ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

সন্তানকে ঈমান, তাকওয়া ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী


সন্তানকে ঈমান, তাকওয়া ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

সন্তানের চরিত্র ও নৈতিকতার উন্নয়নে বাবা-মায়ের আচরণই প্রধান শিক্ষা হিসেবে গণ্য হয়। তাঁদের কথাবার্তা, কাজকর্ম এবং জীবনযাত্রা সন্তানের ব্যক্তিত্বের বিকাশে ব্যাপক প্রভাব ফেলে। তাই সন্তানকে ঈমান, তাকওয়া, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, পরোপকার এবং মানবিক মূল্যবোধের শিক্ষা প্রদান করা অপরিহার্য।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাজী আব্দুল মালিক এতিমখানা ও লতিফিয়া মান্নিয়া হাফিজিয়া মাদরাসার যৌথ উদ্যোগে আয়োজিত ৩৯তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী এসব কথা বলেন।

গত শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টা থেকে শুরু হওয়া এ মাহফিল গভীর রাত পর্যন্ত চলতে থাকে। মাহফিলের কার্যক্রম শুরু হয় জাকারিয়া নাঈমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বয়ানে মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী উল্লেখ করেন, জিকিরের মাধ্যমে আখিরাতের নেক আমলের ভাণ্ডার বৃদ্ধি পায়। যখন বান্দা দুনিয়ার ব্যস্ততার মধ্যে আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ তাঁর রহমত ও নৈকট্য দিয়ে সেই বান্দাকে স্মরণ করেন। দুনিয়ার পেরেশানি, দুশ্চিন্তা এবং মানসিক অবসাদ দূর করার একটি কার্যকরী উপায় হলো আল্লাহর জিকির।

আরও পড়ুন: দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামের তিন দিনব্যাপী ইজতেমা

তিনি আরও বলেন, সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে বাবা-মাকে নিজেদের মধ্যে উত্তম আচরণের উদাহরণ স্থাপন করতে হবে। কারণ, শিশুরা পরিবারের পরিবেশ এবং অভিভাবকদের জীবনাচরণ থেকেই অনেক কিছু শিখে থাকে। তাই সন্তানদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলা অত্যন্ত জরুরি।

হযরত মাওলানা মো. আব্দুল খালিকের সভাপতিত্বে মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মো. শামসুল ইসলাম, ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মাজহারুল ইসলাম আবারার এবং শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফিজ আব্দুল কুদ্দুস নিজামীসহ অন্যান্য বিশিষ্ট উলামা-মাশায়েখ। মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন মাদরাসা ও এতিমখানার সভাপতি মাওলানা মো. মজিবুর রহমান আল-মাদানী, শিরণি বিতরণ ও বিশেষ দোয়ার মাধ্যমে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক মাছের বাণিজ্য শত কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক মাছের বাণিজ্য শত কোটি টাকা

॥ আবু মোশাররফ রাসেল ॥

চট্টগ্রাম, ১৪ নভেম্বর, ২০২৬ : ভোরের আলো ফোটার পূর্বে, আবছা অন্ধকারে কর্মচঞ্চল হয়ে ওঠে চট্টগ্রামের ফিশারিঘাট। একের পর এক মাছবোঝাই ট্রলার, নৌযান ও মিনি ট্রাক এখানে ভিড় করে। শুরু হয় মাছ নামানো, দরদাম এবং নিলামের হাঁকডাক। দিনের শুরুতেই এই ঘাটে শত কোটি টাকার বাণিজ্য সম্পন্ন হয়।

কর্ণফুলী নদীর তীরে চাক্তাই ও রাজাখালী খালের মধ্যবর্তী স্থানে ৩.৯৮ একর জায়গায় গড়ে উঠা ফিশারিঘাট মাছের অন্যতম বৃহৎ পাইকারি বাজার হিসেবে পরিচিত। এক সময় এখানে কেবল সাগর থেকে আহরণ করা মাছের বেচাকেনা চলতো। তবে গত এক দশক ধরে দেশের বিভিন্নস্থানে বাণিজ্যিকভাবে উৎপাদিত মাছ বিক্রির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ঘাট। ফলে সাগর, নদী, পুকুর ও মৎস্যখামারের মাছের সমন্বিত কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ফিশারিঘাট।

সরেজমিনে দেখা যায়, আকাশে তখনও পুরোপুরি আলো ফোটেনি। ঘাটে এসে ভিড়েছে অনেক মাছবোঝাই ট্রলার। বোটের ভেতর থেকে ঝুঁড়ি ও ক্যারেটে নামানো হচ্ছে মাছ। শ্রমিকদের হাঁকডাক, ঝুঁড়ি টানাটানি, আড়তদারদের দরদাম এবং ক্রেতাদের দরকষাকষিতে মুখর হয়ে উঠেছে চারপাশ। কোথাও স্তূপ করে রাখা হয়েছে রুপালি ইলিশ, কোথাও রূপচাঁদা, কোরাল, লাক্ষা, লইট্টা, ছুরি, পোয়া, ফাইস্যা, পারশে, টুনাসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ। বড় মাছের পাশে ছোট মাছের ঝুড়ি, কোথাও চিংড়ি, আবার কোথাও মিশ্র প্রজাতির মাছের স্তূপ রয়েছে।

ফিশারিঘাটের বাণিজ্য শুধুমাত্র সাগরের মাছের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের বিভিন্ন অঞ্চলের মৎস্যখামার, পুকুর ও জলাশয়ে উৎপাদিত মাছও মিনি ট্রাকে করে নিয়ে আসেন ব্যবসায়ীরা। রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, পাঙ্গাশ, তেলাপিয়া, গ্রাস কার্পসহ নানা প্রজাতির চাষের মাছও এখানে নিয়ে আসা হচ্ছে।

মাছ নামানোর সঙ্গে সঙ্গেই শুরু হয় আরেক কর্মযজ্ঞ। কোথাও বড় বড় বরফের খণ্ড ভাঙছেন শ্রমিকেরা, কোথাও বরফকল থেকে বরফ আনা হচ্ছে, আবার কোথাও মাছের ঝুঁড়িতে বরফ মিশিয়ে পরিবহনের জন্য প্রস্তুত করা হচ্ছে। মাছের সতেজতা ধরে রাখতে বরফের চাহিদা এখানে বিপুল। বরফকল, বরফ পরিবহন, ভাঙা ও সরবরাহের কাজে যুক্ত রয়েছেন বহু শ্রমিক। মাছের পাশাপাশি বরফের ব্যবসাও তাই ফিশারিঘাটের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে।

সেই আবছা অন্ধকারে ফিশারিঘাটে হাজারো মানুষের উপস্থিতিতে তিল ধারণের ঠাঁই নেই। নগরীর বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীরা মাছ কিনতে আসেন, তেমনি দেশের নানা প্রান্ত থেকে পাইকার ও ব্যবসায়ীরা এখানে ভিড় করেন। মাছ কেনার পর তা বরফে সংরক্ষণ করে ট্রাক ও অন্যান্য পরিবহনে তোলা হয়। এরপর সড়কপথে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জেলার বাজারে। প্রতিদিন শত কোটি টাকার মাছ কেনাবেচার এই বাজারে মাছের সরবরাহ, চাহিদা ও দরদামের ওপর নির্ভর করে বহু ব্যবসায়ীর লাভ-লোকসান।

পুরাতন ফিশারিঘাট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাসসকে বলেন, ‘ফিশারিঘাটে মাছের ১০৩টি আড়ত রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের কাছে এগুলো ‘গদি’ নামে পরিচিত। সোনালী যান্ত্রিক মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা এসব গদি বরাদ্দ পেয়েছেন। প্রতিটি গদির মালিকের অধীনে রয়েছে একাধিক বোট বা ট্রলার। তাদের তত্ত্বাবধানে সাগরে মাছ ধরতে যান জেলেরা।’

ফিশারিঘাটের মেসার্স শাহ ওমর ট্রেডিং এর সত্ত্বাধিকারি বা আড়তদার মোহাম্মদ সেলিম বাসসকে বলেন, ‘সাগর থেকে মাছ ধরে আসা বোটগুলো গদির তত্ত্বাবধানে মাছ বিক্রি করে। এখানকার ১০৩টি গদি ঘিরে প্রতিদিনই এখানে শত কোটি টাকার মাছ বেচাকেনা হয়। ফিশারিঘাটের কর্মসজ্ঞে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এ ঘাটের মাছেই সচল থাকে পুরো শহরের বাজারগুলো।

ফিশারিঘাটের শত কোটি টাকার বাণিজ্যের প্রধান কারিগর জেলেরা। উত্তাল সাগরে দিনের পর দিন মাছ ধরার কাজে নিয়োজিত থাকেন তারা। কখনো প্রতিকূল আবহাওয়া, কখনো ঢেউয়ের সঙ্গে লড়াই, কখনো দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান—সব মিলিয়ে তাদের কাজ অত্যন্ত পরিশ্রমসাধ্য ও ঝুঁকিপূর্ণ। তবে তাদের অধিকাংশই বোটের মালিক নন, মাছের ব্যবসার অংশীদারও নন। তারা কাজ করেন দিনমজুর হিসেবে। দিন হিসেবে নির্ধারিত মজুরি পান তারা।

ফিশারিঘাটে কথা হয় সাগর জলদাসের সাথে। তিনি বলেন, ‘মাছ ধরাটা আমাদের বাপ-দাদার পেশা। এটা করেই বাঁচি। মাছ বেশি পড়ুক আর কম পড়ুক আমাদের বেতন নির্ধারিত।’

আরেক জেলের অভিজ্ঞতায় উঠে আসে নিষেধাজ্ঞার সময়ের কষ্টের কথা। ‘মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকলে আমাদের কাজ থাকে না। তখন ধারদেনা করে সংসার চালাতে হয়। তবে এখন সরকার চাল ও নগদ সহায়তা দেওয়ায় সেই কষ্ট কিছুটা লাঘব হয়।’

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বাসসকে বলেন, ‘নতুন ফিশারিঘাট চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের বাজার। এটা সব সময় কর্মচঞ্চল থাকে এবং এখানে প্রতিদিন শত কোটি টাকার মাছের বেচাকেনা হয়।’

মৎস্য বিভাগের কর্মকর্তারা নিয়মিত বাজারটি পরিদর্শন করেন জানিয়ে তিনি বলেন, ‘মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন, ১৯৯৭ অনুযায়ী মাছের গুণগত মান, ভেজালমুক্ত ও নিরাপদ মাছ বিক্রি এবং আইনবহির্ভূত মাছের বেচাকেনা হচ্ছে কি না, তা তদারকি করেন তারা। তার দেওয়া তথ্য অনুযায়ী, ফিশারিঘাটের ৬৮টি গদি মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতাভুক্ত সংশ্লিষ্ট দপ্তর থেকে লাইসেন্স নিয়েছে। কিছু গদি কৃষি বিপণন অধিদপ্তর থেকেও লাইসেন্স নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মসূচি’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


নেত্রকোণায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মসূচি’

নেত্রকোণা, ১৪ নভেম্বর, ২০২৬ : শিক্ষার্থীদের এবং শিক্ষকদের ইংরেজি ভাষায় দক্ষতা ও আধুনিক শিক্ষাদান পদ্ধতিতে পারদর্শিতা অর্জনের উদ্দেশ্যে আজ জেলার মধ্যে দিনব্যাপী ‘ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এ কর্মশালাটি। এতে জেলার ১০টি উপজেলার ৭০ জন শিক্ষার্থী এবং ২৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, রাজস্ব) মুন মুন জাহান লিজা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস।

সভাপতির বক্তব্যে মুন মুন জাহান লিজা উল্লেখ করেন, বর্তমান বিশ্বায়ন ও তথ্য-প্রযুক্তির প্রতিযোগিতামূলক যুগে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের বিকল্প নেই। উচ্চশিক্ষা, গবেষণা এবং আধুনিক কর্মক্ষেত্রে সফলতা পেতে হলে শিক্ষার্থীদের ইংরেজি বলা, লেখা ও বোঝার ক্ষেত্রে সমানভাবে পারদর্শী হতে হবে।

তিনি আরও বলেন, প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজি ভীতি এবং জড়তা দূর করার জন্য জেলা প্রশাসন এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের আনন্দদায়ক এবং আধুনিক পদ্ধতিতে ইংরেজি শেখানোর ক্ষেত্রে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এখান থেকে অর্জিত জ্ঞান শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানে ছড়িয়ে দেবেন।

কর্মশালায় প্রশিক্ষক ও আলোচক হিসেবে বি.আর.ই.সি.-এর সাবেক সদস্য এবং বিটিভি’র ইংরেজি সংবাদ পাঠক সালাহ উদ্দীন এবং নেত্রকোণা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শোভন চন্দ্র সরকার দুই শিফটে প্রশিক্ষণ প্রদান করেন। তারা অংশগ্রহণকারীদের ইংরেজি বলার জড়তা কাটানো, সঠিক উচ্চারণ ভঙ্গি এবং কার্যকর ও আধুনিক উপায়ে ভাষা শেখার বিভিন্ন কৌশল হাতে-কলমে শিখিয়ে দেন।

দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের বিরুদ্ধে ১৮ বছরের পুরোনো হারের প্রতিশোধ নিতে প্রস্তুত ভুটান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


ভারতের বিরুদ্ধে ১৮ বছরের পুরোনো হারের প্রতিশোধ নিতে প্রস্তুত ভুটান

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ভুটান ১৮ বছরের পুরোনো হারের প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে। তাদের লক্ষ্য, এই টুর্নামেন্টের ফাইনালে খেলার প্রথম অভিজ্ঞতা অর্জন করা। তবে, বড় ম্যাচের পূর্বে অনুশীলন করেনি ড্রাগনরা। অন্যদিকে, ভারত শিরোপা ধরে রাখার উদ্দেশ্যে মাঠে নামছে। পরিসংখ্যান তাদের পক্ষে থাকলেও ভুটান ম্যাচ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন দলের কোচ নওশাদ মুসা। ম্যাচটি শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে।

ভারত আবারও সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালের দোরগোড়ায়। তারা আগের ১৩ বার ফাইনাল খেলেছে এবং ৯টি শিরোপা জিতেছে। ব্লু টাইগার্সরা সর্বশেষ চ্যাম্পিয়ন, এবং এবার শিরোপা ধরে রাখার মিশনে পাকিস্তান ও মালদ্বীপকে পরাজিত করে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছেছে নওশাদ মুসার দল।

ভারত দলের আক্রমণভাগের প্রধান দায়িত্ব পালন করছেন সুহাইল আহমেদ ভাট। তিনি দুই ম্যাচে তিন গোল করে ইতোমধ্যে নজর কেড়েছেন। ভুটানের বিপক্ষে গোলের জন্য তার দিকে লক্ষ্য থাকবে।

তবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রক্ষণভাগ নিয়ে কিছু উদ্বেগ রয়েছে। পাকিস্তান এবং মালদ্বীপের বিরুদ্ধে তাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে। বাংলাদেশ দলের হামজা ও ফারহানদের বিরুদ্ধে বড় পরীক্ষা দিতে হবে। তবে, নওশাদ মুসা এ বিষয়ে চিন্তা করতে চান না। তিনি ভুটানকে নিয়ে সতর্ক থাকতে চান।

মুসা বলেন, "হামজা কিংবা বাংলাদেশকে নিয়ে এখন কেন কথা বলব! আমরা এখন ভুটান ম্যাচ নিয়ে সতর্ক। তারা ট্যাক্টিক্যালি বেশ ভালো দল।"

১৮ বছর পর আবারও সেমিফাইনালে উঠেছে ভুটান। পূর্বে ভারতের কাছে তাদের ফাইনালের স্বপ্ন ভেঙেছিল। চলতি আসরের শুরুটা তাদের জন্য সুখকর হয়নি। বাংলাদেশকে হারানোর পর শ্রীলঙ্কার বিপক্ষে ২-২ গোলে ড্র করে তারা। তবে গোল ব্যবধানের কারণে তারা শেষ চার নিশ্চিত করেছে। দ্বিতীয়বারের মতো ফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা দলটি পরিসংখ্যানের দিকে না তাকিয়ে অনুপ্রেরণা খুঁজছে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ থেকে।

দলের প্রধান ভরসা অধিনায়ক চেনচো গিয়েলতশেন। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে তিনি দলকে সেমিফাইনালে তুলতে সাহায্য করেছেন। ভারতের বিপক্ষে তার কাছ থেকে বড় কিছু প্রত্যাশা থাকবে ড্রাগনদের।

তবে, বড় ম্যাচের আগের দিন অনুশীলন করেনি টিম ভুটান। তারা ভারতকে হারানোর পরিকল্পনা তৈরি করেছে টিম হোটেলে বসেই। ১৪তম বারের মতো ফাইনালে খেলার স্বপ্নে বিভোর ভারতকে আটকে ভুটান কি প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে পারবে, সেটি মাঠেই দেখা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ৫১ হারানো মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


রংপুরে ৫১ হারানো মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার হয়নি

‎সারিবদ্ধভাবে সাজানো ৫১টি মোবাইল ফোন। প্রতিটি ফোনের পেছনে রয়েছে হারানোর একটি গল্প, দীর্ঘ অপেক্ষা এবং ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। কিছু ফোন হারানো হয়েছে কয়েক মাস আগে, আবার কিছু এক-দুই বছর আগে। অবশেষে রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রচেষ্টার মাধ্যমে উদ্ধার করা হয়েছে এসব মোবাইল। দীর্ঘ অপেক্ষার পর হারানো ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকদের মুখে স্বস্তি দেখা দিয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ কমিশনার (ডিআইজি) মাহবুবুর রশীদ।

তিনি জানান, বিভিন্ন সময়ে থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়।

তিনি আরও বলেন, এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মোবাইল চুরি ও হাতবদলের সঙ্গে জড়িত চক্রের মূল হোতাদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

তাদের ভাষ্য, থানায় সাধারণ ডায়েরি করলে হারানো মোবাইল ফিরে পাওয়া সম্ভব এই অভিজ্ঞতা তাদের সেই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%