ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকারসূত্রে পাওয়া: রাশেদ তিতুমীর


জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকারসূত্রে পাওয়া: রাশেদ তিতুমীর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, দেশের বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটকে গত ১৭ বছরের সরকারের কাছ থেকে পাওয়া উত্তরাধিকার হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘অতীতে আমদানিনির্ভর জ্বালানিব্যবস্থা গড়ে তোলার কারণে দেশে সংকট তৈরি হয়েছে।’

এখন সরকার জীবাশ্ম জ্বালানি থেকে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়ার পাশাপাশি গ্রাহকদের বিদ্যুৎ উৎপাদকে পরিণত করার পরিকল্পনা করছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি অডিটরিয়ামে মন্ত্রণালয় ও বিভাগগুলোর আওতাধীন ফাউন্ডেশনগুলোর ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি, সরকারের নির্বাচনী ইশতেহার এবং ‘৫ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, ‘দেশের বিদ্যুতের যে সংকট, তা ১৭ বছরের সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। এ বিষয়ে দেশের বিশেষজ্ঞরাও বিষয়টি উল্লেখ করেছেন।’

আরও পড়ুন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

 

বর্তমান সরকার এই সংকটকে আড়াল না করে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি সমাধানের দিকে এগোচ্ছে। জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘এখন মূল লক্ষ্য হচ্ছে এনার্জি মিক্সে পরিবর্তন আনা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। এর মাধ্যমে একদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ও কমানো যাবে।’সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘ইতিমধ্যে মোটা দাগে দুই গিগাওয়াট সৌরবিদ্যুৎ কীভাবে উৎপাদন করা হবে এবং এর অর্থায়ন কীভাবে হবে, সে বিষয়ে পরিকল্পনার খসড়া গ্রহণ করা হয়েছে। সৌরবিদ্যুৎ উৎপাদনে বাজেটে বরাদ্দ রাখা ২ হাজার কোটি টাকা কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও সরকার পরিকল্পনা করছে।’

তিনি বলেন, ‘গ্রাহককে শুধু বিদ্যুতের ব্যবহারকারী হিসেবে না দেখে উৎপাদক হিসেবে গড়ে তোলার চিন্তা করছে সরকার। এ জন্য নেট মিটারিং ব্যবস্থার যেসব জটিলতা ছিল, সেগুলো দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগে তিন শতাধিক আবেদন নিষ্পত্তি হচ্ছিল না, ইতোমধ্যে সেগুলো নিষ্পত্তি করা হয়েছে।’

 

আরও পড়ুন: অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

ইতিমধ্যে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত হয়েছে। এখন আরও বড় পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য অর্থায়নের কাঠামো তৈরি করা হচ্ছে। অর্থায়ন ব্যবস্থার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) মতো প্রতিষ্ঠানকে অর্থ দেওয়া হবে। কোনো গ্রাহক বা উৎপাদক মোট ব্যয়ের ২০ শতাংশ দেবেন। আরেকটি প্রতিষ্ঠান বা অ্যাগ্রিগেটর ২০ শতাংশ দেবে এবং বাকি ৬০ শতাংশ সরকারি ঋণের মাধ্যমে দেওয়া হবে।’

এভাবে অর্থায়ন করা গেলে ঋণের সুদের হার ৬ থেকে ৭ শতাংশের মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে জানান উপদেষ্টা। এতে ব্যাপকসংখ্যক গ্রাহক বিদ্যুতের উৎপাদকে পরিণত হওয়ার সুযোগ পাবেন।

বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর আর্থিক সুফলও তুলে ধরেন রাশেদ তিতুমীর। তিনি বলেন, ‘গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে তুলনামূলক কম খরচ হলেও এলএনজি ব্যবহার করলে ব্যয় অনেক বেড়ে যায়। এলএনজি থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে প্রায় ৬৪ টাকা পর্যন্ত খরচ হয়। এক গিগাওয়াট সৌরবিদ্যুতের দিকে যেতে পারলে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার মতো বিদ্যুৎ ভর্তুকি কমানো সম্ভব হতে পারে। এই অর্থ অন্য খাতে ব্যয় করা যাবে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ খাতকে কেন্দ্র করে নতুন কর্মসংস্থানও তৈরি হবে।’

সৌরবিদ্যুৎকে শুধু বিদ্যুৎ উৎপাদনের উৎস হিসেবে না দেখে গ্রামীণ অর্থনীতির পরিবর্তনের মাধ্যম হিসেবেও দেখছেন বলে জানান উপদেষ্টা। তার মতে, গ্রামীণ মানুষ সৌরবিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত হলে তারা শুধু ভোক্তা থাকবেন না, উৎপাদক হিসেবেও ভূমিকা রাখবেন। এতে তারা স্বাবলম্বী হবেন এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে।

আরও পড়ুন: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে : তারেক রহমান

অতীতের জ্বালানি নীতির সমালোচনা করে রাশেদ তিতুমীর বলেন, ‘এসব কাজ অতীতেও করা সম্ভব ছিল। কিন্তু তখন আমদানিনির্ভর একটি ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল। এর ফলে দেশে টেকসই জ্বালানি নিরাপত্তার পরিবর্তে নির্ভরতার কাঠামো তৈরি হয়েছে। আগের সরকারের সময়ে জ্বালানি ও বিদ্যুৎ খাতে পৃষ্ঠপোষকতাভিত্তিক একটি ব্যবস্থা গড়ে উঠেছিল। এর ফলেই বর্তমান সরকারকে সংকটের উত্তরাধিকার নিতে হয়েছে। এখন সরকার সেই ব্যবস্থা থেকে বের হয়ে টেকসই জ্বালানি নিরাপত্তার দিকে যেতে চায়।’

দেশের অর্থনীতি ও কর্মসংস্থান প্রসঙ্গেও ব্রিফিংয়ে কথা বলেন রাশেদ তিতুমীর। তিনি বলেন, ‘সরকারের নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে বিভিন্ন ফাউন্ডেশনও নিজস্ব উদ্যোগের কথা জানিয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও ফাউন্ডেশনের পরিকল্পনা মিলিয়ে সংখ্যাটি এক কোটিরও বেশি হতে পারে।’

রাশেদ তিতুমীর বলেন, ‘সরকারের লক্ষ্য শুধু কর্মসংস্থানের সংখ্যা ঘোষণা করা নয়, বরং বাস্তবে কর্মসংস্থান তৈরি হয়েছে কি না, সেটি নিশ্চিত করা। এ জন্য পরিবীক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা জোরদার করা হবে।’

দেশের অর্থনৈতিক পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় আয় ও জাতীয় হিসাবের তথ্য নিয়ে ফরেনসিক অডিট করা হচ্ছে। স্বাধীন উৎসের তথ্য ব্যবহার করে যাচাই করা হচ্ছে এবং আগের হিসাবে কতটা গরমিল ছিল, তা বেরিয়ে আসবে।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্যামবাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে ডিএসসিসির যৌথ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


শ্যামবাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে ডিএসসিসির যৌথ অভিযান

রাজধানীর শ্যামবাজার এলাকায় অবৈধ পলিথিন বিক্রি ও গুদামজাতকরণের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযান চলাকালীন অবৈধ পলিথিন বিক্রি ও গুদামজাতকরণের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য মুচলেকা নেওয়া হয়।

অভিযানের সময় দুটি গুদাম থেকে ১৪২ বস্তায় মোট ৪ হাজার ৮১৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

 

জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা।

জব্দকৃত পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেনের হেফাজতে রাখা হয়।

অভিযানে শ্যামবাজার মার্কেটের সভাপতি গণি মিয়া, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন এবং সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) ফেরদৌস মেহবুবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে ডিএসসিসি ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিটি ভূমি অফিসে হবে আধুনিক কমপ্লেক্স : ভূমি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


প্রতিটি ভূমি অফিসে হবে আধুনিক কমপ্লেক্স : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশের প্রতিটি ভূমি অফিসকে পর্যায়ক্রমে আধুনিক ভূমি কমপ্লেক্সে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার হাটহাজারী উপজেলা ভূমি অফিসে সেবাপ্রার্থীদের জন্য নির্মিত ‘সেবাকুঞ্জ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত হাটহাজারীতে ভূমি কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে। আধুনিক এই কমপ্লেক্স দীর্ঘমেয়াদে জনগণকে উন্নত ও সহজ ভূমিসেবা দেওয়ার উপযোগী করে গড়ে তোলা হবে।

তিনি বলেন, ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন স্বস্তির সঙ্গে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই ‘সেবাকুঞ্জ’ নির্মাণ করা হয়েছে। এখানে বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও পানি পরিশোধনের সুবিধাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখল বন্ধ, পাহাড় কাটা এবং অবৈধভাবে বালু উত্তোলন রোধে প্রশাসন নিয়মিত কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সীমিত জনবল দিয়ে সবকিছু সার্বক্ষণিকভাবে তদারকি করা কঠিন। তাই কোথাও সরকারি সম্পত্তি দখল বা নষ্ট হওয়ার ঘটনা ঘটলে স্থানীয় জনগণকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

পরে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ ছাড়া হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এভারটনের তরুণ ইংলিশ প্রতিভাবানকে দলে ভেড়াতে আগ্রহী নটিংহাম ফরেস্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


এভারটনের তরুণ ইংলিশ প্রতিভাবানকে দলে ভেড়াতে আগ্রহী নটিংহাম ফরেস্ট

নটিংহাম ফরেস্ট, ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ক্লাব, শেষ সময়ের দলবদলে নিজেদের শক্তিশালী করতে আগ্রহী। তারা এভারটনের প্রতিভাবান মিডফিল্ডার হ্যারিসন আর্মস্ট্রংকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

 

ফরেস্ট এই তরুণ ফুটবলারকে দলে ভেড়ানোর জন্য একটি বড়সড় প্রস্তাব দিয়েছে, যা ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার ঠিক আগমুহূর্তে করা হয়েছে।

 

এর রিপোর্ট অনুযায়ী, ফরেস্ট ১৯ বছর বয়সী এই তারকার জন্য ৪০ মিলিয়ন পাউন্ড (ফিউচার সেল-অন ক্লজসহ) মূল্যের একটি প্যাকেজ নিয়ে আলোচনা করছে।

এভারটন যদি এই চুক্তিতে সম্মতি দেয়, তাহলে সেটি হবে একটি বিরাট বিস্ময়। তবে ফরেস্টের আশা রয়েছে, তারা ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের এই প্রতিভাবান ফুটবল তারকাকে দলে ভেড়াতে সক্ষম হবে।

 

আর্মস্ট্রংকে ইংলিশ ফুটবলের একটি উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বর্তমানে গুডিসন পার্কে এভারটনের সঙ্গে আর্মস্ট্রংয়ের চুক্তির মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত রয়েছে।

ক্লাবের একাডেমি থেকে উঠে আসা আর্মস্ট্রং ইতোমধ্যে এভারটনের হয়ে ২২টিরও বেশি ম্যাচ খেলেছেন। চলতি মৌসুমের শুরুতে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ২-০ গোলের জয়ে তিনি দুর্দান্ত অ্যাসিস্টসহ পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন, যা তার প্রতিভার প্রমাণ দেয়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে শিক্ষক পরিবার হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


রংপুরে শিক্ষক পরিবার হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি

রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি উত্থাপন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি সরকারের কাছে সংসদে বিবৃতি দেওয়ার অনুরোধ জানায়।

 

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের হত্যার ঘটনায় এই দাবি জানানো হয়েছে। শনিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর আয়োজিত সমাবেশে সংগঠনের নেতারা তাদের দাবি তুলে ধরেন।

নেতৃবৃন্দ মন্তব্য করেন, "একটি বিশেষ চক্র নিজেদের স্বার্থ চরিতার্থ করতে রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের হত্যাকাণ্ড ঘটিয়েছে।" তারা বলেন, "পুলিশি তৎপরতা প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করছে এবং পুলিশের দেওয়া বয়ান বিশ্বাসযোগ্য নয়।"

 

তারা আরও বলেন, "আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সরকারের পক্ষ থেকে সংসদে বিবৃতি দেওয়ার দাবি জানাচ্ছি।" তারা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

নেতারা উল্লেখ করেন, "রংপুরের এই হত্যাকাণ্ড শুধু স্থানীয় সংখ্যালঘুদের মধ্যেই নয়, বরং দেশব্যাপী সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।"

 

এছাড়া, তারা সতর্ক করেন যে, এ ধরনের ঘটনা সংখ্যালঘুদের দেশত্যাগে প্ররোচিত করতে পারে। তারা বলেন, "এ ঘটনায় আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।" দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা এখনও চলমান রয়েছে। জুলাই মাসে পত্র-পত্রিকা থেকে পাওয়া তথ্যানুযায়ী, সারা দেশে অন্তত ৪১টি আংশিক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে।

এর আগে, "রংপুরের হত্যাকাণ্ড রহস্যজনক : চলমান সাম্প্রদায়িক সহিংসতা থেকে সংখ্যালঘুদের মুক্তি মিলবে কোন পথে" স্লোগানের ব্যানার নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।

 

পরে প্রায় অর্ধশতাধিক সংখ্যালঘু জনতার অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সংগঠনের অন্যতম সভাপতি নির্মল রোজারিও বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন। যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা সমাবেশ পরিচালনা করেন। সমাবেশে বক্তব্য দেন কাজল দেবনাথ, ভিক্ষু সুনন্দপ্রিয়, মিলন কান্তি দত্ত, ডিএন চ্যাটার্জী, সাংবাদিক বাসুদেব ধর, মনীন্দ্র কুমার নাথ, জয়ন্তী রায়, পদ্মাবতী দেবী, অ্যাডভোকেট অপূর্ব ভট্টাচার্য, সাংবাদিক পুলক ঘটক, অতুল মণ্ডল, দিপালী চক্রবর্তী, তাপস দাস ও দিপংকর চন্দ্র শীলসহ অন্যান্য নেতারা।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%