ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণদের জন্য তিনটি কারিগরি প্রশিক্ষণ কোর্স শুরু


নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণদের জন্য তিনটি কারিগরি প্রশিক্ষণ কোর্স শুরু

নওগাঁ, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : জেলায় কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের তরুণ তরুণীদের জন্য তিনটি কারিগরি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

এই প্রশিক্ষণ কার্যক্রমগুলি অর্থ মন্ত্রণালয়ের অধীন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর স্কীলনেস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে।

আজ শনিবার দুপুরে নওগাঁর রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে SICIP -এর নির্বাহী প্রোগ্রাম পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ওয়ালিদ হোসেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় খাদ্য উৎপাদন, বেকারি ও পেস্ট্রি এবং বিউটিফিকেশন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

সংশ্লিষ্টরা এ বিষয়ে মন্তব্য করে বলছেন, কর্মমুখী এসব প্রশিক্ষণের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান এবং শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, SICIP-এর যুগ্মসচিব ও উপ নির্বাহী প্রোগ্রাম পরিচালক মাইনুল হাসান, যুগ্মসচিব ও সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক নূরউদ্দিন আল ফারুক, যুগ্মসচিব ও সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকী, SICIP-PKSF-এর কোঅর্ডিনেটর (ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) গোলাম রাব্বি।

এছাড়া, রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক আনতারা ফাহমিদা, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী সূভাষ চন্দ্র হেমব্রম, নাটোর জেলা কমিটির সভাপতি শ্রী রঘুনাথ এক্কা এবং মহাদেবপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী যোগেশ ওরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

আয়োজকরা জানিয়েছেন, বর্তমান শ্রমবাজারের চাহিদা বিবেচনায় প্রশিক্ষণ কোর্সগুলো সাজানো হয়েছে। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন। বিশেষ করে খাদ্য উৎপাদন, বেকারি ও পেস্ট্রি এবং বিউটিফিকেশন খাতে দক্ষ জনবলের চাহিদা থাকায় এসব বিষয়ে প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানে সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১১, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


পাকিস্তানের ডেরা ইসমাইল খানে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান শহরে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে এবং ৩০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছে।

স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী সংস্থা 'রেসকিউ ১১২২'-এর তথ্য অনুযায়ী, শনিবার (২৬ সেপ্টেম্বর) ডেরা ইসমাইল খান শহরের জনবহুল এলাকায় এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ফুটেজে দেখা যাচ্ছে, বিস্ফোরণস্থল থেকে ঘন ধূসর ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠছে। বিস্ফোরণের তীব্রতায় চারপাশের ইটের গাঁথুনি এবং ভবনের বিভিন্ন অংশ দুমড়ে-মুচড়ে ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের পর স্থানীয় উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটি কর্ডন করে রেখে তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইয়ুব বাচ্চুর নামে নতুন ব্যান্ড ‘এবি কিং’ আত্মপ্রকাশে দেড় কোটি টাকা অনুদান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


আইয়ুব বাচ্চুর নামে নতুন ব্যান্ড ‘এবি কিং’ আত্মপ্রকাশে দেড় কোটি টাকা অনুদান

কিছুদিন আগে কিংবদন্তি কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক আইয়ুব বাচ্চুর নামের সঙ্গে যুক্ত হয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ব্যান্ড ‘এবি কিং’। যুক্তরাষ্ট্রে প্রথম মঞ্চ পরিবেশনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্যান্ডটি। এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে তারা দেড় কোটি টাকার অনুদান সংগ্রহ করতে সক্ষম হয়েছে।

ব্যান্ডটির নাম ‘এবি কিং’ রাখা হয়েছে আইয়ুব বাচ্চুর নামের ইংরেজি আদ্যাক্ষর ‘এবি’ থেকে। প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছেন এলআরবির সাবেক কি-বোর্ডিস্ট ও কণ্ঠশিল্পী এস আই টুটুল, সোলসের সাবেক লিড গিটারিস্ট ইফতেখার ইফতি, আর্বোভাইরাসের সাবেক ড্রামার নাফিজ আল আমিন এবং বেইস গিটারিস্ট আকাশ আহসান। ব্যান্ডটির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন ইশতিয়াক এ সিদ্দিকী। অসুস্থতার কারণে বর্তমানে সময় দিতে না পারলেও শিগগিরই কি-বোর্ডিস্ট হিসেবে ব্যান্ডে যোগ দেওয়ার কথা রয়েছে সংগীত পরিচালক ইবরার টিপুর।

১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হিউস্টনের নয়না সেন্টার অডিটোরিয়ামে এই লাইনআপ নিয়ে আত্মপ্রকাশ করে ‘এবি কিং’। ব্যান্ডটির প্রথম মঞ্চ পরিবেশনা পরিচালনা করেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এস আই টুটুল।

হিউস্টনের ওই আয়োজনের উদ্যোগ নেয় সোনার বাংলা ফাউন্ডেশন, যা একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়। এস আই টুটুল, যিনি সংস্থাটির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তার নতুন ব্যান্ড ‘এবি কিং’-এর আত্মপ্রকাশের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে দেড় কোটি টাকার অনুদান সংগ্রহ করেন।

ব্যান্ডের সদস্যদের বক্তব্য অনুযায়ী, এই অর্থ সোনার বাংলা ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে।

ব্যান্ডের উদ্দেশ্য ও আইয়ুব বাচ্চুর সঙ্গে এর সম্পর্ক নিয়ে এস আই টুটুল বলেন, ‘এখন জীবনের শেষ ধাপে রয়েছি। দর্শকের ভালোবাসা, গুণী মানুষদের আদর, সম্মাননা সবই পেয়েছি। শিল্পীজীবনের কয়েক দশকের পথ পাড়ি দিয়ে মনে হয়েছে, এখন এমন একটি প্ল্যাটফর্ম গড়া উচিত, যার অংশীদার হবে সবাই। যাতে করে আমি মারা গেলেও এবি কিং কেউ না কেউ চালিয়ে নিতে পারে। সেই ভাবনা থেকে সমমনা কয়েকজনকে নিয়ে এবি কিং ব্যান্ডটি গঠন করা। একটি বিষয় স্পষ্ট করা উচিত, এবি কিং কোনোভাবে এলআরবির রিপ্লেসমেন্ট না। এটা সেই প্ল্যাটফর্ম, যেখান থেকে আমার গুরুজি আইয়ুব বাচ্চুকে সম্মান জানানো হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন কিংবদন্তির গানের পাশাপাশি পরিবেশিত হবে আমাদের মৌলিক গান। চলতি বছর আমেরিকা ও ইউরোপের একাধিক শহরে পারফর্ম করবে এবি কিং। ব্যান্ডের ডিজিটাল কনসালট্যান্সির কাজ করবে কোলাহল কমিউনিকেশন।

উল্লেখ্য, সোনার বাংলা ফাউন্ডেশন ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত হয়। অলাভজনক এই সংস্থাটি বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা ও বায়োমেডিকেল প্রকৌশল খাতে সামাজিক উন্নয়নে কাজ করে। বিশেষ করে কিডনি রোগীদের জন্য আধুনিক ও সাশ্রয়ী ডায়ালাইসিস সেবা, রোগ প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের জন্য স্ক্রিনিং এবং পরীক্ষাগার সেবা প্রদান করে। এছাড়া, ডায়ালাইসিস প্রযুক্তিতে দেশীয় সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় রিভলবার ও ৪০০ পিস ইয়াবাসহ দুইজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


পাবনায় রিভলবার ও ৪০০ পিস ইয়াবাসহ দুইজন আটক

পাবনার ঈশ্বরদীতে একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ দুজনকে আটক করেছে, তাদের কাছে একটি টু-টু বোরের রিভলবার ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে পাকশী বাজারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা ও পাকশী পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে একজন হলেন উপজেলার পাকশী বাবুপাড়া এলাকার নাজমুল ইসলামের ছেলে তানজিরুল ইসলাম (৩০) এবং অপরজন হলেন পাকশী স্কুলপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে সজীব (২৮)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা অস্ত্র প্রদর্শন করে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৪০০ পিস ইয়াবা ও একটি টু-টু বোরের রিভলবারের বিষয়ে তিনি মন্তব্য করেন।

ওসি আরো জানান, আটককৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফ্রিকার সবচেয়ে ধনী ব্যক্তি কেন বিক্রি করতে চান সাম্রাজ্যের অংশ?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


আফ্রিকার সবচেয়ে ধনী ব্যক্তি কেন বিক্রি করতে চান সাম্রাজ্যের অংশ?

আফ্রিকার সবচেয়ে ধনী ব্যক্তি অ্যালিকো ড্যাঙ্গোটে তার বিশাল তেল শোধনাগার কোম্পানির শেয়ার সাধারণ জনগণের কাছে বিক্রির উদ্যোগ গ্রহণ করেছেন। নাইজেরিয়ার শেয়ারবাজারে এই মেগা আইপিও (জনগণের প্রাথমিক শেয়ার ইস্যু)-কে কেন্দ্র করে পুরো মহাদেশজুড়ে ব্যাপক আলোচনা এবং সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে তীব্র উন্মাদনা সৃষ্টি হয়েছে। এটি আফ্রিকার ইতিহাসের অন্যতম বৃহৎ শেয়ার বিক্রি কার্যক্রম হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ৪১০ কোটি (৪.১ বিলিয়ন) শেয়ার বিক্রির মাধ্যমে ড্যাঙ্গোটে রিফাইনারি প্রায় ১৬০ কোটি মার্কিন ডলার (২.১৫ ট্রিলিয়ন নাইজেরিয়ান নাইরা) সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। অর্জিত অর্থ প্রতিদিন ৭ লাখ ব্যারেল প্রক্রিয়াজাতকরণ ক্ষমতা সম্পন্ন এই রিফাইনারির সক্ষমতা দ্বিগুণ করার কাজে ব্যবহার করা হবে। শেয়ার বিক্রির প্রথম দিনেই অভূতপূর্ব চাহিদার কারণে বেশ কয়েকটি জনপ্রিয় বিনিয়োগ অ্যাপ অচল হয়ে পড়ে। মাত্র ৪ ডলারে (৫,৫২৫ নাইরা) সর্বনিম্ন শেয়ার কেনার সুযোগ পাওয়ায় সাধারণ নাইজেরীয়দের মাঝে এক ধরনের অর্থনৈতিক অংশগ্রহণের উচ্ছ্বাস দেখা গেছে।

তবে এই শেয়ার বিক্রি ও অ্যালিকো ড্যাঙ্গোটের কৌশলকে ঘিরে অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মাঝে দ্বিধাবিভক্ত মতামত দেখা দিয়েছে:

'পিপলস আইপিও' ও স্বাবলম্বিতার বার্তা: ৬৯ বছর বয়সী ড্যাঙ্গোটে এটিকে 'সম্পদ সৃষ্টির গ্যাণতন্ত্রীকরণ' হিসেবে উল্লেখ করে বলেছেন, আমদানিনির্ভর আফ্রিকার জন্য এটি অর্থনৈতিক স্বাবলম্বিতা আনার বড় পদক্ষেপ। বর্তমানে এই শোধনাগার নাইজেরিয়ার অভ্যন্তরীণ জ্বালানি চাহিদার ৭০ শতাংশের বেশি যোগান দিচ্ছে।

একচেটিয়া আধিপত্য ও পরিবেশগত বিতর্ক: অক্সফামসহ বিভিন্ন সংস্থার মতে, সিমেন্ট খাতের মতো তেল খাতেই ড্যাঙ্গোটের একচেটিয়া নিয়ন্ত্রণ (Monopoly) তৈরি হচ্ছে, যা ছোট প্রতিযোগীদের জন্য ক্ষতিকর। এছাড়া তার শিল্প কারখানার কারণে পরিবেশগত ক্ষতির অভিযোগও উঠেছে অতীতে।

বিনিয়োগ ঝুঁকি ও বিশেষজ্ঞদের সতর্কতা: সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় এর চাহিদা বেড়েছে। তবুও বিশেষজ্ঞরা অনভিজ্ঞ বিনিয়োগকারীদের সতর্ক করে জানিয়েছেন, শেয়ার বাজারের অস্বাভাবিক ওঠানামা থাকে এবং দীর্ঘমেয়াদে অতিরিক্ত মূল্যায়িত শেয়ার ধরে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে।

সমালোচনা কিংবা সম্ভাবনা—যাই থাকুক না কেন, আফ্রিকার অর্থনৈতিক অবকাঠামো ও নিজস্ব প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা তৈরিতে ড্যাঙ্গোটের এই ‘আমদানি প্রতিস্থাপন’ নীতি বড় ধরনের রূপান্তর ঘটাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%