ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও পুলিশ সুপারের পরিদর্শন


চাঁদপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও পুলিশ সুপারের পরিদর্শন

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স মাঠে একটি বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টায় প্যারেড কমান্ডার পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ছাইদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের অংশগ্রহণে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস এবং টার্ন-আউটের ওপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, পুলিশ হাসপাতাল এবং ফোর্সদের মেস ও ব্যারাক ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা জোরদারে আরআই (পুলিশ লাইন্স) সহ সংশ্লিষ্ট দপ্তরের ইনচার্জদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

আরও পড়ুন: জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেফতার ১৪

উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে পুলিশ সুপার জেলা পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের আহ্বান জানান। উক্ত প্যারেড ও পরিদর্শন কার্যক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের স্বাস্থ্য খাতে যুক্ত হলো ১০০ শয্যার সাজিনাজ হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০১ পি.এম


চট্টগ্রামের স্বাস্থ্য খাতে যুক্ত হলো ১০০ শয্যার সাজিনাজ হাসপাতাল

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হাসপাতালকে ১০০ বেডে উন্নীত করার মাধ্যমে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে নতুন ভবনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "চট্টগ্রামে ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবার পরিধিও বেড়ে যাচ্ছে।" তিনি উল্লেখ করেন যে, সরকারি হাসপাতালগুলো ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। তিনি জানান, বেসরকারি হাসপাতালগুলো সরকারি হাসপাতালের পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবা প্রদান করছে।

ডেঙ্গু রোগীর পরিসংখ্যান তুলে ধরে মেয়র বাসার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

হাসপাতালের চেয়ারম্যান সফিকুল ইসলাম জানান, "সেবার মাধ্যমে সাজিনাজ হাসপাতাল চট্টগ্রামের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে।" তিনি বলেন, সাজিনাজ হাসপাতাল রোগীদের মানসম্মত ও সুচিকিৎসাসেবা প্রদান করছে। রোগী ও অভিভাবকদের প্রতি আস্থা রাখার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক এস এম সাইফুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, অধ্যাপক ডা. তমিজউদ্দীন মানিক, অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী ও ডা. এস এম সরওয়ার আলম বক্তব্য দেন। এছাড়া হাসপাতালের পরিচালক মমিনুল ইসলাম, হাসান মাহমুদ চৌধুরী, ডিরেক্টর মেডিকেল আফ্যায়ার্স ডা. ফারুক হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০১ পি.এম


চাঁদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় এই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা।

এ সময় তিনি উল্লেখ করেন, অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর কারণ, চোখের বিভিন্ন রোগ এবং চোখের যত্ন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই দিবসটির মূল লক্ষ্য। ‘আপনার চোখকে ভালোবাসুন’ এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এবং চাঁদপুরেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। প্রতিরোধযোগ্য অন্ধত্ব কমানোর জন্য ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম, ব্র্যাক জেলা স্বমন্বয়ক মো. জিয়াউর রহমান প্রমূখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু সাজিম ভোমরা সীমান্ত থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু সাজিম ভোমরা সীমান্ত থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে (১২) উদ্ধার করেছে পুলিশ। এ সময় মুক্তিপণ দাবিকারী ও পাচারচেষ্টায় জড়িত মুন্না শিকদার (৩০) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে সাতক্ষীরা জেলা পুলিশের সহায়তায় ভোমরা সীমান্ত এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তিনি জানান, তিন দিন আগে শিশুটিকে গোপালগঞ্জ থেকে অপহরণ করা হয়।

উদ্ধার হওয়া শিশু সাজিম গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের আকাশ শিকদারের ছেলে। অপরদিকে, গ্রেপ্তার মুন্না শিকদার কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের লালন শিকদারের ছেলে এবং শিশুটির দূর সম্পর্কের আত্মীয়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর রাত ৮ টার দিকে বাসার পাশের একটি দোকান থেকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাজিমকে নিয়ে যান মুন্না। পরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়। এরপর বিভিন্ন নম্বর থেকে কল করে শিশুটির বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মুন্না। টাকা না দিলে সাজিমকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির বাবা আকাশ শিকদার গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শিশুটিকে প্রথমে ট্রেনে করে ঢাকায় এবং পরবর্তীতে ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে বর্ষসেরা রেস্তোরাঁর পুরস্কার পেলেন রাকিব রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


যুক্তরাজ্যে বর্ষসেরা রেস্তোরাঁর পুরস্কার পেলেন রাকিব রহমান

যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বর্ষসেরা রেস্তোরাঁর স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশি বংশোদ্ভূত রাকিব রহমানের মালিকানাধীন ‘স্পাইস হেভেন’। এই পুরস্কারটি যুক্তরাজ্যের হুইচার্চে অবস্থিত রেস্তোরাঁটির দীর্ঘ ২৫ বছরের গ্রাহকদের আস্থা অর্জন এবং খাবারের মান ও মেনুতে ধারাবাহিক উন্নয়নের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে।

গত রবিবার (৪ অক্টোবর) লন্ডনের পার্ক লেনের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জমকালো আয়োজনে ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিবিসির উপস্থাপক ও সাংবাদিক জন কে এবং লক্ষ্মী গোপাল।

রাকিব রহমান নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মনোহরদী পৌরসভার সাবেক মেয়র আব্দুল খালেকের ছেলে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্যজুড়ে হাজারো গ্রাহক তাঁদের পছন্দের রেস্তোরাঁ, টেকঅ্যাওয়ে প্রতিষ্ঠান ও শেফদের পক্ষে ভোট প্রদান করেন। পরে বিচারকদের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নির্বাচন করা হয়। কারি লাইফ মিডিয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘কারি লাইফ’ ম্যাগাজিন এ পুরস্কারের আয়োজন করে।

রাকিব রহমানের মতে, গ্রাহকদের আস্থা তাঁর রেস্তোরাঁর সবচেয়ে বড় অর্জন। তিনি দেখেন, বছরের পর বছর একই গ্রাহকদের ফিরে আসা এবং তাঁদের পরিবারের নতুন প্রজন্মের কাছে ‘স্পাইস হেভেন’-এর পরিচিতি ছড়িয়ে পড়া রেস্তোরাঁটির সাফল্যের অন্যতম কারণ।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় রাকিব রহমান বলেন, ‘বাংলাদেশি হয়ে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে বর্ষসেরা পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি সবার কাছে দোয়া চাই।’

কারি লাইফের সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ মন্তব্য করেন, যুক্তরাজ্যের কারি শিল্পে অনেক অনুপ্রেরণাদায়ী ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিক রয়েছেন। তাঁদের কঠোর পরিশ্রম ও সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ করে দিতে পেরে তাঁরা আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন যে, এ ধরনের স্বীকৃতি ব্যবসায়ীদের সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ডরসেটের ওয়েমাউথের এমপি লয়্ড হ্যাটন, সমারসেটের টনটনের এমপি গিডিয়ন আমোস ওবিই, বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনির এমপি রুশনারা আলী এবং ব্রেন্ট ইস্টের এমপি ডন বাটলার।

যুক্তরাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানে কারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বছরে চার বিলিয়ন পাউন্ডের বেশি লেনদেনের এই শিল্পে ১০ হাজারের বেশি কারি রেস্তোরাঁ ও টেকঅ্যাওয়ে প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশই ক্ষুদ্র ও মাঝারি আকারের এবং অনেকগুলো পরিবারকেন্দ্রিকভাবে পরিচালিত হয়।

রাকিব রহমানের এ অর্জনে নরসিংদীর মনোহরদীসহ তাঁর এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্যের ধারায় ‘স্পাইস হেভেন’-এর এই স্বীকৃতি নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%