ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

মার্কিন হামলা প্রতিরোধে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান


মার্কিন হামলা প্রতিরোধে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ও যুদ্ধের হুমকি মোকাবিলায় নারীদের অস্ত্র চালনা এবং শহরের ভেতরে সরাসরি যুদ্ধ করার সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ইরান।

সম্প্রতি ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত চিত্র ও ফুটেজে দেখা গেছে, রাজধানী তেহরানের খোলা ময়দানে আয়োজিত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সাধারণ পোশাক ও সামরিক পোশাক পরা নারীদের কালাশনিকভ রাইফেল, ড্রাগুনভ স্নাইপার রাইফেল, আরপিজি এবং কাঁধে রেখে চালানো ক্ষেপণাস্ত্র বা এয়ার ডিফেন্স লঞ্চারসহ ভারী অস্ত্র চালনার কসরত করানো হচ্ছে।

এই কোর্সে সামরিক কৌশলের পাশাপাশি নারীদের মানচিত্র দেখে দিক নির্ণয়, জরুরি উদ্ধার কাজ এবং অগ্নিনির্বাপণ কৌশলও শেখানো হচ্ছে।

আরও পড়ুন: চীনে ক্রেডিট কার্ডের ঋণখেলাপি বাড়ছে, বিপাকে মধ্যবয়সী চাকরিজীবীরা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক বোমাবর্ষণের পর দেশটিতে ‘জান-ফাদা’ বা ‘যারা প্রাণ উৎসর্গ করেন’ নামক একটি সাধারণ নাগরিকদের সামরিক প্রতিরোধ আন্দোলন চালু হয়েছে। বাসিজ মিলিশিয়া বাহিনীর অধীনে পরিচালিত এই কর্মসূচিতে যোগ দিতে নিবন্ধনের মাত্র ১০০ মিনিটের মধ্যে পাঁচ লাখেরও বেশি মানুষ নাম নথিভুক্ত করেন এবং মুহূর্তেই প্রথম এক হাজারটি ইউনিট পূর্ণ হয়ে যায়।

বিপুল সাড়ার কারণে সরকার আরও এক হাজারটি ইউনিট বাড়ানোর অনুমোদন দিয়েছে। তেহরানের ইমাম হোসেন স্কয়ারে প্রথম কেন্দ্রটি খোলার পর দেশজুড়ে এমন আরও প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। রেড ক্রিসেন্টের সঙ্গে মিলে এলাকাভিত্তিক যে উদ্ধার ইউনিট তৈরি করা হচ্ছে, সেখানে স্বেচ্ছাসেবকদের একটি বড় অংশই নারী।

ইরানি কর্মকর্তারা এই উদ্যোগকে ১৯৮০ সালে ইরাকের আক্রমণের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির দেওয়া ঐতিহাসিক ‘২০ মিলিয়নের বাহিনী’ গড়ার আহ্বানেরই এক আধুনিক পুনরুজ্জীবন হিসেবে দেখছেন।

দেশের ভেতরে এমন গণপ্রস্তুতির পাশাপাশি শীর্ষ সামরিক কর্মকর্তারাও যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিচ্ছেন। ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আলী আবদোল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর আবার যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে সেই আগুনে সবাই পুড়বে এবং মার্কিন স্বার্থে সীমা ছাড়া হামলা চালানো হবে।

আরও পড়ুন: ভারতের প্রতিরক্ষা শিল্পে উৎপাদন ও মুনাফা বৃদ্ধি, প্রযুক্তিতে জোর

অন্যদিকে, সেনাপ্রধান মেজর জেনারেল আমীর হাতামি দাবি করেন, সংঘাত এখনো শেষ হয়নি এবং নতুন করে হামলা হলে তার মর্মান্তিক ও চূর্ণবিচূর্ণকারী জবাব দেওয়া হবে।

তবে ব্যাপক সামরিক প্রস্তুতির তোড়জোড় থাকলেও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ইঙ্গিতও দিচ্ছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিদেশি কূটনীতিকদের জানান, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। তিনি জোর দিয়ে বলেন, শর্ত পূরণ করা হলে এবং শত্রুতামূলক আচরণ বন্ধ করা হলে ইরান মাত্র সাত দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ পুরোপুরি খুলে দিতে প্রস্তুত। তবে ওয়াশিংটনের কোনো একতরফা দাবি মেনে নেওয়া হবে না এবং মূল দাবিগুলো না মেটা পর্যন্ত প্রণালি বন্ধই থাকবে বলে প্রধান মধ্যস্থতাকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

যুদ্ধের প্রস্তুতি ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে বর্তমানে চরম অর্থনৈতিক চাপের মুখে পড়েছে ইরান। মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা জোরদার করায় এবং তেল রপ্তানি সীমিত হয়ে পড়ার কারণে তৈরি হওয়া অর্থনৈতিক টানাপোড়েনের মাঝেই হঠাৎ পদত্যাগ করেছেন দেশটির তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ, যা দেশটির অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে।

আরও পড়ুন: ‘মা ভালো’: ১৭ বছরের সেবাযত্নে অচেতন পুত্রবধূকে জাগিয়ে তুললেন চীনা নারী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাহমী গোলন্দাজ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২০ এম


ফাহমী গোলন্দাজ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এবং তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে।

এই চার্জশিট সোমবার (৫ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে অনুমোদিত হয়। পরে এক সংবাদ সম্মেলনে সংস্থার জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

জনসংযোগ কর্মকর্তা জানান, তদন্তকারী কর্মকর্তা সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ ও তার স্ত্রীর বিরুদ্ধে ১ কোটি ২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ৬০ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছেন। এই প্রমাণের ভিত্তিতে কমিশন তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের অক্টোবর মাসে ফাহমী গোলন্দাজের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান শেষে ফাহমী গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে আজ একটি মামলার তদন্ত প্রতিবেদন বা চার্জশিট অনুমোদন লাভ করেছে।

এদিকে, দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বিরুদ্ধে দায়ের হওয়া প্রথম মামলাটির তদন্ত এখনও চলমান রয়েছে। ওই মামলায় ফাহমী গোলন্দাজের বিরুদ্ধে ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৪৬০ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৬টি ব্যাংক হিসাবে ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা ও ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলারের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের গুরুতর অভিযোগ রয়েছে।

চলমান মামলাটির তদন্ত শেষ হলে সেটির বিষয়েও পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড, মা-বাবার অভিযোগে ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২০ এম


মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড, মা-বাবার অভিযোগে ব্যবস্থা

যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন ভুক্তভোগী মা-বাবা। অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে মনিরুল শেখ (২৫) নামের ওই ছেলেকে ১০ পুরিয়া গাঁজাসহ আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মনিরুল শেখ উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকার আব্দুস সালাম শেখ ও মনোয়ারা বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল শেখ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলেন। মাদকদ্রব্য ক্রয় এবং নেশার টাকা জোগাড় করতে তিনি প্রায়ই মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে তারা নিরুপায় হয়ে ছেলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করতে বাধ্য হন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, সোমবার রাত ১০টার দিকে উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া রেললাইনে অভিযান চালিয়ে ১০ পুরিয়া গাঁজাসহ অভিযুক্ত মনিরুল শেখকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু কালের কণ্ঠকে বলেন, ‘মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তার মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে মাদকদ্রব্যসহ অভিযুক্ত ছেলেকে আটক করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে মামুন শিকদারের মতবিনিময় সভা জনসভায় রূপ নিল

আন্তর্জাতিক ডেস্ক

শাওন বল,মাদারীপুর, মাদারীপুর প্রতিনিধি:

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪২ এম


কালকিনিতে মামুন শিকদারের মতবিনিময় সভা জনসভায় রূপ নিল

মাদারীপুরের কালকিনি পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও যুবদল নেতা মামুন শিকদার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। স্থানীয় বাসিন্দাদের আয়োজনে সোমবার (৫ অক্টোবর) রাতে ইব্রাহিম মোল্লার বাড়ির পাশের মসজিদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় স্থানীয় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে এটি একপর্যায়ে জনসভায় রূপ নেয়। এ সময় উপস্থিত স্থানীয় জনতা মামুন শিকদারের প্রতি সমর্থন জানান।

সভায় মামুন শিকদার বলেন, “আমি এখানে মেয়র হতে আসিনি, আপনাদের আত্মীয় হতে এসেছি। আপনাদের সেবক হতে এসেছি।” তিনি নির্বাচিত হলে পৌরবাসীর পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় মুরব্বি লালু মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লা, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আশিকুজ্জামান ইব্রাহীম, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাজমুল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ওসমান তালুকদার।

এ ছাড়া ইব্রাহিম মোল্লা, রতন বেপারী, রকিব হাং, মিন্টু কাজী, দেলোয়ার মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিজাব পরে ছবি তোলায় ফ্রান্সে তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৮ এম


হিজাব পরে ছবি তোলায় ফ্রান্সে তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল

প্যারিসের বিখ্যাত ‘সরবোন বিশ্ববিদ্যালয়ে’ পড়ার সুযোগ অর্জন করেও কেবল হিজাব না খোলার কারণে ফ্রান্সের ভিসা পাননি তুরস্কের এক মেধাবী শিক্ষার্থী। বায়োমেট্রিক ছবিতে মাথা ঢেকে রাখার জন্য তার ভিসা বাতিল করা হয় এবং মাথা অনাবৃত রেখে নতুন ছবি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। খবরটি প্রকাশ করেছে ডেইলি সাবাহ।

ইস্তাম্বুলের গালাতাসারায় বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ইউরোপীয় ইউনিয়নের সম্মানজনক ‘এরাসমাস’ শিক্ষা কর্মসূচির আওতায় সরবোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও বৃত্তির সুযোগ লাভ করেছিলেন। তবে ফ্রান্সের অনুমোদিত ভিসা কেন্দ্র ‘ভিএফএস গ্লোবাল’-এর মাধ্যমে তিনবার আবেদন করার পরও তাকে ভিসা প্রদান করা হয়নি।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে নাম প্রকাশ না করার শর্তে ওই শিক্ষার্থী জানিয়েছেন, ফরাসি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে দ্বিমুখী। কারণ, একই সময়ে তার অন্যান্য হিজাবি বান্ধবীরা হিজাব পরা ছবি দিয়েই কোনো সমস্যা ছাড়াই ফ্রান্সের ভিসা পেয়েছেন।

প্রথম দুইবার তার আবেদন বাসস্থান বা পড়ার কর্মসূচি সংক্রান্ত অযুহাত দেখিয়ে নাকচ করা হয়, তবে আসল কারণ লিখিতভাবে জানতে তিনি তৃতীয়বার আবেদন করেন। গত ১৪ সেপ্টেম্বর ইস্তাম্বুলে ফরাসি কনস্যুলেট থেকে পাঠানো জবাবে স্পষ্টভাবে জানানো হয় যে, তাকে মাথা অনাবৃত ছবি জমা দিতে হবে।

নিজের যোগ্যতায় সুযোগ পাওয়ার পরও তা হাতছাড়া হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ওই শিক্ষার্থী জানান, ধর্মীয় নীতি মেনে চলা তার ব্যক্তিত্বের অংশ এবং কোনো অবস্থাতেই হিজাব খোলা তার পক্ষে সম্ভব নয়।

তিনি আরও বলেন, তুরস্কে অসংখ্য শিক্ষার্থী ফরাসি ভাষায় পড়ালেখা করেন এবং উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে যেতে চান। যদি নীতিগত কোনো নিয়ম থাকে, তবে তা আগে থেকেই পরিষ্কার করা উচিত, যেন কোনো শিক্ষার্থীকে এমন হয়রানির শিকার হতে না হয়।

টানা তিনবার ভিসা প্রত্যাখ্যানের পর হতাশা নিয়ে ওই ছাত্রী আর আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ভবিষ্যতের শিক্ষার্থীদের সুবিধার্থে ভিসা নিয়মনীতিতে স্পষ্টতা আনার দাবি জানিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%