শাহানুর আলম বিশ্বম্ভরপুর,(সুনামগঞ্জ), প্রতিনিধি
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৫০ পি.এম
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় শিপ্রা বিশ্বাস (২৭) নামের দুই সন্তানের এক জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ফতেহপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষন বিশ্বাসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ঘুম থেকে ওঠে নিহতের স্বামী দেখতে পান তাদের সন্তানরা কান্নাকাটি করছে। এরপর তিনি স্ত্রীকে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে রান্নাঘরের দিকে ছুটে গিয়ে দেখেন, তার স্ত্রী বাঁশের তীরের সাথে রশিতে গলা পেঁচিয়ে ঝুলে আছেন। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ও নিহতের শ্বশুর-শাশুড়ি ঘটনাস্থলে জড়ো হন। নিহতের স্বামী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি বটি দিয়ে রশি কেটে মরদেহ নিচে নামান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানা ও সুত্রে জানা যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, বিশ্বম্ভরপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। স্থানীয়দের তথ্য ও পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনাটিসহ গত এক মাসের ব্যবধানে উপজেলায় অন্তত তিনটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। একের পর এক এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, পারিবারিক কলহ, মানসিক চাপ ও আর্থিক টানাপোড়েনের কারণে মানুষ চরম হতাশায় ভুগছে, যা পরবর্তীতে আত্মহত্যার মতো পথ বেছে নিতে প্ররোচিত করছে। এ প্রবণতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পারিবারিক বন্ধন সুদৃঢ় করার তাগিদ দিয়েছেন স্থানীয় বিশিষ্টজনরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অসংলগ্ন অডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগের ভিত্তিতে কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে তাকে এই নোটিশ প্রদান করা হয়। নোটিশ পাওয়ার পর তিন কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
দলীয় নোটিশে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামের অসংলগ্ন একটি অডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এ কারণে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক পরিবেশ বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার সন্তোষজনক লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কাছে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধিবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এদিকে, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম স্বাক্ষরিত একটি জরুরি সাংগঠনিক বিজ্ঞপ্তিতে আব্দুস সালামের দলীয় প্রার্থিতা স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, লাকসাম উপজেলার ৭ নম্বর আজগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী হিসেবে আব্দুস সালামের নাম ঘোষণা করা হয়েছিল, তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে।
অভিযোগের বিষয়ে জানতে আব্দুস সালামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল মন্তব্য করেছেন, "দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শের বাইরে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।" তিনি জানান, আব্দুস সালামের কাছে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তার জবাব পর্যালোচনা করে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সৈয়দ আরিফ (৩৩) কে আটক করে পুলিশ। এ সময় কিছু নারী ও স্থানীয় বাসিন্দারা পুলিশ সদস্যদের ঘেরাও করেন। এই সুযোগে সৈয়দ আরিফ পালিয়ে যান।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে টঙ্গীর ভাদাম এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে ভাদাম এলাকায় অভিযান চালিয়ে টঙ্গী পশ্চিম থানার একটি পুলিশ টিম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সৈয়দ আরিফকে আটক করে। পরে, তাকে পুলিশের ভ্যানের দিকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় নারীরা ও এলাকাবাসী পুলিশ সদস্যদের ঘিরে ফেলে এবং মানবপ্রাচীর তৈরি করেন। এই পরিস্থিতিতে আরিফ কৌশলে পালিয়ে যান। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে, বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে টঙ্গীর তিলারগাতী ও সাতাইশ এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করে। তারা হলেন— গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৫২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিউল্লাহ ফয়সাল (৩০) এবং ৫১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সম্পাদক আব্দুর রশিদ মিয়া ওরফে রশিদ মণ্ডল (৫৮)। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, "নারীরা ঘেরাও করার পর আরিফ নামের ওই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কৌশলে পালিয়ে যান। পরে পুরো টিম নিয়ে এলাকায় অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। তবে তিনি পুলিশের গাড়ি থেকে পালাননি।" অন্যদিকে, গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে মামলা দায়ের শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একসময় পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ও কাছিপাড়া ইউনিয়নের সিকদার বাড়ি ও আকন বাড়ি ছিল পাকা দালান, গোয়ালভরা গরু, গোলাভরা ধান এবং মাছভরা পুকুরের সমাহার। আত্মীয়স্বজন ও মানুষের পদচারণায় মুখরিত থাকত এই দুটি পরিবার। তবে, কয়েক প্রজন্ম ধরে সম্পদ, প্রভাব ও ঐতিহ্য বহন করা এই দুই পরিবারের আভিজাত্য এখন কেবল স্মৃতির পাতায়। তেতুলিয়া, কবাই ও কারখানা নদীর ভাঙনে বসতভিটা, ফসলি জমি ও পারিবারিক সম্পদ হারিয়ে পরিবারগুলোর সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে গেছেন। কেউ সড়কের পাশে আশ্রয় নিয়েছেন, আবার কেউ অন্যের জমিতে বসবাস করছেন।
শুধু সিকদার ও আকন বাড়ি নয়, নদী তিনটির ভাঙনে বগা কাছিপাড়া এবং ফরিদপুর ইউনিয়নের বাহেরচর, পশ্চিম কাছিপাড়া, হাজীপুর ও গোপালিয়া, রঘুনদ্দিসহ কয়েকটি গ্রামের হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়দের দাবি। কারও বসতঘর, কারও শেষ সম্বল ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে বাজার, পুকুর, পাকা সড়ক ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ভাঙনের হুমকিতে রয়েছে। প্রতিদিন নদীর পাড় ভাঙছে এবং নিঃস্ব মানুষের সংখ্যা বাড়ছে।
কাছিপাড়া ইউনিয়ন, উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত কারখানা নদীর তীরে। এটি আয়তন, জনসংখ্যা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে বাউফলের একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। কিন্তু নদীভাঙনের কারণে এখানকার মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে বসতভিটা, জীবিকা ও শেকড়ের স্মৃতি।
নদীভাঙনে নিঃস্ব হওয়া পরিবারগুলোর একজন নাসরিন বেগম (৩৫)। তিন ছেলেকে নিয়ে তাঁর সংসার। ২০০৭ সালে কাছিপাড়ার সিকদার বাড়ির ইব্রাহিম সিকদারের সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর যে বাড়িতে সংসার শুরু করেছিলেন, সেই বাড়ির আর অস্তিত্ব নেই।
নাসরিন বলেন, "একসময় তাঁদের বাড়িতে ৫০ থেকে ৬০টি পরিবারের বসবাস ছিল। ছিল পাকা দালান, গোয়ালভরা গরু, ধানভরা গোলা, মাছভরা পুকুর ও পাকা ঘাটলা। আত্মীয়স্বজনের কাছে বাড়িটির আলাদা পরিচিতি ছিল।"
আক্ষেপ নিয়ে নাসরিন বলেন, "মাত্র দুই বছর আগেও সিকদার বাড়ির অস্তিত্ব ছিল। এখন স্বামী-সন্তান নিয়ে ফসলি জমিতে ঘর তুলে থাকতে হচ্ছে। কারখানা নদী আমার শ্বশুরবাড়ির সবকিছু গিলে খেয়েছে। একসময় এই বাড়িতে ১০০ থেকে ১৫০ মানুষের বসবাস ছিল। এখন আমড়া ছিন্নভিন্ন হয়ে গেছি।"
একটি পরিবারের কয়েক প্রজন্মের স্মৃতি, সম্পদ ও পরিচয় কীভাবে নদীতে হারিয়ে যেতে পারে, সিকদার বাড়ি যেন তারই উদাহরণ।
বাহেরচরের ৭৮ বছর বয়সী নিত্য গোপালের জীবনেও নদীভাঙন কেড়ে নিয়েছে সবকিছু। সড়কের পাশে টিনের ছাউনির ছোট্ট দোচালা ঘরে তাঁর বসবাস। পাশে একটি ছোট চায়ের দোকান রয়েছে। সেই দোকানের আয় এবং তিন মেয়ের সহযোগিতায় চলে তাঁর ও স্ত্রীর সংসার।
তাঁর কোনো ছেলে নেই। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। বসতভিটা ও জমিজমা হারিয়ে এখন জীবনের শেষ প্রান্তে এসে তাঁর সবচেয়ে বড় দুশ্চিন্তা, মৃত্যুর পর শেষকৃত্য হবে কোথায়।
কান্নাজড়িত কণ্ঠে নিত্য গোপাল বলেন, "বাবার কাছ থেকে ছয় একর জমি পেয়েছিলাম। নদীভাঙনে সব গেছে। আমার জমি ভেঙে যে চর জেগেছে, সেই জায়গা প্রভাবশালীদের দখলে। মরার পর শ্মশানে যাওয়ার জায়গাটুকুও নেই।"
নিত্য গোপালের মতো অনুকূল, বাসুদেবসহ আরও অনেক পরিবার জমি ও বসতভিটা হারিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে কিংবা সড়কের পাশে। তাঁদের অভিযোগ, নদীতে বিলীন হওয়া জমির বিপরীতে নতুন করে জেগে ওঠা চরে নিজেদের জমির অধিকারও ফিরে পাননি তাঁরা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বাহেরচর থেকে গোপালিয়াবাঘা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে কারখানা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। এতে চররঘুনদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিস্যাজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোপালিয়াবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকির মুখে পড়েছে।
বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক জাকির সিকদার, এফ এম মামুন ও সুনীল দাস জানান, নদীভাঙনের কারণে শিক্ষার্থী কমে যাচ্ছে। কোনো কোনো বিদ্যালয়ের খুব কাছেই চলে এসেছে নদী। আগে যে নদী ছিল প্রায় তিন কিলোমিটার দূরে, এখন সেটি বিদ্যালয় থেকে মাত্র ১০০ থেকে ১৫০ মিটার দূরে। দ্রুত তীর রক্ষা করা না গেলে বিদ্যালয়গুলো নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
হিস্যাজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বালাল সিকদার (৫৪) বলেন, "এই বিদ্যালয় থেকেই আমি পড়াশোনা করেছি। ছোটবেলার স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানটি চোখের সামনে হারিয়ে যাবে, এটা মেনে নেওয়া কঠিন। নদীর তীর রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।"
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে বাহেরচর বাজারসহ আশপাশের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানও রক্ষা করা কঠিন হবে।
নদীভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন সময়ে জিওব্যাগ ফেলা হয়েছে। তবে এসব উদ্যোগ স্থায়ী সমাধান দিতে পারছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
কাছিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইয়াকুব বলেন, "বর্ষা মৌসুমে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলে। কিন্তু ভাটার সময় সেগুলোর অনেক কিছুই আর খুঁজে পাওয়া যায় না। এভাবে ফসলি জমি, ঘরবাড়ি ও বসতভিটা হারাচ্ছে মানুষ। আমড়া দ্রুত ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা চাঁই।"
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বাহেরচর এলাকায় চররঘুনদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ১০৫ মিটার অংশে জিওব্যাগ ডাম্পিং করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫৯ লাখ ৬৫ হাজার টাকা। তবে গোপালিয়াবাঘা অংশে এখন পর্যন্ত কোনো কাজ বাস্তবায়ন করা হয়নি।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমরান হোসেন বলেন, "কারখানা নদীসহ পায়রা নদীর ভাঙন রোধে একটি সমীক্ষার কাজ চলমান রয়েছে। সমীক্ষা প্রতিবেদন পাওয়ার পর স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পাঠানো হবে।"
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ বলেন, "নদীভাঙনের তীব্রতায় কাছিপাড়া ও কনকদিয়া ইউনিয়নের মানচিত্র ছোট হয়ে আসছে। মাসিক উন্নয়ন সভায় কাছিপাড়া ও কনকদিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সদস্যসহ জনপ্রতিনিধিরা বিষয়টি তুলে ধরে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। সরেজমিন পরিদর্শন করে ভাঙনের ভয়াবহতা দেখে জরুরি তীর রক্ষার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।"
একসময় যে নদী ছিল এই জনপদের জীবন-জীবিকার অংশ, সেই নদীই এখন কেড়ে নিচ্ছে মানুষের ঘরবাড়ি, জমি ও পূর্বপুরুষের স্মৃতি। সিকদার বাড়ি কিংবা নিত্য গোপালের ছয় একর জমিÑসবই এখন নদীর ওপারে হারিয়ে যাওয়া অতীত। আর নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর একটাই চাওয়া, অন্তত শেষ সম্বলটুকু যেন আর হারাতে না হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ