি Symphony বাটন ফোন। তার দেওয়া হিসাব অনুযায়ী, ফোন দুটির আনুমানিক বাজারমূল্য যথাক্রমে ৩৫ হাজার ও ১ হাজার ৫০০ টাকা।
আল আমিনের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় মাগরিবের আজানের পর পুলিশের একটি ফোন আসে। এরপর অপহরণকারীরা তার দুটি মুঠোফোন বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে। চলে যাওয়ার আগে কাউকে কিছু জানালে কিংবা কোথাও দেখা হলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
সাংবাদিক আল আমিন বলেন, ‘আমি প্রাণ নিয়ে ফিরে এসেছি, কিন্তু এই ভয়াবহ ঘটনার বিচার চাই। আমার সঙ্গে যা ঘটেছে, তা যেন আর কারও সঙ্গে আর না ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লাস্টিকে মোড়ানো তারযুক্ত বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখা গেছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির চারপাশ ঘিরে রাখেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ওভারপাস দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী লাল প্লাস্টিকে মোড়ানো বস্তুটি দেখতে পান। বস্তুটির দুই পাশে তার সংযুক্ত থাকায় সেটিকে বোমা বলে সন্দেহ হয়। পরে তাঁরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “ওভারপাসে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।”
এ ঘটনায় ওভারপাস এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে বন্ধ থাকা শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর শনিবার বেলা ১১টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে ফেরি চলাচল স্বাভাবিক করেন কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে শনিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। এতে নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় প্রায় দেড় শতাধিক যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।
জানা গেছে, গত শুক্রবার নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন শিক্ষার্থীকে চাপা দেয়। এতে তরিকুল ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়।
এ ঘটনায় চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে। পরে মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার ভোর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের দাবি ছিল, অন্যায়ভাবে মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন তাঁরা।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন ফেরি চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা ও শর্তসাপেক্ষ আশ্বাসের পর মাস্টার অ্যাসোসিয়েশন কর্মবিরতি প্রত্যাহার করেছে। এরই মধ্যে ফেরি চলাচল চালু করা হয়েছে।
বেলা ১১টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় ধীরে ধীরে দুই প্রান্তে আটকে থাকা যানবাহন পারাপার স্বাভাবিক হতে শুরু করেছে।
সট: আব্দুর রব, সহসভাপতি, কেন্দ্রীয় কমিটি, বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, তেহরান থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে নতুন কোনো উসকানি না এলে, আপাতত ইরানে সামরিক অভিযান না চালানোর বিষয়ে চিন্তা করছেন। তিনি সাম্প্রতিক সময়ে জাতীয় নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টাদের কাছে এই মনোভাব প্রকাশ করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সাম্প্রতিক সময়ে ইরানে হামলার হুমকি দিয়ে উত্তেজনা বৃদ্ধি এবং সংঘাত বন্ধের ইঙ্গিত—দুই ধরনের বক্তব্যই দিয়ে আসছেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে শুরু হওয়া এই অজনপ্রিয় যুদ্ধের সমাপ্তি সম্পর্কে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।
সূত্রের খবর অনুযায়ী, ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন যে, নতুন কোনো উসকানি না থাকলে তিনি ইরানে হামলা না চালানোর বিষয়টি বিবেচনা করতে পারেন। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক এবং একাধিক গোয়েন্দা ব্রিফিংয়ের পর ট্রাম্প ইরানে হামলা আপাতত স্থগিত রাখার বিষয়টি ভাবছেন। একই সঙ্গে, মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্রদেশও ট্রাম্পকে পূর্ণমাত্রার যুদ্ধে না ফেরার অনুরোধ জানিয়েছেন। মিত্রদের এ অবস্থানের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
গত বৃহস্পতিবার ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ স্মিথকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি চাইলে এখনই যুদ্ধ শেষ করতে পারি। কিন্তু যেসব দেশকে নিরাপত্তা দিতে চাই, তাদের অনুরোধে আমরা একটু দীর্ঘ ও আরও সংযত পথ বেছে নিয়েছি।”
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ সুরক্ষায় সব ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে রয়েছে। তিনি দাবি করেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতির পতনের কারণে যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে।
সিআইএ এবং অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের কোনো মন্তব্য করেনি।
একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত অন্য একজন ব্যক্তির তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে ইরানে হামলা নিয়ে তাদের মতামত জানতে চেয়েছেন ট্রাম্প। দুই নেতাই মার্কিন প্রেসিডেন্টকে নতুন করে হামলা শুরু না করার পরামর্শ দিয়েছেন। সূত্রগুলো বলছে, ট্রাম্প এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি।
আলোচনা সম্পর্কে অবগত আরও দুজন ব্যক্তির ভাষ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর সৌদি যুবরাজকে ট্রাম্প জানিয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার পরিকল্পনা করছেন তিনি। তবে যুবরাজ তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ করেন। তার যুক্তি ছিল, ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ