প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সন্তানের চরিত্র ও নৈতিকতার উন্নয়নে বাবা-মায়ের আচরণই প্রধান শিক্ষা হিসেবে গণ্য হয়। তাঁদের কথাবার্তা, কাজকর্ম এবং জীবনযাত্রা সন্তানের ব্যক্তিত্বের বিকাশে ব্যাপক প্রভাব ফেলে। তাই সন্তানকে ঈমান, তাকওয়া, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, পরোপকার এবং মানবিক মূল্যবোধের শিক্ষা প্রদান করা অপরিহার্য।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাজী আব্দুল মালিক এতিমখানা ও লতিফিয়া মান্নিয়া হাফিজিয়া মাদরাসার যৌথ উদ্যোগে আয়োজিত ৩৯তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী এসব কথা বলেন।
গত শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টা থেকে শুরু হওয়া এ মাহফিল গভীর রাত পর্যন্ত চলতে থাকে। মাহফিলের কার্যক্রম শুরু হয় জাকারিয়া নাঈমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বয়ানে মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী উল্লেখ করেন, জিকিরের মাধ্যমে আখিরাতের নেক আমলের ভাণ্ডার বৃদ্ধি পায়। যখন বান্দা দুনিয়ার ব্যস্ততার মধ্যে আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ তাঁর রহমত ও নৈকট্য দিয়ে সেই বান্দাকে স্মরণ করেন। দুনিয়ার পেরেশানি, দুশ্চিন্তা এবং মানসিক অবসাদ দূর করার একটি কার্যকরী উপায় হলো আল্লাহর জিকির।
তিনি আরও বলেন, সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে বাবা-মাকে নিজেদের মধ্যে উত্তম আচরণের উদাহরণ স্থাপন করতে হবে। কারণ, শিশুরা পরিবারের পরিবেশ এবং অভিভাবকদের জীবনাচরণ থেকেই অনেক কিছু শিখে থাকে। তাই সন্তানদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলা অত্যন্ত জরুরি।
হযরত মাওলানা মো. আব্দুল খালিকের সভাপতিত্বে মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মো. শামসুল ইসলাম, ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মাজহারুল ইসলাম আবারার এবং শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফিজ আব্দুল কুদ্দুস নিজামীসহ অন্যান্য বিশিষ্ট উলামা-মাশায়েখ। মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন মাদরাসা ও এতিমখানার সভাপতি মাওলানা মো. মজিবুর রহমান আল-মাদানী, শিরণি বিতরণ ও বিশেষ দোয়ার মাধ্যমে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন