ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান


নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

নীলফামারী, ১৪ নভেম্বর ২০২৬ : ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে জেলায় একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ সকালে এই অভিযানটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে নতুন বাজার সংলগ্ন এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন। নীলফামারী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের একটি দল এই অভিযানে সহযোগিতা করে। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাতেন না: শফিকুর রহমান

অভিযানের সময় বাজার সংলগ্ন বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একইসাথে, ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং মশার বংশবিস্তার রোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য আহ্বান জানানো হয়। বিশেষ করে, কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের পরামর্শ দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

চট্টগ্রামের পতেঙ্গায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনায় নাছির নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার (১৪ নভেম্বর) ফটিকছড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি জানায়, ১২ নভেম্বর পতেঙ্গার চরপাড়া এলাকায় সাইকেল চুরির সন্দেহে মোবারক ইসলাম নামের এক যুবককে কারখানার কক্ষে আটকে হাত-পা বেঁধে মারধর করা হয়। এক পর্যায়ে গলায় রশি পেঁচিয়ে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবার দায়ের করা হত্যা মামলায় চারজনকে আসামি করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের শোভনছুরি এলাকায় অভিযান চালিয়ে নাছিরকে গ্রেফতার করে এসআরবি-৭। পরে তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুর মুখ থেকে ফিরে বদলে গেছে কাজল আগারওয়ালের জীবন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


মৃত্যুর মুখ থেকে ফিরে বদলে গেছে কাজল আগারওয়ালের জীবন

একটি দুর্ঘটনা মানুষের জীবন ও দৃষ্টিভঙ্গিতে মুহূর্তেই পরিবর্তন আনতে সক্ষম। মৃত্যুর কাছ থেকে ফিরে আসার অভিজ্ঞতা ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়ালের জীবনে এমন একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে। ২০২০ সালে কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিং সেটে তিনি ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হন। প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন তার সামনে ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান কাজল। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে সেই বিভীষিকাময় মুহূর্তের কথা স্মরণ করেন।

২০২০ সালের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ইন্ডিয়ান টু’-এর শুটিং চলছিল। সেদিন সেটে উপস্থিত ছিলেন সিনেমার প্রধান অভিনেতা কমল হাসান এবং কাজল আগারওয়াল। একটি বিশেষ দৃশ্যের জন্য প্রবীণ নারীর সাজে প্রস্থেটিক মেকআপ নিয়ে প্রস্তুত ছিলেন কাজল।

শুটিংয়ের বিরতির সময় সহকর্মীদের সঙ্গে মনিটরের সামনে বসে ছিলেন অভিনেত্রী। হঠাৎ সেটজুড়ে হৈচৈ ও ছোটাছুটি শুরু হয়। প্রাণ বাঁচাতে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন কাজল। এ সময় একটি টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান তিনি। এরপর পেছনে তাকাতেই দেখতে পান, প্রায় ১০০ ফুট উঁচু একটি বিশাল ক্রেন তার দিকে ভেঙে পড়ছে।

সেই মুহূর্তের ভয়াবহ অভিজ্ঞতা স্মরণ করে কাজল বলেন, "কী ঘটছে, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম।" ঠিক সেই মুহূর্তে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে টেনে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। আর পরক্ষণেই বিকট শব্দে তার পাশেই আছড়ে পড়ে বিশাল ক্রেনটি। ওই ব্যক্তির তাৎক্ষণিক উদ্যোগের জন্য সেদিন নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান কাজল।

কাজলের ভাষ্য অনুযায়ী, সেই দুর্ঘটনা তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে। দীর্ঘ সময় ধরে আতঙ্কের পাশাপাশি তার মধ্যে এক ধরনের কৃতজ্ঞতাবোধ কাজ করেছে। ঘটনার পর থেকেই আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বেড়েছে অভিনেত্রীর। বিশেষ করে শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস আরো গভীর হয়েছে। জীবন কতটা অনিশ্চিত ও ক্ষণস্থায়ী, সেই উপলব্ধি তাকে প্রতিটি মুহূর্ত নতুনভাবে উপভোগ করতে শিখিয়েছে।

উল্লেখ্য, নানা জটিলতা ও দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে মুক্তি পায় ‘ইন্ডিয়ান টু’। তবে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি সিনেমাটি। অন্যদিকে, শুটিং সেটের সেই দুর্ঘটনায় প্রাণ হারান তিন কর্মী। তাদের মৃত্যুর স্মৃতি এবং নিজের অলৌকিকভাবে বেঁচে ফেরার অভিজ্ঞতা আজও কাজল আগারওয়ালকে গভীরভাবে নাড়া দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যযুগের কর্ডোভা: জ্ঞান-বিজ্ঞানের আলোয় উজ্জ্বল কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


মধ্যযুগের কর্ডোভা: জ্ঞান-বিজ্ঞানের আলোয় উজ্জ্বল কেন্দ্র

মুসলিম শাসনামলে কর্ডোভা ছিল জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতির অন্যতম কেন্দ্র। এই ঐতিহাসিক শহর, যা বর্তমান স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে অবস্থিত, বহুমুখী শিক্ষা, বিজ্ঞান, দর্শন ও মুসলিম স্থাপত্যের সমৃদ্ধির জন্য বিশ্বজুড়ে বিশেষ খ্যাতি অর্জন করেছিল। মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় কর্ডোভা একটি সমৃদ্ধ নগরীতে পরিণত হয়। এই শহরের প্রভাব ইউরোপের জ্ঞানজগতেও পরবর্তী সময়ে অনুভূত হয়েছে। গৌরবোজ্জ্বল এই ইতিহাসে জামে কর্ডোভা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

উত্থান ও বিকাশ

৭১১ খ্রিষ্টাব্দে মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে কর্ডোভা রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্ব অর্জন করে। ৭৫৬ খ্রিষ্টাব্দে প্রথম আবদুর রহমান কর্ডোভাকে রাজধানী করে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন। তার শাসনামলে ৭৮৪ খ্রিষ্টাব্দে কর্ডোভার বিখ্যাত জামে মসজিদের নির্মাণকাজ শুরু হয়।

পরবর্তী শাসকরা মসজিদটির সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধন করেন। বিশেষ করে তৃতীয় আবদুর রহমানের শাসনামলে ৯২৯ খ্রিষ্টাব্দে কর্ডোভা খেলাফতের রাজধানী হিসেবে আরো মর্যাদা লাভ করে। দশম শতকে শহরটি শিক্ষা, সংস্কৃতি, স্থাপত্য ও জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। মুসলমানদের পাশাপাশি খ্রিষ্টান ও ইহুদিদের বসবাসের কারণে শহরটির সামাজিক ও সাংস্কৃতিক জীবনে বৈচিত্র্য সৃষ্টি হয়।

জ্ঞানচর্চায় এর অবদান

কর্ডোভার জ্ঞানচর্চার ইতিহাসে জামে মসজিদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মধ্যযুগে মসজিদকেন্দ্রিক শিক্ষাব্যবস্থায় ধর্মীয় জ্ঞানের পাশাপাশি ভাষা, সাহিত্য, দর্শন ও অন্যান্য বিষয়ে পাঠদান ও আলোচনা হতো। শহরের গ্রন্থাগার, পাণ্ডুলিপি সংগ্রহ এবং পণ্ডিতদের জ্ঞানচর্চা কর্ডোভাকে জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্রে পরিণত করে।

বিশেষ করে দ্বিতীয় হাকামের শাসনামলে গ্রন্থ সংগ্রহ ও পাণ্ডুলিপি সংরক্ষণে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে। বিভিন্ন অঞ্চল থেকে জ্ঞানী-গুণী, আলেম-ওলামা ও শিক্ষানুরাগীরা কর্ডোভায় আসতেন। ধর্মতত্ত্ব, তাফসির, হাদিস, আরবি ভাষা ও সাহিত্য, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, ভূগোল, চিকিৎসাবিদ্যাসহ জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় চর্চা হতো।

জামে কর্ডোভাকে কেন্দ্র করে গড়ে ওঠা জ্ঞানচর্চার পরিবেশ বৃহত্তর আন্দালুসের বুদ্ধিবৃত্তিক বিকাশে ভূমিকা রাখে।

বিজ্ঞান, দর্শন ও চিকিৎসাবিদ্যায় অবদান

কর্ডোভা ও বৃহত্তর আন্দালুসের জ্ঞানচর্চায় বিজ্ঞান, দর্শন ও চিকিৎসাবিদ্যা বিশেষ গুরুত্ব পেয়েছিল। এ সময়ের পণ্ডিতরা বিভিন্ন শাস্ত্রে গবেষণা, গ্রন্থ রচনা ও জ্ঞান সংরক্ষণের মাধ্যমে মুসলিম সভ্যতার জ্ঞানভান্ডার সমৃদ্ধ করেন।

চিকিৎসাবিদ্যায় আবুল কাসিম আলজাহরাবি ছিলেন স্মরণীয় ব্যক্তিত্ব। অস্ত্রোপচারবিষয়ক জ্ঞানের বিকাশে তার বিশেষ অবদান ছিল। তার চিকিৎসাবিষয়ক রচনা পরবর্তী সময়ে ইউরোপের চিকিৎসাশিক্ষায়ও প্রভাব ফেলে।

দর্শনের ক্ষেত্রে ইবনে রুশদ মুসলিম ও ইউরোপীয় বুদ্ধিবৃত্তিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। গ্রিক দর্শনের ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে তিনি দর্শনচর্চায় উল্লেখযোগ্য অবদান রাখেন। অন্যদিকে, কর্ডোভায় জন্মগ্রহণকারী ইহুদি দার্শনিক ও চিকিৎসক মাইমোনিডিসও মধ্যযুগের জ্ঞানজগতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

এসব মনীষীর অবদান কর্ডোভা ও আন্দালুসের জ্ঞানচর্চার ব্যাপ্তি তুলে ধরে। তাদের রচনা ও চিন্তাধারা পরবর্তী সময়ে বিভিন্ন অঞ্চলের জ্ঞানজগতে প্রভাব বিস্তার করে। ফলে মুসলিম সভ্যতার বাইরেও বৈশ্বিক বুদ্ধিবৃত্তির ইতিহাসে কর্ডোভা বিশেষ স্থান অর্জন করেছে।

স্থাপত্য ও মুসলিম সভ্যতার ছাপ

জামে কর্ডোভা মুসলিম স্থাপত্যের অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন। ৭৮৪ খ্রিষ্টাব্দে প্রথম আবদুর রহমানের শাসনামলে এর নির্মাণকাজ শুরু হয়। পরবর্তী শাসকরা বিভিন্ন সময়ে এর সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধন করেন। মসজিদটির লাল-সাদা খিলান, অসংখ্য স্তম্ভ, প্রশস্ত প্রার্থনাকক্ষ ও নান্দনিক অলংকরণ মুসলিম স্থাপত্যশৈলীর স্বতন্ত্র বৈশিষ্ট্য তুলে ধরে।

জামে কর্ডোভা ‘লা মেসকিতা’ নামেও পরিচিত। স্থাপনাটির স্থাপত্যে মুসলিম ঐতিহ্যের পাশাপাশি পরবর্তী সময়ের পরিবর্তনের ছাপও রয়েছে। বর্তমানে এটি গির্জা হিসেবে ব্যবহৃত হয়। তবে এর বড় অংশে মুসলিম স্থাপত্যের বৈশিষ্ট্য আজও দৃশ্যমান।

কর্ডোভার কাছাকাছি অবস্থিত মদিনাতুজ জাহরা ছিল উমাইয়া শাসনামলের একটি গুরুত্বপূর্ণ প্রাসাদনগরী। তৃতীয় আবদুর রহমানের আমলে এর নির্মাণ শুরু হয়। প্রাসাদ, প্রশাসনিক ভবন ও অলংকৃত স্থাপত্যের মাধ্যমে এটি তৎকালীন মুসলিম শাসনব্যবস্থা ও শিল্পরুচির পরিচয় বহন করে। পরবর্তী সময়ে রাজনৈতিক সংঘাত ও গৃহযুদ্ধের কারণে নগরীটি ধ্বংসপ্রাপ্ত হয়।

জামে কর্ডোভাসহ এসব স্থাপনা মুসলিম সভ্যতার স্থাপত্য, শিল্পরুচি ও সাংস্কৃতিক বিকাশের গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে। এগুলো মধ্যযুগের আন্দালুসিয়ার ইতিহাসকে আজও জীবন্ত করে রেখেছে।

বিলুপ্তি

দশম শতকের শেষভাগ থেকে কর্ডোভা খেলাফত অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ে। ক্ষমতার দ্বন্দ্ব ও গৃহযুদ্ধের ফলে ১০৩১ খ্রিষ্টাব্দে কর্ডোভা খেলাফতের অবসান ঘটে। এরপর আন্দালুস বিভিন্ন ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে যায়। ফলে কর্ডোভার রাজনৈতিক প্রভাব ধীরে ধীরে হ্রাস পায়।

১২৩৬ খ্রিষ্টাব্দে কাস্তিলের রাজা তৃতীয় ফার্দিনান্দ কর্ডোভা দখল করেন। এরপর জামে মসজিদ খ্রিষ্টীয় উপাসনালয়ে রূপান্তরিত হয়। পরবর্তী শতকগুলোতে এর অভ্যন্তরে গির্জার বিভিন্ন স্থাপনা যুক্ত হলেও মূল মুসলিম স্থাপত্যের উল্লেখযোগ্য অংশ টিকে থাকে।

মুসলিম শাসনের অবসান হলেও জামে কর্ডোভার ঐতিহাসিক গুরুত্ব কমেনি। বর্তমানে কর্ডোভার ঐতিহাসিক কেন্দ্র ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। এই স্থাপনা আজও মুসলিম সভ্যতার জ্ঞানচর্চা, স্থাপত্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারের স্মারক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। একসময় জ্ঞান-বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কর্ডোভা তাই ইতিহাসের পাতায় আজও স্মরণীয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্বত্য চুক্তি বাতিল ও সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সোহেল রানা, রাঙামাটি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


পার্বত্য চুক্তি বাতিল ও সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি

১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিল, হেডম্যান প্রথা বিলুপ্ত এবং পার্বত্য অঞ্চলে প্রত্যাহার করা সেনা ক্যাম্পগুলো পুনঃস্থাপনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। একই সঙ্গে জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি সন্তু লারমার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া শুরুর দাবিও জানিয়েছে সংগঠনটি।

আজ শনিবার সকালে রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মজিবুর রহমান।

লিখিত বক্তব্যে কাজী মজিবুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে বাঙালিদের ওপর হামলা, অপহরণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং সাধারণ নাগরিক হত্যার ঘটনা ঘটছে। সংগঠনের নিজস্ব পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, এ পর্যন্ত বাঙালিদের ওপর ১৯৪টি হামলা, ২৯৭টি অপহরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ৯৭টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩০৮ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রসঙ্গে বক্তারা বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালে চুক্তি হলেও দীর্ঘ সময় পরও প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠিত হয়নি। তাঁদের দাবি, চুক্তি-পরবর্তী সময়ে পাহাড়ে চাঁদাবাজি, খুন ও অপহরণের মতো অপরাধ বেড়েছে। চুক্তির বিভিন্ন বিধানের কারণে পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালিরা বৈষম্যের শিকার হচ্ছেন বলেও দাবি করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিল, হেডম্যান প্রথা বিলুপ্ত, প্রত্যাহার করা সেনা ক্যাম্প পুনঃস্থাপন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনা।

এ ছাড়া রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন জেলা নিয়ে সেনাবাহিনীর পৃথক একটি ডিভিশন গঠন এবং পার্বত্য চট্টগ্রামের সব সশস্ত্র গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণার দাবিও জানানো হয়।

বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্রের বিস্তার রোধ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি।

সংবাদ সম্মেলনে পিসিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদ রাজু, রাঙামাটি জেলা সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক এম এ আমিন, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার ও যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%