সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:২৬ পি.এম
বাপ্পা মজুমদার তিন দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের সুর ও গায়কীর মায়াজালে মুগ্ধ করে রেখেছেন। যদিও তাঁর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য গান উপহার দিয়েছেন, একক কনসার্টের সংখ্যা তুলনামূলকভাবে কম। এবার প্রায় আড়াই বছর পর বড় পরিসরে একক কনসার্ট নিয়ে ফিরছেন এই নন্দিত শিল্পী।
‘মুনলাইট মেলোডিজ’ শীর্ষক কনসার্টটি আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। গতকাল (১৩ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার প্রকাশ করে নিজেই কনসার্টের ঘোষণা দিয়েছেন বাপ্পা মজুমদার। তিনি ভক্তদের তারিখটি মনে রাখার জন্য আহ্বান জানিয়েছেন।
কনসার্টটির আয়োজন করছে ম্যাভিক্স নামের একটি প্রতিষ্ঠান। তবে বর্তমানে টিকিট বিক্রি শুরু হয়নি। শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে, তখনই জানা যাবে টিকিটের মূল্য, আসন বিন্যাস ও অন্যান্য নিয়ম-শর্ত।
বাপ্পা মজুমদারের একক কনসার্টের খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। শিল্পীর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই আনন্দ প্রকাশ করেছেন। কেউ কেউ ইতোমধ্যে কনসার্টে উপস্থিত থাকার আগ্রহও জানিয়েছেন।
দীর্ঘ ক্যারিয়ারে বাপ্পা মজুমদার ২০২২ সালে প্রথম একক কনসার্ট করেন। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি দ্বিতীয় একক শো করেন। গত বছরের জুলাইতেও একটি একক কনসার্টে গান পরিবেশন করেন বাপ্পা, তবে সেটি ছিল তুলনামূলক ছোট পরিসরে।
এবার বড় আয়োজনের একক কনসার্টে বাপ্পা মজুমদার তাঁর জনপ্রিয় গানগুলো নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন। তিন দশকের বেশি সময় ধরে সংগীতচর্চা করা এই শিল্পী এখনো নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। পাশাপাশি কনসার্ট ও নানা ধরনের ইনস্ট্রুমেন্টাল পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের সঙ্গে তাঁর সখ্যও ধরে রেখেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘ আট বছরের বিরতির পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পঞ্চম সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি সাক্ষাৎকালে সমাবর্তন আয়োজনের বিষয়ে সম্মতি প্রদান করেছেন। নির্ধারিত তারিখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হবে।
উপাচার্য বলেন, ‘মহামান্য রাষ্ট্রপ্রতির সঙ্গে দেখা করে আমরা ইবির ৫ম সমাবর্তনের বিষয়ে কথা বলেছি। তিনি এ ব্যাপারে আমাদেরকে সম্মতি দিয়েছেন।’
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে মোট চারবার সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ চতুর্থ সমাবর্তন ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার সংবাদে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি ছিঁড়ে ফেলার পর, এবার সাঁটানো হয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি দণ্ড কার্যকর হওয়া জামায়াতের সাবেক আমির গোলাম আযমের একটি ছবি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ছবিটি টাঙানো হয়। ডাকসুর সংগ্রহশালায় ছবিটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, ‘১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমে ফিলিস্তিনের যুদ্ধে শহীদ দুই বাংলাদেশির জানাজার নামাজ পড়তে এলে উপস্থিত মুসল্লিরা তাকে জুতাপেটা করেন’।
ছবিটি সাঁটানোর কাজটি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী অর্ক বড়ুয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গোলাম আযমের ছবি সাঁটানোর বিষয়ে অর্ক বড়ুয়া মন্তব্য করেন, ‘বেসিক্যালি এখানে ডাকসু সংগ্রহশালা.. ইটস মিন্ট টু বি বাংলাদেশের জনগণের লড়াইয়ের বা বাংলাদেশের জনগণের ঐতিহাসিক ইতিহাসের আর্কাইভ।’
তিনি আরও বলেন, ‘সেই ঐতিহাসিক ইতিহাসের আর্কাইভের জায়গায় এই ছবিটি কেন রেখেছি? কারণ আমরা পরিষ্কার দেখছি যে আমাদের ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, তিনি যখন এখানে জিন্নাহর ছবি লাগান, তখন তিনি বলেছেন যে তার ইচ্ছা হয়েছে বলে তিনি লাগাইছেন। তো আমার ইচ্ছা হয়েছে, তাই আমি গোলাম আযমের ছবি লাগাইছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তান সম্ভবত ইংল্যান্ডের কাছে তিন টেস্ট সিরিজে হারের শোক কাটিয়ে উঠতে পারেনি। এই কঠিন পরিস্থিতিতে আইসিসির শাস্তি যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে।
আইসিসি পাকিস্তানের ১১ পয়েন্ট কেটেছে স্লো ওভাররেটের কারণে। পাশাপাশি, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও আরোপ করেছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্টে নামার আগে পাকিস্তানের পয়েন্ট ছিল ১৬। এজবাস্টন টেস্টের পর আইসিসির শাস্তির ফলে তাদের পয়েন্ট এখন ৫। এটা প্রথমবার নয়, এর আগেও পাকিস্তান পয়েন্ট হারিয়েছে।
গত মে মাসে বাংলাদেশ সফরের সময় পাকিস্তানের ৮ পয়েন্ট কাটা হয়েছিল। এর ফলে, বাবর আজমদের মোট পয়েন্ট কাটা হয়েছে ১৯। তারা মোট ২৪ পয়েন্ট অর্জন করেছিল।
১১ পয়েন্ট কাটা যাওয়ার কারণে পাকিস্তান বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে। তারা ৯ নম্বরে রয়েছে। তালিকাটি শতকরার ভিত্তিতে হওয়ায় পাকিস্তানের পিসিটি এখন ৪.৬৩। ৮০ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।
শীর্ষ পাঁচের মধ্যে বাংলাদেশও রয়েছে। ৫৫.৫৬ শতাংশ নিয়ে তারা চারে অবস্থান করছে, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। বাংলাদেশের উপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৭৫ শতাংশ) ও নিউজিল্যান্ড (৭২.২২)। ৫১.৫২ শতাংশ নিয়ে পাঁচে রয়েছে ভারত। পরবর্তী পজিশনে আছে ইংল্যান্ড (৩৮.৫৪), শ্রীলঙ্কা (৩৩.৩৩) এবং ওয়েস্ট ইন্ডিজ (২০.৮৩)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ১৯ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন।
আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু মামলার তদন্তকারী সংস্থা সিআইডি এদিন প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন দিন ধার্য করেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। পরবর্তীতে ওই অর্থ ফিলিপাইনে পাঠানো হয়।
সংশ্লিষ্টরা ধারণা করছেন, দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করে।
ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬-এর ৫৪ ধারা ও ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেন।
বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দ্বারা তদন্তাধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ