প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অসংলগ্ন অডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগের ভিত্তিতে কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে তাকে এই নোটিশ প্রদান করা হয়। নোটিশ পাওয়ার পর তিন কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
দলীয় নোটিশে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামের অসংলগ্ন একটি অডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এ কারণে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক পরিবেশ বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার সন্তোষজনক লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কাছে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধিবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এদিকে, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম স্বাক্ষরিত একটি জরুরি সাংগঠনিক বিজ্ঞপ্তিতে আব্দুস সালামের দলীয় প্রার্থিতা স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, লাকসাম উপজেলার ৭ নম্বর আজগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী হিসেবে আব্দুস সালামের নাম ঘোষণা করা হয়েছিল, তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে।
অভিযোগের বিষয়ে জানতে আব্দুস সালামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল মন্তব্য করেছেন, "দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শের বাইরে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।" তিনি জানান, আব্দুস সালামের কাছে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তার জবাব পর্যালোচনা করে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন