ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা


জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লাস্টিকে মোড়ানো তারযুক্ত বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখা গেছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির চারপাশ ঘিরে রাখেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ওভারপাস দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী লাল প্লাস্টিকে মোড়ানো বস্তুটি দেখতে পান। বস্তুটির দুই পাশে তার সংযুক্ত থাকায় সেটিকে বোমা বলে সন্দেহ হয়। পরে তাঁরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “ওভারপাসে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।”
এ ঘটনায় ওভারপাস এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে বন্ধ থাকা শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর শনিবার বেলা ১১টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে ফেরি চলাচল স্বাভাবিক করেন কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে শনিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। এতে নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় প্রায় দেড় শতাধিক যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।

জানা গেছে, গত শুক্রবার নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন শিক্ষার্থীকে চাপা দেয়। এতে তরিকুল ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়।

এ ঘটনায় চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে। পরে মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার ভোর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের দাবি ছিল, অন্যায়ভাবে মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন তাঁরা।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন ফেরি চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা ও শর্তসাপেক্ষ আশ্বাসের পর মাস্টার অ্যাসোসিয়েশন কর্মবিরতি প্রত্যাহার করেছে। এরই মধ্যে ফেরি চলাচল চালু করা হয়েছে।

বেলা ১১টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় ধীরে ধীরে দুই প্রান্তে আটকে থাকা যানবাহন পারাপার স্বাভাবিক হতে শুরু করেছে।

সট: আব্দুর রব, সহসভাপতি, কেন্দ্রীয় কমিটি, বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি যুবরাজ ও এরদোয়ানের অনুরোধে ইরানে হামলা থেকে পিছু হটলেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


সৌদি যুবরাজ ও এরদোয়ানের অনুরোধে ইরানে হামলা থেকে পিছু হটলেন ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, তেহরান থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে নতুন কোনো উসকানি না এলে, আপাতত ইরানে সামরিক অভিযান না চালানোর বিষয়ে চিন্তা করছেন। তিনি সাম্প্রতিক সময়ে জাতীয় নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টাদের কাছে এই মনোভাব প্রকাশ করেছেন।

শনিবার (১৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সাম্প্রতিক সময়ে ইরানে হামলার হুমকি দিয়ে উত্তেজনা বৃদ্ধি এবং সংঘাত বন্ধের ইঙ্গিত—দুই ধরনের বক্তব্যই দিয়ে আসছেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে শুরু হওয়া এই অজনপ্রিয় যুদ্ধের সমাপ্তি সম্পর্কে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

সূত্রের খবর অনুযায়ী, ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন যে, নতুন কোনো উসকানি না থাকলে তিনি ইরানে হামলা না চালানোর বিষয়টি বিবেচনা করতে পারেন। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক এবং একাধিক গোয়েন্দা ব্রিফিংয়ের পর ট্রাম্প ইরানে হামলা আপাতত স্থগিত রাখার বিষয়টি ভাবছেন। একই সঙ্গে, মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্রদেশও ট্রাম্পকে পূর্ণমাত্রার যুদ্ধে না ফেরার অনুরোধ জানিয়েছেন। মিত্রদের এ অবস্থানের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত বৃহস্পতিবার ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ স্মিথকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি চাইলে এখনই যুদ্ধ শেষ করতে পারি। কিন্তু যেসব দেশকে নিরাপত্তা দিতে চাই, তাদের অনুরোধে আমরা একটু দীর্ঘ ও আরও সংযত পথ বেছে নিয়েছি।”

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ সুরক্ষায় সব ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে রয়েছে। তিনি দাবি করেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতির পতনের কারণে যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে।

সিআইএ এবং অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের কোনো মন্তব্য করেনি।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত অন্য একজন ব্যক্তির তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে ইরানে হামলা নিয়ে তাদের মতামত জানতে চেয়েছেন ট্রাম্প। দুই নেতাই মার্কিন প্রেসিডেন্টকে নতুন করে হামলা শুরু না করার পরামর্শ দিয়েছেন। সূত্রগুলো বলছে, ট্রাম্প এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি।

আলোচনা সম্পর্কে অবগত আরও দুজন ব্যক্তির ভাষ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর সৌদি যুবরাজকে ট্রাম্প জানিয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার পরিকল্পনা করছেন তিনি। তবে যুবরাজ তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ করেন। তার যুক্তি ছিল, ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ৭ হাজার ১৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


শেরপুরে ৭ হাজার ১৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছ

 

শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সদর উপজেলার ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে ।

শনিবার দুপুরের দিকে শেরপুর সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভার্চুয়ালি উপস্থিত থেকে উদ্বোধন করেন , সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা।

অনুষ্ঠানে শেরপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু,

উপজেলা কৃষি অফিস জানায়, শেরপুর সদরের ৭১৫০ কৃষকের মাঝে কৃষকপ্রতি সরিষা বীজ ১ কেজি,ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর জলবায়ু কূটনীতি ও বৈশ্বিক অংশীদারিত্বকে বেগবান করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


প্রধানমন্ত্রীর তুরস্ক সফর জলবায়ু কূটনীতি ও বৈশ্বিক অংশীদারিত্বকে বেগবান করেছে

গোলাম আহাদ

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ : জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ৩১)-এ অংশগ্রহণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন দিনের সরকারি তুরস্ক সফর বাংলাদেশের জলবায়ু বিষয়ক স্বার্থ রক্ষা, দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা সম্প্রসারণের নতুন পথ উন্মোচন করেছে।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম সম্মেলন (কপ৩১)-এর প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই সফরটি বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিকে জোরালোভাবে তুলে ধরেছে। পাশাপাশি, এটি প্রধানমন্ত্রীকে তুরস্ক, অস্ট্রেলিয়া, চীন, উজবেকিস্তানসহ অন্যান্য দেশের নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা করার সুযোগ প্রদান করেছে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম কনফারেন্স অব পার্টিস-এর ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বিশেষ করে এমন এক সময়ে যখন বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ মারাত্মকভাবে ঝুঁকির মুখে রয়েছে।

বাংলাদেশের অবস্থানের কেন্দ্রে ‘জলবায়ু ন্যায়বিচার’ রয়েছে।

১২ নভেম্বর কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য রাখার সময়, তারেক রহমান জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে সুরক্ষায় পাঁচটি জরুরি প্রস্তাব তুলে ধরেন এবং একটি অধিকতর ন্যায়সংগত আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা এসকল প্রস্তাবে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণমুক্তির ব্যবস্থা, জলবায়ু-বান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত, নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত উত্তরণ এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তরে প্রস্তাবিত ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের ওপর জোর দেন।

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অতিরিক্ত ঋণের চেয়ে অনুদান বেশি প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান জলবায়ু অর্থায়নব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলোর চাহিদা ও অগ্রাধিকারগুলো যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না।

প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষার পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের অঙ্গীকারের বিষয়টি তুলে ধরে ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করা এবং ৪,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা গড়ে তোলার সরকারি লক্ষ্যমাত্রার কথাও তুলে ধরেন।

এ ছাড়া পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ গ্রহণ এবং উপকূলীয় সুরক্ষা জোরদারে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

দেশের প্রায় ৩০০টি ‘লিড’ (এলইইডি) সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা, পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রসার এবং জাতীয় পর্যায়ে কার্বন-ট্রেডিং ফ্রেমওয়ার্ক তৈরির উদ্যোগকেও বাংলাদেশের সবুজ অর্থনীতিতে উত্তরণের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়।

বাংলাদেশের জন্য এই বক্তব্যের গুরুত্ব এখানেই যে, এটি জলবায়ু সংক্রান্ত উদ্বেগের বিষয়টিকে কেবল সহায়তার সাধারণ আবেদনের গণ্ডি থেকে বের করে এনেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাধারণ সহায়তার আবেদন জানানোর পরিবর্তে এর মাধ্যমে অভিযোজন অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, ঋণের টেকসই ব্যবস্থাপনা এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের মতো সুনির্দিষ্ট দাবিগুলো তাদের সামনে তুলে ধরা হয়েছে।

এই প্রস্তাবগুলো উন্নয়ন সহযোগী ও জলবায়ু অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পরবর্তী আলোচনার জন্য বাংলাদেশকে একটি সুস্পষ্ট কূটনৈতিক কাঠামো দেবে।

এরদোয়ানের সঙ্গে বৈঠক: ঢাকা-আঙ্কারা সম্পর্কের নতুন চালিকাশক্তি।

এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ১০ নভেম্বর আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক।

প্রায় ৩০ মিনিট স্থায়ী এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকে রাজনৈতিক সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উভয় নেতা মুসলিম বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাব্য অবদান নিয়েও আলোচনা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরেন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতার বিষয়টিও উল্লেখ করেন।

ঢাকা ও আঙ্কারার মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের প্রেক্ষাপটে এই বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ তুরস্কের বিনিয়োগ আকর্ষণ, তুরস্কের প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানো এবং শিল্পোন্নয়নের নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের সুযোগ পেতে পারে।

উৎপাদন শিল্প, অবকাঠামো, প্রতিরক্ষাসংশ্লিষ্ট শিল্প, নবায়নযোগ্য জ্বালানি এবং বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে তুরস্কের অভিজ্ঞতা দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হতে পারে।

এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর এই যোগাযোগ উভয় দেশের মধ্যে রাজনৈতিক বোঝাপড়াকে আরও সুদৃঢ় করার পাশাপাশি বৃহত্তর আন্তর্জাতিক ও ইসলামি কূটনৈতিক উদ্যোগে বাংলাদেশের ভূমিকা অন্বেষণের সুযোগও তৈরি করেছে।

যদিও এই বৈঠকে নতুন কোনো সুনির্দিষ্ট চুক্তি বা আর্থিক প্রতিশ্রুতি ঘোষিত হয়নি, তবুও এই উচ্চপর্যায়ের আলোচনা দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের রাজনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।

চীন, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও উজবেকিস্তানের সঙ্গে যোগাযোগ।

বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের বিবেচনায় অন্যান্য দেশের নেতাদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকগুলো ছিল গুরুত্বপূর্ণ।

১১ নভেম্বর চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে বৈঠকে তারেক রহমান রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি বিশেষ করে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে চীনা বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

চীন ইতোমধ্যে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বিনিয়োগ সহযোগী। এই আলোচনার মাধ্যমে অবকাঠামো উন্নয়ন ও শিল্প সম্প্রসারণে, বিশেষ করে যেসব খাতে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হতে পারে, সেগুলোতে চীনের অংশগ্রহণ আরও বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে তারেক রহমান বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের নিজ ভূমিতে নিরাপদে প্রত্যাবাসনের বিষয়ে সহযোগিতা কামনা করেন।

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় মানবিক, নিরাপত্তা ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তাই এই সংকটের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখতে এবং একটি টেকসই সমাধানের জন্য চাপ সৃষ্টি করতে অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আরও জোরালো কূটনৈতিক ভূমিকা রাখার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ ছাড়া বৈঠকে বাংলাদেশের জলবায়ু অভিযোজন উদ্যোগ, অভিবাসন এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়।

যুক্তরাজ্যের কূটনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক উন্নয়ন ও জলবায়ু বিষয়ক সহযোগিতায় দেশটির ভূমিকার প্রেক্ষাপটে এই আলোচনাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ছিল।

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গেও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে তাঁরা মতবিনিময় করেন।

উজবেকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আগামী নতুন বছরে সফরের আশা ব্যক্ত করেন।

উন্নত বিমান যোগাযোগ এবং সহজ ভিসাপ্রক্রিয়া উভয় দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন, ব্যবসায়িক বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক হতে পারে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে বৃহত্তর সম্পৃক্ততা।

আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকগুলোর পাশাপাশি শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী আরও বেশ কয়েকজন বিশ্বনেতা এবং আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ও সৌজন্য সাক্ষাৎ করেন।

তিনি অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ এবং লন্ডনের মেয়র সাদিক খানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

তিনি ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট এবং মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ ছাড়া ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ এবং লন্ডনের মেয়র সাদিক খানের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। অন্যদিকে, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমেদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর সঙ্গে আলোচনায় ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার সুযোগ নিয়ে আলোকপাত করা হয়।

বিভিন্ন দেশের নেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনী ম্যান্ডেটের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।

এই বৈঠকগুলো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক দৃশ্যমানতা বৃদ্ধি করেছে এবং দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের সুযোগ তৈরি করেছে।

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ড. জুবাইদা রহমানের অংশগ্রহণ এ সফরে পরিবেশগত ও কূটনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে।

এর একটি উল্লেখযোগ্য দিক ছিল ১২ নভেম্বর আনতালিয়ার রেগনাম হোটেলে রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং বিশিষ্ট অতিথিদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে তাঁর সাক্ষাৎ।

তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এছাড়া ড. জুবাইদা রহমান অন্যান্য আন্তর্জাতিক নেতাদের স্ত্রীদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

পরবর্তীতে ড. জুবাইদা এমিনে এরদোয়ানের ‘জিরো ওয়েস্ট মিউজিয়াম’ উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেন। বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার, সম্পদ সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় বাস্তবসম্মত উদ্যোগ তুলে ধরতে এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

তুরস্কের ফার্স্ট লেডি ২০১৭ সালে ‘জিরো ওয়েস্ট’ আন্দোলন শুরু করেন, যার লক্ষ্য হলো টেকসই ভোগব্যবস্থা, রিসাইকেল বা পুনর্ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদের দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করা।

বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের যে প্রচেষ্টা রয়েছে, তার সঙ্গে ড. জুবাইদা রহমানের এই অংশগ্রহণ বিশেষভাবে প্রাসঙ্গিক ছিল।

এছাড়া, তিনি জিরো ওয়েস্ট ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত একটি পার্শ্ব অনুষ্ঠানেও অংশ নেন। সেখানে বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক কারিগরি সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ড. জুবাইদা কপ৩১-এ অংশগ্রহণকারী বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট এরদোয়ান ও তুরস্কের ফার্স্ট লেডির আয়োজিত এক নৈশভোজেও অংশ নেন।

এই কার্যক্রমগুলো আনুষ্ঠানিক সরকারি পর্যায়ের আলোচনার বাইরেও পরিবেশগত সহযোগিতা এবং জনগণের সাথে জনগণের কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির জন্য একটি বাড়তি সুযোগ তৈরি করে দিয়েছে।

কপ৩১ সম্মেলনস্থলে বাংলাদেশের প্যাভিলিয়ন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সেখানে তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন এবং দেশের পরিবেশ সংরক্ষণমূলক বিভিন্ন উদ্যোগের উপস্থাপনা প্রত্যক্ষ করেন।

এই প্যাভিলিয়নটি প্লাস্টিক ও অন্যান্য কৃত্রিম উপাদানের পচনশীল ও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে পাটের ব্যবহার তুলে ধরা হয়। এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাট খাতের প্রবেশাধিকার এবং বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচন করতে পারে।

এছাড়া, জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি এবং কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পচনশীল, বর্জ্যমুক্ত পাটজাত পণ্য প্রসারের চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ বিভিন্ন পার্শ্ব-অনুষ্ঠানের আয়োজন করে।

একটি বৃহত্তর কূটনৈতিক সম্ভাবনা

সামগ্রিকভাবে, এই সফর বাংলাদেশকে জলবায়ু কূটনীতির সাথে অর্থনৈতিক সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক রাজনৈতিক যোগাযোগের সমন্বয় ঘটানোর সুযোগ করে দিয়েছে।

যদিও জলবায়ু বিষয়ক প্রস্তাবনা ও দ্বিপক্ষীয় আলোচনার থেকে সুনির্দিষ্ট বাস্তব অর্থায়ন, বিনিয়োগ ও সহযোগিতা পাওয়ার জন্য ধারাবাহিক ফলো-আপ বা পরবর্তী কার্যক্রম প্রয়োজন হবে; তবু এই সফর আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ স্তরে বাংলাদেশের অগ্রাধিকারগুলোকে তুলে ধরতে সাহায্য করেছে।

ক্রমবর্ধমান পরিবেশগত ও অর্থনৈতিক চাপের মুখে থাকা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশের জন্য এখন মূল চ্যালেঞ্জ হলো—তুরস্কে সফরে অর্জিত কূটনৈতিক যোগাযোগ, নীতিগত প্রস্তাবনা এবং সহযোগিতার আগ্রহের প্রকাশগুলোকে দেশের জনগণের জন্য বাস্তব বাস্তব সুফলে রূপ দেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%